গণতন্ত্র এভাবে হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের শিকার সাধারণ মানুষ l প্রথম আলো
অবরোধের শিকার সাধারণ মানুষ l প্রথম আলো

গত সপ্তাহে থাইল্যান্ড হয়ে মিয়ানমার গিয়েছিলাম পেশাগত কাজে। দুটি দেশেই এখন হয় সরাসরি, নাহয় পরোক্ষভাবে সেনাশাসন চলছে। অং সান সু চির নেতৃত্বে মিয়ানমারে গণতন্ত্রের আন্দোলন শুরু হয় ১৯৮৮ সালে। এখনো তাঁর লড়াই শেষ হয়নি। থাইল্যান্ডে গত বছর যখন সরকার ও বিরোধী দলের মধ্যকার বিরোধ চরমে পৌঁছায়, তখন সেনাবাহিনী ইংলাক সিনাওয়াত্রাকে সরিয়ে সামরিক শাসন জারি করে। কয়েক দশক ধরেই সেখানে গণতন্ত্র ও সেনাশাসনের সাপ-লুডু খেলা চলছে।
কিন্তু অবাক বিষয় হলো জনজীবন ব্যাহত হয়, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, পর্যটকেরা দুর্ভোগে পড়েন—এমন কোনো রাজনৈতিক কর্মসূচি এ দুটি দেশে কোনো রাজনৈতিক দল নেয়নি। থাইল্যান্ডেও মাসের পর মাস লাল শার্টপন্থীরা ব্যাংককের একটি নির্দিষ্ট জায়গায় অবরোধ পালন করলেও জনগণের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়, এমন কিছু করেননি।
অন্যদিকে সরকারও রাজপথে সেই অবরোধ পালন করার দায়ে বিরোধী দলের কেন্দ্রীয় নেতাদের জেলে পোরেনি। যারা রাস্তায় হাঙ্গামা করেছে, পুলিশ তাদের তুলে নিয়ে গেছে।
আমাদের দেশে গণতন্ত্রের নামে সবকিছুকেই জায়েজ করেন রাজনীতিকেরা। এখানে গণতন্ত্র মানে শাসক দলের ইচ্ছাপূরণ। মন্ত্রীদের বিলাসবচন (তাঁরা কাজের চেয়ে কথা বলতেই বেশি ভালোবাসেন)। তাঁরা দেশপ্রেমের একচেটিয়া মালিক দাবি করেন। এখানে গণতন্ত্র মানে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষের যা খুশি করে বেড়ানো। এখানে গণতন্ত্র মানে জেদ বজায় রাখতে সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে জিম্মি করা।
অবরোধের কারণে গত রোববার বিমানবন্দরে যেতে হয়েছে একটি অ্যাম্বুলেন্সে করে। গণতান্ত্রিক শাসনের এমনই মাজেজা যে বাংলাদেশে এখন অ্যাম্বুলেন্স রোগী পরিবহনের চেয়ে বেশি ব্যবহৃত হয় সুস্থ মানুষের চলাফেরার কাজে। প্রতিটি হরতাল-অবরোধে বিমানবন্দরে সার সার অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে রোগী আনতে নয়, বিমানযাত্রী নিয়ে আসতে। আমাদের রাজনীতিকেরা দেশটাকে পুরোপুরি হাসপাতাল এবং সাধারণ মানুষকে রোগী বানিয়ে ফেলেছেন। কিন্তু তাঁদের অনিরামেয় রোগটি সারাবে কে?
বাংলাদেশে আন্দোলন মানে ধ্বংসযজ্ঞ, জ্বালাও-পোড়াও। বাংলাদেশে আন্দোলন মানে মানুষকে জিম্মি করা। আর গণতন্ত্র মানে ক্ষমতাসীনেরা যা বলবেন, যা করবেন, তা-ই অকপটে মেনে নিতে হবে। কোনো প্রশ্ন বা আপত্তি করা যাবে না। আপত্তি করলেই আপনাকে দেশের ও জনগণের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে। এমনকি মোসাদ বা সিআইএর গুপ্তচর বানানোও অসম্ভব কিছু নয়। গণতন্ত্র হলো একটি প্রক্রিয়া। নিয়ত অনুশীলনের মাধ্যমে এটিকে বিকশিত করতে হয়। কিন্তু রাজনীতিকেরা নিজেদের বিকাশ ছাড়া কিছু বোঝেন না। তাই দেখা যায়, কে কার চেয়ে বেশি খারাপ, সেই প্রতিযোগিতায় নামতে।
কয়েক দিন আগে ভারতের কয়েকজন সাংবাদিক বন্ধু ঢাকায় এসে অবরোধের মুখে পড়েন। তাতে তাঁরা অবাক হননি। অবাক হয়েছেন প্রতিদিন টিভিতে মন্ত্রীদের, নেতাদের গালাগাল শুনে। একজন মন্ত্রী বিরোধী দলকে উদ্দেশ করে বললেন, রাস্তায় নামলে গণধোলাই দেওয়া হবে। আরেক মন্ত্রী খালেদা জিয়াকে জঙ্গিদের নেতা বানিয়ে ফেললেন। অন্য দেশে হলে এসব দায়িত্বহীন কথার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি করতে হতো। সব সম্ভবের দেশ বাংলাদেশে তা করতে হয় না। রাজনীতিকে তাঁরা বুদ্ধিবৃত্তির নয়, মল্লযুদ্ধের বিষয়ে পরিণত করেছেন। একজনকে ধ্বংস না করে আরেকজন জিততে পারবেন না।
মিয়ানমারে যাওয়ার দিন ক্ষীণ আশা ছিল, দু-চার দিনের মধ্যে অবরোধ উঠে যাবে। আগাম নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলেও সরকার অন্তত খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অবরোধ তুলে নেবে। বিএনপিকে সভা-সমাবেশ করার অনুমতি দেবে। পত্রিকায় দেখলাম, ঢাকার পুলিশ কমিশনার নাকি বলেছেন, সমাবেশ করার অনুমতি চাইলে বিবেচনা করা হবে। সরকার সেই বিবেচনাটি আগে কেন করল না? করলে এতজন মানুষকে জীবন দিতে হতো না, এত গাড়ি পুড়ত না, কেউ রেলের ফিশপ্লেট খুলে নিত না। সরকার বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়ার পরও যদি তারা অবরোধ চালিয়ে যেত, মানুষই তাদের বিরুদ্ধে রাস্তায় নামত। পুলিশ-র্যা ব-বিজিবির পাশাপাশি আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর সশস্ত্র মহড়া দেওয়ারও প্রয়োজন হতো না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলেন, বিএনপির নেতা খালেদা জিয়ার ভুলের খেসারত কেন দেশের মানুষ দেবে? খুবই হক কথা। তিনি বিএনপির ৫ জানুয়ারির নির্বাচনে না যাওয়াকেই খালেদা জিয়ার ভুল বলে চিহ্নিত করেছেন। অনেকেই মনে করেন, বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। কিন্তু বিএনপির নির্বাচনে না যাওয়ার অর্থ এই নয় যে আওয়ামী লীগ মহা উৎসাহে জিয়া ও এরশাদের মতো একটি প্রহসনমূলক নির্বাচন করে ফের ক্ষমতায় আসবে। এটি সামরিক শাসকদের কাজ। বিএনপি জোটের বাইরেও বহু দল ছিল, যারা নির্বাচনে আসেনি। এমনকি জাতীয় পার্টির নেতা হুসেইন মুহম্মদ এরশাদও নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছিলেন। এর পরও নির্বাচন কমিশন কর্তৃক তাঁকে সংসদ সদস্য ঘোষণা, তাঁর শপথ নেওয়া, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হওয়া কেবল রাজনৈতিক ভণ্ডামি নয়, অতি নিম্ন রুচিরও পরিচয়।
এত দিন গায়ের জোরে ক্ষমতায় বসা সেনাশাসকেরা গণভোট ও নির্বাচনের নামে যে প্রহসন করতেন, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী আওয়ামী লীগও তাই করল। এটি দেশের গণতন্ত্রের জন্য যতটা না লজ্জাজনক, তার চেয়ে বেশি লজ্জাজনক আওয়ামী লীগের জন্য। এই লজ্জার ভার তারা কত দিন বইবে?
৫ জানুয়ারির আগে আওয়ামী লীগের নেতারা জোর দিয়ে বলতেন, তাঁদের আমলে সাড়ে পাঁচ হাজার নির্বাচন হয়েছে। কোনো কারচুপি হয়নি। ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তুলে দেওয়ার পরও কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ও রংপুর সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। মানুষ পছন্দসই প্রার্থীকে বেছে নিতে পেরেছে। কিন্তু পাঁচ সিটি করপোরেশনে ক্ষমতাসীনদের ভরাডুবির পরই সবকিছু ওলট-পালট হয়ে গেল কেন? কেন ক্ষমতাসীনেরা ৫ জানুয়ারির পর একটি স্থানীয় সরকার সংস্থার নির্বাচনও সুষ্ঠুভাবে করতে পারল না?
সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। মেঠো বক্তৃতা ও হুমকি-ধমকিতে মানুষ আশ্বস্ত হবে না। সরকার যদি মনে করে, বিএনপিকে একটি সমাবেশ করতে দিলেই তারা গাড়ি পোড়ানোর মহোৎসব বন্ধ করত, তাহলে স্বভাবতই প্রশ্ন ওঠে, সেই ছোট্ট কাজটি তারা কেন করল না? বিরোধী দলের কোনো নেতা অপরাধ করলে তার বিচার সরকার করবে। প্রয়োজনে পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাইবে। তাই বলে বিরোধী দলের সভা–সমাবেশ করার যে অধিকার, তা খর্ব করতে পারে না। এটা করলে গণতন্ত্র থাকে না।
রাজনীতিতে এখন চলছে জেদ আর গোঁয়ার্তুমির প্রতিযোগিতা। এক পক্ষ গোঁয়ার্তুমি দেখাচ্ছে সভা–সমাবেশ বন্ধ করে। আরেক পক্ষ বোমা মেরে। দুই পক্ষ দেশকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে। অথচ গণতন্ত্রে জেদ বা গোঁয়ার্তুমির জায়গা নেই। সেখানে সবকিছু দেখতে হবে যুক্তি ও তথ্য-উপাত্ত দিয়ে। কোনো মতকে নাকচ করে দিলেও সেটি করতে হবে মানুষকে পক্ষে নিয়ে। মানুষের বিপক্ষে গিয়ে গণতন্ত্র চর্চা করা যায় না। যে জনগণের দোহাই দিয়ে সরকার বিরোধী দলের সভা-সমাবেশ বন্ধ রেখেছে, সেই জনগণের অবস্থাটা একবার ভাবুন। একই কথা বিএনপির জন্যও প্রযোজ্য। যে মানুষের কথা বলে তারা আন্দোলন করছে, সেই মানুষকেই তারা আন্দোলনের নামে আগুনে পুড়িয়ে মারছে। এভাবে গণতন্ত্র হয় না।
আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা তারস্বরে প্রচার করছেন যে বর্তমান যুদ্ধটা মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের শক্তির। যুদ্ধটা অসাম্প্রদায়িক ও সাম্প্রদায়িক শক্তির। মৌলবাদী–জঙ্গিবাদী গোষ্ঠীর সঙ্গেই নাকি গণতান্ত্রিক ও সেক্যুলার শক্তির লড়াই চলছে। এই লড়াইয়ে তাঁদের জয়ী হতেই হবে। কিন্তু কীভাবে? গণতন্ত্রের সব রীতিনীতি বিসর্জন দিয়ে? বিরোধী দলের কণ্ঠরোধ করে? অগণতান্ত্রিক ও মৌলবাদী শক্তির সঙ্গে যুদ্ধে জয়ী হতে হলে আদর্শের শক্তিটাকে যে শাণিত করতে হয়, গণতান্ত্রিক মূল্যবোধকে সংহত ও সুদৃঢ় করতে হয়, সেই সত্যটাই তারা ভুলে গেছেন।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]