গণতন্ত্র কলুষিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনে ব্রিটেনের রাজনৈতিক ক্ষমতা চক্রের মধ্যে যে ধরনের আতঙ্ক বিরাজ করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে তার সমগোত্রীয় কিছুর দেখা পাওয়া ভার। ব্রিটেনের প্রধানমন্ত্রী নিজের একান্ত ব্যক্তিগত আর্থিক হিসাব দিয়েছেন। এখন একজন ভিনদেশিও জানেন, ক্যামেরন উত্তরাধিকার সূত্রে কত টাকা পিতা-মাতার কাছ থেকে পেয়েছেন, এমনকি বাইরের বিনিয়োগ থেকেও তিনি কত মুনাফা করেছেন, সেটাও তিনি জানেন। এরপর তিনি গত ছয় বছরে কত টাকা আয়কর দিয়েছেন, সে হিসাবও খোলাসা করেন। এর প্রতিক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে, রাজনৈতিক নেতারা তাঁদের আয়কর রিটার্নের অংশবিশেষ প্রকাশ করা শুরু করেছেন। আজকের ব্রিটেনে যেখানে মানুষের বিবাহবহির্ভূত সম্পর্কই গণপরিসরে বেশি আলোচিত হয়, সেখানে এসব ব্যাপার দেখে তো মানুষের স্তম্ভিত হওয়ার জোগাড় হয়েছে।
ব্যাপারটা এখানেই থেমে থাকবে না। অনেকেই হয়তো বলবেন, ক্যামেরন পুরো রিটার্ন প্রকাশ করেননি, স্রেফ অ্যাকাউন্ট্যান্ট ফার্মের প্রত্যায়িত একটি সংক্ষিপ্তসার প্রকাশ করছেন মাত্র। রাজনৈতিক নেতারা যদি এ রকম চাপ অব্যাহত রাখেন, তাহলে হয়তো কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক বিবরণীর আরও বিস্তারিত রূপ প্রকাশিত হবে।
কিন্তু ঝুঁকির ব্যাপার হচ্ছে, এর মধ্য দিয়ে হয়তো সুড়সুড়ি দেওয়া কিছু তথ্য পাওয়া যাবে। যেমন, কে কাকে কী দিয়েছে, সে তথ্য হয়তো পাওয়া যাবে, আর তিনি সেটা রাজস্ব বোর্ডের কাছে প্রকাশ করেছেন কি না, তা পাওয়া যাবে। ফলে যাঁরা অন্যের দিকে আঙুল তুলতে চান, তাঁদের জন্য ব্যাপারটা বিনোদনের ব্যাপার হবে, আর যাঁদের বিস্তারিত পড়ার সময়-সুযোগ নেই, তাঁদের জন্য সেটা ধাঁধার মতো হবে। ফলে এই ফাঁসের ঘটনা থেকে যে বড় সত্যটি আবির্ভূত হলো, সেটাই তাঁরা ধরতে পারবেন না। সেটা হলো, এই ফাঁসের কারণেই কিন্তু এসব ব্যাপার মানুষের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। আমার যদি গোড়ায় যাই, তাহলে দেখব পানামা পেপারস কিন্তু করবিষয়ক কিছু নয়। এমনকি তা স্রেফ টাকার ব্যাপারও নয়। আসল ব্যাপার হচ্ছে, এটা আমাদের দেখিয়ে দিচ্ছে, আমাদের গণতন্ত্র দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে।
সেই লাক্সলিক্স থেকে শুরু করে পানামা পেপারসের ঘটনা পর্যন্ত দেখা গেল, অতি ধনবান মানুষেরা এই অর্থনৈতিক ব্যবস্থা থেকে বেশ কার্যকরভাবেই বের হয়ে গেছেন, যেখানে বাকিদের থাকতে হয়। শীর্ষ ব্যক্তিরা ৩০ বছর লাগামহীনভাবে উপার্জন করেছেন, তার সঙ্গে আছে ব্যয়বহুল ও উন্নতমানের আর্থিক হাতিয়ার, ফলে বাকিদের যে নিয়ম মেনে সমাজে থাকতে হয়, তাঁদের সেটা করতে হয় না। করের স্বর্গ হচ্ছে সেই বাস্তবতার একটি প্রতিফলন মাত্র। এসব বিদেশি বিনিয়োগ নিয়ে কথা বলতে গেলে নানা রকম প্রায়োগিক সমস্যা হতে পারে, কিন্তু এই ব্যাপারটা সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করেছেন বিশেষজ্ঞ নিকোলাস শ্যাক্সসন, যিনি ব্যাপারটা ব্যাখ্যা করেছেন এভাবে, ‘যে সমাজে আপনি থাকেন, সেখানকার আইন ফাঁকি দেওয়ার জন্য আপনি অন্য দেশে টাকা নিয়ে যান।’ আর সেটা করতে গিয়ে আপনি নিজের সমাজকে হাসপাতাল, স্কুল ও সড়ক পাওয়া থেকে বঞ্চিত করেন।
কিন্তু কথা হচ্ছে, যে মানুষেরা আমাদের সমাজ ত্যাগ করছেন, তাঁরাই আবার এই সমাজের নিয়মকানুন তৈরি করছেন, যেটা আমাদের মেনে চলতে হচ্ছে। এই ১ শতাংশ মানুষের রাজনৈতিক প্রভাব এত বেড়েছে, যা আগে কখনো ছিল না। ধনকুবের কোচ ভ্রাতৃদ্বয়ের কথা ভাবুন, যাঁদের সৌভাগ্য এ বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে। আর ব্রিটেনের হেজ ফান্ড ও ব্যক্তিগত ইকুইটিধারী ব্যারনদের কথা ভাবুন, যাঁরা ২০১০ সালের নির্বাচনে কনজারভেটিভ পার্টির নির্বাচনী তহবিলের অর্ধেক সরবরাহ করেছিলেন, যাঁদের বদৌলতে টরিরা ১৮ বছরের মধ্যে প্রথম সরকার গঠন করে।
গণতন্ত্রের এই ক্ষয় ঠেকাতে হলে আমাদের বার্লিনে জন্মগ্রহণ করা অর্থনীতিবিদ আলবার্ট হির্শম্যানের দ্বারস্থ হতে হবে। কিন্তু এই পেপারসের যে ব্যাপারটা সবচেয়ে বিরক্তিকর, তার পরিপ্রেক্ষিত রচনা করেছিলেন এই হির্শম্যান, যিনি ৯৭ বছর বয়সে ২০১২ সালে মারা গেছেন। হির্শম্যানের যুক্তি হচ্ছে, মানুষ দুই উপায়ে একটি ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, হয় তারা প্রতিবাদ করতে পারে, না হয় বেরিয়ে যেতে পারে। সন্তানের স্কুলের ব্যাপারে আপনি বিরক্ত, তাহলে আপনি প্রধান শিক্ষকের দ্বারস্থ হতে পারেন অথবা তাকে অন্য কোনো স্কুলে নিয়ে যেতে পারেন। ব্রিটেন ও আমেরিকার অতি ধনবান মানুষেরা হির্শম্যানের আইন ভঙ্গ করেছেন, এ ব্যাপারে তাঁরা এক। তাঁরা একই সঙ্গে রাজনৈতিক প্রতিবাদের আওয়াজ দিচ্ছেন, আরেক দিকে টাকাপয়সা নিয়ে বেরিয়ে যাচ্ছেন। তাঁদের করমুক্ত সমাজে খেয়ে-পরে থাকতে হবে।
গত কয়েক দিনে যে ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে, তা হলো ডেভিড ক্যামেরন অতি ধনবানদের ডাউনিং স্ট্রিট শাখার সদস্য। তিনি যে সেই ১ শতাংশের মানুষ, তা স্পষ্ট। তাঁর পিতা ছিলেন একজন জ্যেষ্ঠ স্টক ব্রোকার, যাঁর সম্পদের পরিমাণ ছিল প্রায় ১০ মিলিয়ন পাউন্ড। কথা হচ্ছে, ২০১০ সাল থেকে ব্রিটেনের অতি ধনবান মানুষেরা সেখানকার রাজনীতিতে বিনিয়োগ করার বিনিময়ে কী পেয়েছেন? ব্যক্তিগত কর হ্রাস, করপোরেট করহার পুনর্নির্ধারণের জন্য জর্জ অসবর্নের আহ্বান, আর কর স্বর্গে টাকা পাঠানোর পরও তাঁদের প্রতি উদারতা দেখানো হবে—এমন আশ্বাস।
আমাদের যখন রাজনৈতিক শিক্ষা দেওয়া হয়েছে, তখন আমাদের পড়ানো হয়েছে, ব্রিটেন একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু গত ৩০ বছরের ধনিকতন্ত্রের ফলে এক প্রতিনিধিত্বহীন গণতন্ত্রের জমানা প্রতিষ্ঠিত হয়েছে। কিছু ব্যতিক্রম ছাড়া রাজনীতিকেরা আমাদের জন্য কাজ করেন না। ভাড়ার বাজারে সংকট থাকলেও দেশটির একজন গৃহায়ণমন্ত্রী আছেন, যাঁর নাম ব্র্যান্ডন লুইস, তাঁর একটি রেন্টাল পোর্টফোলিও আছে। আর আমাদের একজন অতি ধনবান প্রধানমন্ত্রী আছেন, যিনি বলছেন, কর স্বর্গে টাকা পাঠানো তিনি বন্ধ করবেন, যদিও সে রকম কিছু করার আন্তরিক প্রচেষ্টায় তিনি বাদ সাধছেন। এই হচ্ছে অবস্থা।
দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন
আদিত্য চক্রবর্তী: দ্য গার্ডিয়ানের জ্যেষ্ঠ অর্থনৈতিক ভাষ্যকার।