গণতন্ত্র, কী লজ্জার কথা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৬ ডিসেম্বর দিনটি একটি সাধারণ দিনের মতোই কেটে গেল। অথচ এই দিনটি একটি ‘দিবস’ হিসেবেই আমাদের এ সময়ের রাজনৈতিক ইতিহাসে জায়গা করে নিয়েছিল। নব্বইয়ের এই দিনে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে ‘স্বৈরাচারী’ এরশাদকে হটানো হয়েছিল। দিনটি ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ দিবস হিসেবে পরিচিতি পেয়েছিল, ঘটা করে বছর বছর তা উদ্‌যাপিতও হয়েছে। মাত্র ২৬ বছরের মাথায় এরশাদ হটানোর এই দিনটি এখন আর আমাদের মধ্যে কোনো উচ্ছ্বাস বা গর্ব নিয়ে হাজির হয় না। যে গণতন্ত্র নব্বইয়ের ৬ ডিসেম্বর ‘পুনরুদ্ধার’ হয়েছিল, তার বর্তমান দশা কি এখন আমাদের সবাইকে বিব্রত করে? আর সে কারণেই কি ‘গণতন্ত্র’ নিয়ে আলাপ-আলোচনায় আমরা এখন লজ্জিত ও কুণ্ঠিত হই?
‘উন্নয়ন’-এর বাইরে আমাদের রাজনীতিতে এখন আর কিছু নেই। আমরা যে ‘উন্নয়নের যুগে’ প্রবেশ করেছি, সেখানে ‘গণতন্ত্র’ আর সুবিধা করতে পারছে না। উন্নয়ন চাইলে আপাতত গণতন্ত্র নিয়ে বেশি কথা না বলাই ভালো—এ ধরনের নসিহতও আমরা শুনছি। ‘গণতন্ত্র পুনরুদ্ধার দিবস’ তাই আমাদের রাজনীতি থেকে হারিয়ে গেছে। আর এমন একটি দিবস উদ্‌যাপনের নৈতিক অবস্থানে আমরা আছি কি? যে ‘স্বৈরাচারী’ এরশাদকে বিদায় করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, তিনি এখন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। ভোগ করেন মন্ত্রীর পদমর্যাদা। দেশে আনুষ্ঠানিকভাবে যে বিরোধী দল আছে এবং তার যিনি নেতা, তিনি ওই স্বৈরাচারেরই স্ত্রী। এটা আবার এমনই ‘বিরোধী দল’, যার তিন সদস্য সরকারের মন্ত্রিসভাতেও রয়েছেন। এই যখন পরিস্থিতি, তখন কে লজ্জার মাথা খেয়ে গণতন্ত্র ‘পুনরুদ্ধার’ দিবস নিয়ে মাতামাতি করতে চায়!
বাংলাদেশের সৃষ্টিলগ্নের একটি গুরুত্বপূর্ণ ঘটনার কারণেও ৬ ডিসেম্বর আমাদের জন্য ঐতিহাসিক। একাত্তরের ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বাধীন হওয়ার আগেই ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের নানা পর্যায়ের অবদান ও ভূমিকার মধ্যে এই স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিজয়ের চূড়ান্ত পরিণতি অর্জনে এই স্বীকৃতির অবদান অসামান্য। এই দিবসটির ৪৫তম বার্ষিকী ৬ ডিসেম্বর পালিত হয়েছে। ঘাতক দালাল নির্মূল কমিটি এ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছিল।
‘১৯৭১ সালের এই দিনে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকৃতি প্রদান করে। সেই থেকে বাংলাদেশে জনগণ ও সরকার গভীর কৃতজ্ঞতার সঙ্গে এই দিনটিকে স্মরণ করে আসছে।’ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন। কিন্তু ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বা এই দিনটিকে ঘটা করে স্মরণের কাজটি কি আমরা ধারাবাহিকভাবে আসলেই করে গেছি? আমাদের অভিজ্ঞতা তো তা বলে না। ভারত যে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও এর চূড়ান্ত সফলতা অর্জনে একটি বড় অবদান রেখেছিল, তা বেমালুম ভুলে যাওয়ার জন্য কতই না কসরত হয়েছে পঁচাত্তরের পরে। মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাকে প্রায় অস্বীকার ও ভারতবিরোধিতাই হয়ে উঠেছিল তখনকার রাজনীতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল এটা স্বীকার করা যেন একটি লজ্জার বিষয়! রাজনীতি ও এর হিসাবনিকাশ বড়ই জটিল! আমরা আসলে আমাদের সুবিধা ও রাজনীতির অঙ্ক কষেই কিছু করি বা কিছু ভুলে যাই।
ফলে বর্তমান পরিস্থিতিতে ৬ ডিসেম্বর বাংলাদেশকে ভারতের স্বীকৃতি দেওয়ার দিনটি আমরা পালন করব, কিন্তু ৬ ডিসেম্বর গণতন্ত্র পুনরুদ্ধার দিবসটিকে আমরা ভুলে যাব—এটাই হচ্ছে বাস্তবতা। সবচেয়ে বড় কথা, আমরা সম্ভবত এটা মেনে নিতে শুরু করেছি যে গণতন্ত্র এখন আর আমাদের জন্য খুব জরুরি বিষয় নয়। গণতন্ত্রের বিশ্বপরিস্থিতি, আন্তর্জাতিকভাবে জঙ্গিবাদের বিস্তার, জাতীয়তাবাদ ও ধর্ম-বর্ণের রাজনীতির উত্থান আমাদের এ ধরনের ভাবনায় ইন্ধন জুগিয়েছে। জঙ্গিবাদ দেশে যে মাত্রার বিপদ হিসেবে হাজির আছে, তাতে গণতন্ত্র নিয়ে ভাবার পরিবেশ-পরিস্থিতি কই? সরকার এখন এই দিকে তার মনোযোগ জোরালো করেছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপে তাই আমরা দেখছি, জঙ্গিবাদ দমনে সরকারকে সফল মনে করছে জনগণ। আবার একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা যে কমছে, সেটাও মনে করে জনগণ। মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের সঙ্গে সরাসরি জড়িত বিষয়। দেশে গণতন্ত্রের দুর্দশা বেড়েই চলেছে! হতাশার মতো শোনালেও এই দুর্দশা সম্ভবত সামনের দিনগুলোতে আরও বাড়তেই থাকবে।
দেশের গণতন্ত্রের মান ও দুর্দশা নিয়ে যারা মনের মধ্যে ক্ষোভ-দুঃখ ও হতাশা পুষে রেখেছিলেন, তাদের জন্য এক ভয়ংকর জবাব হিসেবে হাজির হয়েছে গত মাসের মার্কিন নির্বাচনের ফল। গণতন্ত্র নিয়ে ওকালতি করার মুখ আর আমাদের সামনে থাকল কই? ট্রাম্পের বিজয় তো গণতন্ত্রেরই ফল! ‘গণতন্ত্র’ বাংলাদেশে কাকে ক্ষমতায় বসাবে বা বসাতে পারে—এই ভয় এখন অনেক ‘সচেতন’ মানুষের মধ্যেও দেখতে পাচ্ছি।
বোঝা যাচ্ছে, গণতন্ত্র সামনে আরও দূরেই সরবে। নির্বাচন এখন আর সবার অংশগ্রহণে হয় না। অবাধ বা গ্রহণযোগ্য হিসেবেও স্বীকৃতি পায় না। সামনে এই পরিস্থিতি পাল্টে যাবে এমন লক্ষণও নেই। ‘স্বৈরাচারী’ এরশাদ এখন সরকারের অংশ। আবার প্রধান বিরোধী দলটির নেতাও তিনি। গণতন্ত্র পুনরুদ্ধার দিবস পালন করার মুখ আর আমাদের নেই। সামনে হয়তো গণতন্ত্রের কথা আমরা মুখে আনতেই লজ্জা পাব। গণতন্ত্র, কী লজ্জার কথা!