গণতন্ত্র ছাড়া চীন কত দূর যেতে পারবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বশক্তির ভরকেন্দ্র স্থানান্তরিত হচ্ছে। এক দশক ধরে এ কথা বেশ বলাবলিও হচ্ছে। কোন মাত্রায়, কীভাবে ও কোথায় এই স্থানান্তরিত শক্তি ঘনীভূত হচ্ছে, তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সৃষ্টি হওয়া যুক্তরাষ্ট্রকেন্দ্রিক, তথা এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার অবসান হচ্ছে। সৃষ্টি হচ্ছে নতুন নতুন শক্তির ভরকেন্দ্র। কখনো চীনকে কেন্দ্র করে, আবার কখনো চীনের সঙ্গে রাশিয়া এই শক্তির দৌড়ে শামিল হয়েছে। তবে চীন ইতিমধ্যেই অর্থনৈতিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত। আগ্রাসী মনোভাব নিয়ে চীন বিশ্ববাজার দখলে তৎপর। সময় এখন চীনের অর্থনৈতিক শক্তিকে সামরিক শক্তিতে রূপান্তরিত করার।

চীনে এখন সি চিন যুগের শুরু হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির সদ্য সমাপ্ত সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং খোলামেলাভাবেই বলে দিলেন, চীন এখন সামরিক শক্তি অর্জনের প্রতিযোগিতায় নামতে চায়। সম্মেলনে দেওয়া বক্তব্যে সি চিন উল্লেখ করেছেন, চীনের নিরাপত্তার জন্য একটি অত্যাধুনিক ও শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন, তা-ই করা হবে। কার্যত, সি চিনের বক্তব্য চীনের সাম্প্রতিক কিছু সামরিক তৎপরতার প্রতিফলন। কমিউনিস্ট পার্টির এই নেতা চীনকে ২০৩৫ সাল নাগাদ শীর্ষ সামরিক শক্তি হিসেবে দেখতে চান। এরই প্রক্রিয়া হিসেবে চলতি বছরের জুলাই মাসে চীন রাশিয়ার সঙ্গে বাল্টিক সাগরে নৌমহড়া সম্পন্ন করেছে। আফ্রিকার জিবুতিতে নৌঘাঁটি স্থাপন করেছে ইতিমধ্যেই। শ্রীলঙ্কা ও পাকিস্তানে সমুদ্রঘাঁটি গড়ছে। শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে নৌমহড়া।

নৌপথের বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে চীন ২০২০ সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নৌশক্তিতে পরিণত হতে চায়। ২০১৭ সালে চীন সামরিক খাতে বরাদ্দ ৭ শতাংশ বাড়িয়েছে। তবে অর্থনৈতিক দানব থেকে সামরিক দানবে পরিণত হওয়ার পথে চীনের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে এই অর্থনৈতিক গতিকে ধরে রাখা। আর এর জন্য দুটি সমস্যার সমাধান করতে হবে। একটি হচ্ছে পরিবেশবান্ধব ও দূষণমুক্ত টেকসই উন্নয়ন নীতিমালার বাস্তবায়ন এবং অন্যটি দেশের রাজনৈতিক কাঠামোতে মুক্ত গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রবর্তন। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধরে রাখতে গেলে এই দুটো বিষয় খুবই জরুরি চীনের জন্য।

মোদ্দা কথা, গ্লোবাল ইকোনমিক গভর্নেন্সে চীন গুরুত্ব বহন করে। চীনকে বাদ দিয়ে এখন আর কোনো বড় ধরনের আন্তর্জাতিক চুক্তি সম্ভব নয়; বরং পরিস্থিতি এখন অনেকটাই এ রকম যে চীন কী চায়, সেটাই গুরুত্বপূর্ণ। জলবায়ু বিষয়ে আন্তর্জাতিক দর-কষাকষি একটি বড় উদাহরণ আমাদের সামনে। চীনের নেতৃত্বে উদীয়মান দেশগুলো মার্কিন-ইউরো ট্রান্স-আটলান্টিক অর্থনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করছে সরাসরি। চীনের এক্সিম ব্যাংকের কাছে বিশ্বব্যাংক এখন অনেকটাই জায়গা হারাচ্ছে আফ্রিকায়। আফ্রিকার দেশগুলো গত কয়েক বছরে বিশ্বব্যাংকের তুলনায় এক্সিম ব্যাংক থেকে বেশি ঋণ নিয়েছে। অ্যাঙ্গোলা, জাম্বিয়া, কেনিয়া, ইথিওপিয়াসহ আফ্রিকান দেশগুলোয় চীনের বিনিয়োগ বাণিজ্য হু হু করে বাড়ছে। ২০০০ সালে চীন-আফ্রো বাণিজ্যের পরিমাণ ছিল ২০ বিলিয়ন মার্কিন ডলার। এখন সেটা ২৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। অভ্যন্তরীণ খাতেও চীনের অগ্রগতি এক কথায় অসাধারণ। ৮০ কোটি মানুষ দারিদ্র্যের কশাঘাত থেকে মুক্তি পেয়েছে।

চীনের এই বিস্ময়কর অর্থনৈতিক উত্থানে অনেকেই যেমন উচ্ছ্বসিত, আবার এর সার্বিক প্রভাব বিষয়ে কেউ কেউ সন্দিহান। ১৯৭৮ সালে চীন নতুন অর্থনৈতিক নীতি গ্রহণ করে। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ এমন জায়গায় পৌঁছেছে, যেখানে সবাই চীনের দিকে তাকিয়ে আছে। সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার সময় সারা বিশ্বই চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। চীন একাই মন্দাকে সামাল দিয়ে অর্থনীতির চাকাকে চালিয়ে নিয়েছে। ইউরোপের অনেক দেশেই এখন চীনের বিনিয়োগ বাড়ছে। ২০১৬ সালে চীন ইউরোপীয় ইউনিয়নে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে জার্মানিতে—আনুমানিক ১১ বিলিয়ন ডলার। যদি এই নিয়ামক ও সংখ্যাগুলোকে আমরা বিবেচনায় ধরি, তবে উন্নয়নের নমুনা হিসেবে চীন বড় উদাহরণ। কিন্তু চীন কি কখনো মডেল হতে পারে? বিশেষ করে উন্নয়নের পর্দার পেছনে তাকালে খুব একটা উচ্ছ্বাস প্রকাশের সুযোগ নেই। সেখানে দেখতে পাব, কলকারখানার বর্জ্যে দূষিত লেকের জল, ধোঁয়াশায় ঢেকে আছে বেইজিংয়ের আকাশ। এই রকম একটি দূষিত উন্নয়ন নীতি আদৌ কি কারও মডেল পারে? এ ছাড়া সেখানে বাক্‌স্বাধীনতা নেই। মতপ্রকাশের কোনো অধিকার নেই। বিরোধী মতের লোকজনকে দুর্নীতির দায়ে জেলে পুরা হচ্ছে। নিখোঁজ হয়ে যাচ্ছে অনেকেই।

এহেন দরোজা-বন্ধ, চাপা পরিবেশে অর্থনীতির ক্রমাগত প্রবৃদ্ধি ধরে রাখা সামরিক শক্তি সঞ্চয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, চীনের অর্থনীতির সুফল এখনো সারা দেশে পৌঁছায়নি। এ অবস্থায় চীনের জন্য একটি প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নির্বিঘ্নে পরিবেশবান্ধব জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। চীন হয়তো ওয়ান বেল্ট ওয়ান রোড নীতির আলোকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারবে। কিন্তু জীবাশ্ম জ্বালানির নির্ভরতা পরিবেশে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। বর্তমানে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে চীন। ২০১৬ সালে বিশ্বের ২৮ দশমিক ২১ শতাংশ গ্যাস নিঃসরণ করেছে চীন। চীনের দ্রুত প্রবৃদ্ধির পেছনে রয়েছে সস্তা জ্বালানি, বিশেষ করে কয়লা। এবং এই জ্বালানি চাহিদা ক্রমে বাড়ছে; যদিও চীন পরিবেশবান্ধব জ্বালানির দিকে ঝুঁকছে। বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে সবুজ জ্বালানি খাতে। দেশটির জ্বালানি সংস্থার হিসাবমতে, ২০২০ সাল নাগাদ ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু জ্বালানি চাহিদার সঙ্গে এই উদ্যোগ এখনো সামঞ্জস্যপূর্ণ নয়। ব্যাপক হারে কয়লানির্ভর অর্থনীতি থেকে চীন কীভাবে সবুজ জ্বালানির দিকে যায়, সেটিই বিবেচ্য বিষয়। যদি চীন ব্যাপক হারে সবুজ প্রযুক্তির দিকে ধাবিত হয়, এতেও সমস্যা আছে। এর ফলে চীনের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। সে ক্ষেত্রে ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিল, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর কাছে বাজার হারাতে পারে চীন। যেমনটি চীনের কাছে হারিয়েছে ইউরোপ ও আমেরিকার দেশগুলো।

চীনের জন্য আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে গ্রাম ও শহরাঞ্চলের মধ্যে জীবনযাত্রার মানের ব্যবধান কমিয়ে আনা। চীনের ৩১টি শাসনতান্ত্রিক প্রদেশের মধ্যে বৈষম্য তীব্র। সাংহাইয়ে ঝাঁ-চকচকে পরিবেশ ও আকাশছোঁয়া ভবনগুলো সারা দেশের চিত্রকে নির্দেশ করে না। সাংহাই যদি হয় সবচেয়ে উন্নত শহর, গুইজো থাকবে সবচেয়ে তলানিতে। ওইসিডির (অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) হিসাব অনুসারে, এশিয়ার দেশগুলোর মধ্যে নগর ও গ্রামের বৈষম্য চীনে সবচেয়ে বেশি।

আর্থ-সামাজিক এই বৈষম্য ছাড়াও চীনের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশাল এই জনগোষ্ঠীর জন্য টেকসই গণতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করা। নাগরিকদের বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করা। প্রশ্ন হচ্ছে, কর্তৃত্বপরায়ণবাদী শাসন দিয়ে চীনের এই অর্থনৈতিক কাঠামো কত দিন টিকে থাকবে। অর্থনীতির প্রবৃদ্ধিই শেষ কথা নয়। এর সঙ্গে রাজনীতির দরজাটা আরও উন্মুক্ত করে দিতে হবে, যার ভেতর দিয়ে বেশি করে নাগরিকেরা ঢুকতে পারবে। গণমাধ্যমের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে। মানবাধিকারকর্মীদের কাজ করার সুযোগ দিতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অধিক হারে সুযোগ দিতে হবে। সব নাগরিক যদি রাষ্ট্র পরিচালনার অংশ হতে না পারে, তবে কোনো রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো কখনো উন্নয়নের মডেল বা নমুনা হতে পারে না। গত শতকের সোভিয়েত ইউনিয়নই সবচেয়ে বড় উদাহরণ।

ড. মারুফ মল্লিক: রিসার্চ ফেলো, সেন্টার ফর কনটেম্পোরারি কনসার্নস, জার্মানি।