গণতন্ত্র না উন্নয়ন, কোনটা বেশি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার সম্মেলনমঞ্চ দেখেন আওয়ামী লীগের নেতারা l ফোকাস বাংলা
সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার সম্মেলনমঞ্চ দেখেন আওয়ামী লীগের নেতারা l ফোকাস বাংলা

১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনের দোতলায় ভূমিষ্ঠ হওয়া রাজনৈতিক দলটি আজ বয়সে প্রবীণ। আড়াই শ থেকে তিন শ নেতা-কর্মীর উপস্থিতিতে ওই দিন বিকেলে জন্ম নিয়েছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এই নামটি রেখেছিলেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। ওই সন্ধ্যায় তিনি চল্লিশ সদস্যের একটা কার্যকরী কমিটি ঘোষণা করেছিলেন। সম্মেলনের অন্যতম প্রধান সংগঠক সামসুল হক ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে স্থান পেয়েছিলেন ২৯ বছরের তরুণ কারাবন্দী শেখ মুজিবুর রহমান।
দুই বছর পরপর দলের কাউন্সিল সভা হওয়ার কথা থাকলেও প্রথম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছিল ১৯৫৩ সালের ১৪-১৫ নভেম্বর, ময়মনসিংহে। ওই কাউন্সিলে শেখ মুজিব সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে অনুষ্ঠিত দ্বিতীয় কাউন্সিল সভায় দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয় এবং দল অসাম্প্রদায়িক নাম গ্রহণ করে। দেশ স্বাধীন হওয়ার পর অনিবার্য কারণেই দলের নাম হয় বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রথম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয় ১৯৭২ সালের এপ্রিলে। আজ শুরু হচ্ছে আওয়ামী লীগের বিশতম কাউন্সিল সভা।
রাজনৈতিক দলের মধ্যে শৃঙ্খলা, ধারাবাহিকতা ও জবাবদিহি কী পরিমাণে আছে, তার প্রমাণ পাওয়া যায় কাউন্সিল সভা অনুষ্ঠানের সক্ষমতা থেকে। নিয়মিত কাউন্সিল সভা করা একটা রাজনৈতিক দলের প্রাণশক্তির পরিচায়ক। ১৯৫৩ থেকে ১৯৫৭—এই চার বছর আওয়ামী লীগের কাউন্সিল সভা হয়েছে নিয়মিত বিরতিতে। ১৯৫৮ সালের অক্টোবরে পাকিস্তানে সামরিক আইন জারি হলে রাজনীতি নির্বাসনে চলে যায়। ১৯৬২ সালের মার্চে সামরিক আইন উঠে গেলেও দলীয় রাজনীতি তখনই পুরোদমে চালু হয়নি। আওয়ামী লীগ আরও কয়েকটি দলকে সঙ্গে নিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) নামে একটা মোর্চা গড়ে তুলেছিল। দলের রাজনীতি চলে গিয়েছিল হিমঘরে। ১৯৬৪ সালে শেখ মুজিব প্রায় একার চেষ্টায় ছাত্রলীগকে সম্বল করে আওয়ামী লীগের পুনরুজ্জীবন ঘটান। অনেক জ্যেষ্ঠ নেতা তখন আর দলের সঙ্গে থাকেননি। তারপরও প্রতি দুই বছরে একবার দলের কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। একাত্তরে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ সংঘটিত হলেও নিয়মমাফিক বাহাত্তরের এপ্রিলে দলের কাউন্সিল সভা হয়েছে। এমনকি শেখ মুজিবসহ দলের প্রায় সব প্রধান নেতা জেলে বন্দী থাকা সত্ত্বেও ১৯৬৮ সালে আওয়ামী লীগ কাউন্সিল সভার আয়োজন করতে পেরেছিল। এই ধারাবাহিকতা অব্যাহত ছিল ১৯৭৪ সাল পর্যন্ত। পঁচাত্তরের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ অনেকটা ছন্নছাড়া হয়ে পড়েছিল। দ্বিবার্ষিক সম্মেলনের নিয়ম বদলে ত্রিবার্ষিক দাঁড়ায়। তারপরও নানা কারণে সম্মেলন পিছিয়েছে, সময়মতো হয়নি।
একসময় আওয়ামী লীগ ছিল তরুণদের দল। যত দিন শেখ মুজিব দলের হাল ধরে ছিলেন, তারুণ্যের দীপ্তি ছড়ানো ছিল সব জায়গায়। তাঁর স্বপ্নের সিঁড়ি বেয়ে দেশে এসেছিল স্বাধীনতা। সত্তরের দশকের গোড়ার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ষাটোর্ধ্ব ছিলেন একমাত্র ফণীভূষণ মজুমদার। সহসভাপতি তিনজনই ছিলেন শেখ মুজিবের কাছাকাছি বয়সের, পঞ্চাশের কোঠায়। এখন দেশ অনেক এগিয়েছে। মানুষের গড় আয়ু বেড়েছে। দলের নেতারা আরও অভিজ্ঞ হয়েছেন। তাঁদের বয়সও বেড়েছে। এখন দলের সভাপতিমণ্ডলী অনেক বিস্তৃত। কারও বয়সই ষাটের নিচে নয়। কেউ কেউ বয়সের ভারে ন্যুব্জ। তাঁদের মেজাজ-মননেও এসেছে পরিবর্তন। দলের প্রধান যা বলেন, অন্যরা তাতে সায় দেন। তাঁরা একই রকম চিন্তা করেন, নাকি চিন্তার স্বাধীনতার ঘাটতি আছে, বোঝা মুশকিল। ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’ বলে একটা প্রবচন আছে। দল ঝাঁকুনি খেলে এর কাঠামোটা ঝুঁকির মধ্যে পড়ে, নড়বড়ে হয়ে যায়। এমনটা একবার হয়েছিল ১৯৭১ সালে। শেখ মুজিবের অনুপস্থিতিতে দল তখন ছিল উপদলীয় কোন্দলে বিপর্যস্ত। পঁচাত্তর-পরবর্তী বছরগুলোয় এবং সর্বশেষ ২০০৭ সালে এমন অবস্থা আবারও তৈরি হয়েছিল। সরকারে থাকলে বোঝা যায় না, শরীরে ঘুণ ধরেছে কি না।
১৯৪৭ সালে রাষ্ট্রক্ষমতা হাতে পেয়ে মুসলিম লীগে পচন ধরেছিল। এর প্রতিক্রিয়ায় মুসলিম লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তৈরি করেছিলেন আওয়ামী লীগ। ক্ষমতার মদ ও মত্ততা যে দলের জন্য শুভ নয়, এটা বুঝেই আওয়ামী লীগের গঠনতন্ত্রে একটা ধারা যোগ করা হয়েছিল—সরকারে থাকলে দলীয় পদে থাকা যাবে না। কেননা, এতে দল সরকারের মুখাপেক্ষী বা আজ্ঞাবহ হয়ে ওঠে। এ জন্য সরকার আর দলের মধ্যে একটা সম্মানজনক দূরত্ব থাকা দরকার। তাতে দলের স্বাস্থ্য ভালো থাকে, সরকারেরও। ১৯৭৪ সাল অবধি এই নিয়ম বজায় ছিল। ১৯৭৪ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের কাউন্সিল সভায় শেখ মুজিব নিজেই সভাপতির পদ ছেড়ে দিয়েছিলেন। মন্ত্রী পদে ইস্তফা দিয়ে সভাপতির দায়িত্ব নিয়েছিলেন আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান। শেখ মুজিবের মৃত্যুর পর দল তাঁর অনুসৃত নীতি বর্জন করেছে। এখন দলের প্রধান সরকারেরও প্রধান। দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রিসভার সদস্য। বলা যেতে পারে, সরকার আর দল একাকার হয়ে গেছে। এ দেশে সরকার অত্যন্ত ক্ষমতাশালী। সরকারে থাকলে দলও অফুরন্ত ক্ষমতা ভোগ করে। সরকার থেকে ছিটকে পড়লে দলের কী হাল হতে পারে, তা এখন বিএনপির দিকে তাকালে বোঝা যায়।
আওয়ামী লীগ একটানা সরকার পরিচালনা করছে ২০০৯ সালের জানুয়ারি থেকে। প্রধানমন্ত্রীর একজন ডাকাবুকো উপদেষ্টা সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগের অন্তত আরও দুই মেয়াদে সরকারে থাকা দরকার। তাঁর ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট। আওয়ামী লীগ সরকারে থেকে যেতে চায়, এতে দোষের কী আছে? প্রশ্ন হলো, কোন প্রক্রিয়ায় থাকবে। ২০১৪ সালের নির্বাচন নিয়ে অনেক কথা উঠেছে। আগামী নির্বাচনেও এর পুনরাবৃত্তি হবে কি না। না হলেই ভালো। সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি নির্বাচনী দৌড়ে জিতে যায়, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা অনেকটাই বজায় থাকবে।
আওয়ামী লীগ একটা ব্যতিক্রমী দল। এই দল সরকারে না থাকলেও পথে-ঘাটে সব সময় হইচই করে বেড়ায় না। সৃজনশীল কাজও করে। আওয়ামী লীগের অনেক ভালো কর্মসূচি তৈরি হয়েছিল, যখন তারা সরকারে ছিল না। উদাহরণ হিসেবে ছয় দফা, তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা তৈরির প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়া এবং সবশেষে রূপকল্প ২০২১-এর উল্লেখ করা যায়। রূপকল্প ২০২১ তৈরির কাজটা অবশ্য আগেভাগেই শুরু করেছিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ২০০৩ থেকে ২০১৬ সালে সিপিডি, প্রথম আলো ও ডেইলি স্টার-এর উদ্যোগে ঢাকা ও ঢাকার বাইরে অনেকগুলো নাগরিক সংলাপ আয়োজনের মধ্য দিয়ে এই রূপকল্পের ধারণা তৈরি হয় এবং ২০০৬ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে আটটি অভীষ্ট নিয়ে রূপকল্প ২০২১-এর খসড়া উপস্থাপন করা হয়। আওয়ামী লীগ এ থেকেই তাদের কর্মসূচির নির্যাস নিয়েছিল। দলটি এখন রূপকল্প ২০৪১-এর কথা বলছে।
টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার কোনো বিকল্প নেই। ক্ষমতায় আজ আছি কাল নেই—এ রকম চিন্তা থাকলে টেকসই উন্নয়নের জন্য অঙ্গীকার থাকে না। লুটপাটের দিকেই মনোযোগ থাকে বেশি। কিন্তু এ কথাও মনে রাখা দরকার, দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি।
এ দেশে সরকার বদল হলে রাষ্ট্রের নিয়ম-নীতি পাল্টে যায়। সে জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য দরকার জাতীয় মতৈক্য। এই মতৈক্য থাকলে সরকার পরিবর্তন হলেও কর্মসূচির বাস্তবায়ন ঝুঁকির মধ্যে পড়ে না। রাজনৈতিক প্রতিপক্ষ যদি সব সময় বলতে থাকে, আমরা ক্ষমতায় গেলে সবকিছু বাতিল করে দেব, তখন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আস্থা খুঁজে পান না। যাদের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেসব খুচরো দল নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো বড় দলগুলো নিয়ে। তাদের আস্থায় নেওয়া দরকার। পরিকল্পিত অর্থনীতি এবং কর্মসূচির বাস্তবায়ন যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য আওয়ামী লীগ বরাবরই রাষ্ট্রক্ষমতায় দীর্ঘ মেয়াদে থেকে যাওয়ার পক্ষে যুক্তি দিয়ে আসছে। আওয়ামী লীগের বিরুদ্ধে জনমতও বেশ প্রবল। এই জনমত উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে যতটা না, তার চেয়ে বেশি হলো ‘সুশাসনের’ অভাব নিয়ে ক্ষোভ ও হতাশা। যতই দিন যাচ্ছে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনেকের মধ্যেই সহনশীলতার অভাব দেখা যাচ্ছে। এটা দলের ও দেশের জন্য ভালো না।
আওয়ামী লীগের একটা নিজস্ব প্রভাববলয় আছে। সবচেয়ে খারাপ সময়েও তারা দেশের এক-তৃতীয়াংশ ভোটারের ভোট পায়। তাদের রাজনৈতিক প্রতিপক্ষের প্রভাববলয় সমভাবে বিস্তৃত। বাকি যাঁরা আছেন, তাঁরা পড়ে যান ক্রসফায়ারে। একবার এদিকে ভোট দেন, আরেকবার ওদিকে। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য থেকে উদ্ধৃতি দিয়ে বলা যায়, ‘মার কাছে যায় পুত্র বাপে দিলে তাড়া’। ফলে গণেশ উল্টে যায়।
এটা অস্বীকার করা যাবে না, বর্তমান সরকারের আমলে উন্নয়ন কর্মকাণ্ড অনেক দৃশ্যমান, এখানে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আওয়ামী লীগের স্পষ্ট ফারাক আছে। প্রতিপক্ষের দাবি হলো, গণতন্ত্র নিরঙ্কুশ করতে হবে। আওয়ামী লীগ সামনে নিয়ে এসেছে উন্নয়নের ধারণা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা। প্রতিপক্ষের কাছে এটা নেই। ফলে একটা বিতর্ক তোলা হচ্ছে—আগে গণতন্ত্র, না উন্নয়ন। দুটোই যে জরুরি তা বোঝা দরকার। তবে এ দুইয়ের মধ্যে কীভাবে ভারসাম্য রাখা হবে, তা নিয়ে আছে তর্ক, আছে ঝগড়া।
আওয়ামী লীগের নেতারা বলছেন উন্নয়নের স্বার্থেই এই দলকে ক্ষমতায় রাখা দরকার। মনে হয়, তাদের সামনে মালয়েশিয়ার মডেল। তাঁরা বলছেন, সমালোচনা হতে হবে ‘গঠনমূলক’। গণমাধ্যমটি হতে হবে ‘দায়িত্বশীল’। আর গণতন্ত্র হতে হবে ‘যুগোপযোগী’। এসবের ব্যাখ্যাও তাঁরাই দিচ্ছেন। অর্থাৎ আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ এখন ‘মাহাথির যুগে’ প্রবেশ করছে। এখানে নাগরিক অধিকার মুলতবি থাকতে পারে। মুখ্য হচ্ছে কাজ, প্রবৃদ্ধি ও উন্নয়ন। একটা উপনিবেশ-উত্তর বিকাশমান অর্থনীতির দেশে এই তত্ত্বের পক্ষে দাঁড়ানোর লোকের অভাব নেই। বাংলাদেশের ‘সুশীল সমাজের’ একটা বড় অংশ এখন আওয়ামী লীগের এই উন্নয়ন-তত্ত্বের সহযাত্রী।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।
[email protected]