গণতন্ত্র ২০৩০ সাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

নাগরিক জীবনের নিত্যদিনের চাহিদা, অভাব-অভিযোগ এবং আবেগ-অনুভূতি প্রায়ই প্রচলিত গণতন্ত্রের প্রথাগত এবং প্রাতিষ্ঠানিকতার আবর্তে উপেক্ষিত থেকে যায় বা হারিয়ে যায়। রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে টিকে থাকা অথবা বিজয়ী হওয়াই জনপ্রতিনিধিদের প্রধান অগ্রাধিকারের বিষয় হয়ে দাঁড়ায়। নিত্যকার নাগরিক ইস্যুতে নজর দেওয়ার ফুরসত কই তাঁদের? এই বাস্তবতায় প্রযুক্তিই বিকল্পের সন্ধান দিয়েছে। বিশ্বব্যাপী জনমত সংগঠনে নাগরিককুল এখন নাগালে পেয়েছেন ইন্টারনেটকে। গত শতাব্দীতে কোনো দাবির পক্ষে গণসমর্থন পেতে দিনের পর দিন কাঠখড় পোহাতে হতো রাজনৈতিক কর্মী বা বিভিন্ন গোষ্ঠীর সংগঠকদের। কিন্তু এখন অনলাইনে কেউ একটি আবেদন জানানোর পর ২৪ ঘণ্টা যেতে না যেতেই হাজার হাজার—কখনো কখনো লাখ লাখ মানুষ তাতে নাম লিখিয়ে ফেলেন।
বৈশ্বিক কয়েকটি নাগরিক অধিকার সংগঠন এখন প্রায় প্রতিদিনই এ ধরনের অনলাইন আবেদন চালু করে থাকে এবং যেসব আবেদনে সুফল মেলে তা স্বাক্ষরদাতাদের ই-মেইলে জানিয়ে দেয়। চেঞ্জ ডট অর্গ এবং ওয়ার অন ওয়ান্ট এ ক্ষেত্রে বেশ এগিয়ে আছে। সপ্তাহ খানেক আগে এয়ার চায়না তাদের ভ্রমণ সাময়িকীতে লন্ডন সম্পর্কে তাদের যাত্রীদের বলেছিল যে সাধারণভাবে শহরটি নিরাপদ হলেও ভারতীয়, পাকিস্তানি এবং কৃষ্ণাঙ্গ-অধ্যুষিত এলাকাগুলো রাতের বেলা এড়িয়ে চলা ভালো, বিশেষত নারীদের একাকী চলাচল। প্রায় সঙ্গে সঙ্গে (৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) অনলাইনে প্রতিবাদসূচক একটি আবেদন গণস্বাক্ষরের জন্য খোলা হয়। এরপর সপ্তাহ ঘোরার আগেই মঙ্গলবার এয়ার চায়না দুঃখ প্রকাশ করে ওই ভ্রমণ সাময়িকী প্রত্যাহার করে নেয়। এ রকম আরেকটি দৃষ্টান্ত হচ্ছে একই ব্র্যান্ডের একই ধরনের প্রসাধনসামগ্রী বাজারজাত করার ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীদের জন্য বেশি দাম নির্ধারণের বিরুদ্ধে ভোক্তা প্রতিবাদ। পাশ্চাত্যে অনেক বৈশ্বিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের নাগরিক বা ভোক্তা প্রতিবাদ সফল হওয়ার নজির রয়েছে। নাগরিক সমাজের এই সক্রিয়তা এবং অধিকার চেতনা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতাগুলোকে আরও খোলাসা করে দিচ্ছে। অনলাইনের প্রসার নাগরিকদের এই ক্ষমতায়নকে ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে, তা রাষ্ট্রবিজ্ঞানীরাই ভালো বলতে পারবেন। তবে কর্তৃত্ববাদী ও নিয়ন্ত্রণমূলক সমাজে রাজনৈতিক আন্দোলন সংগঠনে অনলাইনের ব্যবহার যে খুব একটা সফল হয়েছে তেমনটি বলা যায় না। ইরান, মিসরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভিজ্ঞতা কিছুটা হতাশাজনকই বলতে হবে। আমাদের দেশেও যে গণস্বাক্ষরের তেমন একটা মূল্য আছে সে কথা বলা যাবে না। তেমনটি হলে সুন্দরবন রক্ষার মতো বিষয়ে নাগরিক সমাজকে এতবার পদযাত্রায় নামতে হতো না।
গেল ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল বিশ্ব গণতন্ত্র দিবস। সাংসদদের বৈশ্বিক সংগঠন—আন্তসংসদীয় ইউনিয়ন, আইপিইউ ১৪ সেপ্টেম্বর বুধবার রাতে এক বিবৃতি পাঠিয়ে আমাকে এই দিবসটির কথা মনে করিয়ে দিয়েছে। বিবৃতিতে আইপিইউ বলেছে, একটি ন্যায্যতর বিশ্ব প্রতিষ্ঠার যে লক্ষ্য জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন সূচিতে তুলে ধরা হয়েছে, তা বিশ্বব্যাপী কেবলমাত্র অধিকতর গণতন্ত্রের মাধ্যমেই অর্জন সম্ভব। বিশ্বনেতারা গত বছরে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস-এসডিজি) নির্ধারণ করেছেন তার সঙ্গে অধিকতর স্বচ্ছতা, জবাবদিহি এবং সিদ্ধান্ত গ্রহণে নাগরিক সমাজের অংশগ্রহণের দাবিকে সম্পৃক্ত করার জন্য আইপিইউ ওই বিবৃতিতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘে বিশ্বনেতারা এসডিজি অনুমোদনের সময়ই সিদ্ধান্ত হয়েছিল যে এ বছরের বিশ্ব গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য বা মূল ভাবনায় থাকবে ২০৩০ সালের গণতন্ত্র (ডেমোক্রেসি টোয়েন্টি থার্টি)। আইপিইউ বলছে, ২০৩০ সালের এখনো অনেক বাকি মনে হলেও বহু দেশেই মাত্র তিনটি নির্বাচনী পালাতেই সময় শেষ হয়ে যাবে। আইপিইউ তাই গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনীতিতে বহুমতের জায়গা করে দেওয়া এবং জনসাধারণের অংশগ্রহণ উৎসাহিত করতে পার্লামেন্টগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। জাতীয় পর্যায়ে এসডিজির লক্ষ্য, অগ্রাধিকার এবং সূচকসমূহ ঠিক করায় জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করার জন্যও পার্লামেন্টগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
পাঠকদের কেউ ভুলে গিয়ে থাকলে তাঁদের স্মরণ করিয়ে দেওয়া ভালো যে আইপিইউ নামের এই বৈশ্বিক প্রতিষ্ঠানটির সভাপতি আমাদের বাংলাদেশের সাংসদ সাবের হোসেন চৌধুরী। দেশের নির্বাচন নিয়ে যত বিতর্কই থাকুক না কেন আইপিইউর নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আইপিইউর বিবৃতিতে সাবের হোসেন চৌধুরীর উদ্ধৃতিও রয়েছে। সাবের চৌধুরী বলেছেন, ‘২০৩০ সালের টেকসই উন্নয়নসূচি বাস্তবায়নের নিরিখে আমরা সব পার্লামেন্টের প্রতি গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে সৃজনশীল চিন্তার আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেছেন যে পার্লামেন্টগুলোর জন্য এটি একটি বড় সুযোগ। সাবের চৌধুরীর ভাষায়, ‘অধিকতর গণতন্ত্র ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি এনে দিতে পারে, যার ফলে আরও গণতন্ত্রায়ণ সম্ভব হবে...।’
ঘটা করে বিশ্ব গণতন্ত্র দিবস পালনের চল শুরু হয়েছে বেশি দিন নয়। মাত্র ২০০৮ সাল থেকে। ২০০৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবই হচ্ছে এই দিবস পালনের ভিত্তি। এবারে বিশ্ব গণতন্ত্র দিবস উদ্যাপনে আইপিইউ অধিকতর গণতন্ত্রের প্রসারে বিশ্বের বিভিন্ন পার্লামেন্টে কতগুলো ধারণা নিয়ে নাগরিকদের সঙ্গে বিতর্কের কথা বলেছে। যেমন: ২০৩০ সাল নাগাদ মানুষ কি অনলাইনে ভোট দেবে? নাকি আইনের খসড়া আসবে সাধারণ মানুষের কাছ থেকে (ক্রাউডসোর্সিং)? তরুণদের আশা-আকাঙ্ক্ষা প্রকাশের জন্য বিদ্যমান রাজনৈতিক প্রক্রিয়া কি যথেষ্ট? নাকি নতুন কোনো রাজনৈতিক প্রক্রিয়া উদ্ভাবন করতে হবে? ভবিষ্যতের পার্লামেন্ট কি আজকের মতো থাকবে?
এসব ধারণা নিয়ে অনেক দিন ধরেই নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। উন্নত গণতন্ত্রগুলোতে ধীরে ধীরে হলেও ইতিমধ্যেই অনেক অগ্রগতি অর্জিত হয়েছে। এ রকম একটি দৃষ্টান্ত হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের চর্চা। এই ব্যবস্থায় এক লাখ ভোটারের স্বাক্ষরে কোনো বিষয়ে আলোচনার দাবি উঠলে পার্লামেন্ট সেই বিষয়ে বিতর্ক আয়োজন করে থাকে। এ ধরনের নাগরিক দাবির মুখেই কয়েক বছর আগে বিবিসি রেডিওর একটি মিউজিক চ্যানেল রেডিও সিক্স বন্ধের সিদ্ধান্ত বাতিল হয়েছিল। তবে এই ব্যবস্থায় যে সব সময় কাজ হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। সে কারণেই ইউরোপ থেকে ব্রিটেনের বেরিয়ে আসার (ব্রেক্সিট) সিদ্ধান্ত প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের রায় বিভ্রান্তিকর দাবি করে দ্বিতীয় দফা গণভোট দাবি করার আবেদনে ৪০ লাখেরও বেশি সই পড়ার পরও গণরায় নাকচ করার প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। তবে বিষয়টি নিয়ে ব্রিটিশ এমপিরা একদফা বিতর্ক করেছেন।
দিবসটি পালনে নানা দেশের পার্লামেন্ট নানা ধরনের কর্মসূচি পালন করে থাকে। পার্লামেন্টারিয়ানদের দুটি বৈশ্বিক সংগঠন—আইপিইউ এবং সিপিএর (কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন) দুই সভাপতি যে পার্লামেন্টের সদস্য সেই পার্লামেন্ট দিবসটি উদ্যাপনে কোনো কর্মসূচি পালন করেছে, এমন কোনো খবর আমার চোখে পড়েনি। এ ধরনের দিবস পালনে কোনো দেশে গণতন্ত্রের যে খুব একটা উপকার হয়েছে তেমন দাবি কেউ কখনো করেননি; বরং এ প্রসঙ্গে একটি চমকপ্রদ তথ্য জানিয়ে রাখি। প্রথমবার এই দিবসটি পালনে থাইল্যান্ড জনসাধারণের জন্য এক সপ্তাহ পার্লামেন্ট ভবন খুলে দিয়েছিল। সেই থাইল্যান্ডে কয়েক বছর ধরেই চেপে আছে সামরিক শাসন। রাজনীতিকেরা বক্তৃতা-বিবৃতিতে অধিকতর গণতন্ত্রের কথা বললেই যে নাগরিকেরা সব স্বাধীনতা পেয়ে যাবেন, এমন প্রত্যাশা না করাই ভালো। দিবস উদ্যাপনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে নাগরিকদের ক্ষমতায়নের প্রশ্ন। রাজনীতিকেরা যে তাতে আগ্রহী হবেন না সেটাই তো স্বাভাবিক। আমাদের দেশে যেমন সাংসদদের কাজকর্মের স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়ে প্রশ্ন তোলায় ট্রান্সপারেন্সির মতো নাগরিক অধিকার গোষ্ঠীর ওপর খড়্গ ওঠাতেই সাংসদদের কেউ কেউ ব্যতিব্যস্ত। ভারত, ভিয়েতনাম, চীন এসব দেশও এ ক্ষেত্রে পিছিয়ে নেই। ভারতে গ্রিনপিসের পর অ্যামনেস্টির ওপর নেমে এসেছে খড়্গ। অথচ অ্যামনেস্টি তার এশীয় কার্যক্রমের কেন্দ্র লন্ডন থেকে দিল্লিতে স্থানান্তর করতে চেয়েছিল।
বিশ্ব গণতন্ত্র দিবসে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন যে নাগরিক সমাজের স্বাধীনতাকে অবশ্যই রক্ষা করতে হবে। আর ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়েছে, গণতন্ত্রে প্রয়োজন অংশগ্রহণমূলক নাগরিকত্ব, স্বচ্ছতা, বহুত্ববাদ এবং অন্তর্ভুক্তি। ইইউর বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকদের সঙ্গে তাঁদের প্রতিনিধিত্বকারী নির্বাচিত প্রতিষ্ঠানের যোগাযোগ এবং আস্থার সম্পর্ক প্রায়ই টানাপোড়েনের মুখে পড়ে, যাতে সামাজিক উত্তেজনা এবং রাজনৈতিক বিভাজন তৈরি হয়। ইইউ তাই বিশ্বব্যাপী গণতন্ত্র সংহত করার প্রক্রিয়ায় সহায়তার কথা বলেছে। বিশ্ব গণতন্ত্র দিবসে সবাই গণতন্ত্রের গুণগান করবেন, সেটাই স্বাভাবিক। পাশাপাশি গণতন্ত্র থেকে অধিকতর বা উচ্চতর গণতন্ত্রে উত্তরণের প্রশ্ন নিয়েও আলোচনা স্বাভাবিক। কিন্তু যেখানে গণতন্ত্রের ধারণায় ঘাটতি প্রকট, সেখানে অধিকতর গণতন্ত্রের বাণী কি একটু পরিহাসের মতো শোনায় না?
গণতন্ত্র কার্যকর থাকলে তবেই না অধিকতর গণতন্ত্রের প্রশ্ন আসে! গণতন্ত্র দিবসে বিশ্ব ২০৩০ সালের গণতন্ত্রের কথা ভেবেছে কি এ কারণেই যে, তত দিন অবধি আমাদের দুর্বল গণতন্ত্র অথবা নিয়ন্ত্রিত গণতন্ত্র (হীনতা)ই দেখে যেতে হবে!
কামাল আহমেদ: সাংবাদিক।