গণতন্ত্রে শর্টকাট চলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: মাসুক হেলাল
কার্টুন: মাসুক হেলাল

জামায়াতের পাল্লায় পড়ে বিএনপি হঠকারী রাজনীতিতে গা ভাসিয়ে দিয়েছিল। এখন তাদের চিন্তাভাবনায় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এখন যেভাবেই হোক একটা নির্বাচন তাদের চাই। সেটা আগের মতো নির্দলীয় সরকারের অধীনে হবে, নাকি অন্য কোনো ফর্মুলায় হবে, সে প্রশ্নকে বড় করে দেখা হচ্ছে না। দেশে-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি লাভবান হবে, তাতে সন্দেহ নেই। কারণ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও নানা রকম হয়রানির কারণে সাময়িকভাবে দলের শক্তি কমে গেলেও বিএনপির জনসমর্থন প্রবল। এর জোরেই বিএনপি এগিয়ে যেতে পারবে।
‘গোল্ডেন অপরচ্যুনিটি’ বা সুবর্ণ সুযোগ বলে একটা কথা আছে। গত ৫ জানুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পর বিএনপি বুঝতে পারে যে তারা সেই সুবর্ণ সুযোগটি হারিয়েছে। ‘নির্দলীয়’ তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি তাদের সঠিকই ছিল। কিন্তু যখন বোঝা গেল যে আওয়ামী লীগ সরকার সেটা কোনোভাবেই মানছে না, তখন কৌশল পরিবর্তন করে নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণ করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব ছিল।
সে সময়ের অবস্থাটা চিন্তা করুন। মানুষের মধ্যে সরকারবিরোধী মনোভাব ছিল তুঙ্গে। পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী জয়লাভ করেন। ঢাকার পাশে গাজীপুরেও বিএনপি-সমর্থিত প্রার্থী বিজয়ী হন। ক্ষমতাসীন অবস্থায়ও যে সরকারি দল-সমর্থিত মেয়র পদপ্রার্থীদের এমন ভরাডুবি হতে পারে, সেটা দেখে বোধ হয় আওয়ামী লীগও হতভম্ব হয়ে যায়। তাই নানা ছলছুতায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পিছিয়ে দিতে থাকে।
জনসমর্থনের এই জোয়ার বিএনপির জন্য ছিল আশীর্বাদ। কিন্তু সেটাই যেন তাদের কাল হয়ে দাঁড়াল। যেটা ছিল বিএনপির অনুকূলে স্বতঃস্ফূর্ত ‘নির্বাচনী জনসমর্থন’, সেটাকে তারা হয়তো ভাবল ‘সরকার উৎখাতের পক্ষে গণরায়’। তারা জামায়াতের সহিংস আন্দোলনের পিঠে সওয়ার হয়ে বাজিমাতের আশায় ভেসে গেল।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন জোট গত বছরজুড়ে যেভাবে সহিংস রাজনীতি চালিয়েছে, তা মানুষকে ভীতসন্ত্রস্ত করে তোলে। কারণ, ওই আন্দোলনে মূলত সাধারণ মানুষের জানমাল বিপন্ন হয়। ট্রেনের লাইন তুলে, বাসে পেট্রলবোমা মেরে, দোকানপাট জ্বালিয়ে-পুড়িয়ে, পিটিয়ে পুলিশ হত্যা করে দেশব্যাপী বিএনপি জোটের পরিচালিত তাণ্ডব মানুষকে দূরে সরিয়ে দেয়। নির্বাচনে গণরায়ের মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্যে সৃষ্ট আত্মশক্তির জোয়ার রাজনৈতিক আন্দোলনের আড়ালে সহিংসতা ও উন্মত্ততার কাছে পরাজিত হয়। এখানেই বিএনপির রাজনীতি মার খেয়েছে।
বিএনপি যদি নির্বাচনী চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামত, তাহলে হয়তো পরিস্থিতি অন্য রকম হতে পারত। সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রশাসন কারচুপির আশ্রয় নিলে মানুষ অবশ্যই তা রুখে দিত। রাজপথে জনজোয়ার সৃষ্টি হতো। কিন্তু বিএনপি নির্বাচনে না যাওয়ায় মানুষ নীরব দর্শকে পরিণত হয়। কারণ, কার জন্য মাঠে নামবে? বিএনপি তো মাঠে নেই। আছে জামায়াত। তাদের কাজ তো মানুষ হত্যা। রক্তের খেলায় মানুষ যেতে চায়নি। অথচ এ রকম তো হওয়ার কথা ছিল না। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশে-বিদেশে নানা প্রশ্ন দেখা দেওয়ার পর বিএনপির হিসাব অনুযায়ী জন-অসন্তোষ দেখা দেওয়ার কথা ছিল। সেটা না হওয়ার একমাত্র কারণ হতে পারে বিএনপির ভুল কৌশল। এ বিষয়ে তাদের ভাবতে হবে। বিএনপি নির্বাচনী চ্যালেঞ্জ নিলে মানুষই ভোটকেন্দ্রগুলো পাহারা দিত। কারচুপির আশঙ্কা অনেক কমে যেত।
গত প্রায় এক বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগ অনেকটা গুছিয়ে নিয়েছে। মুদ্রাস্ফীতি যত দিন নিয়ন্ত্রণে থাকবে, দৈনন্দিন জীবনে বড় ধরনের সংকট যত দিন দেখা না দেবে, তত দিন সরকার মোটামুটি চালিয়ে যাবে। বিএনপি-সমর্থকেরাও এ বিষয়ে প্রায় নিশ্চিত। হতাশার সুরে তাঁদের অনেকে বলেন, কে আটকাবে সরকারকে? বিএনপি তো সংসদেও নেই, রাজপথেও নেই।
এ অবস্থায় বিএনপি যে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে আন্দোলনের চিন্তা করছে, সেটা সুফল দেবে, যদি তারা হঠকারিতার পথে না যায়। জানুয়ারিতে সরকার যদি তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায়, তাহলে তার প্রতিক্রিয়া বাজারে পড়বে। জিনিসপত্রের দাম হয়তো বাড়বে। মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে আন্দোলন করলে মানুষের সমর্থন থাকবে।
কিন্তু সমস্যা হলো, আমাদের দেশের রাজনীতি চট করে হরতালের দিকে চলে যায়। গত অন্তত এক বছর হরতালবিহীন অবস্থায় মানুষ অনেকটা শান্তিতে আছে। যুদ্ধাপরাধের বিচারের রায়ের বিরুদ্ধে জামায়াত যে হরতালের ডাক দিয়েছিল, তা জনসমর্থন পায়নি। বিএনপিও সেসব হরতালে সমর্থন না দিয়ে সুবিবেচনার পরিচয় দিয়েছে। হরতাল কেউ চায় না। তার পরও হয়তো কোনো দল হরতাল ডাকলে রাস্তায় গাড়িঘোড়া কম চলে, সেটা মূলত এ কারণে যে মানুষ সাধারণত ঝঞ্ঝাটে যেতে চায় না। এটা হরতালের প্রতি সমর্থন নয়।
রাজনৈতিক আন্দোলনের পুরোনো ধারণা বদলে ফেলার সময় এসেছে। কথায় কথায় হরতাল, গাড়ি ভাঙচুর, আগুন, পুলিশের
ওপর হামলা—এসব গণতন্ত্রে চলে না। সহিংসতার মাধ্যমে শর্টকাট পথে ক্ষমতায় যাওয়ার দিন শেষ হয়ে আসছে। এখন আর কেউ নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কথা চিন্তা করতে পারে না।
কিন্তু সেই নির্বাচন অবশ্যই হতে হবে ক্ষমতাসীন সরকারের হস্তক্ষেপমুক্ত এবং প্রকৃত অর্থে স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে। আমাদের দেশে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এখন রাজনৈতিক আন্দোলনের মূল লক্ষ্য হতে হবে রাষ্ট্রীয় এসব প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা।
আসুন, আমরা ৫ জানুয়ারির পূর্বাবস্থায় ফিরে যাই। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলেও তখন বিকল্প কিছু ফর্মুলা আলোচনায় এসেছিল। যেমন নির্বাচনকালীন জাতীয় সরকার। সেই সময়ের প্রধান বিরোধী দলের সাংসদেরাও সেই সরকারে থাকবেন। এমনকি বিএনপির কাউকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া যেতে পারে। এসব আলোচনার সবই তখন বিএনপির পক্ষ থেকে বাতিল করা হয়েছিল। তাদের যুক্তি ছিল, সরকার বিএনপিকে ফাঁদে ফেলতে চায়। কোনোভাবে তাদের আনতে পারলে নির্বাচন বৈধতা পেয়ে যাবে। সেটা তারা হতে দিতে চায়নি বলে নির্বাচন বর্জনের পথ বেছে নিয়েছিল।
এখন নির্বাচনের কথা ভাবলে সেসব পুরোনো ফাইল খুলে বসতে হবে। এককথায় বলা যায়, বিএনপিকে এক কদম পিছে
হটতে হবে। না হলে সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
কিন্তু আওয়ামী লীগকেও বুঝতে হবে যে বর্তমান পরিস্থিতিটা তাদের জন্য খুব সুখকর নয়। দলের ভেতরে অন্তর্দ্বন্দ্ব। খুনোখুনি তো প্রায় প্রতিদিনই ঘটছে। একতরফা ক্ষমতার সবচেয়ে বড় বিপদ এখানেই। ইতিমধ্যে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অব্যবস্থাপনা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। কারণ, বাধা দেওয়ার কেউ নেই। জবাবদিহি করবে কে? সংসদে তো কেউ কথা বলার নেই। সংসদে শক্তিশালী বিরোধী দল না থাকাটা সরকারের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ। এই অভিশাপ দূর করার ব্যবস্থা সরকারকেই করতে হবে।
তাই বিএনপির অংশগ্রহণসমৃদ্ধ একটি নির্বাচন দেশের জন্য যেমন দরকার, সরকারের জন্যও দরকার। দুই-চার বছর পর পর ‘হটাও’ আন্দোলনের ধারা থেকে দেশকে বের করে আনার দায়িত্ব প্রধান রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।
আমাদের দেশে একসময় নির্বাচনে ভোট ডাকাতি, বুথ দখল ও সিল মারার গণতন্ত্র ছিল। আজ সেই অধ্যায় আমরা পার হয়ে এসেছি। এখন আর কারও পক্ষে ওই রকম জোরজবরদস্তি করে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়। কিন্তু বিএনপি যদি ভোটে না যায়, তাহলে তো করার কিছু নেই। ভোটে যেতে হবে এবং সেই যাওয়ার মধ্য দিয়েই জনপ্রিয়তার যাচাই হবে।
নির্বাচন বর্জন করে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে বাইরের হস্তক্ষেপে ক্ষমতার পরিবর্তনের পুরোনো দিনের রাজনীতি এখন আর চলে না। ওসবের দিকে না যাওয়াই ভালো। অবস্থা বদলে গেছে। সবার হাতে হাতে মুঠোফোন। কোথাও ভোট কারচুপি হলে সঙ্গে সঙ্গে তার খবর ফেসবুক-টুইটারে ছড়িয়ে পড়বে।
এখন বিএনপি ও আওয়ামী লীগকে নতুন দিনের রাজনীতি করতে হবে।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
[email protected]