গণতন্ত্রের দিন কি শেষ প্রায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ বছর আগে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামা ‘ইতিহাসের সমাপ্তি’ এবং ‘উদারনৈতিক গণতন্ত্রের বিজয়’ ঘোষণা করেছিলেন। সমাজতান্ত্রিক কেন্দ্র সোভিয়েত ইউনিয়নের বিলোপের প্রেক্ষাপটেই এ ঘোষণা দিয়েছিলেন ফুকুয়ামা। কিন্তু সেই সময় তিনি যার বিজয় ঘোষণা করেছিলেন, তারও যেন মৃত্যুঘণ্টা শোনা যাচ্ছে এখন।

গণতন্ত্রের বাতিঘর হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এমন এক নেতাকে বেছে নিয়েছে প্রেসিডেন্ট হিসেবে, যিনি গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রতিষ্ঠানগুলোকে পায়ে দলে আত্মম্ভরিতা প্রদর্শনকেই সবচেয়ে বেশি প্রেসিডেন্টসুলভ বলে মনে করছেন। চীনে দেখা মিলবে একজন সি চিন পিংয়ের, যিনি দেশটিকে এক ব্যক্তির শাসনের দিকেই নিয়ে যাচ্ছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উত্থান ও ক্ষমতা সুসংহত করার গল্প এখন পুরোনো। আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিছুদিন আগে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি তাঁর ক্ষমতা আরও দৃঢ় করেছেন। আর চলতি ফুটবল বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে এ সম্পর্কিত বিভিন্ন সমালোচনার মুখেও তিনি বেশ ভালোভাবেই আগল দিতে পারছেন। আফ্রিকায় কর্তৃত্ববাদী শাসন চলছে দীর্ঘদিন ধরেই। বিশেষত উন্নয়নশীল দেশগুলোয় কর্তৃত্ববাদী শাসনের উত্থান ঘটছে ব্যাপকভাবে।

অথচ এই শতকের শুরুতেও অবস্থা এতটা গুরুতর ছিল না। বরং বিশ্বজুড়ে গণতন্ত্রের জয়জয়কারই দেখা গেছে। কিন্তু গত দশকের শেষ থেকেই যেন এই দৃশ্যে বদল হতে থাকল। ২০০৭-০৮-এর অর্থনৈতিক মন্দার সময় থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী গণতন্ত্রের ক্ষয় অব্যাহত। যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের সহযোগী প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের তথ্যমতে, বিশ্বের ৮৯টি দেশে গণতন্ত্র পিছু হটছে। বিপরীতে মাত্র ২৭টি দেশে গণতান্ত্রিক অবস্থার উন্নতি হচ্ছে। সবচেয়ে ভয়াবহ তথ্যটি হচ্ছে, বিশ্বব্যাপী গণতন্ত্রের সবচেয়ে বড় ফেরিওয়ালা যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের এক-তৃতীয়াংশের কম প্রতিনিধি গণতন্ত্রকে অপরিহার্য বলে মনে করছে।

গণতন্ত্রের অবনমন ও দেশে দেশে কর্তৃত্ববাদী শাসনের উত্থান নিয়ে আলোচনা নতুন নয়। কয়েক বছর ধরেই সারা বিশ্বে এ ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। ‘কম গণতন্ত্র ও বেশি উন্নয়ন’-এর বড়িটি বিভিন্ন দেশে বেশ ভালোভাবেই গেলাতে পারছেন শাসকেরা। চিন্তার বিষয় হলো ‘গণতন্ত্রের মৃত্যু’ কিংবা ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র’ ইত্যাদি মতবাদের প্রচার বর্তমান সময়ে ব্যাপকভাবে বেড়েছে। ‘যেভাবে বিদায় নিচ্ছে গণতন্ত্র’ কিংবা ‘জনতা বনাম গণতন্ত্র’ শিরোনামের বইয়ের প্রকাশ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে এর পাঠকও।

সারা বিশ্বে মতবাদ ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণতন্ত্রের উত্থান মূলত গত শতকের দ্বিতীয়ার্ধে। আরও ভালো করে বললে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। ১৯৪১ সালে সারা বিশ্বে গণতান্ত্রিক দেশ ছিল মাত্র ১২টি। আর ২০০০ সাল নাগাদ এর বিস্তৃতি এতটাই ঘটে যে সে সময় পর্যন্ত বিশ্বে মাত্র আটটি দেশ ছিল, যেখানে কখনো কোনো নির্বাচন হয়নি। কিন্তু এখন এই পালে যেন উল্টো হাওয়া লাগতে শুরু করেছে। না এমন নয় যে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর বড় অংশ নির্বাচন বন্ধ ঘোষণা করে একনায়কতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে। এমনও নয় যে বিশ্বের অধিকাংশ মানুষ এই মতবাদের প্রতি আস্থা হারিয়েছে বরং নির্বাচন হচ্ছে আগের মতোই। নির্বাচনের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটারের রায় মেনে সরকারও গঠন করা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সেই সরকারের নির্বাচিত হওয়ার পন্থা এবং সেই সূত্রে জনভিত্তি; গণতান্ত্রিক বিভিন্ন প্রতিষ্ঠানের বাস্তবিক অবস্থা ইত্যাদি নিয়ে।

এ সম্পর্কিত এক প্রতিবেদনে ইকোনমিস্ট লিখেছে, বিস্তৃত পরিসরে পরিচালিত এক জরিপে দেখা গেছে, এখনো বিশ্বের প্রতি পাঁচজনের চারজন লোকই গণতন্ত্রকেই উপযুক্ত ব্যবস্থা বলে মনে করে। গণতন্ত্র নিয়ে শঙ্কাটা সব দেশে সমানভাবেও নেই। আগেই বলা হয়েছে, মূলত উন্নয়নশীল দেশগুলো বর্তমানে এই বিপদের সামনে আছে। যেসব দেশে কর্তাব্যক্তিদের জবাবদিহির সংস্কৃতি লোপ পায়নি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখনো সক্রিয়, সেসব দেশে এই বিপদ তুলনামূলক কম। কিন্তু এরপরও যে প্রসঙ্গটি প্রশ্নের সামনে চলে আসছে বারবার, তা হলো গণতন্ত্রের মূল নির্যাস ‘বহুত্ববাদ’।

এটা ঠিক যে যুক্তরাষ্ট্র একজন কট্টর প্রেসিডেন্টকে বেছে নিয়েছে। কিন্তু ওই দেশটিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখনো যথেষ্ট সক্রিয়। ফলে অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতে কঠোর পদক্ষেপ নিয়েও তাঁকে পিছু হটতে হয়েছে। একই প্রসঙ্গে জার্মানি ও ফ্রান্সের উদাহরণ টানা যায়, যেখানে কট্টরবাদ গলা চিরে হাঁক ছাড়লেও জেঁকে বসতে পারছে না। কিন্তু তুলনামূলক নতুন ও দুর্বল গণতন্ত্রের দেশগুলোয় এ ধরনের প্রতিষ্ঠান হয় গড়েই ওঠেনি, নয়তো শক্ত ভিত না পাওয়ায় দুর্বল অবস্থায় রয়েছে। ফলে এসব দেশে ক্ষমতালিপ্সু একজন নেতা সহজেই গণতন্ত্রকে বোতলবন্দী করতে পারছেন। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলের দেশে দেশে গণতন্ত্রের বিলোপ কিংবা ক্ষয় এখন সাদা চোখেই দেখা যায়। বিশেষত উন্নয়নশীল দেশগুলোর কোনো কোনোটিতে গণতন্ত্র এখন স্মৃতি হয়ে উঠছে। কোনোটিতে শাসকগোষ্ঠী রাজনৈতিক প্রতিপক্ষ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ কিংবা দমন করে গণতন্ত্রকে ভঙ্গুর অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে সমাজে ও রাষ্ট্রে যে ক্ষয় দৃশ্যমান হচ্ছে, তার থেকে চোখ ফেরাতে জাতীয় উন্নয়ন ও এর সূচক প্রবৃদ্ধিকে দেখানো হচ্ছে এক ধন্বন্তরি উপশম হিসেবে।

মজার বিষয় হচ্ছে বিশ্বের যে প্রান্তেরই দেশ হোক না কেন, গণতন্ত্রকে পোষ মানানো হচ্ছে এক দারুণ প্রেসক্রিপশন মেনে। মোটা দাগে কোনো দেশের শাসক গণতান্ত্রিক ব্যবস্থাকে কর্তৃত্ববাদী শাসন দিয়ে প্রতিস্থাপনের ক্ষেত্রে চারটি ধাপকে কাজে লাগায় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা।

ইকোনমিস্টের মতে, এই চার ধাপও আবার আসে সুনির্দিষ্ট ক্রম অনুসরণ করেই। এই চার ধাপের শুরুর ধাপেই কাজে লাগানো হয় কোনো ইস্যুতে সৃষ্ট জনরোষকে। সেটা হতে পারে অর্থনৈতিক, হতে পারে অন্য কোনো কিছু। এই জনরোষের সুযোগ নিয়ে এমনকি সামরিক অভ্যুত্থানের মতো ঘটনা ঘটে যায় কোনো কোনো দেশে। এ ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের প্রতিশ্রুতিটি অবধারিত। তবে এখন এই দাওয়াইটি সরাসরি আসে না। আসে একধরনের ছদ্মবেশ ধরে গণতান্ত্রিক পন্থা মেনেই। এ ক্ষেত্রে সাধারণত উদারবাদীদের হটানো হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে উদারবাদের কথা বলেই ক্ষমতার কট্টর রূপান্তর ঘটানো হয়।

উদাহরণ হিসেবে এ ক্ষেত্রে হাঙ্গেরির কথা উল্লেখ করা যেতে পারে। অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে হঠাৎ করেই অভিবাসী আতঙ্ক ছড়িয়ে দেওয়া হলো। অথচ সিরীয় শরণার্থীরা হাঙ্গেরিকে শুধু জার্মানিতে পৌঁছানোর একটি রুট হিসেবেই নিয়েছিল। কিন্তু সেখানকার সেই সময়ের বিরোধী দল এই আতঙ্কটিকেই গ্রহণ করল সুযোগ হিসেবে। তুরস্কের ধর্মপ্রাণ মুসলিমরা উদারবাদী অভিজাতদের নিয়ে শঙ্কিত ছিল। আর এই শঙ্কার পথ ধরেই উত্থান ঘটল এরদোয়ানের মতো কর্তৃত্ববাদী শাসকের।

প্রথম ধাপে যে জনরোষকে পুঁজি করে ক্ষমতায় আরোহণ করে একজন কর্তৃত্ববাদী শাসক, দ্বিতীয় ধাপে সেই জনরোষকেই ভীতিতে রূপান্তর করা হয়। অর্থাৎ ‘আমি ক্ষমতা হারালেই পূর্বাবস্থা ফিরে আসবে’—এটাই হয় একজন কর্তৃত্ববাদী শাসকের গণতন্ত্র হরণের দ্বিতীয় মোক্ষম অস্ত্র। এ অনুসিদ্ধান্তকে পুঁজি করেই তিনি তাঁর ক্ষমতাকে সুসংহত করেন। নিজের শাসনামলের যেকোনো দুর্বলতা ঢাকতে তিনি এই একটি বাক্যই ব্যবহার করেন। এ ক্ষেত্রে একটি শত্রুপক্ষ তৈরি এবং তাকেই কুমিরছানার মতো বারবার প্রদর্শন করা হয়। এ ক্ষেত্রে জাতীয় গৌরব ও জাতীয় শত্রু একইভাবে কাজ করে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প জাতীয় গৌরব পুনরুদ্ধারের মন্ত্র আওড়াচ্ছেন, অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই পশ্চিমা জুজুই দেখিয়ে চলেছেন, আর চীনের সি চিন পিং শোনাচ্ছেন প্রবৃদ্ধি ও পরাশক্তি হওয়ার স্বপ্ন বাস্তবায়নের গল্প। এদের সবাই নিজের কর্তৃত্বকে নিরঙ্কুশ করতে চাইছেন।

স্বাধীন বিচার বিভাগ ও গণমাধ্যম গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে স্বীকৃত। বলার অপেক্ষা রাখে না যে একজন কর্তৃত্ববাদী শাসক শুরু থেকেই এই দুই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এই ধাপটিকে ইকোনমিস্ট তৃতীয় ধাপ হিসেবে বর্ণনা করলেও বিভিন্ন দেশের উদাহরণ বলছে, এটি শুরু হয় একদম গোড়া থেকেই। অর্থাৎ প্রথম ধাপে ক্ষমতায় আরোহণের পরপরই অনেক সময় এ কাজটি শুরু করা হয়। বিষয়টি নির্ভর করে বিচার বিভাগ ও স্বাধীন গণমাধ্যমের তৎপরতার ওপর। দেশের গণতান্ত্রিক পরিবেশের অভাব ও কর্তৃত্ববাদী শাসনের কতটা সমালোচনা গণমাধ্যমে উঠে আসছে কিংবা দেশটির বিচার বিভাগ সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিপরীতে কতটা অবস্থান নিচ্ছে, তার ওপরই নির্ভর করে কত দ্রুত এই দুই শক্তিশালী প্রতিষ্ঠানের শক্তি হরণে নামবে ওই দেশের শাসকগোষ্ঠী। এ ক্ষেত্রেও তারা তথাকথিত ‘শত্রুপক্ষ’কেই সামনে আনে। ‘জাতীয় ঐক্য’, ‘গণতন্ত্র সমুন্নত’, ‘অব্যাহত উন্নয়ন’, ‘নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন’, ‘জাতিগত গৌরব পুনরুদ্ধার’, ‘বিদেশি পুঁজি হটানো’, ‘জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র’ ইত্যাদি নানা বিষয় সামনে এনে এ কাজটি করা হয়। যুক্তরাষ্ট্রেই যেমন প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় সংবাদমাধ্যমকে পাইকারি হারে ‘ভুয়া’ বা ‘ফেক’ ট্যাগ লাগিয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কাজ না হলে বিভিন্ন সংবাদমাধ্যমের মালিকানা সরকার-সমর্থিত গোষ্ঠীর মাধ্যমে কিনে নেওয়ার চেষ্টা করা হয়, যা ব্যাপকভাবে ঘটেছে রাশিয়ায়। আর এভাবে গলা টিপে ধরা হয় পুরো গণমাধ্যমের। একই সঙ্গে স্বাধীন বিচার বিভাগকে অনুগত করা ব্যাপক রদবদলের মাধ্যমে। আর এভাবে একধরনের অঘোষিত দায়মুক্তির পথ উন্মুক্ত করা হয়।

মজার বিষয় হচ্ছে, কর্তৃত্ববাদী শাসকেরা কিন্তু এই পুরো কাজটিই করেন গণতন্ত্রের খোলসে ঢুকে। তাঁরা নিয়মিত বিরতিতে নির্বাচন করেন। বরং কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের প্রতি তাঁদের মাত্রাতিরিক্ত আন্তরিকতা ও আগ্রহ প্রকাশ পায়। সেসব নির্বাচনে তাঁরা জনগণের কথিত ভোটেই সরকার গঠন করেন। রাশিয়ার সর্বশেষ নির্বাচনে যেমনটি হলো। আর তুরস্কের উদাহরণটি তো একেবারে তাজা। ২৪ জুনের নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান আবারও নির্বাচিত হয়েছেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই সংবাদ সম্মেলন করে এই দাবি করেন তিনি, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ ক্ষেত্রে বিরোধী দলের নেতাদের পক্ষ থেকে হাজারটা আপত্তি এলেও তিনি ও তাঁর নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এসবকে থোড়াই কেয়ার করেছেন।

নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসার আগেই অবশ্য প্রধান বিরোধী পক্ষকে বিভিন্ন আইনি-বেআইনি পন্থায় দমন করা হয়। রুয়ান্ডাতেই যেমন পল কাগামে সর্বশেষ নির্বাচনের আগে তাঁর বিরোধী পক্ষের নেতার চরিত্রহনন করে তাঁকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করালেন বিচার বিভাগের মাধ্যমে। চালালেন ব্যাপক মাত্রার ধরপাকড়। ফেরা যাক তুরস্কের দিকে। অভ্যুত্থান-চেষ্টার পর এরদোয়ান সমালোচক গুলেনপন্থীদের পাইকারি হারে গ্রেপ্তার করা হলো। বলা হয়, ওই অভ্যুত্থানের পর তুরস্কে অন্তত দুই লাখ মানুষকে হয় হত্যা, নয়তো বন্দী করা হয়েছে। রাষ্ট্রীয় শীর্ষ পদ থেকে শুরু করে বুদ্ধিজীবী পর্যন্ত এরদোয়ানের এই শুদ্ধি অভিযানে বাদ যায়নি কেউ। ওই অভ্যুত্থান-চেষ্টা এরদোয়ানের ক্ষমতা সুসংহত করায় সহায়ক হিসেবেই হাজির হয়েছিল। একইভাবে টানা যায় ফিলিপাইনের নেতা দুতার্তের প্রসঙ্গও। ফিলিপাইনকে মাদকমুক্ত করার কথা বলে ক্ষমতায় বসা এই প্রেসিডেন্ট এখন ‘নিয়ন্ত্রিত গণতন্ত্রের’ গুণগান গাইছেন উচ্চকণ্ঠে। তিনি অবশ্য একে বলছেন ‘অনুদার গণতন্ত্র’।

বিশ্বের বহু দেশেই এখন এ অবস্থা দৃশ্যমান। দেশ বিচারে রকমফের থাকলেও মোটাদাগে সব ক্ষেত্রেই এই একই ব্যবস্থাপত্র অনুসৃত হচ্ছে। সামরিক বা একদলীয় শাসন সরাসরি আসছে না। কিন্তু বহু দেশেই গণতান্ত্রিক মোড়কে যা আসছে, তাকে এর চেয়ে বেশি কিছু ভাবার সুযোগ নেই। ‘গণতন্ত্র মৃতপ্রায়’ এমন ঘোষণাকে বাড়াবাড়ি মনে হলেও এটি ভাবনার দাবি রাখে। কারণ, বহু দেশে নিয়মিত বিরতিতে নির্বাচন হলেও এর আর্তচিৎকারটি কান পাতলেই শোনা যাচ্ছে।

পশ্চিমা দেশগুলো গণতন্ত্রের ফেরিওয়ালা হিসেবে যা ফেরি করেছে, তার গোড়ায় রয়েছে নির্বাচন। অনেকটা ব্যথানাশক বড়ির মতো করে এই ওষুধ গেলানো হয়েছে। কিন্তু কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা কিংবা মূলগতভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে পৃষ্ঠপোষকতা করার ব্যাপারে কারও কোনো আগ্রহ দেখা যায়নি। বরং দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও আন্তর্জাতিক বাণিজ্য, পুঁজির প্রবাহ ও করপোরেশনের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণই গণতান্ত্রিক দেশ হিসেবে একটি দেশকে পশ্চিমের স্বীকৃতির পেছনে মুখ্য কারণ হিসেবে কাজ করেছে। আর এই সূত্র ধরেই আজকের এই বিপদ সামনে এসেছে, যখন মুমূর্ষু গণতন্ত্রের বিছানার ওপর সদর্পে খেলা হচ্ছে নির্বাচন-নির্বাচন খেলা। তবে আশার দিকও আছে। মালয়েশিয়া ও আর্মেনিয়ায় অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচন এই আশা দেখায়।

ফজলুল কবির: সাংবাদিক