
সরকারের বিরুদ্ধে আন্দোলন করার অধিকার গণতান্ত্রিক ব্যবস্থায় একটি মৌলিক সাংবিধানিক হিসেবে সব গণতান্ত্রিক দেশেই স্বীকৃত। কিন্তু সেই আন্দোলন যে খোদ গণতন্ত্রের জন্যই বিপজ্জনক হুমকি হয়ে দেখা দিতে পারে, তার একটা দৃষ্টান্ত সৃষ্টি হচ্ছে পাকিস্তানে। দেশটির ছয় দশকের ইতিহাসে নিরবচ্ছিন্ন গণতন্ত্র কখনো ছিল না। একটি নির্বাচিত সরকার পূর্ণ মেয়াদ শেষ করেছে, তারপর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আরেকটি সরকার গঠিত হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরিত হয়েছে—এমন ঘটনা পাকিস্তানের পুরো ইতিহাসে ঘটেছে মাত্র একবার, গত বছরের মে মাসে। তখন অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আসিফ আলী জারদারির পাকিস্তান পিপলস পার্টিকে (পিপিপি) পরাজিত করে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) যে সরকার গঠন করেছে, তার মেয়াদ এক বছর পেরোনোর আগেই সরকার পতনের আন্দোলন শুরু করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান আর তাহির-উল কাদরি নামে এক সুফি সাহেব, যিনি বহু বছর ধরে কানাডাপ্রবাসী ছিলেন, রাজনীতির সঙ্গে যাঁর কোনো সংস্রবের কথা সাধারণ মানুষের জানা ছিল না।

ইমরান খান ও তাহির-উল কাদরি বড় বড় লংমার্চ করে পাকিস্তানের রাজনীতিতে নিজেদের শক্তি-সমর্থন প্রদর্শন করেছেন। তাঁদের কর্মী-সমর্থকের সংখ্যা অনেক। ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফে বিশেষত তরুণ-যুবকদের সমাবেশ ব্যাপক। আর তাহির-উল কাদরির পাকিস্তান আওয়ামী তেহরিকে (পিএটি) মধ্যবিত্ত নারীসমাজ ও ধর্মপ্রাণ লোকদের অংশগ্রহণ বেশি। লংমার্চ ও সমাবেশ সংঘটনে দুটি দলই বেশ পারঙ্গমতা দেখিয়েছে। এবার ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে তারা যখন রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ঘোষণা দেয়, সরকার তখন তাদের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। কিন্তু অনুমতির তোয়াক্কা না করেই তারা রাজধানী অভিমুখে যাত্রা করে এবং যতই রাজধানীর কাছে এগিয়ে আসতে থাকে, সরকারের শঙ্কা ততই বাড়তে থাকে। সরকার একপর্যায়ে ইসলামাবাদের বিশেষ কিছু এলাকায় সেনাবাহিনী মোতায়েন করে। কিন্তু তাতেও সরকারবিরোধী লংমার্চ থামেনি; ইসলামাবাদে ঢুকে তারা পার্লামেন্ট ভবনের পাশে বসে পড়ে। ইমরান খান ঘোষণা করেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা সেখান থেকে সরবেন না। সরকার বাধা দেয়নি বলে সহিংসতা হয়নি; কিন্তু বিক্ষোভকারীরা যখন পার্লামেন্ট ভবনের এক দিকে গেটগুলো বন্ধ করে দিল এবং হুমকি দিল যে সরকার অবিলম্বে পদত্যাগ না করলে তারা পার্লামেন্ট দখল করবে এবং প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়বে, তখন সত্যিই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হলো।
উদ্বেগ শুধু নওয়াজ শরিফের সরকারের জন্য নয়, পাকিস্তানের প্রায় সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ, আইনজীবীদের সংগঠনগুলো এবং বিশেষত সংবাদমাধ্যমের জন্য। সবাই উদ্বিগ্ন হলেন এই ভেবে যে, পাকিস্তানে গণতন্ত্রের ধারাবাহিকতা সম্ভবত বিপন্ন হতে চলেছে। সহিংসতা শুরু হলে তা দাবানলের মতো ছড়িয়ে পড়বে, যা সহজে থামানো যাবে না। এ সুযোগে সামরিক বাহিনী চলে আসবে; পাকিস্তান আবার প্রবেশ করবে ইতিহাসের সেই অশুভ ঘূর্ণাবর্তে, ছয় দশক ধরে যার মধ্যে সে ঘুরপাক খেয়ে চলেছে।
সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করা পাকিস্তানে সংবিধানসম্মত। তাই ইমরান খান ও তাহির-উল কাদরির দাবিগুলোকে পাকিস্তানে কেউ অবৈধ বলছে না। কিন্তু প্রায় সব মহল থেকে বলা হচ্ছে, তাঁদের দাবি যুক্তিহীন ও অগ্রহণযোগ্য। কারণ, মাত্র এক বছর আগেই নির্বাচন হয়েছে, সে নির্বাচন যে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, তার স্বীকৃতি মিলেছে দেশি-বিদেশি সব মহল থেকেই। এক বছরের মধ্যে দেশে এমন কিছু ঘটেনি, যাতে সেই নির্বাচিত সরকারের পদত্যাগ দাবি করা যায়। পাকিস্তানের প্রধান বিরোধী দল পিপিপির নেতা আসিফ আলী জারদারি বলেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিকে সমর্থন করা যায় না। এমনকি জামায়াতে ইসলামি ও উলেমা সমাজও বলেছে একই কথা। ইমরানের পিটিআই আর কাদরির পিএটি ছাড়া পাকিস্তানের সব রাজনৈতিক দল বলছে, এই মুহূর্তে সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচনের দাবি অগ্রহণযোগ্য।
নওয়াজ শরিফের সরকার যখন টিকে থাকার জন্য প্রাণান্তকর চেষ্টায় লিপ্ত, তখন প্রধান বিরোধী দলসহ দেশটির প্রায় সব রাজনৈতিক দল সরকারের প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছে—এ এক অভাবনীয় ব্যাপার। এটা কেন ও কীভাবে সম্ভব হলো? বাংলাদেশে কি এটা কখনো কল্পনা করা যায়? যায় না, দূর ভবিষ্যতেও এ দেশে এ রকম ঘটতে পারে বলে মনে হয় না।
পাকিস্তানের রাজনীতিতে এই দৃশ্যপট রচিত হচ্ছে ছয় দশকের পুঞ্জীভূত তিক্ত অভিজ্ঞতার আলোকে। নওয়াজ শরিফ সরকারের টিকে থাকার চেষ্টাকে দেশটির অধিকাংশ রাজনৈতিক দল বিবেচনা করছে গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার প্রয়াস হিসেবে। পাকিস্তানের কোনো রাজনৈতিক দলই এখন চায় না গণতন্ত্রের ধারাবাহিকতা ছিন্ন হোক, সামরিক বাহিনীর হস্তক্ষেপ ঘটুক। তারা মনে করে, ইমরান খান ও তাহির-উল কাদরিকে মাঠে নামিয়েছে সামরিক বাহিনী। শুধু রাজনীতিকেরা নন, পাকিস্তানি সংবাদমাধ্যমের অধিকাংশই ইমরান ও কাদরিকে সন্দেহের চোখে দেখে। অনেক রাজনৈতিক ভাষ্যকারের লেখায় দেখেছি, ইমরান খানের প্রতি কটাক্ষ: তুমি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছ তো? পারবে না, আম-ছালা দুটোই হারাবে। তোমার ঘাড়ে পা রেখে ক্ষমতায় চলে আসবে তারা, যারা সব সময় ওত পেতে থাকে।
বিশেষত পাকিস্তানের সংবাদমাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে ব্যাপক লেখালেখির ফলে সামরিক বাহিনীর সম্ভাব্য রাজনৈতিক অভিলাষ এবার মার খেয়ে গেছে। একই চাপে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হলো, পাকিস্তানে সংবিধানবহির্ভূত যেকোনো পদক্ষেপের তারা বিরোধী। শেষে পাকিস্তানের সামরিক বাহিনীও প্রকাশ্যে বলতে বাধ্য হলো, তারা পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন ইত্যাদির সুরক্ষা নিশ্চিত করবে। অর্থাৎ তারা ইমরান খান ও তাহির-উল কাদরিকে প্রকাশ্যে হুঁশিয়ার করে দিল, ওই সব স্থাপনায় হামলা চালানোর ভাবনা ত্যাগ করো। আর সরকার ও বিক্ষোভকারী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলল, তারা যেন নিজেদের মধ্যে আলোচনা করে শান্তিপূর্ণভাবে এই অচলাবস্থার নিরসন ঘটায়।
ইমরান খান তাঁর দলের সাংসদদের নিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগ করার পরও নওয়াজ শরিফের সঙ্গে আলোচনায় বসেছেন, পাশাপাশি তাঁর দলের লোকজনকে সম্মানের সঙ্গে সরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে বলেও জানা যাচ্ছে। শেষটা কীভাবে হয়, তা দেখার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
মশিউল আলম: সাংবাদিক।