
পাকিস্তানের সেনাবাহিনী নিজেকে গণতন্ত্রকামী হিসেবে জাহির করার যে কৌশল নিয়েছে, দেশটির সচেতন নাগরিকেরা তা স্পষ্টই দেখতে পাচ্ছেন। সমাজ–গবেষক ও রাজনৈতিক ভাষ্যকার নাজিশ ব্রোহি ডন পত্রিকায় লিখেছেন, পাকিস্তানে এখন আর এমন দৃশ্য দেখা যাবে না যে সেনাবাহিনীর সদস্যরা মধ্যরাতে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হাজির হয়েছেন, তারপর পিটিভির পর্দায় দেখা যাচ্ছে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন সেনাবাহিনীর প্রধান। ক্ষমতা দখলের বহুচর্চিত এই নাটকের পরিবর্তে সেনাবাহিনী এখন সংগঠিত জনতাকে রাজপথে নামার ব্যবস্থা করবে, সেই জনতা জনগণের নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সরকার মধ্যস্থতার জন্য সেনাবাহিনীর দ্বারস্থ হচ্ছে।
এবারের চলমান সংকটে পাকিস্তান সেই পর্যায়ে ইতিমধ্যে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই সংকট থেকে বেরোতে সেনাবাহিনীর সহযোগিতা না চেয়ে পারেননি এবং সেনাবাহিনী এই রাজনৈতিক সংকট উত্তরণে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ বৈঠক করার পর নওয়াজ শরিফের সরকারকে বলেছেন বিক্ষোভরত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মীমাংসা করে নিতে। একই সঙ্গে তিনি ‘গণতন্ত্রের প্রতি সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন এবং ওই বৈঠকের পর পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস বিভাগ (আইএসপিআর) যে বিবৃতি প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, দেশের সংকটকালে সরকার সামরিক বাহিনীকে ব৵বহার করুক, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা তা আর চান না।
সরকার প্রয়োজন মনে করলে বেসামরিক প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী মোতায়েন করতে পারে—এই বিধান পাকিস্তানের সংবিধানেই রয়েছে। সুতরাং, সরকার দেশের সংকটকালে সামরিক বাহিনীকে ব্যবহার করতে চাইলে সামরিক বাহিনী আইনত বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে বাধ্য। এ ব্যাপারে আপত্তি করা দূরে থাক, সেনাবাহিনীর নিজের কোনো বক্তব্যই থাকতে পারে না। কিন্তু পাকিস্তানের বাস্তবতা সে রকম নয়; দেশটিতে সরকারের টিকে থাকা অনেকাংশে সামরিক বাহিনীর ওপর নির্ভরশীল, তা সেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হোক বা না হোক। সামরিক বাহিনী যদি কোনো সরকারের প্রতি প্রসন্ন না থাকে, তাহলে সেই সরকারের ক্ষমতায় টিকে থাকা খুব কঠিন। আর সেনাকর্তারা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে কোনো সরকারকে তাঁদের পছন্দ হচ্ছে না, তাহলে সেই সরকার যতই নির্বাচিত হোক, তাকে ক্ষমতা থেকে বিদায় করার অনেক কৌশলই তাঁদের জানা আছে।
তবে আগে পাকিস্তানের সেনাকর্তারা নির্বাচিত সরকারকে যেমন দৃষ্টিকটুভাবে হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করতেন, এখন আর সেভাবে পারছেন না। এমন নয় যে তাঁদের ক্ষমতা বা দাপট কমে গেছে। আসলে কিছু পরিবর্তন এসেছে রাজনৈতিক সংস্কৃতিতে এবং সচেতন নাগরিকদের চিন্তাভাবনায়, যার ফলে সামরিক বাহিনী আর আগের মতো প্রকাশ্য জবরদস্তিমূলক আচরণ করতে পারছে না। আগে কোনো নির্বাচিত সরকারের দেশ পরিচালনায় ব্যর্থতা, দুর্নীতি, রাজনৈতিক ও গোষ্ঠীগত বিরোধ-সহিংসতায় জনসাধারণ হতাশ ও বীতশ্রদ্ধ হয়ে উঠলে তাদের একটা বড় অংশ মনে করত, এর চেয়ে সেনা-সরকারই ভালো। রাজনৈতিক দলগুলোর মধ্যেও অনেকে নিজেরা ক্ষমতার ভাগ না পেলে সেনাবাহিনীর হস্তক্ষেপকে ভেতরে ভেতরে স্বাগত জানাত।
কিন্তু এখন সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। বিশেষত রাজনৈতিক দলগুলোর বৃহত্তর অংশের মধ্যে এমন উপলব্ধি এসেছে যে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব-বিরোধ যতই ঘটুক, সেই সুযোগে সামরিক বাহিনীর হস্তক্ষেপ ঘটতে দেওয়া চলবে না। মারামারি-কাটাকাটি যা কিছুই হোক, সবই রাজনীতিকদের ব্যাপার, তাঁরা নিজেরাই সেসব মিটিয়ে নেবেন, সেনাবাহিনীর নাক গলানোকে স্বাগত জানাবেন না। রাজনীতিকদের মানসিকতার এই পরিবর্তনটা বেশ স্পষ্ট হয়েছে চলতি সংকটে প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) আচরণে। এই দলটি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবির বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। এমনকি পিপিপির প্রধান নেতা ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আসিফ আলী জারদারি তাঁর সঙ্গে বৈঠকও করেছেন। অন্য রাজনৈতিক দলগুলোও সরকারের পদত্যাগের দাবির বিরোধিতা করে চলেছে, কারণ তারা গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার পক্ষে। ইমরান খান ও তাহির-উল–কাদরির দল দুটি পাকিস্তানের পুরো রাজনৈতিক অঙ্গন থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে সরকার পতনের দাবিতে বিক্ষোভ করছে এবং দুই দিন আগে থেকে তাঁদের কর্মীরা সহিংস হয়ে উঠেছেন। সহিংসতা যত বাড়বে, সরকারের অবস্থাও ততই নাজুক হয়ে উঠবে।
প্রসঙ্গক্রমে স্মরণ করা যেতে পারে, বাংলাদেশে ২০০৭ সালের শুরুর দিকে বিএনপি ও আওয়ামী লীগের দুই প্রধান নেত্রীকে ঢাকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুই রাষ্ট্রদূত এই মর্মে সতর্ক করেছিলেন যে তাঁরা যদি নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে না ফেলেন আর রাজপথে তাঁদের দুই দলের কর্মীরা যদি সহিংসতা চালিয়ে যেতে থাকেন, তাহলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে। মার্কিন নথির ভাষ্য অনুযায়ী সে সময় শেখ হাসিনা দুই রাষ্ট্রদূতকে বলেছিলেন, সেনাবাহিনী হস্তক্ষেপ করলে তিনি খুশিই হবেন। আর খালেদা জিয়া তাঁদের কথা বিশ্বাসই করেননি, তিনি দুই রাষ্ট্রদূতকে বলেছিলেন, তাঁর সেনাবাহিনী তাঁর বিরুদ্ধে যাবে না। তাঁরা যদি এমন অনড় বৈরী অবস্থানে না থাকতেন, তাহলে বাংলাদেশ সম্ভবত এক-এগারো এড়াতে পারত।
যা হোক, আমাদের দুই প্রধান নেত্রীর সেই বৈরী অবস্থান এখন সম্ভবত আরও কঠোর হয়েছে, কিন্তু পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি এমন এক ঐকমত্য তৈরি হয়েছে যে তারা আর সামরিক হস্তক্ষেপ চায় না, চায় গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ন থাক। কিন্তু বিক্ষোভরত দুই দল যে সহিংসতা শুরু করেছে, তাতে ক্রমেই উদ্বেগ বাড়ছে। নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে সংঘর্ষে ইতিমধ্যে তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং সহিংসতা বন্ধ হওয়ার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ইমরান খান ও তাহির-উল–কাদরি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে অটল রয়েছেন, কিন্তু নওয়াজ শরিফ পদত্যাগ করতে পারেন এমন কোনো আভাস নেই। উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অটল রয়েছে বলে তাদের আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে।
বিক্ষোভ দমনের জন্য সরকার এ পর্যন্ত বল প্রয়োগের চেষ্টা করেনি; কিন্তু বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীগুলোর সদস্যদের ওপর যেভাবে আক্রমণ চালাচ্ছে, তাতে তাদের ধৈর্যচ্যুতি ঘটা অস্বাভাবিক নয়। তাদের ধৈর্যচ্যুতি ঘটলে আরও লাশ পড়বে, আর লাশের সংখ্যা যত বাড়বে, পরিস্থিতি ততই সরকারের প্রতিকূলে যেতে থাকবে। এর মধ্যে সোমবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান রাহিল শরিফের মধ্যে এক বৈঠক হয়েছে, পাকিস্তানের কিছু সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে যে ওই বৈঠকে সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি গুজব। সরকারের দাবিই সম্ভবত সঠিক, কারণ সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার পরামর্শ দিয়ে থাকলে আইএসপিআরের বিবৃতি মিথ্যা হয়ে যায়। কারণ, সেখানে বলা হয়েছে যে সেনাবাহিনী গণতন্ত্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
পাকিস্তানের সামরিক বাহিনী যদি আন্তরিকভাবেই চাইত যে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা পাক, তাহলে রাজধানী ইসলামাবাদে ইমরান খান ও তাহির-উল–কাদরির কর্মীদের বিক্ষোভ এমন সহিংস হয়ে উঠতে পারত না। বরং নাজিশ ব্রোহির মতো রাজনৈতিক ভাষ্যকারদের ইঙ্গিত এই যে সরকারবিরোধী এসব বিক্ষোভ ঘটছে আসলে সেনাবাহিনীর গোপন ইন্ধনে। ইমরান খানের দল পিটিআইয়ের বহিষ্কৃত সভাপতি জাভেদ হাশমি ডন পত্রিকাকে বলেছেন, পিটিআই ও পিএটির এই বিক্ষোভ কর্মসূচির পেছনে সেনাবাহিনীর মদদ আছে। ইমরান খান তাঁকে নিজে বলেছিলেন, সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া তাঁরা সামনে এগোতে পারবেন না; সেনাবাহিনী চেয়েছে পিটিআই ও পিএটি একযোগে লংমার্চ করে ইসলামাবাদ পৌঁছাক এবং প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করাসহ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাক। ইমরান খান জাভেদ হাশমিকে আরও বলেছিলেন, সেনাবাহিনী গোপনে এমন ব্যবস্থা করবে, যার ফলে নওয়াজ সরকারের পতন ঘটবে এবং সেপ্টেম্বর মাসে নতুন করে নির্বাচন হবে।
পাকিস্তান রাষ্ট্রের ওপর ছয় দশকের কর্তৃত্ব, জাতির চূড়ান্ত ত্রাণকর্তার ভূমিকা সেনাবাহিনী ত্যাগ করতে রাজি নয়। নাজিশ ব্রোহি লিখেছেন, আসিফ আলী জারদারির নির্বাচিত সরকার পূর্ণ মেয়াদ শেষ করেছে, তারপর নির্বাচন হয়েছে এবং শান্তিপূর্ণভাবে নতুন একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরিত হয়েছে—পাকিস্তানে এই অভূতপূর্ব ঘটনা যে সেনাপ্রধান ঘটতে দিয়েছেন, সেই জেনারেল আশফাক কায়ানির ওপর সেনাবাহিনী ক্ষুব্ধ। তাঁর উত্তরসূরি জেনারেল রাহিল শরিফও যদি নওয়াজ শরিফের বর্তমান সরকারকে পূর্ণ মেয়াদ শেষ করার সুযোগ দেন, তাহলে তো পাকিস্তান টানা ১০ বছর নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের পথেই চলবে। পাকিস্তানের সেনাবাহিনী এটা সহ্য করবে কীভাবে? এ রকম অভ্যাস তাদের নেই।
তাই পাকিস্তানি গণতন্ত্রের বিপদ কাটছে না। এই লেখা ছাপা হতে হতে ইসলামাবাদে আরও কত লাশ পড়বে জানা নেই। তবে লাশের সংখ্যা অনেক বাড়লে একপর্যায়ে জেনারেল রাহিল যে প্রধানমন্ত্রী নওয়াজকে পদত্যাগ করতে বলবেন না, এটা নিশ্চিত করে বলা খুব কঠিন। কিন্তু তা যদি না–ও ঘটে, তবু পাকিস্তানের সেনাবাহিনী কিছু হারাবে না। সরকারবিরোধী বিক্ষোভের মতো রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য নওয়াজ শরিফের নির্বাচিত সরকারের সেনাবাহিনীর মধ্যস্থতা মেনে নেওয়ার মধ্য দিয়েই আসলে সামরিক শক্তির কাছে জনপ্রতিনিধিত্বমূলক সরকারব্যবস্থা তথা গণতন্ত্রের আত্মসমর্পণ ঘটে গেছে।
মশিউল আলম: সাংবাদিক।