গণতান্ত্রিক তিউনিসিয়ার অদ্ভুত ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিউনিসিয়ার পার্লামেন্ট অধিবেশন
তিউনিসিয়ার পার্লামেন্ট অধিবেশন

ইসলামিক স্টেট বা আইএসের প্রচারণা ম্যাগাজিন দাবিক ও পশ্চিমা সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সিরিয়া ও ইরাকে তাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রচুরসংখ্যক বিদেশি যোদ্ধা। এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেল, আইএসের বিদেশি যোদ্ধাদের তালিকার একদম শীর্ষে রয়েছে তিউনিসিয়ার নাম। এটা অবাক হওয়ার বিষয়, কারণ মধ্যপ্রাচ্য ও মাগরেব অঞ্চলের দেশগুলোর মধ্যে তিউনিসিয়ার সমাজ অপেক্ষাকৃত উদার, আধুনিক ও সেক্যুলার। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিউনিসিয়া এমন এক দেশ, যেখানে বেশ আশাপ্রদ এক রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়া চলছে। কথিত ‘আরব বসন্তের’ মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশে দেশে যে নৈরাজ্য ও জাতিগোষ্ঠীগত সহিংসতা ছড়িয়ে পড়েছে, তিউনিসিয়া সেসব থেকে মুক্ত রয়েছে।
কিন্তু আরব বসন্তের সূচনা ঘটেছিল তিউনিসিয়াতেই। ২০১০ সালের ডিসেম্বরে দেশটির সিদি বুজিদ শহরে মোহাম্মদ বুআজিজি নামে এক দরিদ্র ফল বিক্রেতাকে পৌর কর্তৃপক্ষ ফুটপাত থেকে উচ্ছেদ করলে তিনি এর প্রতিবাদে নিজের গায়ে আগুন ধরিয়ে দিলে রাজধানী তিউনিসসহ সারা দেশে যে তীব্র গণবিক্ষোভ শুরু হয়, তার মুখে দেশটির স্বৈরশাসক জয়নাল আবিদিন বেন আলী সৌদি আরবে পালিয়ে যেতে বাধ্য হন। দীর্ঘ ২৩ বছর ধরে যে স্বৈরাশাসক তিউনিসিয়া শাসন করেছেন, উত্তাল গণবিক্ষোভের মুখে তাঁর পালিয়ে যাওয়ার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে সারা আরব দুনিয়ায়। মিসরে শুরু হয় সামরিক স্বৈরশাসক হোসনি মোবারকের বিরুদ্ধে বিপুল গণবিক্ষোভ। কায়রোর তাহরির স্কয়ারের সেই গণবিক্ষোভের খবর আমরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দিনের পর দিন দেখেছি। ঐক্যবদ্ধ জনতার বিপুল শক্তি যে অতি পরাক্রমশালী স্বৈরশাসকের ক্ষমতার মসনদ উল্টে দিতে পারে, তা প্রত্যক্ষ করে আমরা উৎসাহ বোধ করেছি। অনেকেই ভেবেছি, দশকের পর দশক ধরে যে আরব দুনিয়া স্বৈরশাসকদের পদানত হয়ে আছে, এবার সেখানে সত্যিই মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের পালা শুরু হলো।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা ঘটেনি। মিসরে হোসনি মোবারকের পতন ঘটেছে ঠিকই, কিন্তু তারপর সেখানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল রক্ষণশীল ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুড। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পরও ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসির সরকার স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে, রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর দমন–পীড়ন চালায়, সরকারি প্রশাসন থেকে শুরু করে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানে নিরঙ্কুশ দলীয়করণে তৎপর হয়ে ওঠে। ফলে তাঁর বিরুদ্ধেও শুরু হয় জনবিক্ষোভ ও নৈরাজ্য। নৈরাজ্য ও সহিংসতার সুযোগে মিসরের সেনাবাহিনী ও তার জবরদস্ত সেনাপ্রধান আবারও ক্ষমতায় জেঁকে বসেন।

তিউনিসিয়ায় শুরু হওয়া আরব বসন্তের প্রভাবে লিবিয়া, ইয়েমেন ও সিরিয়ায় ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়। ইরাক বিধ্বস্ত হয়েছিল তার আগেই; সিরিয়ার গৃহযুদ্ধ ইরাকের নৈরাজ্য ও সহিংসতায় নতুন মাত্রা যোগ করে। গজিয়ে ওঠে অজস্র সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। তারা একদিকে ক্ষমতাসীন সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে মেতে ওঠে, অন্যদিকে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় নিজেদের মধ্যেও যুদ্ধ ও সহিংসতায় লিপ্ত হয়।

কিন্তু তিউনিসিয়াকে এসবের কিছুই স্পর্শ করেনি। বেন আলীর দেশত্যাগ ও তাঁর স্বৈরাচার সরকারের পতন ঘটার সঙ্গে সঙ্গে দেশটিতে শুরু হয় গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া। কিন্তু সে দেশে রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো ঐতিহ্য ছিল না। ১৯৫৬ সালে ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর থেকেই সেখানে স্বৈরশাসন চলেছে। ১৯৭৮ সাল পর্যন্ত টানা শাসন করেছেন হাবিব বুরগুইবা। তিনি ছিলেন তুরস্কের কামাল আতাতুর্কের মতো সেক্যুলার সংস্কারপন্থী রাষ্ট্রনায়ক। বেন আলী তাঁরই প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭৮ সালে তিনি ক্ষমতা দখল করেন। বেন আলীও ছিলেন সেক্যুলার, কিন্তু প্রচণ্ড স্বৈরতান্ত্রিক ও দুর্নীতিবাজ। তিউনিসিয়াকে তিনি একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছিলেন। অবশ্য বুরগুইবা ও বেন আলী উভয়েই শিক্ষাবিস্তারের দিকে বিশেষ মনোযোগ দিয়েছিলেন। তিউনিসিয়ায় শিক্ষার হার ৭৯ শতাংশ; নারী শিক্ষার হার ৭১ শতাংশ। তিউনিসিয়ার নারীসমাজ আরব দুনিয়ার অন্যান্য দেশের নারীসমাজের তুলনায় অনেক বেশি অগ্রসর। বেন আলীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছিলেন মূলত শিক্ষিত তরুণ-তরুণীরা। তাঁদের সামনের সারিতে ছিলেন ইন্টারনেট ব্যবহারকারী উচ্চশিক্ষিত তরুণ-তরুণী, যাঁদের মধ্যে বেকারত্ব প্রকট।

তিউনিসিয়ায় স্বৈরশাসনের অবসান ঘটল, কিন্তু গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তর হবে কীভাবে? দেশটিতে কোনো রাজনৈতিক দলই ছিল না। শুধু ছিল স্বৈরশাসক বেন আলীর দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক র‍্যালি (সিডিআর), গণ–অভ্যুত্থানের পর যেটাকে নিষিদ্ধ করা হয়। অবশ্য দলটির অধিকাংশ নেতা–কর্মী নতুন একটি রাজনৈতিক দলে যোগ দেন, নিদা তুনিস (তিউনিসিয়ার আহ্বান) নামের এই দল গঠন করেন বেজি সাইদ এসেবসি নামে এক বর্ষীয়ান নেতা, যিনি বেন আলী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। অন্যদিকে মধ্যপন্থী একটি ইসলামি গ্রুপ এন্নাদাহ পার্টি নামে একটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়। তিউনিসিয়ায় এখন এ দুটি দলই প্রধান। এ ছাড়া আরও কয়েকটি রাজনৈতিক দল গড়ে উঠেছে বেন আলীর পতনের পর। নিদা তুনিস নিজেকে একটি সেক্যুলার, সোশ্যাল, ডেমোক্রেটিক রাজনৈতিক দল হিসেবে বর্ণনা করে। আর এন্নাদা পার্টি ইসলামি পুনর্জাগরণ বা রেনেসাঁর কথা বলে। এই ইসলামপন্থী দল মিসরের ইসলামি ব্রাদারহুডের মতো রক্ষণশীল বা মৌলবাদী নয়। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল বলে দাবি করে।

অর্থাৎ, তিউনিসিয়ার সমাজ ও রাজনৈতিক অঙ্গন উগ্র, অনমনীয় বা কট্টরপন্থা থেকে মোটামুটি মুক্ত। তাই দেখা গেল, বেন আলীর স্বৈরশাসনের অবসানের পর সব রাজনৈতিক পক্ষ মিলে বেশ শান্তিপূর্ণ উপায়ে একটা জাতীয় ঐকমত্যের সরকার গঠন করল। তারপর সংবিধান সভা বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির নির্বাচন অনুষ্ঠিত হলো অত্যন্ত সুষ্ঠুভাবে। সেই নির্বাচনে ইসলামপন্থী এন্নাদা পার্টি সংবিধান সভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করল, পরাজিত নিদা তুনিসসহ অন্য বিরোধী দলগুলো নির্বাচনের ফল মেনে নিল। এসব ২০১২ সালের কথা।

কিন্তু এক বছরের মধ্যেই দেখা গেল ক্ষমতাসীন ইসলামপন্থী দল এন্নাদা পার্টি যেসব এজেন্ডা হাতে নিয়েছে, নিদা তুনিসসহ অন্য বিরোধী দলগুলো সেসব এজেন্ডাকে প্রতিক্রিয়াশীল, পশ্চাৎমুখী হিসেবে দেখতে লাগল। প্রতিবাদ-বিক্ষোভ শুরু হলো। এর মধ্যে ২০১৩ সালের জুলাই মাসে এক বামপন্থী নেতা গুপ্তহত্যার শিকার হলেন। ফলে বিক্ষোভ বেড়ে গেল এবং বছরের শেষ নাগাদ রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হলো।

কিন্তু বিস্ময়কর হলো, সেই অচলাবস্থা সহিংসতা ও নৈরাজ্যের দিকে গড়াল না। কারণ, রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সমঝোতার মনোভাব দেখা দিল। অচলাবস্থা নিরসনের জন্য গঠন করা হলো মধ্যস্থতাকারী একটি নাগরিক মঞ্চ—তিউনিসিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট। তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন, তিউনিসিয়ান কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডক্র্যাফটস, তিউনিসিয়ান হিউম্যান রাইটস লিগ ও তিউনিসিয়ান অর্ডার অব লইয়ার্স—এই চারটি সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সমন্বয়ে গঠিত কোয়ার্টেটের মধ্যস্থতায় ক্ষমতাসীন এন্নাদা পার্টি স্বেচ্ছায়, শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিল। তারপর ২০১৪ সালের ডিসেম্বরে নতুন করে পার্লামেন্ট নির্বাচন হলো এবং সেই নির্বাচনে শান্তিপূর্ণভাবেই ক্ষমতার পালাবদল ঘটল। এবার সংসদে সখ্যাগরিষ্ঠতা পেল বিরোধী নিদা তুনিস দল ও তার কয়েকটি ছোট ছোট মিত্র দল। বিরোধী দলে গেল ইসলামপন্থী এন্নাদা পার্টি। আরব দুনিয়ায় এমন শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার দৃষ্টান্ত বিরল। তাই ২০১৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেল তিউনিসিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট নামের নাগরিক মঞ্চ।

সর্বশেষ খবর হলো, নিদা তুনিস ও কয়েকটি ছোট সেক্যুলার দলের যে জোট তিউনিসীয় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল, সেই জোট থেকে কয়েকটি ছোট দল বেরিয়ে গেলে নিদা তুনিস থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী হাবিব এসিদ পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন। কিন্তু সে জন্য দেশটিতে কোনো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়নি। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত আছে। ইসলামপন্থীরা আবারও শক্তি অর্জন করছে বলে মনে হচ্ছে, কিন্তু গণতান্ত্রিক রীতিনীতির যে চর্চা শুরু হয়েছে, তা এখন পর্যন্ত অটুট রয়েছে।

এমন একটি দেশ থেকে সবচেয়ে বেশিসংখ্যক তরুণ-যুবক, এমনকি নারীও আইএস নামের হিংস্র এক গোষ্ঠীর সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করতে সিরিয়ায় গেছেন—এটা সত্যিই বিস্ময়ের ব্যাপার। এর কারণ কী হতে পারে? এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আগামী লেখায়।

মশিউল আলম: লেখক ও সাংবাদিক৷