খোলাখুলি বললে গণমাধ্যম খবরটা একদম ধরতেই পারেনি। শেষমেশ বলা যায়, বিপুলসংখ্যক মার্কিন ভোটার ভিন্ন কিছু চেয়েছিলেন। আর এই ভোটাররা অনেক চিৎকার-চেঁচামেচি করলেও অধিকাংশ সাংবাদিকই তা শুনতে পারেননি। তাঁরা ব্যাপারটা ধরতেই পারেননি।
সাংবাদিকেরা আসলেই বুঝতে পারেননি ট্রাম্পের সমাবেশে যে মানুষেরা এসেছিলেন, তাঁরা সবাই তাঁকে ভোট দেবেন। যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাঁরা চিনতেন, সেই দেশের মানুষ এমন একজনকে প্রেসিডেন্ট বানাবেন, যিনি কিনা পঙ্গু মানুষদের উপহাস করেন। শুধু তা-ই নয়, এই ব্যক্তি নারীদের যৌন হেনস্তা করে গর্ববোধ করেন, নারীবিদ্বেষ ছড়ান, তার সঙ্গে বর্ণবাদ ও জাতিগত বিদ্বেষ ছড়ান। তিনি প্রেসিডেন্ট হলে ব্যাপারটা ভয়ংকর হবে। সে কারণে একধরনের জাদুকরি চিন্তার বশবর্তী হয়ে তাঁরা ভেবেছেন, এটা হতে পারে না।
ব্যাপারটা হয়েছে কী, সাংবাদিক, কলেজশিক্ষিত, নাগরিক ও সামগ্রিকভাবে উদার মানুষেরা নিউইয়র্ক শহর, ওয়াশিংটন ডিসি বা ওয়েস্ট কোস্টকেন্দ্রিক হয়ে পড়েছে। যদিও আমরা গত কয়েক দিনে বড় বড় রিপাবলিকান-সমর্থক রাজ্যে গিয়েছি এবং খনিশ্রমিক বা বেকার অটোশ্রমিকদের সাক্ষাৎকার নিয়েছি। আমরা আসলে তাঁদের গুরুত্ব দিইনি। অথবা বলা যায়, তাঁদের কথায় আমরা যথাযথ গুরুত্ব দিইনি।
অন্যদিকে ট্রাম্প তো সাংবাদিকদের দুর্নীতিবাজ বলতেন। তিনি আমাদের এতটা বিচ্ছিন্ন করে ফেলেছিলেন যে চোখের সামনে কী ঘটছে, আমরা তা দেখতে পাইনি। আমরা শুধু ভবিষ্যদ্বাণী দেওয়া সাইটগুলোতে ঢুঁ মেরেছি আর আশ্বস্ত হয়েছি, যদিও সবাই জানত, জরিপের ফলাফল আর ভোটের ফলাফল এক নয়। সর্বোপরি আমরা কিন্তু এটা জানি না, কে ভোট দিতে আসবে আর কে আসবে না। তবে সবচেয়ে বেশি ক্লিনটন-ঘেঁষা পূর্বাভাস দিয়েছিল যে ওয়েবসাইটগুলো, তারাও বলেছিল যে ট্রাম্পের জেতার সম্ভাবনা আছে। আমরা তাতে কর্ণপাত করিনি।
কিন্তু কেউই তা গভীরভাবে বিশ্বাস করতে চায়নি। সাংবাদিকেরা প্রথাগত প্রজ্ঞা দিয়ে বলেছেন, হিলারি ক্লিনটনই প্রেসিডেন্ট হবেন। হ্যাঁ, তাঁর মধ্যে গলদ আছে, কিন্তু তাঁকে তো লোকে চেনে। এই চিন্তার মধ্যে একধরনের আরাম ছিল। ভুল করবেন না পাঠক, এটা এক বড় ধরনের ব্যর্থতা। যারা এমন গর্ব করে ভুল প্রমাণিত হয়, তারা কিন্তু লোককে আকর্ষণ করতে পারে না। ফলে আগামী কয়েক মাস বা এমনকি বছর পর্যন্ত গণমাধ্যম আমাদের অখাদ্য-কুখাদ্য খাওয়াবে।
এবার একটি আশ্চর্যজনক কথা বলি। গণমাধ্যম নিজেই ট্রাম্পকে সুযোগ করে দিয়েছে। কথা হচ্ছে গণমাধ্যম কি ট্রাম্পকে সৃষ্টি করেছিল! না, অবশ্যই না। কারণ, তাদের সেই ক্ষমতা নেই। কিন্তু তারা তাঁকে ব্যাপকভাবে সহায়তা করেছে। রিপাবলিকানদের প্রাইমারি নির্বাচনের আগে থেকেই ট্রাম্প যা করেছেন, তা-ই গণমাধ্যমে স্থান পেয়েছে। ওদিকে হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেঙ্কারির ও তার তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে এমনভাবে স্থান পেয়েছে যে তাতে ট্রাম্পেরই লাভ হয়েছে। এমনকি গণমাধ্যম এফবিআই পরিচালকের বাগাড়ম্বরও প্রচার করেছে।
আমি বড় ব্যবসায়ী পিটার থিয়েলের ভক্ত নই। তাঁকে দেখলে আমার বিতৃষ্ণা জাগে। কিন্তু সম্প্রতি তিনি ন্যাশনাল প্রেসক্লাবে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যা বলেছেন, তাতে ট্রাম্প সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। তিনি বলেছেন, গণমাধ্যম ট্রাম্পকে আক্ষরিকভাবে নিচ্ছে। তারা তাঁকে গুরুত্ব দিচ্ছে না। সে কারণেই সাংবাদিকেরা জানতে চেয়েছেন, ট্রাম্প কীভাবে লাখ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবেন। আবার তিনি আইএসকে পৃথিবী থেকে কীভাবে দূর করবেন, সাংবাদিকেরা তা-ও জানতে চেয়েছেন। আমরা সব বিস্তারিত জানতে চেয়েছি।
কিন্তু অনেক ভোটারই ট্রাম্পকে ভিন্ন দৃষ্টিতে দেখেছেন। তাঁরা ট্রাম্পকে গুরুত্বসহকারে নিয়েছেন, আক্ষরিকভাবে নয়। থিয়েল বলেছেন, এই ভোটাররা ঠিকই বুঝতে পেরেছিলেন, ট্রাম্প মেক্সিকো সীমান্তে সত্যি সত্যি দেয়াল তুলবেন না। তাঁরা শুনেছেন (ট্রাম্পের কথা), ‘আমরা আরও যৌক্তিক ও কাণ্ডজ্ঞানসম্পন্ন অভিবাসন নীতি প্রণয়ন করব।’
তবে এটা ঠিক, অনেক সাংবাদিক ও সংবাদ প্রতিষ্ঠান এই মার্কিনদের অধিকার হারানো ও হতাশা নিয়ে সংবাদ পরিবেশন করেছে, কিন্তু আমরা তাদের গুরুত্বসহকারে নিইনি। আমরা সাংবাদিকেরা নিজেদের কখনো কখনো নৈরাশ্যবাদী ও পোড়খাওয়া মানুষ হিসেবে উপস্থাপন করি, কিন্তু আমরা কখনো আদর্শবাদী ও এমনকি সহজ-সরলও হতে পারি।
আমরা এমন একটি দেশের ওপর নিজেদের বিশ্বাস রাখতে চেয়েছি, যেখানে শালীনতা ও সভ্যতা থাকবে। যে দেশে একজন স্থূল, বিদ্বেষপূর্ণ ও রগচটা মানুষ কখনোই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন না। কারণ, আমেরিকা এর চেয়ে ভালো ছিল। সাংবাদিকদের অনেক দোষত্রুটি ধরা যাবে, কিন্তু এ রকম ভাবনা ও বিশ্বাসের জন্য আমি তাদের দোষ ধরতে চাই না।
অনুবাদ: প্রতীক বর্ধন, ওয়াশিংটন পোস্ট থেকে নেওয়া।
মার্গারেট সালিভান: ওয়াশিংটন পোস্টের গণমাধ্যমবিষয়ক কলামিস্ট।