আমাদের সংবাদপত্র ও ম্যাগাজিনে দীর্ঘদিনের একটি ঐতিহ্য হলো: কারও কোনো বক্তব্য ঠিকভাবে প্রকাশিত না হলে বা কেউ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে ভুল তথ্য প্রকাশ করলে তার প্রতিবাদ বা সংশোধনী দেওয়া। বেশির ভাগ সংবাদপত্রই সেই প্রতিবাদ ও সংশোধনী প্রকাশ করে। অনেকে এর সঙ্গে প্রতিবেদকের বক্তব্যও জুড়ে দেয়, যা খুবই প্রয়োজন। কিন্তু আমাদের ইলেকট্রনিক মিডিয়ায় (টিভি, বেতার) বক্তব্যের সংশোধনী বা প্রতিবাদ প্রচারের কোনো ব্যবস্থা এখনো করা সম্ভব হয়নি। আমরা সবাই জানি, বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া খুবই শক্তিশালী ও জনপ্রিয়। টেলিভিশনের দুটি অনুষ্ঠানে এই সমস্যা হচ্ছে। ১. খবর, ২. টক শো। এই দুটি অনুষ্ঠানের প্রধান উপজীব্য তথ্য ও মতামত। অন্যান্য তথ্য বা মতামতভিত্তিক বিনোদন অনুষ্ঠানেও এ রকম সমস্যা হতে পারে। কিন্তু সংখ্যায় সেগুলো খুবই কম। তাই আমরা আজ প্রধানত ‘খবর’ ও ‘টক শো’র সমস্যা নিয়ে আলোচনা করব। টেলিভিশনে খবরের ‘প্রতিবাদ’ বা ‘সংশোধনী’ জানানোর কোনো ব্যবস্থা এযাবৎ করা হয়নি। সাংবাদিকের অসাবধানতায় ‘খবরে’ কোনো ভুল তথ্য বা পরিসংখ্যান প্রচার হতেই পারে। সবচেয়ে যেটা ভয় সেটা হলো, খবরে বক্তার খণ্ডিত বক্তব্য প্রচার। এ ক্ষেত্রে টিভি সাংবাদিক বলতেই পারেন: ‘প্রচার সময়ের সীমাবদ্ধতার জন্য আমাকে বক্তার বক্তব্য ছোট করতে হয়েছে।’ সম্পাদনা করার অধিকার সম্পাদকের রয়েছে। কিন্তু এমন কিছু সম্পাদনা করা যাবে না, যাতে বক্তার বক্তব্য বিকৃত হবে। কখনো কখনো বক্তব্যের প্রথম বাক্য প্রচার করে পরের বাক্য সম্পাদনা করলে বক্তার প্রতি চরম অবিচারও হতে পারে। আর সেটা যদি রাজনৈতিক বক্তব্য হয়, তা হলে অনেক সময় বক্তার রাজনৈতিক ক্যারিয়ারও বিপদাপন্ন হয়ে যেতে পারে। এসব ক্ষেত্রে পরের দিন বা ওই দিনই অন্য কোনো সংবাদ বুলেটিনে বক্তার সম্পূর্ণ বাক্যটি প্রচারের ব্যবস্থা নেওয়া উচিত। তথ্যগত ভুল হলে পরের কোনো সংবাদ বুলেটিনে ‘ভুল স্বীকার’ করে প্রকৃত তথ্য বা ওই প্রতিষ্ঠান প্রেরিত তথ্য প্রচার করতে হবে। সংবাদপত্রে যদি এই অনুশীলন বহু বছর যাবৎ চলতে পারে, বেতার বা টিভিতে তা মানতে অসুবিধে কোথায়? এটা এ জন্য প্রয়োজন যে, এখন বাংলাদেশে টিভির দর্শকসংখ্যা অনেক বেড়েছে। একটি ‘খবর’ বা ‘টক শো’ দিনে-রাতে কয়েকবার প্রচারিত হয়। কাজেই বক্তার বা আলোচকের খণ্ডিত বক্তব্য বা ভুল তথ্য প্রচার করার কোনো অধিকার কোনো টিভি চ্যানেলের নেই। কোনো টিভি চ্যানেল যদি সংশোধনের সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার পরও ভুল সংশোধন না করে, তা হলে ওই চ্যানেলের ব্যাপারে যেন শাস্তিমূলক (অর্থদণ্ড, ক্ষমা প্রার্থনা) ব্যবস্থা নেওয়া হয়, সে ব্যাপারে প্রেস কাউন্সিলকে সক্রিয় হতে হবে। বাংলাদেশে ‘গণমাধ্যমের স্বাধীনতা’ নামে একটি কথা বহুলভাবে প্রচারিত হয়। ‘স্বাধীনতা’ অর্থ ‘ভুল তথ্য’ প্রচারের স্বাধীনতা নয়, স্বাধীনতা অর্থ যেকোনো বিষয় রিপোর্ট করা ও ‘মতামত’ প্রচারের স্বাধীনতা। তথ্য ও মতামত দুটো সম্পূর্ণ পৃথক বিষয়। প্রত্যেক সাংবাদিককে এই দুটি উপাদানের পার্থক্য বুঝতে হবে। সাংবাদিকের সব প্রশিক্ষণ কর্মসূচিতে এই পার্থক্য সম্পর্কে ভালোভাবে আলোচনা করতে হবে। টেলিভিশনের টক শোতে অনেক সময় প্রতিষ্ঠান, দল বা ব্যক্তি সম্পর্কে ভুল তথ্য প্রচার হতে দেখা যায়। আলোচক কোথায় এই তথ্য পেয়েছেন, তা উল্লেখ করেন না। রাজনৈতিক বা আধা রাজনৈতিক বিষয়ে আলোচনার সময় এ ধরনের ভুল তথ্য প্রচারের প্রবণতা বেশি দেখা যায়। কারণ, কিছু কিছু ‘আলোচক’ নিজেদের রাজনৈতিক এজেন্ডা প্রচারের জন্য টিভির আলোচনায় অংশ নেন। ভুল তথ্য বা বিকৃত উদ্ধৃতি না দিলে তাঁদের সমালোচনা জোরদার হয় না। পেশাদারি বা বস্তুনিষ্ঠ আলোচনা করা তাঁদের লক্ষ্য নয়। তাঁদের লক্ষ্য: দলের বা সরকারের রাজনৈতিক অবস্থানকে পাকাপোক্ত করা। এতে দলের নেতারা খুশি হলেই তাঁদের লাভ। অনেক আলোচক নিজের ভাবমূর্তিরও তোয়াক্কা করেন না। অনেক পাঠক বলতে পারেন, ‘টিভি চ্যানেলও বা এ ধরনের মতলবি বক্তাকে আমন্ত্রণ করে কেন?’ উত্তর খুব সহজ। বর্তমান সরকার একান্ত রাজনৈতিক বিবেচনায় কয়েকটি টিভি চ্যানেলকে লাইসেন্স দিয়েছে। কাজেই সরকারের নানা এজেন্ডার প্রোপাগান্ডা করে টিভি চ্যানেলগুলো সরকারের প্রতি তাদের ঋণ শোধ করছে। ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ বা ‘নিরপেক্ষ পর্যালোচনা’ করার জন্য তো তারা টিভি লাইসেন্স পায়নি। কাজেই দলকানা ও মতলবি আলোচকই তাদের পছন্দ হবে, এটাই কি স্বাভাবিক নয়?আমাদের নতুন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গণমাধ্যমে বিকৃত তথ্য ও ভুল তথ্য প্রচারের সমালোচনা করেছেন। শুধু সমালোচনা করলে লাভ নেই। তথ্য মন্ত্রণালয়ের অধীন ‘প্রেস কাউন্সিল’কে সংস্কার করে তাদের কাছে আরও ক্ষমতা দিতে হবে। তাদের জুরি বোর্ড পুনর্গঠন করতে হবে। তাদের কিছু বিচারিক ক্ষমতা দিতে হবে। কেবল তা হলেই গণমাধ্যমে প্রমাণহীন বিকৃত ও খণ্ডিত তথ্য প্রচার কিছুটা বন্ধ করা সম্ভব হবে। শুধু বক্তৃতায় কোনো কাজ হবে না। মন্ত্রীকে পদক্ষেপ নিতে হবে।কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি সম্পর্কে টিভি বা বেতারে ভুল তথ্য প্রচারিত হলে এ ব্যাপারে পরদিন একই অনুষ্ঠানে প্রতিষ্ঠান বা ব্যক্তির ‘বক্তব্য’ প্রচার করা বাধ্যতামূলক করতে হবে। কোনোভাবেই গণমাধ্যমে ভুল তথ্য প্রচারকে প্রশ্রয় দেওয়া যাবে না। গণমাধ্যমে যেকোনো আলোচক যেকোনো ইস্যুতে স্বাধীনভাবে তাঁর ‘মতামত’ প্রকাশ করতে পারেন এবং তা তাঁরা করছেনও। বলা বাহুল্য, বাংলাদেশে বর্তমানে টিভি টক শোতে ১০০ পার্সেন্টেরও বেশি স্বাধীনতা আলোচকেরা ভোগ করছেন। সরকার এ ব্যাপারে অত্যন্ত গণতান্ত্রিক ও উদারতার পরিচয় দিয়েছে, যা খুবই প্রশংসনীয়। নানা কারণে আমাদের টিভি চ্যানেলগুলোর টক শোতে যথেষ্ট দক্ষতাসম্পন্ন উপস্থাপকের অভাব দেখা যায়। আলোচনাকে নিরপেক্ষভাবে পরিচালনা করা প্রধানত তাঁর দায়িত্ব। কোনো আলোচক যখন কোনো তথ্য দেন, তা বিনা বাক্যে মেনে নেওয়া উপস্থাপকের দায়িত্ব নয়। তিনি তথ্যটি নানাভাবে যাচাই করার চেষ্টা করবেন। উপস্থাপক নিজেই যদি পক্ষপাতদুষ্ট হন এবং বিশেষ কোনো বক্তব্য প্রচারে উৎসাহী হন, তা হলে দর্শকের কাছে তা খুব নগ্নভাবে ধরা পড়ে যায়। কোনো পক্ষাবলম্বন করা তাঁর দায়িত্ব নয়। ক্ষেত্রবিশেষে আলোচকদের চ্যালেঞ্জও করতে হবে। টিভির টক শো আলোচকের ‘যা খুশি তা’ বলার মঞ্চ নয়। আলোচককে অনেক দায়িত্বশীলতার সঙ্গে, তথ্যপ্রমাণসহ কথা বলতে হবে। দেশে-বিদেশে বহু দর্শক এসব টক শো দেখেন। দর্শকদের জ্ঞান, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার প্রতি শ্রদ্ধা রেখে আলোচনা করতে হবে। দর্শক-শ্রোতার অনেকেই তথ্য ও জ্ঞানচর্চায় উপস্থাপকের ও আলোচকদের চেয়ে অনেক উঁচু অবস্থানেও থাকেন। দর্শকদের বোকা ভাবা ঠিক নয়। কোনো কোনো আলোচকের বক্তব্য শুনে মনে হয়, তাঁরা কিছু কিছু বিষয়ে ‘পণ্ডিত’ ও বাংলাদেশের প্রায় সব বিষয়ে ‘জ্ঞানী’। তাঁদের কেউ কেউ কিছু কিছু বিষয়ে জ্ঞানী, এ কথা স্বীকার করতেই হবে। তার বেশি কিছু নয়। যাঁরা পাণ্ডিত্যের ভান করেন, তাঁদের মুখে দিনের পর দিন নানা বিষয়ে ভুল তথ্য ও ভুল ব্যাখ্যা শুনেই তো বোঝা যায় তাঁদের পাণ্ডিত্য কতখানি। অনেক দর্শকই তা বুঝতে পারেন। তবে তাঁরা টিভি চ্যানেলের কাছে প্রতিক্রিয়া জানাতে উৎসাহী হন না। আমরা স্পষ্ট করে বলতে চাই, টিভিতে যেকোনো বিষয়ে মতামত প্রদান, বিশ্লেষণ বা পর্যালোচনায় আলোচকের পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে তা হতে হবে সঠিক তথ্যের ভিত্তিতে। ভুল তথ্যের ভিত্তিতে স্বাধীন মতামতও অর্থহীন। টিভির টক শোতে ভুল তথ্যের প্রতিবাদ প্রচার করা শুরু করলে অনেক ‘পণ্ডিতের’ স্বরূপ উন্মোচিত হবে। বর্তমানে কোনো প্রতিবাদ প্রচারের সুযোগ না থাকায় অনেক সরলমনা দর্শক আলোচকদের সব তথ্য ও ব্যাখ্যা সঠিক বলে গ্রহণ করেন। সেটাই স্বাভাবিক। একবার ভুল তথ্য খণ্ডন করা শুরু হলে তখন বোঝা যাবে ‘বিশেষজ্ঞ আলোচকের’ জারিজুরি। টিভির টক শোতে অনেক জ্ঞানী, গুণী, বিষয় বিশেষজ্ঞ ও ধীমান আলোচক অংশগ্রহণ করেন। অনেক পেশাদার উপস্থাপক আলোচনা পরিচালনা করেন দক্ষতার সঙ্গে। দর্শকেরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতার স্বার্থে গণমাধ্যমের ‘খবর’ ও ‘আলোচনা অনুষ্ঠান’ থেকে ভুল তথ্য, খণ্ডিত তথ্য ও বিকৃত তথ্যের প্রচার বন্ধ করতে হবে। আবেদন-নিবেদনে বন্ধ না হলে প্রেস কাউন্সিলের মাধ্যমে তাদের শাস্তির (অর্থদণ্ড, ক্ষমা প্রার্থনা, লাইসেন্স বা ডিক্লারেশন স্থগিত ইত্যাদি) ব্যবস্থা করতে হবে। কয়েকজন অপেশাদার ব্যক্তির কারণে আমাদের পেশাদারি সাংবাদিকতা জগৎ কলুষিত হোক, এটা কারও কাম্য নয়। আমাদের জাতীয় ও ছাত্ররাজনীতিও নব্বইয়ের পর মাত্র কয়েকজন দুর্বৃত্তের কারণে কলুষিত হওয়া শুরু হয়েছিল। আজ তা বিষবৃক্ষে পরিণত হয়েছে। এখন শেখ হাসিনা বা খালেদা জিয়া চাইলেও জাতীয় ও ছাত্ররাজনীতিকে সুস্থ ও পরিচ্ছন্ন করতে পারবেন কি না, এ ব্যাপারে অনেকের সন্দেহ রয়েছে।গণমাধ্যমের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে বলে আমাদের আশঙ্কা। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স ও ডিক্লারেশন পাওয়া কিছু কিছু (সবাই নয়) টিভি চ্যানেল ও পত্রিকা গণমাধ্যম জগৎকে কলুষিত করা শুরু করেছে। গণমাধ্যমকে বিভিন্ন অপরাজনীতির হাতিয়ারে পরিণত করছে। সংখ্যায় তারা এখনো খুব কম। কিন্তু সংখ্যায় বেশি হতে সময় লাগবে না। গণমাধ্যম জগতের সবাইকে এই বিষয়ের প্রতি সবিনয়ে দৃষ্টি আকর্ষণ করছি। মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী।