
পাঠক, আপনি কী আশা করছিলেন? আপনি যদি কোনোভাবে ভেবে থাকেন, ২০১৬ সালের দীর্ঘ ও তিক্ত নির্বাচনী প্রচারণার পর ডোনাল্ড ট্রাম্প অলৌকিকভাবে ওয়াশিংটনের বৃষ্টির মধ্যে বদলে যাবেন, তিনি দয়ালু ও ভদ্রমানুষ হিসেবে আবির্ভূত হবেন, যিনি জাতির ক্ষত প্রশমন করে মুক্ত বিশ্বের একজন বিনয়ী সেবক হবেন, তাহলে আপনি নিশ্চয়ই শোচনীয়ভাবে হতাশ হয়েছেন।
তিনি অবশ্যই বদলে যাননি। সাদাসিধা মানুষেরা এক বছর আগে ভেবেছিলেন, তিনি হয়তো বদলে যাবেন। তাঁরা মনে করেছিলেন, ট্রাম্প যখন রিপাবলিকান পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন বা গ্রীষ্মে পার্টির মনোনয়ন পেলেন বা এই নভেম্বরের নির্বাচনে জিতলেন, তখন তিনি বদলে যাবেন। আবার অনেকে শেষমেশ আশার পাল আঁকড়ে ধরে ভেবেছিলেন, বাইবেলে হাত রেখে তিনি যখন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন, তখন তিনি বদলে যাবেন। কিন্তু তাঁরা ভুল ছিলেন।
ক্যাপিটল হিলের সিঁড়িতে যে ট্রাম্প পা রাখলেন, তিনি পৃথিবীর সেই পরিচিত ট্রাম্পই ছিলেন, যাঁকে পৃথিবী ভয় করে। তিনি পার্টির কনভেনশনে যা করেছিলেন, এবারও তা-ই করলেন। অর্থাৎ তিনি ক্ষোভ ও আসন্ন বিপদের আভাসযুক্ত বার্তা দিলেন। এমনকি তিনি মার্কিন ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন যুগের প্রতিধ্বনি করতেও ভীত হননি। তিনি বক্তৃতার একপর্যায়ে বলেন, ‘আজ থেকে আমাদের নীতি হবে, শুধু যুক্তরাষ্ট্রই প্রথম অগ্রাধিকার’। ১৯৩০-এর দশকের শান্তিকামী ও সেমিটীয় বিরোধীরা যে স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে আন্দোলন শুরু করেছিল, এর মাধ্যমে তিনি তার প্রতিধ্বনি করলেন; যারা চেয়েছিল, যুক্তরাষ্ট্র নাৎসিবিরোধী যুদ্ধ থেকে দূরে থাক। অন্য ক্ষেত্রে তাঁর মতো এক সম্ভাব্য ক্ষমতাধর মানুষের বক্তৃতা ভীতিকর হলেও ২০ তারিখের বক্তব্যে তিনি বললেন, ‘আমরা এক জাতি…আমাদের হৃদয় ও বাড়ি অভিন্ন, আমাদের লক্ষ্যও অভিন্ন এক গৌরব।’
যাঁরা শুনছিলেন, তাঁদের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। তিনি সুরক্ষার নতুন যুগের ঘোষণা করেন, যেটা তিনি পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখতে চাননি। তিনি একপর্যায়ে বলেন, ‘সুরক্ষা আমাদের জন্য অধিকতর সমৃদ্ধি বয়ে আনবে, জাতিকে শক্তিশালী করবে।’ এটা বলতে গিয়ে তিনি ঐতিহাসিক অভিজ্ঞতা অস্বীকার করলেন। ইতিহাস বলে, সুরক্ষার নীতি আমাদের সংকট ও বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যায়। তিনি ন্যাটো বা এ–জাতীয় সংগঠনের নাম মুখে আনেননি, যার মধ্যে বহুজাতিক প্রতিষ্ঠানের গন্ধ আছে। তিনি বলেন, এখন থেকে ‘সকল দেশ নিজের স্বার্থকেই বেশি প্রাধান্য দেবে’। কিন্তু এতে সেই ছোট ছোট দেশ ধাক্কা খাবে, যারা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে এই আশায় যে, তারা নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থা-জাতীয় কিছু একটা গড়ে তুলবে।
অন্য কথায়, ট্রাম্প সাধারণত যা করেন এ ক্ষেত্রেও তা-ই করলেন, তিনি নিয়মের বই কুটি কুটি করে কেটে ফেললেন। সাধারণত দেখা যায়, মার্কিন প্রেসিডেন্টদের উদ্বোধনী বক্তৃতায় জাতীয় ঐক্যের অনুশীলন এবং বিভক্ত জনগণকে এক সূত্রে বাঁধার প্রয়াস থাকে। এর মধ্যে বহির্বিশ্বকে উৎসাহিত করার মতো বার্তাও থাকে। তবে বক্তৃতায় নির্বাচনের বিজিত পক্ষ হিলারি ক্লিনটনের প্রতি সৌজন্য ছিল না। যাঁরা তাঁকে ভোট দেননি, তাঁদের প্রতি তিনি বন্ধুত্বের হাতও বাড়িয়ে দেননি।
এর বদলে তিনি নিজের ভোটারদের উদ্দেশেই কথা বলেছেন। যে অর্থনৈতিক জাতীয়তাবাদের ধুয়া তুলে তিনি রাস্ট-বেল্ট (যেখানকার কারখানা বন্ধ হয়ে গেছে) রাজ্যগুলোতে অল্প ব্যবধানে জিতেছিলেন, বক্তৃতায় তিনি সেটার পুনরাবৃত্তি করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জং ধরা কারখানাগুলো সমাধিস্তম্ভের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে’, যেখানকার শ্রমিকদের মানুষ ‘ভুলে’ গেছে, যাঁদের লোকে ‘বাদ’ দিয়েছে। তিনি অঙ্গীকার করেছেন, রাষ্ট্র এখন থেকে তাঁদের ভুলে থাকবে না।
তাহলে, যাঁরা এত দিন এই মুহূর্তটির কথা ভেবে ভয় পেয়ে আসছিলেন, তাঁদের এখন কী করা উচিত? অনেকেই মনে করেন, তাঁরা যেটাকে ‘প্রতিরোধ’ আখ্যা দেন, এখান থেকেই তার শুরু হলো। ব্যাপারটা যেন এমন যে তাঁরা শুধু একটি অপ্রিয় সরকারের সম্মুখীন হননি, তাঁরা এক জুলুমের মুখে পড়েছেন। একটি গোষ্ঠীর ব্যানারে ‘ফ্যাসিস্ট’ শব্দটি লেখা ছিল।
অনুষ্ঠানের সামনের আসন গণমাধ্যমের জন্য সংরক্ষিত ছিল, সব সময় যা হয়। কিন্তু এখন গণমাধ্যম তাঁর নির্বাচিত শত্রুতে পরিণত হয়েছে। স্রেফ গণমাধ্যমের অস্তিত্ব তাঁকে ক্রোধোন্মত্ত করে তোলে। সম্ভবত, ক্ষমতার এই কেন্দ্রটি ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে বলে তাঁর এত রাগ। হোয়াইট হাউস ও কংগ্রেস রিপাবলিকানদের হাতে, সুপ্রিম কোর্টের নিয়োগের সিদ্ধান্তও তাঁর হাতে, ফলে সংবাদপত্র যে তাঁর বিরক্তির কারণ হবে, এতে বিস্ময়ের কিছু নেই, যেখানে রাষ্ট্রের অন্য তিনটি কেন্দ্র তাঁর হাতেই আছে।
এতে সংবাদপত্রের দায়িত্বশীলতা অনেকাংশে বেড়ে গেল। হাউস ও সিনেট উভয় জায়গাতেই ট্রাম্পের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, ফলে প্রতিবেদকদের প্রায়ই কঠিন প্রশ্ন করতে হবে, প্রেসিডেন্টের জবাবদিহি চাইতে হবে। তবে ব্যাপারটা মোটেও সহজ হবে না, যার একমাত্র কারণ হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আবশ্যকীয়ভাবে একাধিক ফ্রন্টে যুদ্ধের শামিল হবে। শুধু যেসব বাজে ধরনের স্বার্থের সংঘাত ঘটবে, তার ওপর নজর রাখাই পূর্ণকালীন কাজ হবে। আর তাঁর অদ্ভুত নিয়োগের ব্যাপারে কথা না-ইবা বললাম, তিনি গুরুত্বপূর্ণ পদগুলোতে অযোগ্য লোকদের বসাচ্ছেন, আর যাঁদের যে পদে বসাচ্ছেন, তাঁরা সেই বিভাগের লক্ষ্যের ব্যাপারে বৈরী। ফলে এসব সামাল দেওয়ার মতো সক্ষমতা গণমাধ্যমের আছে কি না, সেটা এক জরুরি প্রশ্ন।
এই জামানাকে সামাল দেওয়ার জন্য সাংবাদিকদের চিরন্তন প্রতিযোগিতা বাদ দিয়ে পরস্পরকে সহযোগিতা করতে হবে। গত সপ্তাহে ট্রাম্পের সংবাদ সম্মেলনে এর প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে। সেদিন তিনি সিএনএনের এক সাংবাদিকের প্রশ্ন নিতে অস্বীকার করেন এ কথা বলে যে, এই চ্যানেলটি ‘ভুয়া খবর’ ছড়ায়। তখন অন্য সাংবাদিকেরা যদি এর প্রতিবাদ করতেন এবং যতক্ষণ সিএনএনের সাংবাদিককে প্রশ্ন করতে দেওয়া না হবে, ততক্ষণ তাঁরা প্রশ্ন না করতেন, তাহলে ট্রাম্পকে এই অবস্থান থেকে সরে আসতে হতো। সাংবাদিকেরা হয়তো ট্রাম্প ও তাঁর মুখপাত্রদের কঠিন প্রশ্নের উত্তর দিতে বাধ্য করতে পারেন না, কিন্তু তা পরিহার করা তাঁদের জন্য কঠিন করে তুলতে পারেন।
অনূদিত, দ্য গার্ডিয়ান থেকে নেওয়া
জোনাথন ফ্রিডল্যান্ড: দ্য গার্ডিয়ানের কলামিস্ট।