গণহত্যা শুরুর পরে দুই দূতাবাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আমীন আহম্মেদ চৌধুরী
আমীন আহম্মেদ চৌধুরী
প্রয়াত মে. জেনারেল আমীন আহম্মেদ চৌধুরী একাত্তরে ছিলেন ক্যাপ্টেন, চট্টগ্রামে কর্মরত। গণহত্যা শুরুর পর তিনি দেখা করেন মার্কিন ও ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে

[মার্কিন] কনস্যুলেট অফিসে গার্ডকে নিজের পরিচয়পত্র দেখিয়ে বললাম, কনসাল জেনারেলের সঙ্গে দেখা করব। গার্ড টেলিফোনে কারও সঙ্গে কথা বলল। তারপর আমাকে ভেতরে যেতে বলল। কনসাল জেনারেল আর্চার কে ব্লাড অফিসে ছিলেন। আমি তাঁর সঙ্গে দেখা করলাম। আমি আর্চার কে ব্লাডকে আমার পরিচয়পত্র দেখিয়ে বললাম যে আমি পাকিস্তান সেনাবাহিনীর অফিসার। আমি ডিফেক্ট করেছি। আমি আমার দেশের লোকের জন্য সাহায্য চাচ্ছি। তোমরা আমাদের অস্ত্র দিয়ে সাহায্য করবে কি না? তাঁকে বললাম, ‘আমেরিকা পাকিস্তানকে যে অস্ত্রপাতি দিয়েছে, তা কি যুদ্ধ করার জন্য দেওয়া হয়েছে, নাকি নিরীহ মানুষ হত্যা করার জন্য?’ এ সময় একটি ট্যাঙ্ক গরগর করে ওই অফিসের পাশ দিয়ে যাচ্ছিল। জানালা দিয়ে ট্যাঙ্কটি তাঁকে দেখিয়ে আমি আবারও বললাম, ‘সুসভ্য আমেরিকান নাগরিকেরা কী করে পাকিস্তানকে এই ধরনের অস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে দিচ্ছে।!’

২৬ মার্চ আমি যা দেখেছি, তা এবং অন্য সব হত্যাযজ্ঞের বিবরণ শুনছিলেন, আর তা কনসাল জেনারেল সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করছিলেন। আমি সরাসরি কনসাল জেনারেল আর্চার কে ব্লাডকে বললাম, ‘আমেরিকা প্রতিরোধকারী বাঙালিদের অস্ত্র দিয়ে সাহায্য করবে কি না?’ উত্তরে কনসাল জেনারেল বললেন, ‘আমেরিকান সরকার ও জনগণের ধ্যানধারণা সব সময় এক ধারায় প্রবাহিত হয় না। আমেরিকান সরকারকে বিশ্বরাজনীতি নিয়ন্ত্রণের জন্য নানা ধরনের কৌশল ও কূটনীতি চালাতে হয়। আর অন্য সব দেশের আমজনতার মতোই আমেরিকান জনগণও বিবেক অনুযায়ী তাদের মতামত প্রদান করে। সরকারকে উপেক্ষা করে সহযোগিতার হাত বাড়াতেও দ্বিধা করে না। কিন্তু সরকার শুধু বিবেকের তাড়নায় বা আবেগে আপ্লুত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। বরং বাস্তবতার নিরিখে স্ট্র্যাটেজিক কারণে এবং বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও ভূমিকার ওপর নির্ভর করে নিতে হয়। তাই সাধারণ জনগণের মতামত বাংলাদেশের নিরীহ জনগণের দিকে গেলেও আমেরিকার সরকার সেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবে বলে মনে হয় না।’ তারপরও আমি বললাম, ‘যারা প্রতিরোধযুদ্ধ করছে, তাদের এই মুহূর্তে অস্ত্রের প্রয়োজন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা রয়েছে, যারা গোপনে তাদের অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে।’ এ কথায় কিছুক্ষণ চুপ থেকে কনসাল জেনারেল বললেন, ‘হোয়্যার ইজ ইউর গভর্নমেন্ট,’ অর্থাৎ ‘তোমাদের সরকার কোথায়?’ তাঁর এ কথায় কিছুটা বিব্রত হলাম। মনে মনে ভাবলাম, আসলেই তো, আমাদের এখনো কোনো সরকার গঠিত হয়নি।
কনসাল জেনারেল আমাকে জুস খেতে দিলেন। এ সময় আমি তাঁকে বললাম, ‘আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ আপন শক্তিবলে স্বাধীন হবে। তখন বাংলাদেশের মানুষের মনে যুক্তরাষ্ট্রের প্রতি মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।’ কনসাল জেনারেল আমার কথায় একটু মুচকি হেসে বললেন, ‘যুক্তরাষ্ট্রের বহু বিবেকবান লোক বাংলাদেশের মঙ্গল কামনায় থাকবে।’ বিদায় নেওয়ার সময় বললাম, ‘আই হোপ, ইউ উইল নট ইনফর্ম পাক আর্মি অ্যাবাউট মি,’ অর্থাৎ ‘আমি আশা করি, পাকিস্তান সেনাবাহিনীকে তুমি আমার ব্যাপারে কিছু জানাবে না।’ উত্তরে জেনারেল কনসাল বললেন, ‘[আই] হ্যাভ আ হার্ট, আই অ্যাম আ জেন্টলম্যান টু,’ অর্থাৎ ‘আমিও একজন ভদ্রলোক বৈকি।’
আমেরিকান কনস্যুলেট থেকে বেরিয়ে নিউমার্কেটের দিকে রওনা হলাম। বলাকা সিনেমা হলের কাছাকাছি যাওয়ামাত্র প্রচণ্ড গোলাগুলির আওয়াজ পেলাম। আমি দৌড়ে বলাকা সিনেমা হলের পেছনে আশ্রয় নিলাম। পরে জানতে পারলাম, পাকিস্তান সেনাবাহিনীর একটি দল নিউমার্কেট কাঁচাবাজারে কসাইদের ওপর গুলি চালিয়েছে। গোলাগুলি করে ওরা চলে গেছে। গুলিতে কয়েকজন কসাই নিহত হয়েছে। তখন কারফিউ শিথিল সময়সীমা প্রায় শেষ হয়ে এসেছিল। এ অবস্থায় আমি রীতিমতো দৌড়ে এলিফ্যান্ট রোডে প্রিন্সিপাল নুরুল করীমের বাসায় আশ্রয় নিলাম। তিনি সম্পর্কে আমার নানা হতেন এবং ঢাকা কলেজে আমার সরাসরি শিক্ষক ও হোস্টেল সুপার (সাউথ হোস্টেল) ছিলেন। ১৯২০-এর দশকে ফেনী পাইলট স্কুল ও কলেজে তিনি ও আমার বাবা সুলতান আহম্মেদ চৌধুরী সহপাঠী ছিলেন। তাঁর বাসায় যাওয়ার পরও কিছুক্ষণ পরপর গুলির আওয়াজ শোনা যাচ্ছিল। ওই বাসায় গিয়ে দেখলাম, গুলি যাতে না লাগে, সে জন্য কাঠের দরজাগুলোর ওপর খাট-পালং, এমনকি লেপ-তোশক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সেটা দেখে আমি বললাম, এগুলো দিয়ে গুলি রোধ হবে না। বরং আওয়াজের সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়লে গুলির হাত থেকে বাঁচা যাবে। রাতে আমি নানার ঘরে রাত কাটালাম।
২৮ মার্চ সকালে কারফিউ শিথিল করা হলে কলাবাগানে বশীর উদ্দিন রোডে গেলাম। সেখানে আমার বড় মামা আশরাফ হুসেন চৌধুরী থাকতেন। মামার ছেলে জসিম আমার অনুরোধে একটা ১৫০ সিসি মোটরসাইকেল জোগাড় করল। জসিম বেশ সাহসী ছিল। ওই মোটরসাইকেলে করে আমি ও জসিম গুলশানে যাই। উদ্দেশ্য ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করা। হাইকমিশনারের বাড়ির অদূরে মোটরসাইকেল রেখে আমি হেঁটে রওনা হলাম। জসিম সেখানে মোটরসাইকেলের দু-তিনটি পার্টস খুলে নাড়াচাড়া করতে থাকে। যদি সেনা টহল এসে পড়ে অন্তত বলতে পারবে যে তার মোটরসাইকেল বিকল হয়েছে। মেরামত শেষ হলেই চলে যাবে।
ডেপুটি হাইকমিশনারের বাসার গার্ডকে উর্দুতে বললাম, আমি একজন ছাত্র। ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করতে চাই। গার্ড আমাকে বলল, বাঙালি ছাত্র হয়ে এত ভালো উর্দু কী করে বলছেন! সে আমাকে কিছুটা সন্দেহ করলেও শেষ পর্যন্ত ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করতে সক্ষম হই। ড্রয়িংরুমে ডেপুটি হাইকমিশনার সি কে সেনগুপ্ত স্ত্রীসহ বসে ছিলেন। পায়জামা-পাঞ্জাবি পরা ডেপুটি হাইকমিশনারকে কিছুটা চিন্তিত মনে হলো। তাঁকে আমি আমার পরিচয়পত্র দেখালাম। আলাপকালে তিনি আমাকে বললেন, ভারত বাঙালি মুসলমানদের হাতে অস্ত্র তুলে দেবে কি না, সেটা বিরাট এক প্রশ্ন। হাইকমিশনারের স্ত্রী বললেন, পূর্ববঙ্গের মুসলমানরাই পাকিস্তান সৃষ্টি করেছিল। এখানে অসংখ্যবার দাঙ্গা হয়েছে। হিন্দুরা বারবার নির্যাতিত হয়েছে। আমাদের পরিবারই তার জ্বলন্ত দৃষ্টান্ত। হাইকমিশনারের স্ত্রীকে রীতিমতো উদ্বিগ্ন মনে হলো। তাঁরাও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। জানতে পারলাম, ওই বাড়ির টেলিফোনের সংযোগ কেটে দেওয়া হয়েছে। ডেপুটি হাইকমিশনার মি. সেনগুপ্ত কিছুটা উদ্বেগ নিয়ে বললেন, ২৫ মার্চ সকাল সাড়ে নয়টার দিকে তিনি আওয়ামী লীগের হাইকমান্ডের সঙ্গে কথা বলে ইসলামাবাদ হাইকমিশনকে তারবার্তায় জানিয়েছেন, ‘স্টিল দেয়ার ইজ আ রিমোট পসিবিলিটি দ্যাট শেখ মুজিব ইজ বিকামিং পিএম অব পাকিস্তান অর ওয়ার্ল্ডস টু দ্যাট ইফেক্ট,’ অর্থাৎ ‘এখনো শেখ মুজিবের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে।’ আর সেদিনই রাত ১০টায় সামরিক অভিযান শুরু হয়। এখন তাঁর চাকরিই থাকবে কি না সন্দেহ। তিনি যদি আগেই আকার-ইঙ্গিতে পাকিস্তানিদের সামরিক পদক্ষেপের বিষয়টি দিল্লিকে জানাতেন, তাহলে অন্তত ভারত সরকার পশ্চিম সীমান্তে ভারতীয় সেনা সমাবেশ করে পাকিস্তানি মিলিটারি জান্তাকে চাপের মুখে রাখতে পারত।
ডেপুটি হাইকমিশনার শ্রী সেনগুপ্ত বললেন, ভারতীয় নীতিনির্ধারকেরা গ্রেটার বেঙ্গল কনসেপ্ট নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু বাঙালি মুসলমানরা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্রধারণ করবে, এটা তাঁরা ধারণা করতে পারেননি। এ ছাড়া ভারতীয় নীতিনির্ধারকদের অধিকাংশই কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক ও উত্তর ভারতবাসী। বাংলাদেশ সম্পর্কে তাঁদের জ্ঞান অত্যন্ত সীমিত। পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা ও ত্রিপুরাবাসী বাংলাদেশ সম্পর্কে বেশি ওয়াকিবহাল ছিল। পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, মিজোরামসহ আরও কিছু এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের দাপট এবং ত্রিপুরা ও এর আশপাশের এলাকায় মাওবাদীদের কারণে ভারত সরকার বিব্রতকর অবস্থায় ছিল। এই অবস্থায় ভারত সরকার বাঙালি মুসলমানের হাতে অস্ত্র দেওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছে। তবে বাংলাদেশের বাঙালি মুসলমানদের ভাগ্য কিছুটা সুপ্রসন্ন। কারণ, এই মুহূর্তে মিসেস ইন্দিরা গান্ধীর মতো উদারমনা ও সাহসী একজন মহিলা ভারতের প্রধানমন্ত্রী। বাঙালি সংস্কৃতি ও বাঙালিদের ব্যাপারে তাঁর সম্যক জ্ঞান ও রবীন্দ্রনাথের প্রতি প্রচণ্ড দুর্বলতা রয়েছে। তাই মানবতার খাতিরে বাঙালিদের সম্মান করতে তিনি এগিয়ে আসতে পারেন। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে তাঁকে সময় দিতে হবে।
এরপর আমি শ্রী সেনগুপ্তকে অনুরোধ করলাম তাঁর গাড়িতে করে আমাকে ঢাকার বাইরে নিরাপদ কোনো জায়গায় পৌঁছে দিতে। তিনি বললেন, ‘আমার গাড়ি গুলশান থেকে বের হওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী আটকাতে পারে। তুমি নিজ উদ্যোগেই সীমান্ত অতিক্রম করে ভারতে যাও। আমি তাঁকে বললাম, ‘ভারতীয় সেনাবাহিনী বা বিএসএফ আমাকে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার হিসেবে যদি বন্দী করে ফেলে!’ শ্রী সেনগুপ্ত আমাকে বললেন, তিনি অস্ট্রেলিয়ান হাইকমিশনের মাধ্যমে আমার সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়ে রাখবেন। সীমান্ত অতিক্রম করতে পারলে ভারতীয় কর্তৃপক্ষ আমার ব্যাপারে যাতে খোঁজখবর নেয়, তা তিনি নিশ্চিত করবেন। তবে এ জন্য একটি সাংকেতিক চিহ্ন বহন করতে হবে। সেটা নেওয়ার জন্য আমাকে প্রথম সচিবের সঙ্গে দেখা করতে হবে। তিনি ধানমন্ডিতে থাকেন। শ্রী সেনগুপ্ত প্রথম সচিবের বাসার ঠিকানা দিয়ে আমাকে সেখানে যেতে বললেন। আমি প্রথম সচিবের বাসার উদ্দেশে রওনা হলাম।
সূত্র: ১৯৭১ ও আমার সামরিক জীবন, আমীন আহম্মেদ চৌধুরী; প্রথমা প্রকাশন; ঢাকা, ফেব্রুয়ারি ২০১৬।