গণহত্যারও বিচার চাইতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গাদের আসা বন্ধ হয়নি
রোহিঙ্গাদের আসা বন্ধ হয়নি

মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশমুখী ঢল এখনো বন্ধ হয়নি। অক্টোবরের শেষ দিনটিতেও নাফ নদীতে নৌযান ডুবে গিয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে কথিত সন্ত্রাস দমনের যে অভিযান শুরু করে, তার প্রায় এক মাস পর ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে তাঁর সরকারের একটি সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন। এর আগে মন্ত্রীরা কেউ কেউ বিচ্ছিন্নভাবে যেসব মন্তব্য করেছিলেন, সেগুলোর মধ্যে খুব একটা সমন্বিত চিন্তা বা নীতির প্রতিফলন ছিল না। একেবারে শুরুতে চেষ্টা ছিল শরণার্থীদের প্রবেশ ঠেকানো। তারপর মিয়ানমারের সঙ্গে যৌথভাবে সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স গঠনের প্রস্তাব করা হলো।

জাতিগত নিধন ও গণহত্যার মতো গুরুতর রাষ্ট্রীয় অপরাধের প্রয়োজনীয় গুরুত্ব উপলব্ধিতে ব্যর্থ কূটনীতির কৌশল এবং দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ভ্রান্ত পথে কালক্ষেপণের পরিণতি হলো প্রথম চার সপ্তাহেই ৪ লাখের বেশি রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় গ্রহণ। এখন জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় নয় সপ্তাহে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। জাতিসংঘের সংস্থাগুলোর ভাষ্য, আশ্রয়প্রার্থীদের ৮০ শতাংশই নারী ও শিশু। সামর্থ্যবান রোহিঙ্গা পুরুষদের ভাগ্যে কী ঘটেছে এবং নিহত ব্যক্তির আসল (যাচাইযোগ্য) সংখ্যা কত, তা জানার কোনো উপায় নেই। বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের সাক্ষাৎকারের ভিত্তিতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিয়োগকৃত তদন্তকারীরা গেল সপ্তাহে বলেছেন, নিহত ব্যক্তির সংখ্যা আগে যা ধারণা করা হচ্ছিল, তার চেয়ে অনেক গুণ বেশি হবে।

প্রধানমন্ত্রী জাতিসংঘে যে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছিলেন সেগুলো হচ্ছে অনতিবিলম্বে এবং চিরতরে মিয়ানমারে সহিংসতা ও ‘জাতিগত নিধন’ নিঃশর্তে বন্ধ করা, অনতিবিলম্বে মিয়ানমারে জাতিসংঘের মহাসচিবের নিজস্ব একটি অনুসন্ধানী দল পাঠানো, জাতি-ধর্মনির্বিশেষে সব সাধারণ নাগরিকের নিরাপত্তা বিধান এবং এই লক্ষ্যে মিয়ানমারের অভ্যন্তরে জাতিসংঘের তত্ত্বাবধানে সুরক্ষা বলয় (safe zones) গড়ে তোলা, রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বিতাড়িত সব রোহিঙ্গাকে মিয়ানমারে তাদের নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করা এবং কফি আনান কমিশনের সুপারিশমালার নিঃশর্ত, পূর্ণ ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা।

প্রধানমন্ত্রী তাঁর প্রস্তাব তুলে ধরার দুই সপ্তাহ আগেই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ৫ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদের কাছে চিঠি লিখে মিয়ানমারে মানবিক দুর্যোগ এড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। মহাসচিব গুতেরেস তখনই বলেছিলেন মিয়ানমারে যা চলছে তা জাতিগত নির্মূলের পর্যায়ে পড়তে পারে। তারও আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানকে জাতিগত নিধনের দৃষ্টান্ত (টেক্সট বুক কেস) বলে অভিহিত করেন। জাতিসংঘ মানবাধিকার কমিশন গত বছরের অক্টোবরে রাখাইনে পরিচালিত আগের সেনা অভিযানেও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা তদন্ত করছে। ওই অভিযানের সময়ও প্রায় ৮৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

১৭ বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্ত রেসপনসিবিলিটি টু প্রটেক্ট বা আর টু পি বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনায় গত ৬ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদ একটি সভায় মিলিত হয়। সেই সভায়ও গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মতো পরিস্থিতি থেকে বেসামরিক লোকজনকে সুরক্ষায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই পদক্ষেপ নেওয়ার কথা বলেন গুতেরেস। রুয়ান্ডার গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার পটভূমিতেই গৃহীত আর টু পি সিদ্ধান্তে বলা হচ্ছে জাতীয় কর্তৃপক্ষ যদি তার জনগোষ্ঠীকে গণহত্যা, যুদ্ধাপরাধ, জাতিগত নির্মূল ও মানবতাবিরোধী অপরাধ থকে সুরক্ষা দিতে র্ব্যথ হয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সম্মিলিত পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। আর গুতেরেস বলেছেন, আর টু পি বাস্তবায়নের ভিত্তি হবে জাতিসংঘ সনদের সপ্তম অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে শান্তিরক্ষায় নিরাপত্তা পরিষদকে সামরিক ও বেসামরিক সব ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া আছে। প্রধানমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য যে সুরক্ষা বলয় প্রতিষ্ঠার কথা বলেছেন, সেই সুরক্ষা যদি আন্তর্জাতিক তত্ত্বাবধানে দেওয়ার প্রশ্ন আসে, তাহলে সিদ্ধান্তটি নিরাপত্তা পরিষদের ওপরই নির্ভরশীল।

সদ্য মিয়ানমার ঘুরে আসা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বজায় রাখা না হলে রোহিঙ্গাদের ফেরানো সম্ভব হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় আভাস মিলছে যে দ্বিপক্ষীয় আলোচনায় সমস্যা নিরসনের চেষ্টায় আশাহত হয়ে আমরা এখন বাস্তবতা উপলব্ধি করতে পারছি। এরপর জানা গেল যে আমরা এখন নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে চিঠি দিয়ে পরিষদের একটি দৃঢ় ভূমিকা চাইছি। এসব ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ সাধারণত যা করে থাকে তা হলো প্রথমে তারা পরিস্থিতির যাতে আর অবনতি না ঘটে, সে জন্য নিরীহ জনগোষ্ঠীর বিরুদ্ধে সব ধরনের অভিযান বন্ধের আহ্বান জানিয়ে একটি সময়সীমা বেঁধে দেয়। সেই সময়সীমা পার হওয়ার পরও যদি পরিস্থিতির অবনতি ঘটতে থাকে, তাহলে তখন ওই দেশের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর ব্যবস্থা গ্রহণের প্রশ্ন আসে। নিরাপত্তা পরিষদে তিন-চার দফা বৈঠকে কোনো মতৈক্য হয়নি। প্রধানত চীন ও রাশিয়া মিয়ানমারের ভাষ্য গ্রহণ করছে। তারা মনে করে, ইসলামি জঙ্গিগোষ্ঠী আরসার বিরুদ্ধে অভিযান পরিচালনার অধিকার মিয়ানমারের আছে। তারা আরও বলেছে যে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে।

বাস্তবতা হচ্ছে আমরাও শুরুতে সন্ত্রাস মোকাবিলার প্রশ্নে মিয়ানমারের সঙ্গে মিলে কাজ করার প্রস্তাব দিয়েছি এবং তাতে তাৎক্ষণিক সাড়া না পেলেও দ্বিপক্ষীয় আলোচনা সফর বিনিময়ের জন্য কয়েক সপ্তাহ সময় দিয়েছি। অথচ ওই সময়ে রোহিঙ্গা বিতাড়ন বন্ধ থাকেনি। কেননা, মিয়ানমারের লক্ষ্যই ছিল রাখাইনকে রোহিঙ্গামুক্ত করা। গণহত্যা বা জাতি নিধনের মতো অপরাধের প্রশ্নে আমাদের সংশয় ও দ্বিধার কারণে দ্বিপক্ষীয় সংলাপের নীতি দেখিয়ে মিয়ানমার আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে যে তারাও সমাধানের চেষ্টায় আন্তরিক। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তিগুলো যখন মিয়ানমারের বিরুদ্ধে নানা ধরনের সীমিত আকারের নিষেধাজ্ঞা দিচ্ছে, তখন আমরা সবকিছুই স্বাভাবিক সময়ের মতোই চালিয়ে যাচ্ছি। যুবরাজ চার্লস তাঁর সস্ত্রীক সফর বাতিল করেছেন, ইউরোপ মিয়ানমারের জেনারেলদের আমন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছে, সমরাস্ত্র বিক্রি ও সেনা সহযোগিতা বন্ধের মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। অথচ আমাদের একজন মন্ত্রী চাল কিনতেও সস্ত্রীক মিয়ানমার ঘুরে এসেছেন। বিকল্প কোনো বাজারে যে চাল পাওয়া যায় না, বিষয়টি এমনও নয়। তা ছাড়া অন্য যে প্রশ্নটিও এখানে গুরুত্বপূর্ণ তা হলো বাংলাদেশ কেন গণহত্যার প্রতিবাদ করছে না? আমরা সহিংসতা বন্ধের কথা বলছি, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টির কথা বলছি, কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নের কথা বলছি, কিন্তু সরকারি কোনো বক্তব্য-বিবৃতিতে গণহত্যার নিন্দা এবং অপরাধীদের বিচারের দাবি দেখছি না। স্বভাবতই প্রশ্ন জাগে, আমাদের এই বিভ্রান্তিই কি নিরাপত্তা পরিষদের সাহায্য চাওয়ায় সাত সপ্তাহ বিলম্বের কারণ? মহাসচিব গুতেরেস কিন্তু ওই অনুরোধটি জানিয়েছিলেন ৫ সেপ্টেম্বর। প্রতিবেশী বদল করা যায় না বলে তার অপরাধ থেকে দৃষ্টি সরিয়ে নেব এ রকম নীতি মোটেও গ্রহণযোগ্য নয়। গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক চাপ তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে মিয়ানমার অন্তত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার মতো পদক্ষেপ নিতে বাধ্য হবে।

এটা ঠিক যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচ বিশ্বশক্তির পরস্পরবিরোধী স্বার্থের টানাপোড়েনে অধিকাংশ ক্ষেত্রেই এমন অচলাবস্থা তৈরি হয় যে জাতিসংঘ কার্যত নীরব দর্শকে পরিণত হয়। ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন সংকট—এসব ক্ষেত্রে বিশ্ববাসীর অভিজ্ঞতা সে রকমই। কিন্তু ব্যতিক্রমও আছে। যেমন, ১৯৯৯ সালে নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবের ভিত্তিতেই ইন্দোনেশিয়ার সাবেক অংশ পূর্ব তিমুরে প্রতিষ্ঠা করা হয় জাতিসংঘের বিশেষ সুরক্ষা অঞ্চল। গঠিত হয় একটি অন্তর্বর্তী প্রশাসন এবং ২০০২ সালের ২০ মে স্বাধীন রাষ্ট্র হিসেবে তিমোরলেস্টে নামে একটি দেশের জন্ম হয়। ১৯৯৯ সালের আরেকটি সিদ্ধান্তে সাবেক যুগোস্লাভিয়ার কসোভোয় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা করা হয়। এরপর নানা চড়াই-উতরাইয়ের পর কসোভো এখন একটি স্বাধীন দেশ।

বাস্তবতা হচ্ছে চীন-রাশিয়াসহ কিছু গুরুত্বপূর্ণ দেশের সমর্থনের জন্য আমাদের চেষ্টায় ঘাটতি আছে। এখন জানা যাচ্ছে যে জাপানও নিরাপত্তা পরিষদে ফ্রান্স ও ব্রিটেনের যৌথ প্রস্তাবের খসড়ায় সায় দিতে রাজি নয়। এসব দেশের কোনোটি লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিতে রাজি হতো কি না, সেই প্রশ্নও তোলা যায়। মধ্যপ্রাচ্যের শরণার্থীদের বিভিন্ন দেশে পুনর্বাসনের আন্তর্জাতিক সমঝোতায় এদের কারও অংশগ্রহণই উল্লেখ করার মতো নয়। মিয়ানমারের বৌদ্ধ জাতীয়তাবাদীদের সম্ভাব্য ভূমিকার কথাটি আমরা হয় পুরোপুরি ভুলে বসেছি, নয়তো উপেক্ষা করেছি। চীন ও জাপান উভয় দেশেই সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধধর্মাবলম্বী। আর বিশ্বরাজনীতির মেরুকরণে ইসলামি জঙ্গিবাদের হুমকি এখন একটি বহুল আলোচিত বিষয়।
কয়েক দশক ধরে মাঝেমধ্যেই হঠাৎ করে রোহিঙ্গা শরণার্থীদের প্রসঙ্গ সংবাদ শিরোনাম হয়েছে। কিন্তু এবার সমস্যাটির মূল যে উৎস চিহ্নিত হয়েছে, তাদের রাষ্ট্রহীনতা বা নাগরিকত্বের স্বীকৃতির বিষয়টির প্রতি বৈশ্বিক সমর্থন প্রায় নিরঙ্কুশ। পাশাপাশি দেশটির নিরাপত্তা বাহিনীর গণহত্যার মতো অপরাধও ব্যাপকভাবে নিন্দিত হচ্ছে। গত চার দশকের অভিজ্ঞতা বলে, মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিক অধিকারের বিষয়টিকে মেনে নিতে প্রস্তুত নয়। তাদের বাঙালি হিসেবে চিহ্নিত করে রাখার মূল উদ্দেশ্যই হচ্ছে ধীরে ধীরে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া—শক্তি প্রয়োগ ও নির্যাতনের মাধ্যমেই হোক কিংবা নাগরিক অধিকার হরণ ও অর্থনৈতিক শোষণের মাধ্যমেই হোক। অথচ আমরা বারবারই তাদের আশ্বাস আর কৌশলের কাছে হার মানছি। এই বৃত্ত থেকে বেরিয়ে আসার সময় এসেছে। আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়েও দেশটি এখনো কোনো সুস্পষ্ট অঙ্গীকার করেনি।

মিয়ানমারের নাগরিক অধিকারবঞ্চিত এই জনগোষ্ঠীর বিরুদ্ধে সে দেশের সামরিক দমননীতির প্রত্যক্ষ ও তাৎক্ষণিক প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা এখন মানবিক সংকটের মুখে। আর সামর্থ্য ও ক্ষমতায় না কুলালেও কয়েক লাখ অসহায় আশ্রয়প্রার্থীর পাশে দাঁড়ানোয় বাংলাদেশ বিশ্ববাসীর প্রশংসা ও সহানুভূতি লাভ করেছে। এই সহমর্মিতাকে কাজে লাগিয়ে জোরালো কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে রাজনৈতিক চাপ বাড়ানোর দিকটিতেই বাংলাদেশের জোর দেওয়া প্রয়োজন। আর সেই রাজনৈতিক চাপ বাড়াতে হলে গণহত্যার নিন্দা এবং দোষী ব্যক্তিদের বিচারের বিষয়ে সোচ্চার হতে হবে। দ্বিপক্ষীয় প্রত্যক্ষ যোগাযোগ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার কথাও বিবেচনায় রাখা উচিত।

কামাল আহমেদ: সাংবাদিক।