গদি রক্ষায় আপস করেছিলেন মনমোহন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বিনোদ রায় যে প্রতিবেদন পেশ করেছেন, তা সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে। ফলে তাঁকে নিজের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে, যদি সে রকম কিছুর অস্তিত্ব থাকে। তিনি ব্যক্তিগতভাবে কিছু করেননি বা সরাসরি জড়িত নন, এমন যুক্তিতে কাজ হবে না। তাঁর আমলে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, সে সম্পর্কে তিনি চোখ বুজে ছিলেন, এমন অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে। এ পরিপ্রেক্ষিতে তিনি কীভাবে বলেন যে তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। অন্তত সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এসব দুর্নীতি সম্পর্কে তদন্ত করে পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন দেওয়ার পরও তাঁর কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল।
মোবাইল ফোনের দ্বিতীয় প্রজন্মের (টুজি) তরঙ্গ ও কয়লাখনি বিক্রয়ে দুর্নীতি হচ্ছে জেনেও তিনি তা বন্ধে কোনো পদক্ষেপ নেননি; এ পরিপ্রেক্ষিতে তিনি ‘আমি আমার দায়িত্ব পালন করেছি’ বলে পারও পাওয়ার চেষ্টা করছেন।
‘তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন’—প্রধানমন্ত্রীর আত্মপক্ষ সমর্থনের ধরনটা এ রকম, কিন্তু এর কোনো অর্থ নেই। যাঁরা এই দুর্নীতি করেছেন, তাঁরা বহুদিন ধরেই তা করেছেন এবং কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক প্রতিবেদন যাওয়ার পরই তাঁর উচিত ছিল কোনো পদক্ষেপ নেওয়া। প্রধানমন্ত্রীর দপ্তরের এই নির্বিকার আচরণের ফলে অনেক প্রশ্নের উদয় হয়েছে, যার উত্তর অবশ্যই দিতে হবে। কিন্তু এই নিশ্চুপ থাকার মধ্য দিয়ে কাজ হবে না, এই অভিযোগের গুরুত্বও কমবে না। এটা পরিষ্কার যে তিনি সবকিছু জানতেন এবং রাজনৈতিক কারণে নিশ্চুপ ছিলেন।
তবে এটা কমবেশি প্রমাণিত হয়ে গেছে যে তিনি ছিলেন শিখণ্ডী, আর টাকা কামিয়েছে ১০ নম্বর জনপথ, অর্থাৎ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনসংশ্লিষ্ট মানুষেরা। কিন্তু এতে তাঁর উল্টো দিকে তাকিয়ে থাকার দোষ খণ্ডন হয় না, আর সেই ফাঁকে দুর্নীতি হয়েছে। কেউ তাঁর ঘাড়ে দুর্নীতির অভিযোগ চাপিয়ে দিচ্ছে না। আবার কেউই এটা জোর গলায় বলছে না যে তিনি অসহায়ত্বের কারণে সবকিছু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।
মনমোহন সিং প্রায়ই বলে থাকেন, আগামী প্রজন্মই তাঁর প্রতি সুবিচার করবে। আজ থেকে তিন বা চার দশক পর জনগণের ধারণা কী হবে, সেটা এখনই বলা যাবে না। তখনো তাঁর এই দুর্বল প্রধানমন্ত্রীর তকমা টিকে যাবে বলেই ধারণা করা যায়।
এই ব্যাপারগুলো এ অবস্থায় রেখে দেওয়া হলে সেটা জাতির সঙ্গে অন্যায় করার শামিল হবে। রাজনৈতিক ঝগড়ার কারণে এখন পর্যন্ত লোকপালের পদটা খালি পড়ে আছে, এটা সত্যিই করুণার উদ্রেক করে। কিন্তু তার মানে এই নয় যে এসব দুর্নীতি কে করেছে, তা খুঁজতে কোনো তদন্ত করা হবে না, যদি মনমোহন সিং এর সঙ্গে জড়িত নাও থাকেন।
প্রধানমন্ত্রীর দপ্তর হয়তো এই দুর্নীতির জন্য দায়ী নয়, কিন্তু তারা এটা বলতে পারে না যে তারা জানত না কে এই দুর্নীতি করছে। আর তা বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, এমন কথাও তারা বলতে পারে না।
দুর্নীতি যে হয়েছে, সেটা নিয়ে সন্দেহ নেই। এই পুরো ব্যাপারটা প্রকাশ করা না হলে বা কারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, তা প্রকাশ করা না হলে পুরো জাতির সঙ্গেই অন্যায় করা হবে। এই ব্যক্তিদের খুঁজে বের করা এমন কঠিন কাজ নয়। কারণ, কেউ না কেউ তো এটা অনুমোদন করেছেন আর তা বাস্তবায়ন হতে দেখেছেন, এমন লোকও নিশ্চয়ই আছেন।
সিবিআই এ কাজে আগ্রহ দেখাতে পারে, রাজনৈতিক চাপ উপেক্ষা করেও তারা এটি করতে পারে। রাজনীতিকেরা সব সময় নিজেদের সাফসুতরো দেখাতে চান। এমনকি উচ্চপদস্থ আমলাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কারণ, রাজনীতিকেরাই এসব দুর্নীতিতে জড়িত থাকেন। মনমোহন সিং একজন দুর্বল প্রধানমন্ত্রী ছিলেন, সে কারণে যদি সরকার কিছু না করার সিদ্ধান্ত নেয়, তাহলে দুর্নীতি হয়নি বা আমলারা টাকা কামাননি, সেটা প্রমাণিত হয় না।
এখন নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন, তিনি বিদ্যমান ব্যবস্থার জঞ্জাল সাফ করবেন। হ্যাঁ, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো কার্যালয়ে আসবেন, সেটা ঠিকই আছে। কিন্তু এটাই যথেষ্ট নয়, জনগণ চায়, দুর্নীতিবাজ রাজনীতিক ও আমলাদের যেন বিচার হয়।
প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও প্রচলিত ধারণা হচ্ছে, ১০ নম্বর জনপথ এ সবকিছুতে জড়িত। পর্দার পেছনে যা ঘটেছে ও সে সম্পর্কিত যে সংবাদ এসেছে, তাতে বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা দরকার। রাজনীতিক ও আমলারা কীভাবে হাত ধরাধরি করে দেশটাকে লুটেপুটে খেয়েছেন, তদন্ত করে এসব বিষয় জনসমক্ষে প্রকাশ করা দরকার।
অন্যদিকে, কোনো প্রত্যক্ষ দায়িত্ব পালন না করলেও শোনা যায়, সোনিয়া গান্ধীই আদতে প্রশাসন চালিয়েছেন। তাঁর কাছে গোপন ফাইল পাঠানো হতো। এসব অভিযোগ প্রকাশ্যে এলেও তাঁর ও মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকারের তরফ থেকে কোনো জোরালো ব্যাখ্যা আসেনি।
অডিটর জেনারেল সাক্ষাৎকারে যা বলেছেন, সেটা তাঁর প্রতিবেদনের চেয়েও অনেক বেশি ক্ষতিকর। তিনি বলেছেন, মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে তিনি বেশ কিছু বিষয় সম্পর্কে তাঁকে মৌখিকভাবে জানিয়েছেন। তার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার জন্য যা করা দরকার করেছেন, কিন্তু তার বেশি কিছু নয়। কেন তিনি এমন করেছেন, তা বলা কঠিন। সোনিয়া গান্ধী তাঁকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন। ফলে তিনি সেই গদিই রক্ষা করেছেন। এই দুর্নীতি বন্ধে তিনি কোনো পদক্ষেপ নেবেন, জনগণ সেটা প্রত্যাশা করলেও গদি রক্ষাই ছিল তাঁর কাছে অধিক গুরুত্বপূর্ণ।
মনমোহন সিংয়ের মতো একজন নিঃস্বার্থ ব্যক্তি নিজের গদি রক্ষার জন্য আপস করেছেন, ব্যাপারটা দুঃখজনক। ভবিষ্যৎ প্রজন্ম এই রায়ই দেবে যে তিনি তাঁর আসনের মর্যাদা রক্ষা না করে শুধু ক্ষমতা আঁকড়ে থেকেছেন।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
কুলদীপ নায়ার: ভারতের সাংবাদিক।