গন্তব্য এখনো দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ডিজিটাল ওয়ার্ল্ড মেলা। প্রথম আলো ফাইল ছবি
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ডিজিটাল ওয়ার্ল্ড মেলা। প্রথম আলো ফাইল ছবি

২০০৮ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেওয়া মহাজোটের নির্বাচনী ইশতেহারে ২০২১ সালের মধ্যে প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক, মধ্যম আয়ের ‘ডিজিটাল বাংলাদেশ’ ঘোষণার পর থেকে এটি সরকারের সবচেয়ে জনপ্রিয় স্লোগানে পরিণত হয়েছে। তবে এ খাতে এত দিনে কোথায় পৌঁছানোর কথা ছিল, আর কোথায় পৌঁছানো গেছে, তা মূল্যায়নের সময় এসেছে।

শুরুর দিকে ডিজিটাল বাংলাদেশের ধারণাটি আমজনতার কাছে বোধগম্য হয়নি। বিশেষ করে ৪ কোটির সামান্য বেশি লোকের কাছে মোবাইল ফোন, মাত্র ৮ লাখ লোকের ইন্টারনেট, ৯০ হাজার লোকের সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি ডিজিটাল বাংলাদেশের যাত্রাকে খুব একটা স্বস্তি দেয়নি। তবে তরুণদের আগ্রহ ও উদ্দীপনার ওপর নির্ভর করে সরকারের কয়েকটি পদক্ষেপ সূচকগুলোতে বেশ কিছু চাঞ্চল্য সৃষ্টি করে। সরকার গঠনের ১০০ দিনের মধ্যে ৩০৬টি সুস্পষ্ট কর্মপরিকল্পনাসহ জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নীতিমালা ২০০৯ গ্রহণ করা হয়। ২০১০ সাল থেকে শুরু হয় ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন। এসবের মধ্য দিয়ে সরকারি সংস্থাগুলোয় প্রতিযোগিতার একটি আবহ দৃষ্টিগ্রাহ্য হয়। এ ছাড়া অতি দ্রুত হাইটেক পার্ক গঠনের আইন ও তথ্য অধিকার আইন অনুমোদিত হয়। বাংলাদেশ ব্যাংকও হয়ে ওঠে তথ্যপ্রযুক্তিবান্ধব।

ডিজিটাল বাংলাদেশের কর্মকাণ্ডে প্রান্তিক জনগোষ্ঠীকে সামনে রাখা হয়েছে। দেশের সব ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্যকেন্দ্র (বর্তমানে ডিজিটাল সেন্টার) গড়ে তোলা এবং ২০১০ সালে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের নীতিমালা গ্রহণের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে একদিকে তথ্যের প্রাপ্যতা নিশ্চিত হয় এবং অন্যদিকে তাদের ক্ষুদ্র আর্থিক সামর্থ্যের পূর্ণ বিকাশের একটি রাস্তা তৈরি হয়। সেই কেন্দ্রগুলোকে ঘিরে সরকারি দপ্তরগুলো ডিজিটাল মাধ্যমে তাদের সেবার প্রাপ্যতায়
মনোযোগ দেয়। বর্তমানে আড়াই শতাধিক সেবা অনলাইনে পাওয়া যায় বলে দাবি করা হচ্ছে।

সরকারের ই-গভর্নমেন্ট কার্যক্রমের প্রকাশ দেখা যায় জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে। ২০০৮ সালে এ সূচকে অবস্থান ১৪২তম (স্কোর ০.২৯৩৬) থেকে ২০১৬ সালে অবস্থান হয়েছে ১২৪তম (স্কোর ০.৩৮০০)। ঢাকার বাইরে অবকাঠামো নির্মাণের সরকারি কার্যক্রমের ধারাবাহিকতায় নির্মীয়মাণ ২৮টি (দুটি সম্পন্ন) হাইটেক ও সফটওয়্যার পার্কের ২৬টিই ঢাকার বাইরে তৈরি করা হচ্ছে। এটি ভবিষ্যতে সম্পদের বণ্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ইন্টারনেটের সহজলভ্যতা বাড়াতে তৃতীয় প্রজন্মের মোবাইল সেবা চালুসহ (২০১২) সরকার ব্যান্ডউইটথের দাম প্রতি মেগাবিট ৭৫ হাজার টাকা থেকে কয়েক দফায় ৫০০ টাকায় নামিয়ে আনে। তথ্যপ্রযুক্তির মহাসড়কে এত দিন দেশ যুক্ত ছিল একটিমাত্র সাবমেরিন কেবলের ওপর। সেই একক নির্ভরশীলতা কাটিয়ে দ্বিতীয় সাবমেরিন কেবল ও ছয়টি টেরেস্ট্রিয়াল কেবলের সঙ্গে দেশ এখন সংযুক্ত। এসবের সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বাজারে স্মার্টফোনের দাম। ফলাফল হলো সরকারি হিসাবে আট কোটি লোকের হাতে ইন্টারনেট সংযোগ। নিয়ন্ত্রক সংস্থার ইন্টারনেট ব্যবহারকারীর সংজ্ঞা নিয়ে যদিও বিতর্ক রয়েছে। গুগলের হিসাবে চার কোটি লোক এখন ইন্টারনেটে সংযুক্ত। ফেসবুক ব্যবহারকারী তিন কোটি। এটিও দেশে এক বিরাটসংখ্যক জনগোষ্ঠীর ইন্টারনেট ব্যবহারের সামর্থ্যের কথা জানান দেয়। কিন্তু ব্যান্ডউইটথের ব্যবহার ২০০৯-এর সেকেন্ডে ৯ গিগাবিট থেকে এখন ৫৪০ গিগাবিট হলেও চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা (ফোর-জি) যেমন এখনো আলোর মুখ দেখেনি, তেমনি গ্রামে-গঞ্জে ফাইবার অপটিক সংযোগ পৌঁছে দেওয়ার কাজটিও দৃশ্যমান নয়। ফলে দেশের সিংহভাগ তরুণের কাছে তাদের কাঙ্ক্ষিত কম মূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা এখনো অধরাই রয়ে গেছে। অথচ সামাজিক দায়বদ্ধতা তহবিলের হাজার কোটি টাকা অলস পড়ে আছে।

এদিকে আমরা ব্যান্ডউইটথ রপ্তানিতেও নাম লিখিয়েছি। নেটওয়ার্ক সক্ষমতার বৈশ্বিক সূচকে (গ্লোবাল ইনফরমেশন টেকনোলজি ইনডেক্স) এই নয় বছরে আমরা ১৫ ধাপ এগিয়েছি।

অন্যান্য সেক্টরের তুলনায় এই সেক্টরের বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার দক্ষ মানবসম্পদ। এখানেই এসে একটি সংকটে পড়েছে বাংলাদেশ। কমবেশি ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গড়ে বছরে প্রায় ১০ হাজার আইসিটি স্নাতক কর্মবাজারে প্রবেশ করলেও সরকারি ও বেসরকারি উদ্যোগে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেও বাজার তাদের উপযোগী করে গড়ে তুলতে হিমশিম খেতে হচ্ছে। আর সেটি করতে গিয়ে এটাও টের পাওয়া যাচ্ছে যে এত বিপুলসংখ্যক স্নাতককে শিল্পে নিয়োগের উপযোগী যথেষ্ট প্রতিষ্ঠান কিংবা প্রশিক্ষক দেশে নেই।

২০১১ সাল থেকে হাইস্কুলে আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, হাইস্কুল ও স্নাতক পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ব্যাপ্তি ঘটানো হয়েছে। কিন্তু দক্ষতার ঘাটতি মোকাবিলা করা যাচ্ছে না। এর সবচেয়ে বড় প্রকাশ দেখা যাচ্ছে দেশীয় সফটওয়্যার বাজারে। ২০০৯ সালের স্থানীয় সফটওয়্যার ও আইটি সার্ভিসের স্থানীয় ক্ষুদ্র বাজার চলতি বছরে বিলিয়ন ডলার অতিক্রম করলেও সেটির সিংহভাগ বিদেশি কোম্পানিগুলোর কাছে চলে গেছে। এ ক্ষেত্রে দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়া বা স্বার্থ সংরক্ষণের কাজটি যথাযথভাবে হয়নি।

দেশীয় তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ তাই হয়ে পড়েছে রপ্তানিনির্ভর। তবে এতে সাফল্য অবশ্য কম নয়। দেশীয় কোম্পানিগুলো তাদের পদচারণ আমেরিকা, ইউরোপের বাইরে জাপান, পূর্ব এশিয়া ও আফ্রিকায় বিস্তৃত করতে সক্ষম হয়েছে। ২০০৮ সালের ২ কোটি ৬০ লাখ ডলারের সফটওয়্যার খাতের রপ্তানি আয় গত নয় বছরে প্রায় ৩০ গুণ বেড়ে ৮০ কোটি ডলার হয়েছে। আইসিটি খাতে রপ্তানিকে উৎসাহ দেওয়ার জন্য চলতি বছর থেকে ১০ শতাংশ হারে নগদ প্রণোদনাও চালু করা হয়েছে। তবু ২০২১ সালের মধ্যে এই খাতের আয় ৫০০ কোটি ডলারে উন্নীত করা সহজ হবে না বলেই মনে হয়।

ডিজিটাল বাংলাদেশের একটি বাঁক ঘোরানো সিদ্ধান্ত হলো দেশে ডিজিটাল যন্ত্রপাতির উৎপাদনকে উৎসাহিত করা। এ জন্য চলতি বছরে ৯৪টি হার্ডওয়্যার শিল্পের উপকরণের আমদানি শুল্ক ৩০%-৯০% থেকে প্রতীকী ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর ফলে দেশে হাইটেক হার্ডওয়্যার শিল্প গড়ে ওঠার সম্ভাবনা বেড়েছে। এ উদ্যোগ অনেকখানি সফল হবে, যদি হাইটেক পার্কের জন্য বিনিয়োগ সুবিধাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো দেশেই তাদের উৎপাদিত পণ্য বিপণনের সুযোগ পায়। সে ক্ষেত্রে ২২ হাজার কোটি টাকা আমদানি পণ্যের বিকল্প দেশীয় পণ্য তৈরি করা সম্ভব হবে।

বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সবচেয়ে বড় সাফল্য হলো ডট কম প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠান অর্থনীতিতে চাঞ্চল্য তৈরি করে, সৃষ্টি করে নতুন উপযোগ এবং তৈরি করে সম্পদ। তবে প্রাগৈতিহাসিক আমলের আইন ও নীতিমালা দেশে অনুরূপ একটি ইকোসিস্টেম গড়ে তোলার প্রচেষ্টাকে ক্রমাগতভাবে অঙ্কুরেই বিনষ্ট করে ফেলে। জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও ‘বর্গফুট’ সম্পন্ন ‘কার্যালয়’ না থাকলে কোনো আইটি উদ্যোক্তা ব্যবসা করার বৈধতা পান না। অভিযোগ রয়েছে ‘কমার্শিয়াল স্পেস’ নয়—এ অজুহাতে রাজউকের কর্মকর্তারা কোনো নোটিশ না দিয়ে রপ্তানিমুখী সফটওয়্যার কোম্পানির অফিস সিলগালা করে দেন।

সামগ্রিকভাবে যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শুরুর দিকের কাজগুলো সম্পন্ন হয়েছে, এ খাতের বিকাশ ও ক্রমসম্প্রসারণের সঙ্গে নীতি ও ব্যবস্থাপনার বিকাশ সমানতালে না হওয়ায় ২০২১ সালে আইসিটি খাতে ৫০০ কোটি ডলারের রপ্তানি ও ২০ লাখ লোকের কর্মসংস্থান শেষ পর্যন্ত অর্জিত হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এগুলোর বাস্তব অগ্রগতি দেখার জন্য আমাদের আরও চার বছর অপেক্ষা করতে হবে।