গরম কলকাতায় নির্বাচনী উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহ দুই আগে একটি চলচ্চিত্রের উদ্বোধন উপলক্ষে উদ্যোক্তাদের আমন্ত্রণে বন্ধু হাবিবুর রহমানের সঙ্গে কলকাতা গিয়েছিলাম। ছিলাম কয়েক দিন। কলকাতায় এখন প্রচণ্ড গরম। ভারতের বহু অঞ্চলে প্রচণ্ড খরা। তা ছাড়া কলকাতা আরও গরম ও সরব ২০১৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে। মূল প্রতিযোগিতায় রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস-সিপিআই(এম) জোট। তৃতীয় পক্ষ বিজেপি।
এই প্রথমবারের মতো কলকাতার ঐতিহাসিক বেঙ্গল ক্লাবে থাকার ব্যবস্থা হয়েছিল। বেঙ্গল ক্লাব ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশরাজের ক্লাব হিসেবে স্থাপিত হয়েছিল ১৮২৭ সালে। হঠাৎ করেই গভর্নর হাউসে বর্তমান গভর্নর বা রাজ্যপাল বিজেপি মনোনীত মি. কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে সাক্ষাৎ হলো। তবে সাক্ষাতের চেয়েও বেশি আনন্দিত হয়েছিলাম পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর হাউস—এককালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হাউস থেকে গভর্নর জেনারেল এবং পরে ভাইসরয় অব ইন্ডিয়া হাউসের এই ঐতিহাসিক স্থাপনাটি দেখার সুযোগ হওয়ায়। বেঙ্গল ক্লাব আর রাজ্যপালের বাসভবন তৎকালীন ভারতবর্ষে ইংরেজ শাসনের ইতিহাসের সঙ্গে জড়িত। এই প্রাসাদ থেকেই ১৯১২ সাল পর্যন্ত ভারতবর্ষ ও বার্মা শাসিত হয়েছিল।
১৭৯৯ সালে ২৭ একর জমির ওপর শুরু হয় প্রায় ৮৪ হাজার বর্গফুটের এই প্রাসাদ নির্মাণের কাজ। নির্মাণ শেষ হয় ১৮০৪ সালে এবং ১৮০৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি এই প্রাসাদের প্রথম বাসিন্দা হন। ১৮৫৭ সালের সিপাহি যুদ্ধের পর ব্রিটিশরাজ সরাসরি শাসনভার গ্রহণ করলে সমগ্র ভারতবর্ষে লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হলে এই ভবনের নাম হয় ভাইসরয় প্যালেস। আরও পরে লর্ড কার্জন ভাইসরয় থাকাকালে এশিয়ার প্রথম লিফট স্থাপিত হয় এই ভবনে। এত বিশাল প্রাসাদ তখন বিশ্বের সবচেয়ে বড় সরকারি বাসভবন হিসেবে পরিচিত, তৈরি করা হয়েছিল নেটিভদের ব্রিটিশরাজের শক্তিমত্তা প্রদর্শনের জন্য।
এই প্রাসাদটি এখন রাজভবন নামে পরিচিত। আজও এই প্রাসাদে রয়েছে লর্ড ওয়েলেসলির সিংহাসন, তার পাশে টিপু সুলতানের সিংহাসন। আজও রাজভবনের সামনে রক্ষিত চীনের কামান, যা সংগ্রহ করা হয়েছিল অ্যাংলো বার্মিজ আফিম যুদ্ধের স্মারক হিসেবে। প্রাসাদের ভেতরে রয়েছে ব্রিটিশরাজের বহু দুষ্প্রাপ্য ছবি ও গভর্নর ও ভাইসরয়দের প্রতিকৃতি ও অন্যান্য চিত্রকর্ম। এই প্রাসাদেই থাকেন পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান গভর্নর ৮২ বছর বয়সের বর্ণাঢ্য জীবনের অধিকারী মি. কেশরীনাথ ত্রিপাঠি।
কলকাতায় প্রাকৃতিক গরমের সঙ্গে যুক্ত হয়েছে ভোটের গরম হাওয়া। প্রতিদিন মিটিং-মিছিল লেগেই আছে, তবে এসব তৎপরতা কোনোভাবে শহরবাসীর জীবনযাত্রাকে ব্যাহত করে না। পশ্চিমবঙ্গে ছয় ধাপের বিধানসভার নির্বাচনে ইতিমধ্যেই চার ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। তৃতীয় ধাপের দিন, ২১ এপ্রিল, কলকাতা ছাড়ার কারণে ভোটের চিত্র দেখা সম্ভব হয়নি। ওই দিন কলকাতা শহরের কয়েকটি বিধানসভা এলাকায় নির্বাচন চলছিল। আগের দিন থেকেই নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশন ১৪৪ ধারা জারি করেছিল।
২০১১ সালের নির্বাচনে ভারতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রচুর অভিযোগ ছিল তৃণমূল জোটবিরোধীদের। এবার সেই অপবাদ নিতে চাননি প্রধান নির্বাচন কমিশনার নাসিম জায়েদী ও তাঁর কমিশন। কলকাতায় ভারতীয় নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে তাদের করণীয় ঠিক করেছিল। এবার শুরু থেকেই নির্বাচন কমিশন দারুণভাবে সক্রিয় রয়েছে। তবে এবারও অনেক জায়গায় নির্বাচনের দিনে গোলযোগ হয়েছে, ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের কর্মীদের মারমুখী আচরণে অন্যান্য দলের প্রার্থীরা কোণঠাসা হয়ে পড়েছেন—এসব অভিযোগ নির্বাচন কমিশনে করা হচ্ছে। নির্বাচন কমিশন অভিযোগগুলোর ওপর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে।
তৃণমূলের দ্বারা প্রভাবিত অভিযোগে নির্বাচন কমিশন কলকাতার পুলিশ কমিশনার রাজিব কুমারকে সরিয়ে তাদের মনোনীত একজনকে তাঁর স্থলাভিষিক্ত করেছে। তাঁর বিরুদ্ধে প্রতিটি বিরোধী দলের অভিযোগ ছিল। আরেকটি ঘটনায় স্পেশাল ব্রাঞ্চের দুজন সদস্যের বিরুদ্ধে বিজেপির পার্টি সেক্রেটারি রাহুল সিনহাকে অবৈধ ফাঁদে ফেলার চেষ্টা প্রমাণিত হলে নির্বাচন কমিশন তাঁদের বরখাস্ত করেছে। এ ছাড়া একজন জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন জেলা কর্মকর্তাসহ প্রায় ২০ জন সরকারি কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। ইতিমধ্যে আরও অনেক কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচন কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।
শুধু সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেই নয়, নির্বাচনে প্রভাব বিস্তার ও প্রচারণার সময় আচরণবিধি ভঙ্গের কারণে অনেকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে তৃণমূল সভাপতি ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। মমতা নির্বাচনী প্রচারণার সময় উত্তরবঙ্গে একটি নতুন জেলার ঘোষণা দিয়েছিলেন। এ ঘটনার ব্যাখ্যা চেয়ে কমিশন কারণ দর্শানোর নোটিশ দিলে মমতা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিষোদ্গার করেন এবং তাঁর পক্ষে মুখ্য সচিব জবাব দিলে কমিশন ওই ব্যাখ্যা গ্রহণ না করে তাঁকে এই বলে সতর্ক করে যে, কারণ দর্শাও নোটিশ সরকারপ্রধানকে নয়, তৃণমূল কংগ্রেসের প্রধানকে দেওয়া হয়েছে। কাজেই মুখ্য সচিবের জবাব ধৃষ্টতার পর্যায়ে গণ্য করা হয়েছে। অবশেষে নির্বাচন কমিশন কর্তৃক বেঁধে দেওয়া সময় এপ্রিল ২২, ২০১৬-এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিতে বাধ্য হন।
যা-ই হোক, তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, বিশেষ করে কয়েকজন উচ্চপদস্থ নেতা ও মন্ত্রীর বিরুদ্ধে সারদা ও চিটফান্ড থেকে ঘুষ নেওয়ার দৃশ্যমান প্রমাণ মাথায় নিয়েই নির্বাচনে মোকাবিলা করতে হচ্ছে। অনেকের মতে, প্রায় সাড়ে ছয় কোটি ভোটারের মধ্যে প্রায় ২৮ শতাংশ মুসলিম ভোটাররাই নির্ধারণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় টিকে থাকা বা না থাকা। মমতা এ বিষয়ে যথেষ্ট সতর্ক ছিলেন। মুসলিম ভোটারদের তাঁর দিকে ঝুঁকে পড়ার অনেক কারণ আছে।
অপরদিকে বিজেপি পশ্চিমবঙ্গে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে বলে মনে করেন না কলকাতার অনেক বুদ্ধিজীবী। অন্তত আমি যাঁদের সঙ্গে কথা বলেছি, তাঁদের মতামত এমনই ছিল। বিজেপির অতি হিন্দুত্ববাদী মনোভাবের কারণে, বিশেষ করে গরুর মাংস খাওয়া নিয়ে বিতর্কে, পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান নিম্নগামী হয়েছে। অপরদিকে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা শহরসহ পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে প্রভূত উন্নতি করেছেন, তথাপি ব্যাপক দুর্নীতির অভিযোগ, সারদা আর চিটফান্ড নিয়ে যে ঘুষ কেলেঙ্কারি ইত্যাদি টেলিভিশনে প্রচারের পর বেশ বেকায়দায় পড়েছে তৃণমূল কংগ্রেস। একপর্যায়ে মমতা প্রকারান্তরে অভিযোগ স্বীকার করে বলেছেন যে আগে জানলে তিনি ওই সব নেতাকে মনোনয়ন দিতেন না। এসব বিষয়ে তিনি নিজে ক্ষমাপ্রার্থীও হয়েছিলেন। কংগ্রেস ও সিপিআই(এম) জোট দুর্নীতির বিষয়টিকেই তাদের নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এমনকি হালে কলকাতায় নির্মাণাধীন উড়ালসড়ক ভেঙে পড়ার পেছনে তৃণমূলের দুর্নীতির অভিযোগ তুলে ধরছে বিরোধী দলগুলো।
অবস্থাদৃষ্টে এবং বেশ কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় যে মতামত পাওয়া যায়, তাতে বেশির ভাগেরই ধারণা যে মুসলিম ভোট এবার বড় ধরনের প্রভাব রাখবে নির্বাচনের ফলাফলে। মমতা বন্দ্যোপাধ্যায়ই পুনরায় নির্বাচিত হতে যাচ্ছেন। বিধানসভার ২৯৪ আসনের মধ্যে গতবার তৃণমূল কংগ্রেস জোট ২২৭টি আসন পেয়ে সরকার গঠন করেছিল। ওই নির্বাচনে আগের নির্বাচন থেকে ১৯৬টি আসন বেশি পেয়েছিল। এবার তৃণমূলের আসনসংখ্যা বেশ কমবে, হয়তোবা ছোট ছোট দলের সঙ্গে জোট হতেও পারে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আরও এক ধাপ বাকি; যা শেষ হবে ৫ মে। ভোট গণনা হবে ১৯ মে। তত দিন পর্যন্ত ফলাফলের গতি-প্রকৃতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলবে। মনে হয় তৃণমূল কংগ্রেস হয়তো দ্বিতীয়বারের মতো সরকার গঠন করবে; তবে এবার তাকে মোকাবিলা করতে হবে বেশ শক্তিশালী বিরোধী জোটকে।
মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলে ভারত-বাংলাদেশের মধ্যের প্রধান অন্তরায় তিস্তার পানি বণ্টনের বিষয় কতখানি এগোবে, তা দেখার বিষয় হবে।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]