
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আক্ষেপ করে বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের দৌরাত্ম্যে তাঁরা অতিষ্ঠ। তাঁদের অসহায়তা বুঝতে অসুবিধা হয় না। যেখানে খোদ সচিবালয়ের শীর্ষ আমলারাই ভুয়া সনদ দেখিয়ে সুযোগ-সুবিধা নেওয়ার মতো ন্যক্কারজনক কাজ
করেন, সেখানে চাকরির মেয়াদ বৃদ্ধির প্রলোভন সমাজের সর্বস্তরে যে ইঁদুরদৌড় সৃষ্টি করবে তা স্বাভাবিক। আর তা যখন পরবর্তী বংশধরদের জন্যও প্রসারণের ব্যবস্থা হয়, তখন সুযোগসন্ধানী ভাগ্যান্বেষীর দল যে হাভাতের মতো খেপে উঠবে, তা বলাই বাহুল্য।
আমরা জানি, যাঁরা মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির মতো অন্যায় কাজ করে ধরা পড়েছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে। কিন্তু এ–ও আমরা জানি, ক্ষমতা বা যোগাযোগকে কাজে লাগিয়ে অবৈধ সুযোগ নেওয়ার প্রবণতা এতই ব্যাপক ও ছোঁয়াচে এবং এ কাজে নানা স্তরের যোগসাজশে সমাজ এতই অভ্যস্ত ও অনুমোদনপ্রবণ যে অধিকাংশ অন্যায়কারীই ধরা পড়েন না। আর এটা সমাজের একটি ঐতিহ্যগত ত্রুটিতে পরিণত হওয়ায় দাঁও মারার সামান্য সুযোগ পেলেই প্রায় সবার মন নিশপিশ করে তার সদ্ব্যবহারের জন্য।
এসব খবরে আমার শৈশবের একটা দৃশ্য মনে পড়ে। বাকাট্টা ঘুড়ি ধরার জন্য কোট-প্যান্ট-টাই পরা পথচারী ভদ্রলোক ছুটছেন পাড়ার ঘুড়িবাজ কিশোরদের সঙ্গে! এ ধরনের কাজের জন্য সত্যি বলতে কি উসকানিদাতা-উৎসাহদাতার অভাবও ঘটে না, বরং তাঁরা থাকেন সমাজের আপনজনদের মধ্যেই।
আইন অবশ্যই নিজের গতিতে চলবে, কিন্তু এ ধরনের অপরাধ কেবল আইন ও পুলিশি ব্যবস্থা দিয়ে সম্পূর্ণ বন্ধ করা যাবে না। বস্তুত, বংশপরম্পরায় গড়ে ওঠা মনস্তত্ত্বের প্রভাব এভাবে কাটানো যায় না। এ অনেকটা এলোমেলোভাবে রাস্তা পারাপারের প্রবণতার মতো। যতক্ষণ পুলিশ তৎপর ছিল ততক্ষণ তা মানা হয়েছে। পুলিশ সরে যাওয়ার পর অধিকাংশ মানুষ আগের অভ্যাসে ফিরে গেছেন। দৃষ্টান্ত দেখিয়ে সচেতনতা সৃষ্টি করা যায় সচেতন মানুষের, তাঁরা এর প্রভাবে গড্ডালিকায় গা না ভাসিয়ে সঠিক করণীয় সম্পর্কে সচেতন হয়ে ওঠেন। কিন্তু অন্যরা, সমাজের অধিকাংশ মানুষ, চলেন বা চলতে চান নিজেদের তাৎক্ষণিক সুবিধা ও লাভ বিবেচনায় নিয়ে।
এই ঢিলেঢালা গা ভাসানো মনোভাব এবং সুযোগ পাওয়ামাত্র কাজে লাগানোর প্রবণতা আমাদের সামাজিক সংস্কৃতির অংশ। আমাদের চিন্তার জগৎ বিজ্ঞান, লজিক, গণিতের চলনের মতো সুনির্দিষ্ট যুক্তির পথ ধরে চলতে অভ্যস্ত নয়, ভাসা ভাসা ধারণা কি মোদ্দা হিসাবটুকু ধরে গা ভাসাতেই অভ্যস্ত। এ মন আবেগতাড়িত, হুজুগে আকুল। চিন্তাজগতের এই ঢিলেমির প্রভাব পড়ে ব্যক্তিগত ও সামাজিক আচরণে। দু-একটি উদাহরণ দেওয়া যাক— ১. জন্মসনদ চালু হওয়ার পরেও অধিকাংশ অভিভাবক সন্তানের জন্মতারিখের বিষয়ে সততার প্রয়োজনীয়তা তো বোঝেনই না, এমনকি এর নৈতিক দিকটিও বিবেচনায় নেন না, ২. নতুন কোনো স্থানে গিয়ে (ভিন্ন শহরে) ঠিকানা জিজ্ঞেস করে সুর্নিদিষ্ট তথ্য পাওয়া, দূরত্ব সম্পর্কে সঠিক ধারণা পাওয়া বেশ কঠিন; ৩. শিক্ষিত ব্যক্তিদের মধ্যে এখনো অনেক অভিভাবক পাই, যাঁরা নিজের সন্তানের জন্মতারিখ, জন্মবছরও বলতে পারেন না। এভাবে তালিকা দীর্ঘ করা যায়। একবার এক লেখক সাক্ষাৎকার নিতে গিয়ে কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্রকে জিজ্ঞেস করেছিলেন, তা বয়স কত হলো? উত্তরে তিনি একটু টেনে বলেছিলেন, প্রা-য় সত্তর। লেখক দীপেন বন্দ্যোপাধ্যায় লিখছেন, বাঙালির এই প্রায়ের ভেতরে ১০ বছরও ঢুকে যেতে পারে। পাবলিক ফিগার মওলানা ভাসানী বা ওস্তাদ আলাউদ্দিন খাঁ আসলে কত বছর আয়ু পেয়েছিলেন, তা এখনো খুব স্পষ্ট নয়। গালগল্পের কিংবদন্তি হয়ে তাঁদের ঐতিহাসিকতা ঝাপসা হয়ে যেতে বসেছে। কোনো গবেষক বা ইতিহাসবিদ যত্ন করে এই প্রহেলিকাগুলো নিরসন করেননি। এ তো গেল সামাজিক সমস্যা, কিন্তু গুরুতর সমস্যা সৃষ্টি হয় রাষ্ট্রীয় পর্যায়ে এমন কোনো কাজ করলে বা সিদ্ধান্ত নিলে, যার পরিণাম সুদূরপ্রসারী। মুক্তিযুদ্ধের শহীদ বা বীরাঙ্গনার সংখ্যা নিয়ে ধোঁয়াশাটাও কাটিয়ে দেওয়া উচিত।
মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তগুলোর মধ্যেই পরবর্তী সমস্যার বীজ নিহিত ছিল বলে আমার মনে হয়। আমাদের ঢিলেঢালা স্বভাবের কারণে মুক্তিযোদ্ধার সংজ্ঞা আমরা নির্ধারণ করিনি। তাতে প্রথমত, রণাঙ্গনের যোদ্ধা আর স্বাধীনতার পক্ষে জনমত গঠনসহ অন্যান্য অসামরিক (non combatant) কাজের কর্মীর মধ্যে ফারাক থাকল না। তা ছাড়া বেসামরিক কাজের সীমা অনেক বিস্তৃত ছিল, তাতে অনেকের ছিল নিয়মবদ্ধ নিয়মিত কাজ, অধিকাংশ ছিলেন অনিয়মিতভাবে যুক্ত। যাঁরা অসামরিক বা বেসামরিক কাজে যুক্ত ছিলেন, তাঁদের অবদানকে খাটো করব না, স্বাধীনতার জন্য তাঁদের ভূমিকা ও ত্যাগ কম নয়, কিন্তু তা ঠিক যুদ্ধ নয়। কারণ, যুদ্ধে প্রাণ বাজি রেখে লিপ্ত হতে হয়, শত্রুকে প্রত্যক্ষভাবে মোকাবিলা করে পরাস্ত করতে হয়। সর্বোচ্চ ত্যাগের অঙ্গীকার আর কষ্টকর জীবন বরণের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য থাকবে ত্যাগ ও কষ্টের মধ্যে। ঢিলেঢালা ব্যবস্থার সুযোগ নিয়ে অনেকেই সাফারিংকে সেক্রিফাইস বলে চালিয়ে যাচ্ছেন।
দ্বিতীয় ভুলটি হয়েছে আরও মারাত্মক। মুক্তিযুদ্ধে ত্যাগ ও ভূমিকার জন্য বীরত্বের পুরস্কার দেওয়া যায় (gallantry award), যোদ্ধাদের সনদও দেওয়া যায়, প্রয়োজনে আর্থিক ও বৈষয়িক সহযোগিতাও দেওয়া যায়; কিন্তু মুক্তিযুদ্ধকে ঢালাওভাবে সুবিধাপ্রাপ্তির সুযোগ হিসেবে ব্যবহার করলে মুক্তিযুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকার মহত্ত্ব ও গৌরব ক্ষুণ্ন ও খাটো হয়। কোনো অবস্থাতেই মানুষের দেশপ্রেম, আত্মত্যাগ, বীরত্বের মতো মহৎ গুণাবলিকে ব্যক্তিগত স্বার্থের সঙ্গে বিনিময়যোগ্য হতে দেওয়া যায় না। বর্তমানে এই সুযোগ-সুবিধার আওতা বাড়াতে বাড়াতে বংশপরম্পরায় ছড়িয়ে দেওয়ার কাজটা তাই হবে দুর্ভাগ্যজনক।
আমরা যে ঢালাওভাবে মুক্তিযোদ্ধা অভিধা বিতরণ করেছি, তার ফলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পরিচয়ই ঝাপসা হয়ে যাচ্ছে। এই ঝাপসা বাস্তবতায় তাঁরা যে সত্যিই জাতির শ্রেষ্ঠ সন্তান, ইতিহাসের গৌরবময় অংশ, সে বোধ নিজেরাই হারিয়ে ফেলছেন, মানুষ তো হারাচ্ছেই।
আমাদের এই বাছবিচারহীন ঢালাও প্রবণতা কার্যত একধরনের অবিচার। এতে যে ঔদার্যের প্রকাশ দেখতে পাওয়া যায়, তা আদতে আমাদের মজ্জাগত নির্বিচারি অর্থাৎ অবিচারের মানসিকতারই প্রকাশ ঘটায়। ষাটের দশকে দেখেছি, অনেকেই স্মৃতিচারণা করে বলতেন, বায়ান্নর ভাষা আন্দোলনের সময় স্কুল-কলেজের ছাত্রাবস্থায় তাঁরা মিছিলে গেছেন, স্লোগান দিয়েছেন। তাঁরা নিজেরা এ নিয়ে গর্বিত ছিলেন। কিন্তু ব্যস, এটুকুই। কালের দীর্ঘ ব্যবধানে এখন বায়ান্নর ভাষা আন্দোলনের সঙ্গে কেন্দ্রে বা জেলায় সংগঠক হিসেবে যুক্ত নেতাদের অধিকাংশেরই জীবনাবসান হয়েছে। কিন্তু গণামাধ্যমের মহামারির এ যুগে জাতীয় দিবসগুলোয় তাদের বিভিন্ন ধরনের নায়ক বা সেলিব্রিটির প্রয়োজন হয়। তারা হন্যে হয়ে খোঁজেন এঁদের, একটু ঘাটতি থাকলে কথার ফুলঝুরিতে তাঁরা সেটুকু পূরণ করে নেন। এভাবে নতুন নতুন ভাষাসৈনিকও সৃষ্টি হয়ে চলেছে। ভাষা আন্দোলনের সঙ্গে যোগটুকুকে যদি গালভরা ভাষাসৈনিক পরিচয়ে তুলে ধরা যায়, তবে নিজের মর্যাদা যে বাড়ে, সেটা সবাই বুঝতে পারেন।
ফলে কিছু বছর ধরে দেখছি সারা দেশে ভাষাসৈনিকের ছড়াছড়ি। অথচ আজ বাংলাভাষার চর্চা সবচেয়ে মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, তা মোকাবিলায় এঁদের কাউকে পাওয়া যায় না। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গালভরা অভিধা পেয়েছে, যখন দেশে এমন একটি প্রজন্ম বড় হচ্ছে মাতৃভাষা যাদের বাংলা কি না, সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে। হিন্দি ও ইংরেজির আগ্রাসনের একালে আজ সত্যিই বাংলায় হাজার হাজার সত্যিকারের ভাষাসৈনিকের প্রয়োজন। কিন্তু তাঁদের বড় আকাল আজ।
আমরা আমাদের গৌরবময় অর্জন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধকে স্মৃতি কণ্ডূয়নের বিষয় করে ছেড়েছি। সমাজে যাঁকে পরিচয় করানো হয় বীর মুক্তিযোদ্ধা হিসেবে, তিনি হয়তো কখনো রণাঙ্গনেই যাননি, অস্ত্রও ধরেননি। সমাজে এমন অসংখ্য মানুষ এখনো আছেন, যাঁরা এ ধরনের পরিচয়ের অসারতা কতটা তা ভালোই জানেন।
মানুষের মধ্যে খ্যাতি, প্রতিষ্ঠা, পরিচিতির কাঙালতা কেবলই বাড়ছে। জন্মদিন, নাগরিক সংবর্ধনা, সম্মাননা গ্রন্থ, স্মারকগ্রন্থের জোয়ার চলছে। অমরত্বের সন্ধানী বাঙালি নিজের নামে জীবনকালেই গড়ে তুলছেন নানা প্রতিষ্ঠান, প্রবর্তন করছেন পুরস্কার—এসবের সঙ্গে নিজেদের জীবন ও কাজের সম্পর্ক আছে কি না, সে বিবেচনায় না গিয়েই। অমরত্ব কিংবা সুখ্যাতি ছেলের হাতের মোয়া নয়, টাকার বা ক্ষমতার বিনিময়ে পাওয়া যায় না। শুধু স্মরণ করিয়ে দেব প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক জীবনে তিন শতাধিক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। কোনোটিরই নাম নিজের বাবা-মায়ের নামে রাখেননি। কিন্তু তাঁকে ভোলা শিক্ষিত বাঙালির পক্ষে সম্ভব নয়। সবই সহজলভ্য করে নেওয়া আমাদের স্বভাব হয়ে গেছে, যা কঠিন সাধনা বা নিয়মের মাধ্যমে পেতে হয় তা আমাদের টানে না। তাই বাঙালি প্রতিষ্ঠান গড়তে পারে না, গড়লে দীর্ঘ মেয়াদে চালাতে পারে না, আইন মেনে চলতে চায় না, পদ্ধতির অধীনে থাকতে অনিচ্ছুক, সংবিধানের প্রতি ভ্রুক্ষেপ করে না, প্রতিষ্ঠানের অবক্ষয় দেখে নিশ্চেষ্ট তাকিয়ে। আর ইদানীং শুরু হয়েছে উপস্থিতির জন্যই ক্রেস্ট বিতরণের হিড়িক, যা অর্জন নয়, অকারণ বিতরণ।
ভাবছি, আমরা কবে গা ভাসিয়ে চলার গা-জোয়ারির সহজিয়া পথ থেকে বেরিয়ে আসতে পারব।
আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।