গাইবান্ধা একটি অবহেলিত জেলা। শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-অর্থনীতি-সংস্কৃতি সব পর্যায়ে পিছিয়ে আছে জেলাটি। গাইবান্ধায় গেলে সেই পিছিয়ে পড়াটা বোঝা যায়। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা অর্থনৈতিকভাবে অগ্রসর। এ দুটি উপজেলার মধ্য দিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক চলে গেছে। এ ছাড়া সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার অবস্থা করুণ। বর্ষা মৌসুমে প্রতিবছর নদীভাঙন দেখা যায়। কিন্তু সেই ভাঙনের পাশে বিশেষ সহযোগিতা নিয়ে আসে না সরকার, আসে না বেসরকারি কোনো সংস্থা।
সম্প্রতি গাইবান্ধায় গিয়েছিলাম। গাইবান্ধা যাওয়ার পথে তুলসীঘাট নামক একটি স্থান পার হতে হয়। কয়েকজনকে জিজ্ঞাসা করলাম তুলসীঘাট কোন নদীর তীরে। সবাই বলছে এখানে একসময় নদী ছিল, এখন কোনো নদী নেই। গাইবান্ধা শহরে প্রবেশের সময়ই বোঝা যাচ্ছিল সড়কগুলোর অবস্থা বেহাল। সড়কগুলো পরিচ্ছন্নও নয়। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয় সড়কের অনেক স্থানে।
সন্ধ্যায় গিয়েছিলাম গাইবান্ধা রেলস্টেশনে। ‘পদ্মরাগ’ নামের অপেক্ষমাণ একটি ট্রেন লালমনিরহাট থেকে সান্তাহারে যাবে। নির্ধারিত সময়ের চেয়ে আড়াই ঘণ্টা দেরিতে এসেছে। দাঁড়িয়ে থাকতেই ‘করতোয়া’ নামের আরেকটি ট্রেন আসে। সেই ট্রেনটিরও প্রায় দেড় ঘণ্টা বিলম্ব। ২০ বছর থেকে চা বিক্রি করেন, এমন একজন বয়স্ক চা বিক্রেতা ক্ষোভের সঙ্গেই বলছিলেন, ‘কোনো দিন কোনো ট্রেন এখানে ঠিক সময়ে আসতে দেখিনি।’ ‘পদ্মরাগ’ ট্রেনের একজন সহকারী টিকিট চেকার বলছিলেন, ‘সান্তাহার থেকে লালমনিরহাট পর্যন্ত অনেকগুলো স্টেশনে কোনো স্টেশনমাস্টার নেই।’ একজন যাত্রী যাবেন পীরগাছায়। তিনি বললেন, ‘ট্রেনের নির্ধারিত সময়েরও আধা ঘণ্টা পর আমরা স্টেশনে আসি, না হলে বেশি আগে আসা হয়।’
>গাইবান্ধার আর্থসামাজিক পশ্চাৎপদতার কথা উল্লেখ করে একজন বললেন, এখানে বাল্যবিবাহ ও যৌতুকের প্রবণতা বেশি। বিশেষ করে, নিম্ন আয়ের পরিবারের মেয়েদের বিয়ের ক্ষেত্রেও যৌতুক অনিবার্য হয়ে পড়েছে
গাইবান্ধা থেকে ব্রহ্মপুত্রের তীরে বালাসিঘাট যাওয়ার পথেই আলাই নদ। তার পরেই ফুলছড়ি উপজেলার মদনের পাড়া গ্রামে ফ্রেন্ডশিপ সেন্টার নামের একটি বেসরকারি সংস্থা। সংস্থাটির অবকাঠামো নান্দনিকতার নিরিখে পরিবেশবান্ধব বিবেচনায় এ বছর আগা খান অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। কাশেফ মাহমুদ চৌধুরী এ স্থাপনার স্থপতি। আট বিঘা জমির ওপর গড়ে ওঠা ৩৩ হাজার বর্গফুটের একটি স্থাপনা করা হয়েছে। বগুড়ার মহাস্থানগড় বৌদ্ধবিহারের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আদলে এই ভবনের নকশা করা হয়েছে। সমতল ভূমি থেকে ১১ ফুট মাটির নিচে এ ভবনটি নির্মিত। স্থাপত্য সৌন্দর্য দেখে মনে হলো, এ স্থাপনা সবারই ভালো লাগবে।
বালাসিঘাটে যেতেই ঘাটে বাঁধা অনেকগুলো নৌকা চোখে পড়ল। নৌকাগুলো জামালপুরের দেওয়ানগঞ্জ, কুড়িগ্রামের রৌমারী, রাজিবপুরে যাচ্ছে। দেওয়ানগেঞ্জ যাচ্ছেন অনেকে। ওই পথে ঢাকা যাওয়া সহজ তাই। সেখানে ভেলু নামের এক বৃদ্ধের সঙ্গে কথা হলো। তিনি বলছিলেন, ‘১০ বছর আগে এখানে লঞ্চ চলত। এখন আর চলে না।’ বালাসিঘাট থেকে নদীর অন্য পারে আসামের পাহাড় দেখা যাচ্ছিল। বালাসিঘাট থেকে যদি একটি সেতু করে দেওয়ানগঞ্জের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়, তাহলে গাইবান্ধা তথা সম্পূর্ণ রংপুরের আর্থসামাজিক অবস্থা বদলে যাবে। এক যমুনা সেতুই বদলে দিয়েছে সম্পূর্ণ উত্তরাঞ্চলের জীবনচিত্র। এখন এই সেতু হলে রেল ও স্থলপথে ঢাকার সঙ্গে রংপুরের দূরত্ব হবে মাত্র চার ঘণ্টার। বর্তমানে রংপুর থেকে ঢাকার দূরত্ব ৭ থেকে ১০ ঘণ্টার। দিনে গিয়ে দিনে ঢাকা থেকে যাওয়া-আসা সম্ভব হলে রংপুর অঞ্চলেই অনেক শিল্পকারখানা গড়ে উঠবে, জানালেন স্থানীয় কয়েকজন।
ছোট্ট শহরের প্রাণকেন্দ্রেই একটি পৌর পার্ক। পৌর পার্কটির মাঝখানে পুকুর। অনেকেই সেখানে বেড়াতে আসেন। পার্ক-সংলগ্ন পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব। গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয় ১৯০৭ সালে। অনেক প্রাচীন বই-পুস্তক সেখানে আছে। দুঃখজনক যে, সেখানে পাঠকসংখ্যা কমতে কমতে এখন শূন্যের কোঠায়। কিছু পাঠক আসেন শুধু দৈনিক খবরের কাগজ পড়তে। অনেকগুলো শেলফ তালাবদ্ধ। অনেক তাকের বই উইপোকায় খাচ্ছে। অনেক দুর্লভ বই সেখানে রয়েছে, যেগুলোর দ্রুত যত্ন না নিলে নষ্ট হবে। পদাধিকারবলে জেলা প্রশাসক এই গ্রন্থাগারের সভাপতি, পুলিশ সুপার সহসভাপতি, মেয়রও সহসভাপতি। লাইব্রেরি অ্যান্ড ক্লাবের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের কাছে জানলাম, লাইব্রেরির ছোট ছোট কক্ষের কোনোটি পাঠকদের আলোচনার জন্য, কোনোটি ক্লাবের জন্য। ছোট কক্ষগুলোতে উঁকি দিয়ে দেখলাম কয়েকজন করে মিলে তাস খেলছেন। পাঠাগারে পাঠকের সংখ্যা কমলেও তাস খেলোয়াড়ের সংখ্যা কমেনি। জেলা প্রশাসক-পুলিশ সুপার-মেয়র তিন কর্তাব্যক্তি যে প্রতিষ্ঠানের পদাধিকারবলে দায়িত্বপ্রাপ্ত, সে রকম একটি গ্রন্থাগারের এমন দশা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
গাইবান্ধার আর্থসামাজিক পশ্চাৎপদতার কথা উল্লেখ করে একজন বললেন, এখানে বাল্যবিবাহ ও যৌতুকের প্রবণতা বেশি। বিশেষ করে, নিম্ন আয়ের পরিবারের মেয়েদের বিয়ের ক্ষেত্রেও যৌতুক অনিবার্য হয়ে পড়েছে। এলাকার সাংস্কৃতিক তৎপরতাও কম। উদীচী ও দু-একটি সংগঠন ছাড়া অন্যদের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই বললেই চলে। উদীচীর সভাপতি জহুরুল কাইয়ুম সাংস্কৃতিক কর্মকাণ্ডের বন্ধ্যত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সাংস্কৃতিক জোটের বিভাজনের কারণে সংস্কৃতিচর্চা ব্যাহত হচ্ছে। স্থানীয়ভাবে শিল্প-সাহিত্যের চর্চাও সীমিত।’
রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডও ঝিমিয়ে পড়েছে। বাম দলগুলোর মধ্যে কিছু কর্মসূচি থাকলেও অন্য দলগুলোর মধ্যে কর্মসূচি নেই। আওয়ামী লীগ দিবসভিত্তিক অনুষ্ঠানগুলোর আয়োজন করে থাকে। জাতীয় পার্টির অবস্থা শোচনীয়। বিএনপিও অনেকটা নিষ্ক্রিয়।
সব পর্যায়ে পিছিয়ে থাকা একটি জেলার উন্নয়নের জন্য সরকারের বিশেষ উদ্যোগ জরুরি।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
[email protected]