পোরবন্দর। পশ্চিম ভারতে আরব সাগরের তীরে একটি সমুদ্রবন্দর। মহাভারতের সুদামাপুরী ছিল এই পোরবন্দর। কথিত আছে, ভগবান শ্রীকৃষ্ণের বাল্যসখা সুদামার বাস ছিল এখানে। আজ পোরবন্দর আধুনিক একটি সমুদ্রবন্দর। প্রচুর নারকেল ফলে এই পোরবন্দরে। শুঁটকির ব্যবসা পোরবন্দরজুড়ে। অতীতকালে ভারতের সঙ্গে পারস্য আর আফ্রিকার বাণিজ্যিক লেনদেনও হতো এই পোরবন্দর দিয়ে।পোরবন্দর শহরেই জন্ম নিয়েছিলেন ভারতের জাতির জনক, ব্রিটিশবিরোধী আন্দোলনের মহান নেতা মহাত্মা গান্ধী। তাঁর জন্মভিটাকে কেন্দ্র করে আজ প্রভূত উন্নতি সাধিত হয়েছে এই পোরবন্দরের। সুন্দর, ঝকঝকে শহর। বিমানবন্দরও বর্তমান।কলকাতা থেকে দীর্ঘ দুই হাজার ৫৫১ কিলোমিটার পথ পেরিয়ে আমরা ট্রেনযোগে পৌঁছলাম পোরবন্দরে। এই পথ পেরোতে আমাদের অতিক্রম করতে হয় ভারতের ওডিশা, ঝাড়খন্ড, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। সবশেষে গুজরাট রাজ্য। সময় লেগেছে ৪৪ ঘণ্টা।১৮৬৯ সালের ২ অক্টোবর মহাত্মা গান্ধী জন্মেছিলেন এই পোরবন্দরে, তাঁর পিত্রালয়ে। ইতিহাসের সাক্ষী সেই ঐতিহাসিক বাড়িটি অক্ষত রেখেছে ভারত সরকার। বাড়িটির নাম হয়েছে ‘কীর্তি মন্দির’। প্রতিদিন হাজারো মানুষ আসে এই বাড়িটি দেখতে। গান্ধীর জন্মভিটা দর্শনের জন্য সপ্তাহের সাত দিনই খোলা পর্যটকদের জন্য। কোনো প্রবেশমূল্য নেই। বাড়ির সামনের সড়কের নাম দেওয়া হয়েছে মহাত্মা গান্ধী সড়ক। পোরবন্দরে এখনো পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রে রয়েছে মহাত্মা গান্ধীর এই স্মৃতিধন্য জন্মভিটা। মহাত্মার জন্মভিটার মূল বাড়িকে অক্ষত রেখেই বাড়ির সামনে তৈরি হয়েছে নতুন ভবন। সংগ্রহশালা। এই নতুন ভবনটি গড়া হয়েছে একটি মন্দিরের ধাঁচে।১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীজি ভারতের রাজধানী নয়াদিল্লিতে আততায়ী নাথুরাম গডসের গুলিতে নিহত হন। তখন গান্ধীজির বয়স ৭৯ বছর। গান্ধীজির বয়সকে সামনে রেখেই ১৯৫০ সালে শিল্পপতি নানজি কালিদাস গড়েন এই ‘কীর্তি মন্দির’। এই মন্দির বা ভবনের উচ্চতা ৭৯ ফুট। প্রতিদিন গান্ধীজির স্মরণে এখানে জ্বালানো হয় ৭৯টি আলো। নতুন ভবনের দেয়ালে দেয়ালে উৎকীর্ণ আছে গান্ধীজির বাণী। ত্রিতল ভবনটিতে রয়েছে গান্ধীজির ব্যবহূত নানা পোশাক-পরিচ্ছদ, জিনিসপত্র নিয়ে গড়া একটি সংগ্রহশালা, গ্রন্থাগার, চরকাঘর, ছোটদের স্কুল, উপাসনার গৃহ ইত্যাদি। পোরবন্দরে আরও রয়েছে ভারত মন্দির, নেহরু প্লানেটরিয়াম ও সুদামা প্রসাদ।আমরা পোরবন্দরে নেমে একটি স্কুটার ভাড়া করে গেলাম গান্ধীজির বাড়ির দিকে। তখন বেলা ১১টা। গান্ধীজির বাড়ির কিছুটা আগে স্কুটার থামিয়ে আমাদের নামিয়ে দিল ড্রাইভার। তখন আমরা মহাত্মা গান্ধী রোডে। আমরা মহাত্মা গান্ধী সড়ক ধরে হাঁটছি। ইংরেজি বা হিন্দি কোনো সাইনবোর্ড চোখে পড়ল না। বাংলার তো প্রশ্নই নেই। সবই গুজরাটি ভাষায়। বুঝতে পারছিলাম না, এটা মহাত্মা গান্ধী সড়ক কি না। আমাদের স্কুটার ড্রাইভারও গুজরাটি ভাষা ছাড়া অন্য ভাষা জানে না। তবে পোরবন্দরে হিন্দি ভাষার প্রচলন রয়েছে। স্কুটার ড্রাইভারকে হিন্দিতে আকারে-ইঙ্গিতে বোঝালে হয়তো সে বুঝতে পারত।আমরা গান্ধীজির বাড়ির সামনে উপস্থিত হলাম। মূল দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। পাশে জুতা রেখে সামনের দিক এগোলাম। সামনে তখন দাঁড়িয়ে হলুদ ও মেরুন রঙের সুউচ্চ কীর্তি মন্দির। এই নতুন ভবনেই গড়ে উঠেছে গান্ধীজির সংগ্রহশালা। সামনেই মহাত্মা গান্ধী ও তাঁর সহধর্মিণী কস্তুরীবার বিশাল ছবি। ভবনের বাঁ দিকে গেলে চোখে পড়ে ছোট্ট একটি দরজা। ওই দরজা দিয়েই ঢুকতে হয় গান্ধীজির মূল বাসভবনে। দরজার সামনে সাইনবোর্ডে লেখা ‘বার্থ প্লেস অব মহাত্মা গান্ধী’। সামনে এগোলেই আরেকটি সাইনবোর্ড—গান্ধীজির আঁতুড়ঘর। পুরোনো বাড়ি। উচ্চতা মাত্র সাত ফুট। ঘরটিও ১২-১৩ ফুট লম্বা আর সাত-আট ফুট চওড়া। দেয়ালে গান্ধীজির একটি তেলচিত্র। চরকায় সুতো কাটছেন। সেদিন ছিল রোববার। বিপুল মানুষের ভিড়। ত্রিতল ভবনের এক তলা থেকে অন্য তলায় ওঠার জন্য ছিল কাঠের সিঁড়ি। প্রতিটা সিঁড়ির ওপরে মোটা দড়ি ঝোলানো। হাতল নেই। ওই দড়ি ধরেই উঠতে হয় পর্যটকদের। গান্ধীজির বাবা মোহনচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দর এস্টেটের দেওয়ান। গান্ধীজির মায়ের নাম ছিল পুতলীবাই। পুতলীবাই ছিলেন মোহনচাঁদ গান্ধীর চতুর্থ স্ত্রী। প্রথম তিন স্ত্রী সন্তান প্রসবের সময় মারা যান। তখন পোরবন্দরও ছিল ব্রিটিশ ইন্ডিয়ার ছোট্ট একটি রাজকীয় এস্টেট। গান্ধীজি ছিলেন পুতলীবাইয়ের চতুর্থ সন্তান। আমরা গান্ধীজির আঁতুড়ঘর দেখে একে একে দ্বিতল ও ত্রিতলের গান্ধীজির পড়ার ঘর, শোবার ঘর, রান্নাঘর ইত্যাদি দেখলাম। গান্ধীজির জন্মভিটা দেখে মূল ভবনের সামনে চলে এলাম। এবার এক এক করে দেখা হলো গান্ধীজির সংগ্রহশালা, গ্রন্থাগার, চরকাঘর, প্রার্থনাঘর ইত্যাদি। নতুন ভবনে গান্ধীর সংগ্রহশালা নির্মাণ করা হয়েছে। প্রচুর স্মারক রয়েছে এই সংগ্রহশালায়। গ্রন্থাগারে রয়েছে প্রচুর বই, সেকালের পত্রপত্রিকা, নানা ছবি। জন্মভিটা দেখে ফিরলাম সেই বাসস্ট্যান্ডে। অটোরিকশা নিয়ে একটি রেস্তোরাঁয় ঢুকে গুজরাটি খাবার খেয়ে আবার রওনা দিলাম গুজরাটের রাজধানী আহমেদাবাদের দিকে, ট্রেনে। গন্তব্য: আহমেদাবাদের গান্ধীজির স্মৃতিধন্য সবরমতী আশ্রম।অমর সাহাকলকাতা