গায়েবি লেনদেন ও স্বীকৃত বিল বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মাধ্যম ঋণপত্র বা (লেটার অব ক্রেডিট) এলসির নীতিমালার একটি হচ্ছে, ‘ব্যাংকস ডিল উইথ ডকুমেন্টস অ্যান্ড নট উইথ গুডস, সার্ভিসেস অর পারফরম্যান্স টু হুইচ দ্য ডকুমেন্টস মে রিলেট’ (ব্যাংক কেবল ডকুমেন্ট নিয়ে কারবার করবে, সেই ডকুমেন্টের সঙ্গে সম্পর্কিত পণ্য, সেবা কিংবা ক্রিয়াকর্ম নিয়ে নয়)। বিশ্বব্যাপী ব্যাংকগুলোর স্থাপিত ঋণপত্র এবং তার মাধ্যমে সংঘটিত আন্তর্জাতিক বাণিজ্য যে বাইবেল দিয়ে পরিচালিত হয়, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) প্রণীত সেই দলিলটির নাম ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট (ইউসিপিডিসি), সংক্ষেপে যা ইউসিপি নামে পরিচিত। একসময় বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক সংস্থা ঋণপত্রের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনের জন্য যে নীতিমালা প্রণয়ন করেছিল, ১৯৩৩ সাল থেকে আইসিসি সেই দলিলটি সম্পাদনা ও প্রমিতকরণ এবং সময়ে সময়ে পরিমার্জনা করে কয়েক বছর অন্তর নতুনতর সংস্করণ প্রকাশ করে আসছে। ২০০৭ সালের ১ জুলাই থেকে কার্যকর বর্তমানে চালু সংস্করণটি ‘ইউসিপি ৬০০’। এটির পঞ্চম অনুচ্ছেদের ওপর উদ্ধৃত ধারাটির ব্যাখ্যা হচ্ছে, আমদানিকারকের পক্ষে স্থাপিত ঋণপত্রের বিপরীতে যেসব প্রামাণিক কাগজপত্র (ডকুমেন্ট) তৈরি হয়, উভয়পক্ষের ব্যাংক কেবল সেসব ডকুমেন্টের সত্যতা সাপেক্ষে সেগুলো নিয়েই কাজ করবে, ঋণপত্রে উল্লিখিত সঠিক পণ্য বা সেবা বাস্তব ক্ষেত্রে স্থানান্তরিত হয়েছে কি না, তা দেখার দায়িত্ব ব্যাংকের নয়। ইউসিপির এই ধারাটির অধীনে ব্যাংকগুলো এত দিন নিশ্চিন্তে লেনদেন করে আসছিল, কারণ কেবল ডকুমেন্টের সত্যতার ওপর নির্ভর করেই সামাধা হয় ঋণপত্রের অধীনে যাবতীয় লেনদেন।কিন্তু গত বছর হল-মার্ক কেলেঙ্কারি উদ্ঘাটিত হওয়ার পর আমাদের দেশের ব্যাংকগুলো নড়েচড়ে বসে। কারণ, দেখা যায় কেবল ডকুমেন্টের ওপর নির্ভর করে ঋণপত্রের অধীনে স্বীকৃত বিলের বিপরীতে যে মূল্য পরিশোধ করা হয়েছে, সেখানে কোনো পণ্যের লেনদেন আদৌ সংঘটিত হয়নি। এসব গায়েবি লেনদেনের বিপরীতে সোনালী ব্যাংকের যেসব স্বীকৃত বিল জাল নয় বলে প্রমাণিত হয়েছে, সেগুলোর বিপরীতেও যখন ব্যাংকটি মূল্য পরিশোধ করতে অস্বীকার করে বা ব্যর্থ হয়, তখন আর ইউসিপির এ ধারাটি ব্যাংকগুলোর জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা করতে পারে না। ফলে দেশের বৃহত্তম সরকারি ব্যাংকটির অকৃত্রিম এবং স্বীকৃত বিলের বিপরীতে বিভিন্ন ব্যাংকের দেওয়া বিপুল পরিমাণ ঋণ বকেয়া থেকে যায়। এমন একটা পরিস্থিতির মুখে ব্যাংকটির স্বীকৃত বিল পরিশোধে কোনো কার্যকর ব্যবস্থা করতে না পারলেও কেন্দ্রীয় ব্যাংক জুলাই ২০১২ সালে ইউসিপির সেই স্বস্তিদায়ক ধারাটির সাংঘর্ষিক এক বিধি জারি করে। এ বিধিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে প্রকৃত ব্যবসায়িক লেনদেন না থাকা সত্ত্বেও স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় খোলা ঋণপত্রের বিপরীতে অ্যাকোমোডেশন বিল প্রস্তুতের মাধ্যমে ব্যাংক থেকে তহবিল সংগ্রহের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।’ তারপর বলা হয়, ‘স্থানীয় কিংবা বৈদেশিক মুদ্রায় ঋণপত্রের বিপরীতে স্বীকৃতি প্রদানের পূর্বে ক্রয়কৃত মালামালের প্রকৃত সরবরাহ সরেজমিন যাচাই ব্যতিরেকে কোনো স্বীকৃতি প্রদান কিংবা মূল্য পরিশোধ করা যাবে না।’অ্যাকোমোডেশন বিল বলতে সেসব বিলকে বোঝায়, যা পণ্যের লেনদেন না ঘটিয়েও স্বাভাবিক পন্থায় ঋণ গ্রহণে অযোগ্য সাজানো কোনো বিক্রেতা পক্ষকে আর্থিক সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয় এবং কোনো গ্রহণযোগ্য পক্ষ (ব্যাংক) কর্তৃক সেই বিলকে সত্যায়ন এবং স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সেটি ক্রয়ের নামে ঋণ প্রদানের পথ সুগম করা হয়। সাধারণত কোনো সত্যিকার পণ্য লেনদেনের বিপরীতে এ রকম বিল তৈরি এবং তার বিপরীতে ঋণসুবিধা প্রদান বিধিসম্মত এবং বিশ্বব্যাপী স্বীকৃত, যাকে ব্যাংকিং পরিভাষায় বলা হয় ট্রেড বিল। পক্ষান্তরে অ্যাকোমোডেশন বিলকে কথ্য ইংরেজিতে কাইট (ঘুড়ি) বিলও বলা হয়। এ-জাতীয় বাস্তব ভিত্তিহীন বিল হাওয়ায় ভাসমান বলেই হয়তো এই ইংরেজি শব্দটি এখানে ব্যবহূত হয়। গায়েবি লেনদেনের বিপরীতে বিল ক্রয়ের মাধ্যমে ঋণসুবিধা দেওয়াকে এ কারণেই কাইটিং বলে অভিহিত করে থাকেন অনেক ব্যাংকার। এ-জাতীয় বিলের পেছনে কোনো বাস্তব লেনদেন সংঘটিত হয় না বলে সংগত কারণেই অ্যাকোমোডেশন বিলের কোনো আইনগত ভিত্তি নেই। লক্ষণীয়, প্রকৃত ব্যবসায়িক লেনদেন অর্থাৎ স্থানীয় ঋণপত্রের অধীনে কোনো পণ্য সরবরাহ না করেও তার বিপরীতে অ্যাকোমোডেশন বিল প্রস্তুতের মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করে নেওয়ার প্রবণতা যে বৃদ্ধি পেয়েছে, সে সত্যটি স্বীকার করা হয়েছে উপরিউক্ত সার্কুলারে। প্রকৃতপক্ষে ইউসিপি ৬০০-এর পঞ্চম অনুচ্ছেদের আড়ালে অবস্থান নিয়েও এ কর্মের দায় ব্যাংকগুলো এড়াতে পারে না। কারণ, যে ব্যাংক বিলের স্বীকৃতি বা গ্রহণযোগ্যতা নিশ্চিত করে তাদের শাস্ত্রীয়ভাবে বলা হয় অ্যাকোমোডেশন পক্ষ। উপরন্তু কোনো একটি বিলের পেছনে সেই বিলে উল্লিখিত পণ্যের প্রকৃত লেনদেন ঘটা বাধ্যতামূলক। তার ব্যত্যয় ঘটলেই সেটি পরিণত হয় ভুয়া বা অ্যাকোমোডেশন বিলে। অবশেষে উপরোল্লিখিত সার্কুলারের মাধ্যমে বিষয়টির একটি আপাত সুরাহা করে আমাদের কেন্দ্রীয় ব্যাংক দায়িত্বশীলতার পরিচয় দেয়।উল্লেখ্য, ভারতে একসময় অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে স্বীকৃত বিল ক্রয়ের সুযোগ এত অবারিত ছিল যে, বিল ক্রয়ের জন্য ২০০২ সালের আগ পর্যন্ত এমনকি বিল ক্রেতা ব্যাংকে পণ্যবিক্রেতা কোম্পানির কোনো অ্যাকাউন্ট খোলারও বাধ্যবাধকতা ছিল না। পরবর্তী সময়ে এ সুযোগের অপব্যবহারের দৌরাত্ম্য বেড়ে গেলে ভারতীয় রিজার্ভ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারির মাধ্যমে এ রকম অবাধ সুবিধা কিছুটা খর্ব করার পাশাপাশি অ্যাকোমোডেশন বিলের বিষয়ে ব্যাংকগুলোর ওপর কঠোর নজরদারি আরোপ করে।বাংলাদেশ ব্যাংকের জারিকৃত এ বিধিটির শেষোক্ত বিষয়ে (ক্রয়কৃত মালামালের প্রকৃত সরবরাহ সরেজমিন যাচাই) ধ্রুপদি ধারার ব্যাংকারদের প্রবল আপত্তি, ইউসিপির সঙ্গে সাংঘর্ষিক হওয়া, এমনকি তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন শিল্পের উৎপাদন প্রক্রিয়ার প্রকৃত লেনদেনের ক্ষেত্রে এ রেওয়াজটি অতিপ্রয়োজনীয় হওয়া সত্ত্বেও এটি কার্যকর করার বিষয়ে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান অনড়। কারণ, তলিয়ে দেখলে বোঝা যায়, ইউসিপি ৬০০-এর পঞ্চম অনুচ্ছেদের ধারাটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য যতখানি কার্যকরভাবে প্রযোজ্য, অভ্যন্তরীণ বাণিজ্যে ততখানি নয়।এখানে একটা কথা প্রণিধানযোগ্য, ইউসিপি যে আন্তর্জাতিক সেবা ও পণ্য লেনদেন এবং তার বিপরীতে মূল্য পরিশোধের বিধানাবলি ধারণ করে, সেখানে প্রকৃত পণ্য স্থানান্তরের বিষয়ে ব্যাংকগুলোকে জড়ানোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও সেই প্রক্রিয়ার ওপর নজরদারি যে আদৌ উপেক্ষা করা হয়, তা নয়। কারণ, আন্তর্জাতিক বাণিজ্যে ন্যূনপক্ষে যে দুটি দেশ জড়িত, সেই দুই দেশের একাধিক সংস্থা ও প্রতিষ্ঠান বাণিজ্যভুক্ত পণ্য পরিবহন, দেশান্তরের প্রক্রিয়া এবং পর্যায়গুলো তত্ত্বাবধান এবং নিশ্চিত করে। আইসিসি প্রণীত দলিল ইউসিপি এ দেশান্তর প্রক্রিয়ায় পারস্পরিক সম্পর্কবিহীন বিভিন্ন কর্তৃপক্ষ কর্তৃক উৎসারিত দলিলগুলোর বৈধতাদান করে। এসব কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান পরিচালিত হয় তাদের নিজ নিজ আইনের আওতায়। যেমন বিল অব লেডিং ইস্যুকারী শিপিং কোম্পানি, সার্টিফিকেট অব অরিজিন প্রদানকারী চেম্বার অব কমার্স, ইনস্যুরেন্স কভার নোট প্রস্তুতকারী ইনস্যুরেন্স কোম্পানি, প্রাক-জাহাজীকরণ রিপোর্ট প্রদানকারী আন্তর্জাতিক পরিদর্শন কোম্পানি এবং এলসিতে যাচিত বিভিন্ন সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ। সর্বোপরি ঋণপত্রের অধীনে মূল্য পরিশোধের বিপরীতে প্রকৃতপক্ষে পণ্য আমদানিকারকের দেশে প্রবেশ করেছে কি না, সেটি নিশ্চিত করার জন্য থাকে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত বিল অব এন্ট্রির মতো আমদানি-উত্তর প্রামাণিক দলিল। পক্ষান্তরে একই দেশের ভেতর ক্রয়-বিক্রয়ে এ রকম বহুজাতিক (অন্ততপক্ষে দ্বিজাতিক) কর্তৃপক্ষের তত্ত্বাবধান ও নজরদারিতে পণ্য পরিবহন কিংবা স্থানান্তরের বিষয়ে কোনো বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য প্রামাণ্য দলিল তৈরি হয় না। শুধু এ যুক্তিতে একই দেশের ভেতর অভ্যন্তরীণ ঋণপত্রের মাধ্যমে সংঘটিত ক্রয়-বিক্রয়ের বেলায় ইউসিপির সব ধারা কার্যকারিতা নির্বিশেষে প্রযোজ্য হওয়া উচিত নয়। কারণ, আজ সোনালী ব্যাংক কিংবা অন্যান্য ব্যাংক (বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো) যে তাদের অভ্যন্তরীণ ঋণপত্রের অধীনে তাদেরই স্বীকৃত বিলের বিপরীতে সঠিক সময়ে মূল্য প্রদান করে না কিংবা আদৌ করেই না, তার জন্য আমরা আইসিসির শরণাপন্ন হতে পারি না (এমনকি কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হলেও ফলোদয় হয় না)। এখানে একটা কথা স্বীকার করতে হবে যে ইউসিপির অধীনে সংঘটিত আন্তর্জাতিক বাণিজ্যে অধিকাংশ ক্ষেত্রে মূল্য পরিশোধ করা হয় নির্ধারিত পণ্য আমদানিকারকের কাছে এমনকি দেশে পৌঁছার আগেই, যদি না ঋণপত্রটি পরবর্তী সময়ে পরিশোধযোগ্য (ইউজেন্স) হয়। দুটি দেশের দূরত্ব এবং পরিবহন সময়ের দীর্ঘতার কারণেই পণ্য সরবরাহ নিশ্চিতকরণে ব্যাংককে না জড়িয়ে তাৎক্ষণিক (সাইট) মূল্য পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমাদের দেশের ভেতরে পণ্য বুঝে পাওয়ার পরই মূল্য পরিশোধ সম্ভব এবং সংগত। তবে বাকিতে অর্থাৎ পরবর্তী সময়ে মূল্য পরিশোধযোগ্য লেনদেনের ক্ষেত্রে প্রকৃত পণ্য হস্তান্তর হয়েছে কি না, তা যাচাই না করে বিলে স্বীকৃতি দিলে সেখানে অ্যাকোমোডেশনের মতো অবৈধ লেনদেন ঘটা স্বাভাবিক। আবার প্রকৃত পণ্য স্থানান্তর হয়েছে কি না, তা যাচাই করার দায়িত্ব ব্যাংকের ওপর ন্যস্ত করলে তার অপপ্রয়োগ এবং দুর্ঘটনা ঘটবে নিশ্চিত। কারণ, ব্যাংকের কর্মকর্তারা এ কাজটিতে অভিজ্ঞ বা দক্ষ নন।অতএব, অ্যাকোমোডেশন বিলের দৌরাত্ম্য এড়াতে ও প্রকৃত বাণিজ্যিক লেনদেন সমুন্নত রাখার স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, এফবিসিসিআই এবং অন্যান্য সংস্থা ও বিশেষজ্ঞের পরামর্শ এবং সম্পৃক্ততায় ইউসিপি ৬০০-এর পঞ্চম এবং অন্যান্য অকার্যকর অনুচ্ছেদের বিকল্প, কার্যকর এবং জটিলতামুক্ত একটি স্থায়ী প্রক্রিয়া ও বিধান উদ্ভাবন করা উচিত, যাতে মাথাব্যথা সারাতে মাথা কেটে ফেলার মতো কিছু করতে না হয়। ফারুক মঈনউদ্দীন: লেখক ও ব্যাংকার। [email protected]