বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের নামে দেশব্যাপী ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশে খুদে ফুটবলার তৈরির ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। শুধু রাজধানী নয়, জেলা, উপজেলা এমনকি গ্রাম পর্যায়েও এই টুর্নামেন্ট এখন আলোচনার শীর্ষে। প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে এটি একটি সঠিক ও সময়োপযোগী প্রচেষ্টা বলে আমি মনে করি। এই প্রচেষ্টায় যুক্ত হয়েছে দেশের ৬৫ হাজার স্কুল, যার মধ্য থেকে প্রতিবছর ১০ লাখ ছেলে ও ১০ লাখ মেয়ে সরাসরি প্রতিযোগী হিসেবে অংশ নেয়। পৃথিবীর কোথাও খেলোয়াড় তৈরির লক্ষ্যে এমন বিশাল পদক্ষেপের কথা শোনা যায়নি। ফিফাও বলেছে, তাদের জানামতে খুদে খেলোয়াড় তৈরিতে এত বড় কর্মসূচি বিশ্বের কোথাও নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, গিনেস বুকে স্থান পাওয়ার মতো পর্যায়ে পৌঁছে গেছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্ট। আমরা ফিফা এফসিকে বিষয়টি অবহিত করেছি। জানা গেছে, তারা এই বিষয়ে কাজ করছে। আশা করি, আমাদের স্বপ্ন ও প্রত্যাশা শিগগিরই পূরণ হবে।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্ট থেকে এসেছে প্রতিভাধর বহু ফুটবল খেলোয়াড়। একটা উদাহরণ দিই, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের কথা। এই কলসিন্দুর থেকে উঠে এসেছে জাতীয় দলের বেশ কয়েকজন প্রতিভা। এই মেয়েদের গৌরবগাথা ছড়িয়ে আছে সারা দেশের ফুটবলপ্রেমীদের কাছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাফুফে তাদের সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। শুধু কলসিন্দুরে নয়, সারা দেশেই আমাদের এই প্রচেষ্টা ছড়িয়ে আছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্ট আমাদের সেই লক্ষ্যে পৌঁছে দিচ্ছে। আমাদের লক্ষ্য, ফুটবল যুগের সঙ্গে পাল্লা দিয়ে নতুনভাবে এগিয়ে যাক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন দক্ষ ফুটবলার ছিলেন, তা হয়তো অনেকেই জানেন না। চল্লিশের দশকে তরুণ শেখ মুজিব ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে ফুটবল মাঠ মাতিয়েছিলেন। তিনি খেলতেন স্ট্রাইকার পজিশনে। শুধু ফুটবল নয়, ওয়ান্ডারার্সের জার্সি গায়ে ভলিবল ও হকিও খেলেছিলেন তিনি। বঙ্গবন্ধু কেবল খেলাধুলা ভালোবাসতেনই না, খেলাধুলায় উৎসাহও জোগাতেন।
জাতির পিতা ফুটবলার ছিলেন কিন্তু অন্যান্য খেলাধুলায় তার আগ্রহ বা ভালোবাসার কমতি ছিল না। তিনি ফুটবল, ক্রিকেট, হকি, দাবা, কাবাডি, ভলিবল, জুডো-কারাতেসহ সব ধরনের খেলাকে সমানভাবে গুরুত্ব দিতেন। ১৯৭২ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যাত্রাও তাঁর হাত ধরে হয়েছিল। তাঁর অনুপ্রেরণা ও আন্তরিকতায় স্বাধীন বাংলাদেশে ফুটবল মাত্র দুই মাসের ব্যবধানে মাঠে গড়ায়। প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে। ১৯৭২ সালের মে মাসে ঢাকায় খেলতে
আসে কলকাতার মোহনবাগান। ঢাকা একাদশের সঙ্গে সেই খেলায় বঙ্গবন্ধু মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন। ক্রিকেটের প্রতিও তাঁর ছিল অগাধ ভালোবাসা। ১৯৭২ সালে জাতির পিতা ক্রিকেট কন্ট্রোল বোর্ড বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠন করেন। একই বছর ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা, বর্তমানে যা জাতীয় ক্রীড়া পরিষদ প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু ধানমন্ডি ক্লাবেরও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।
জাতির পিতার দেখানো পথকে অনুসরণ করেছিলেন তাঁর দুই ছেলে শেখ কামাল ও শেখ জামাল। শেখ কামালের খেলাধুলায় আগ্রহ ছিল বেশি। ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল—তিন খেলায় তিনি সমান পারদর্শী ছিলেন। ফুটবল আনুষ্ঠানিকভাবে না খেললেও আবাহনীর হয়ে তিনি ক্রিকেট লিগ খেলেছেন, বাস্কেটবল খেলেছেন ঢাকা ওয়ান্ডারার্সের পক্ষে। ১৯৭৩ ও ৭৪ সালে তাঁর নেতৃত্বে ওয়ান্ডারার্স বাস্কেটবল লিগ চ্যাম্পিয়ন হয়। আজকের আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামাল। আমি মনে করি, আজ শেখ কামাল বেঁচে থাকলে ফুটবলকে তিনি অন্য উচ্চতায় নিয়ে যেতে পারতেন। শেখ জামাল ছিলেন ভালো মানের হকি খেলোয়াড়। ফুটবলের প্রতিও তাঁর আগ্রহ ছিল। জামাল ভাই আবাহনী ক্লাব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বঙ্গবন্ধুর পুত্রবধূ (শেখ কামালের স্ত্রী) সুলতানা কামাল বাংলাদেশের শ্রেষ্ঠ অ্যাথলেটদের একজন ছিলেন। ১৯৭৩ সালে তিনি নিখিল ভারতে গ্রামীণ ক্রীড়ায় বাংলাদেশের পক্ষে অংশ নেন। সেবার লং জাম্পে দ্বিতীয় হয়েছিলেন তিনি। ধানমন্ডিতে তাঁর নামে সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স রয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো অধ্যায়ের স্মৃতি এখন শেখ রাসেল। ১০ বছর বয়সী শিশু রাসেলের স্মৃতি ধারণ করে আছে শেখ রাসেল ক্রীড়াচক্র। পাইওনিয়ার, তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ ও প্রথম বিভাগ পার হয়ে শেখ রাসেল ক্রীড়াচক্র এখন প্রিমিয়ার লিগে অন্যতম শক্তিশালী দল।
ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, আমরা সামনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছি। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক পরিচালন দক্ষতা থাকলে খেলাধুলায় অনেক বড় সাফল্য সম্ভব, সেটার প্রমাণ দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আন্তরিকতায় ক্রীড়াঙ্গন এখন শক্তিশালী। বিদেশেও বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ সাফল্য দেখাচ্ছে। ফুটবল-ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনের কয়েকটি ইভেন্টে মেয়েদের দৃপ্ত পদচারণ আমরা লক্ষ করছি। আজ মেয়েদের ক্রিকেট দল, ফুটবল দল গঠন করা হয়েছে, মেয়েরা দেশে-বিদেশে সাফল্য দেখাচ্ছে শত প্রতিকূলতা মোকাবিলা করে। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মেয়েদের বয়সভিত্তিক দল। বর্তমানে ফুটবলে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েরা একটা দৃঢ় অবস্থান করে নিয়েছে। কিছুদিন আগে আমাদের অনূর্ধ্ব-১৪ দলটি নেপালকে পরাজিত করে এএফসির আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়।
কয়েক দিন আগে দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্ট। আমি মনে করি, এই উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি এই ধরনের আরও উদ্যোগ গ্রহণ করা উচিত। বিভিন্ন দিবসভিত্তিক টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে আয়োজন করা যেতে পারে। এই ক্ষেত্রে বাফুফের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি ক্লাবগুলোকেও এগিয়ে আসতে হবে। এতে নতুন মেধাবী ও দক্ষ খেলোয়াড় তৈরি ও বাছাইয়ের সুযোগ সৃষ্টি হতে পারে।
বাদল রায়: বাফুফের সহসভাপতি, সাবেক ফুটবলার ও ডাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক।