
বড় বড় দুটো থার্মোফ্লাস্ক, সেগুলোর গলার কাছে অদ্ভুত কায়দার ঝোলানো ছোট ছোট চারটি কাপ, ছোট একটা বালতি, বড় একটা পানির বোতল, দুটো কাচের গ্লাস, দুটো পলিথিনের প্যাকেটের একটাতে মোয়া, অন্যটাতে বিস্কুট এবং পান-সিগারেটের একটা খোলা বাক্স।
বুধবার বিকেলে ভাদ্রের অস্বাভাবিক ভ্যাপসা গরমে এই সবকিছু নিয়ে ঢাকার এফডিসি এলাকার ফুটপাতে দাঁড়িয়ে বয়স্ক এক মানুষ। ঘামে ধুয়ে যাচ্ছে তাঁর সারা শরীর। সাদা রঙের পাতলা ফতুয়াটা লেপ্টে রয়েছে কালো গায়ে, পোড়াটে-কালো মুখমণ্ডল ঘামে এমনভাবে ভিজে উঠেছে যেন সেদ্ধ হয়ে গেছে। থুতনিতে সামান্য দাড়ি, ঠোঁটের ওপর বিরল মোচ, আর মাথাভরা চুলের সবটাই পাকা—তোষাপাটের মতো লালচে-সাদা রং।
লেখক অপলক চেয়ে ছিল তাঁর দিকে। ব্যবসার এতগুলো সরঞ্জাম বয়ে নিয়ে যারা ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের বয়স সাধারণত কম হয়। এ রকম বুড়ো কোনো মানুষকে লেখক এই কাজে দেখেনি। চোখাচোখি হতেই লোকটা অমায়িক হেসে বলেন, ‘চা খাইবেন?’ লেখক না-সূচক মাথা নেড়ে জিগ্যেস করে, ‘আপনার বয়স কত?’ বৃদ্ধ, ‘সেই হিসাব কি রাখছি’ বলে হাসেন, তারপর সূত্র ধরিয়ে দিতে যোগ করেন, ‘গন্ডগোলের সময় একুশ বচ্ছর আছিল।’
‘গন্ডগোল? মুক্তিযুদ্ধকে আপনি গন্ডগোল বলেন? রাজাকার নাকি?’ লেখকের এই কথা শুনে বৃদ্ধ হাসেন। ডানে-বাঁয়ে মাথা ঝাঁকিয়ে বলেন, ‘রাজাকারেরা মানুষ নাকি?’
‘তাহলে মুক্তিযুদ্ধকে গন্ডগোল বলছেন কেন?’
‘ওইডা হইলো গিয়া আমাগো ভাষা। ভালো ভাষায় কইলে কইতে হয় সংগ্রাম।’
‘আপনি সংগ্রামে যোগ দিয়েছিলেন? যুদ্ধ করেছেন?’
‘যাইতে চাইছিলাম। মা যাইতে দেয় নাই। কয়, যাইস না বাপ, মারা যাবি। হাতে ধইরা কান্দে।’
‘বাড়ি কোথায়?’
‘রাষ্ট্রপতির বাড়ি আছে না? কিশোরগনজো।’
লেখক গল্প জুড়ে দেয়। মোহাম্মদ গিয়াসউদ্দিন কিশোরগঞ্জের কোনো এক গ্রামের কৃষক। ছয় কানি আবাদি জমির মালিক। ছয় কানি মানে কত বিঘা? লেখক জিজ্ঞাসা করে। গিয়াসউদ্দিন বিঘার হিসাব জানেন না। বলেন, ছয় কানি মানে ৬০০ শতাংশ। লেখক হিসাব করে দেখে ১৮ বিঘারও বেশি।
‘আপনার জমি তো কম নয়। গ্রাম ছেড়ে ঢাকায় এসে চা-সিগারেট বিক্রি করছেন কেন?’
গিয়াসউদ্দিন হেসে বলেন, ‘জমি তো সব পানির তলে। গেরামে কাম নাই। বইয়া বইয়া কী করতাম?’
হাওরের জমি এক ফসলি, গিয়াসউদ্দিন লেখককে বুঝিয়ে বলেন, বছরে একবার মাত্র ধান ফলে। আর ধান উঠলে চিনাবাদাম আবাদ করা যায়। এবার তাঁর চিনাবাদাম মার খেয়েছে। ধান ভালো হয়েছিল, কিন্তু দাম এতই কম যে চাষের খরচই ওঠেনি। ধান চাষ করে তাঁকে এবার লোকসান গুনতে হয়েছে।
গিয়াসউদ্দিনের দুই ছেলে, এক মেয়ে। সবাইকে বিয়ে দিয়েছেন। নাতি-নাতনিরা গ্রামের স্কুল–কলেজে লেখাপড়া করে। ছোট ছেলে গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বড় ছেলে এসএসসির বেশি পড়তে পারেনি—গিয়াসউদ্দিন বলেন, বুদ্ধি কম। এই ছেলের পরিবার গ্রামে থাকে। সে ঢাকায় এসে কিছুদিন ধরে মাছের ব্যবসা করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। গিয়াসউদ্দিন হেসে বলেন, ‘বুদ্ধি কম। দ্যাশে ফিরত যাইব গা।’
তেজগাঁও এলাকার বেগুনবাড়িতে দুটো ঘর ভাড়া নিয়ে স্ত্রীর সঙ্গে থাকেন গিয়াসউদ্দিন। ভাড়া সাঁইত্রিশ শ পঞ্চাশ টাকা। প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে স্ত্রী তাঁকে দুটো ফ্লাস্ক ভর্তি চা বানিয়ে দেন। তিনি বেরিয়ে পড়েন তাঁর ব্যবসার সরঞ্জাম নিয়ে। সকাল দশটা পর্যন্ত ঘুরে ঘুরে চা, সিগারেট, পান বিক্রি করেন। তারপর ঘরে ফিরে যান।
‘এত তাড়াতাড়ি?’
‘রেস্ট লইতে হইব না?’
লেখকের হুঁশ হয়: ৬৬ বছর বয়সী গিয়াসউদ্দিনের এটা অবসর জীবন। এই ব্যবসা না করলেও তাঁর চলত সম্ভবত। ঘরে নিজের খেতে নিজের হাতে ফলানো ধান-চাল আছে। ছেলেরা বড় হয়েছে।
কিন্তু সকাল দশটায় তিনি দিনের কাজ পুরোপুরি শেষ করেন না। বিকেলে, আসরের নামাজ পড়ে ব্যবসার লটবহর নিয়ে আবার বের হন পথে। এবার চলে রাত বারোটা পর্যন্ত। ঘরে ফিরতে ফিরতে একটা বেজে যায়। বুড়ি ভাত নিয়ে বসে থাকেন।
‘খুব ভালোবাসে আপনাকে?’
লাজুক বালকের মতো হাসি ফুটে ওঠে ৬৬ বছর বয়সী বৃদ্ধের চোখেমুখে। ‘কী? বাসে?’ লেখকের খোঁচানির জবাবে হাসিটা অটুট রেখেই তিনি বলেন, ‘বাসতো না ক্যারে!’
‘খুব সুখী আপনি, তাই না?’
‘না-সুখের কী আছে?’
‘এই যে গরম, ধুলা, গাড়িঘোড়ার শব্দ, ভিড়ের ঠেলাঠেলি—এসবের মধ্যে এ রকম ভারী দুইটা ফ্লাস্ক, পানির বোতল, বালতি, এই সব বয়ে নিয়ে বেড়াতে আপনার কষ্ট হয় না?’
‘হাত ধইর্যা আইলে থামি। জিরাই, দম লই। অসুবিধা কী? তাড়াহুড়া তো নাই।’
‘আয় কত হয়?’
‘দিনে চার-পাঁচ শ ট্যাকা হয় তো। বেশির দরকার কী?’
ঘরভাড়া আর খাওয়াদাওয়ার খরচ বাদ দিয়ে প্রতি মাসে ছয়-সাত হাজার টাকা জমাতে পারেন গিয়াসউদ্দিন। এর চেয়ে বেশি তাঁর প্রয়োজন নেই। তাঁর গ্রামের তাঁর বয়সী তাঁর মতো আর্থিক সংগতিপূর্ণ পুরুষেরা কেউই ঘরবাড়ি ছেড়ে ঢাকা আসেননি—লেখকের প্রশ্নের উত্তরে জানালেন গিয়াসউদ্দিন। সব জমি যখন পানির নিচে, কোনো কাজকর্ম নেই বলে গোটা গ্রাম দিনমান যখন ঝিমায়, বুড়োরা জরদ্গব হয়ে মৃত্যুর প্রহর গোনেন—গিয়াসউদ্দিন তখন নিজের জন্য উদ্ভাবন করেছেন এই সাময়িক বিকল্প জীবিকা। এসব ভেবে লেখক চমৎকৃত হয়ে জিজ্ঞাসা করে, ‘এই বুদ্ধি আপনার মাথায় এসেছিল কীভাবে?’
গিয়াসউদ্দিন উত্তর দেন না; সরল, নিষ্পাপ হাসিতে চোখমুখ উজ্জ্বল করে লেখককে সমাদর করতে চান: ‘চা খান এক কাপ?’
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]