গুজবের এই রক্তাক্ত বসন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে কেবল শিক্ষার্থীদের আন্দোলনই নয়, গুজবের আক্রমণও মোকাবিলা করতে হচ্ছে। গুজব এখন সরকারিভাবে ঘোষিত জাতীয় ‘শত্রু’। গুজব ছড়ানোর দায়ে ২৮টি ফেসবুক আইডির বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন প্রখ্যাত আলোকচিত্রী এবং দৃক গ্যালারি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহিদুল আলম এবং অভিনেত্রী নওশাবা। কিন্তু ভয় আর মতপ্রকাশের প্রচণ্ড অসুবিধার মধ্যে কোনটা সত্য আর কোনটা গুজব, তা বুঝব কী করে? সরকার যাকে গুজব বলছে, বিশ্বের বাঘা বাঘা অনেক গণমাধ্যম সেসবকে বাংলাদেশের খবর হিসেবে প্রচার করছে। গুজবে বিশৃঙ্খলা বাড়ে তা যেমন ঠিক, তেমনি অনেক সময় মানুষ আশঙ্কা থেকেও গুজবে কান পাতে।

এমন সময়ই গুজবের বসন্ত। সময়ের জ্বলন্ত প্রশ্নগুলোয় সরাসরি হাত দিলে যদি হাত পুড়ে যায়, তাহলে খিড়কি দরজা দিয়ে গুজব পাড়া বেড়াতে বেরোবে। সরকারি প্রেসনোটের মাঝে ফোকর ধরা পড়লে জানবেন, সত্যটা ওই পথেই পগারপার। এমন দিনেই তারে বলা যায়...‘শুনছেন, কী হইসে?’

কোটা সংস্কার আন্দোলনের তুঙ্গেও এক মধ্যরাতে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলার ঘটনায় অনেক গুজব ছড়িয়ে পড়ে। গুজবগুলো সর্বাংশে মিথ্যা ছিল না, সেগুলো আসলে খবরের ভগ্নাংশ। কিন্তু গুজবের সমস্যা হলো তা পূর্ণ সত্যটা জানাতে পারে না। গুজব উত্তর দেয় না, গুজবের লাইসেন্স কেবল প্রশ্ন করার। গুজব অনেক সময় ঘটনা সম্পর্কে সঠিক কৌতূহলটাই প্রকাশ করে। কিন্তু গুজবে ভিত্তি করে সিদ্ধান্ত নিলে ভুল হবেই।

গুজবের তালি তাই এক হাতে বাজে না। সরকার যদি কথা ও কাজে স্বচ্ছ থাকে, জনগণের কাছে সত্যটা প্রকাশ করে, তাহলে গুজবের ডানা গজাতই না। একটি সঠিক খবরই কিন্তু গুজবের ডানা কাটার জন্য যথেষ্ট। গুজব খণ্ডনের দায়িত্ব কিন্তু সরকারের, মিডিয়ার। যখন তারা জনগণের সত্য জানার তৃষ্ণা মেটাতে পারে না, তখন গুজবই তাদের কান ধরে টানে। সবচেয়ে বড় কথা, সরকার কিংবা গণমাধ্যম আস্থা হারালে গুজব ডালপালা ছড়াবেই। এসব গুজবে জনগণের কৌতূহল প্রকাশ পায় মাত্র, ষড়যন্ত্রের মানসিকতা নয়।

গুজব আগে কানে কানে বলা হতো, এখন বলা হয় ফেসবুকে। গুজবে গজব নেমে আসতে পারে, যেমন দেখা গিয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার সময়। আবার গুজব গর্জন হয়ে আন্দোলন ছড়িয়ে দিতে পারে। শাহবাগ গণজাগরণ উসকে দিয়েছিল একটি গুজব, যে যুদ্ধাপরাধীদের বিচারের রায় নিয়ে সরকার আপস করেছে।

হিংসা ও নির্যাতনের উদ্দেশ্যেও গুজব ছড়ানো হয়। ক্ষমতাসীন পক্ষের গুজব কিন্তু নিরীহ না। কোটা সংস্কার আন্দোলনের যে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা নির্যাতিত হচ্ছিল, সেই রাতে ভিসি ভবনে ভয়ংকর হামলা হলো। ওই হামলা কারা করেছিল, তা এখনো জনগণের সামনে অকাট্যভাবে প্রমাণিত হয়নি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গুজবের কায়দায় ‘রাজাকার তত্ত্ব’ শোনালেন, আন্দোলনকারীদের দায় দিলেন কিন্তু কোনো প্রমাণ দিলেন না। ক্ষমতাবানরা যখন গুজব ছড়ান বা বিশ্বাস করেন, তখন তার শিকার হয় নিরীহরা। আর নিরীহ মানুষ যখন গুজবের জের ধরে দরকারি প্রশ্ন করে বা নিরাপত্তা দাবি করে, তখন সরকারের উচিত ছিল সত্য ও নিরাপত্তা দুটাই সরবরাহ করা। তার বদলে আমরা দেখলাম, শক্তিশালীদের গুজবকে সত্য বলা হচ্ছে আর দুর্বলের গুজবকে ষড়যন্ত্র বলে শাস্তি দিতে।

উদ্বিগ্ন জাতি গুজবে কান পাতবেই। গুজব দমনমূলক পরিস্থিতির বাইপ্রোডাক্ট। তা জানায়, দেশে জবাবদিহি নেই, মতপ্রকাশের স্বাধীনতা নেই। সরকারি পানিব্যবস্থা দূষিত হলে মহামারি লাগে, তেমনি প্রতিষ্ঠিত তথ্যব্যবস্থা আস্থা হারালে গুজবের মহামারি আসে। গুজবে কান পাতে তারাই, যারা জানতে পারে না ‘আসলে’ কী ঘটেছে। গুজবের সহজ সমাধান হলো সত্যটা স্বীকার করা, মানুষের জানার অধিকারকে শ্রদ্ধা করা।

মুক্তিযুদ্ধের সময় গুজব জনগণের মিডিয়া হয়ে উঠেছিল। পাকিস্তান বাহিনীর নাস্তানাবুদ হওয়ার মেলা গুজবকে মোকাবিলা করতে পেরেশান হতো হয়েছিল হানাদারদের। সেসব গুজব বাড়িয়েছিল মুক্তিযোদ্ধাদের মনোবল আর ভীত করেছিল হানাদারদের। উত্তরহীনতার পরিবেশে গুজবের পাল্লাই ভারী হয়। তখন তা এমন সব ‘সত্য’ পয়দা করে, যা আর প্রমাণের ধার ধারে না। সত্য তখন জানার বিষয় থাকে না আর, বেছে নেওয়ার বিষয় হয়। গুজবের বাজারে এখন অনেক ‘সত্য’। নিজ নিজ রাজনৈতিক পক্ষ অনুসারে মানুষ পছন্দের ‘সত্য’ বেছে নিচ্ছে।

এমন সময়ে গুজবে ভর করে কিছু না করাই ভালো। মিথ্যাবাদী রাখালের গল্পটা আমরা জানি। বারবার মিথ্যা হুঁশিয়ারি দিয়ে দিয়ে এতই ফালতু হয়ে গিয়েছিল সে যে সত্যিই যখন বাঘ এল, তখন কেউ সাড়া দিল না। বাঘ তাকে খেয়ে ফেলল। গল্পটা বাঘের দিক থেকে পাঠ করলে আরেকটা শিক্ষা মিলবে।

বাঘ সম্প্রদায় তাদের এক বাঘকে দায়িত্ব দিল, গরু-মহিষ এলেই তুমি আমাদের খবর দেবে, আমরা একসঙ্গে খাব। চতুর বাঘ প্রায়ই গরু গরু বলে চেঁচায়। বাঘেরা এসে দেখে সব ভাঁওতা। অবশেষে একদিন সত্যিই গরুর পাল পথ ভুলে বনের পাশে এল। ধূর্ত বাঘ সেদিনও সবাইকে ডাকল; যথারীতি কেউ এল না। এই সুযোগে বাঘটি একাই গরুটিকে সাবাড় করল। গল্পের শিক্ষাটা মূল্যবান। মিথ্যাবাদী হওয়ার সুবিধা কেবল বাঘই, অর্থাৎ ক্ষমতাবানেরাই পায়, রাখাল ও তার গরুরা কেবল শিকারই হয়।

ফারুক ওয়াসিফ: লেখক ও সাংবাদিক।
[email protected]