
সোমবার বিকেল-সন্ধ্যার সন্ধিক্ষণে দিল্লির অশোক রোডে বিজেপির সদর দপ্তরের চারধারের দৃশ্য দেখে সতীপ্রথার কাহিনি মনে পড়ে যাচ্ছিল। স্বামীর জ্বলন্ত চিতায় স্ত্রীকে জবরদস্তি করে তোলার সময় শুরু হতো প্রবল ঢক্কানিনাদ, যাতে সতীর কান্না, তার ভয়ার্ত আর্তনাদ এবং বঁাচার তীব্র আকুতি চাপা পড়ে যায়।
অশোক রোড ঘিরে থাকা সমর্থকদের মাত্রাছাড়া উল্লাস যেন এভাবেই ঢেকে দিচ্ছিল বিজেপির গুজরাটজয়ের দুশ্চিন্তাগুলো। যেভাবে অমিত শাহ পুষ্পবৃষ্টির মধ্যে দলীয় দপ্তরে ঢুকলেন, যে ঢঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয়ী ভাষণ দিলেন, কংগ্রেসের সমালোচনা করলেন, তাতে চাপা পড়ে গেল গুজরাটের প্রকৃত উপাখ্যান। গুজরাট বিজেপিকে খুশি করতে পারেনি।
হিমাচল প্রদেশে বিজেপির জয় রাজ্যের ধারাবাহিকতা রক্ষা করেই। প্রতিবার ভোটেই সেখানে পালাবদল ঘটে। কংগ্রেসের পর এবার তাই ছিল বিজেপির পালা। কিন্তু গুজরাট? টানা ২২ বছর রাজত্ব করা সত্ত্বেও এই ভোটে বিজেপি সেখানে হারতে চাইছিল না। কেননা, নরেন্দ্র মোদি ও অমিত শাহ—দুজনেই গুজরাটের ভূমিপুত্র। দেশ শাসনের ভার যঁাদের হাতে, কী করে তঁারা রাজ্য হারানোর ঝুঁকি নেন? এবারের গুজরাট ভোট তাই ছিল সর্বার্থেই মোদি-শাহ জুটির কাছে ‘প্রেস্টিজ ফাইট’। সেই প্রেস্টিজেই কিনা মোক্ষম ঘা মেরে গেল কংগ্রেস, যাদের হাত থেকে দেশকে মুক্ত করাই তঁাদের কামনা?
সত্য এটাই, ষষ্ঠবারের জন্য জিতে সরকার গড়লেও গুজরাটে বিজেপির নৈতিক পরাজয় ঘটে গেল! সেটা ঢাকতেই জয় উদ্যাপনে এমন উন্মাদনা।
ভোটের আগে দিন সাতেক গুজরাট ঘুরেছি। বিজেপির বিরুদ্ধে অসন্তোষ কতটা, লক্ষ করেছি। নোট বাতিল এবং সারা দেশে অভিন্ন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালু করার জোড়া ধাক্কায় গুজরাটি শিল্পপতি ও ব্যবসায়ীরা কতটা কাহিল, তা বুঝেছি। ফসলের ন্যায্য দাম না পেয়ে রাজ্যের কৃষককুল কতটা বিপন্ন ও অসহায়, তা-ও দেখেছি। পাতিদারদের ক্ষোভের তীব্রতা কী প্রবল, অনুভব করেছি তা। এ সবই যে বিজেপির বিরুদ্ধে যাচ্ছে, গ্রামে-গঞ্জে তা বুঝতে তৃতীয় নেত্রের প্রয়োজন ছিল না। কিন্তু তা সত্ত্বেও বোধের অগম্য কিছু ছিল।
যে প্যাটেল সম্প্রদায় বিজেপির জন্মলগ্ন থেকে তার হয়ে সমর্থনের দঁাড় বেয়ে এসেছে, তারা কি এতটাই বীতশ্রদ্ধ যে প্রিয় দলের বিরুদ্ধে ভোট দেবে? এটা ছিল বোধের অগম্য। প্যাটেলদের মধ্যে যঁারা শিল্প-ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত, প্রধানত সেই ‘লেওয়া’ সম্প্রদায়কে এই প্রশ্নটা করেছি। দক্ষিণ গুজরাটের সুরাটের প্যাটেলরা টেক্সটাইল ও গয়নাশিল্পের মেরুদণ্ড। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তঁারা আমতা আমতা করেছেন। ‘করোয়া’ সম্প্রদায়ের প্যাটেলরা পাতিদার আন্দোলনকে ক্ষুরধার করে তুলেছেন। তঁাদের মতো অতটা পাষাণহৃদয় ‘লেওয়া’ প্যাটেলরা নন।
বিজেপিকে চরম শাস্তি দেওয়ার ব্যাপারে তঁাদের মধ্যে বেজায় কিন্তু কিন্তু ভাব তখনই দেখেছি। বিজেপিকে তরানোর মূলেও এই ‘লেওয়া’ প্যাটেল। মোদির ‘ভাইব্রেন্ট গুজরাটের’ ক্ষীর-ননি তাঁরাই খেয়েছেন। গুজরাটের গ্রাম যেমন কংগ্রেসকে কোল পেতে দিয়েছে; সুরাট, বরোদা ও আহমেদাবাদের মতো বড় শহরগুলো তেমনি বিজেপিকে উজাড় করে দিয়েছে তাদের সমর্থন। এই তিন শহরের ৩৫টি আসনের মধ্যে বিজেপি ছেঁকে তুলেছে ৩২টি। সৌজন্যে সেই চিরায়ত লেওয়া প্যাটেলরা। দুই প্যাটেল প্রকৃত অর্থেই এবারের ভোটে দুই শিবিরের রক্ষাকর্তা। তঁারাই গুজরাটের গ্রাম ও শহরকে দুই শিবিরে ভাগ-বঁাটোয়ারা করে দিয়েছেন।
কংগ্রেস হেরেছে ঠিকই, কিন্তু গুজরাট থেকেই জন্ম নিয়েছেন নতুন রাহুল গান্ধী। কংগ্রেসের নতুন সভাপতি কৃতজ্ঞ থাকবেন সৌরাষ্ট্রের কাছে। রাজ্যের এই অঞ্চলের তিন-চতুর্থাংশ গ্রাম। পাতিদারদের এই ঘঁাটিতে মোট আসনসংখ্যা ৫৬। বিজেপি এই এলাকায় হারিয়েছে ১৩টি আসন, রাজ্যের অন্যত্র বাকি ৩টি। কংগ্রেস বাড়তি ১৯টি আসনের মধ্যে শুধু সৌরাষ্ট্রেই পেয়েছে ১৫টি। বাকি ৪টি রাজ্যের অন্যত্র। বিজেপি ৯টি আসন জিতেছে ২০০ থেকে ৫০০ ভোটের ব্যবধানে। এত অল্প ভোটের ব্যবধানে কংগ্রেস জিতেছে ৪টি আসন। গুজরাটের লড়াই কতটা হাড্ডাহাড্ডি ছিল, এ থেকেই বোঝা যায়। বিজেপি জিতেছে, কিন্তু কংগ্রেসও জিততে পারত। কংগ্রেসের হাসি-কান্নার মধ্যে ব্যবধান মাত্র ৮টি আসনের।
কংগ্রেস কেন পারল না?
প্রধান কারণ সাংগঠনিক দুর্বলতা। ২২ বছর দলটি রাজ্যে প্রায় ছিলই না। ভোটের মাত্র চার মাস আগে গা ঝাড়া দিয়ে ওঠা। পাতিদারসহ অন্য জনপ্রিয় ক্ষোভকে ভোটের বাক্সে নিয়ে আসার জন্য যে সাংগঠনিক দক্ষতার প্রয়োজন, ক্ষয়িষ্ণু কংগ্রেসের তা ছিল না। ছিল আবেগ। কিন্তু শুধু আবেগ ভোট জেতায় না।
দ্বিতীয় কারণ সম্পদের অভাব। গুজরাটে জিততে বিজেপি কোনো দিক থেকে কোনোভাবে চেষ্টায় কসুর করেনি। টাকার বন্যা বয়ে গেছে রাজ্যে। বিদেশে বসবাসকারী গুজরাটিরা দলে দলে দেশে এসে, বিশেষ করে প্যাটেলদের মন ফেরাতে সর্বস্ব পণ করেছেন।
তৃতীয় কারণ গুজরাটি জাত্যভিমান। বিজেপির হার মানে গুজরাটিদের পরাজয়—এই প্রচার সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়। খোদ নরেন্দ্র মোদির কণ্ঠেও বেজে ওঠে ‘গুজরাটি অস্মিতার’ সুর। জাত্যভিমানের সঙ্গে মোদি প্রচারের মাঝ পর্বে মিশেল দেন হিন্দুত্বের। রাহুল কেন সোমনাথ মন্দিরে, কেন রাহুল মন্দিরের খাতায় নিজেকে ‘খ্রিষ্টান’ বলে পরিচয় দিচ্ছেন—এই সব প্রশ্ন তুলে প্রচ্ছন্নভাবে হিন্দুত্বের সুড়সুড়ি দিয়ে মোদি ভোটের অভিমুখ ঘুরিয়ে দিলেন। প্রভাবশালী স্বামীনারায়ণ মন্দিরের পুরোহিতেরা সরাসরি ডাক দিলেন বিজেপির পাশে দঁাড়াতে। গুজরাটি জাত্যভিমান ও হিন্দুত্বের মোকাবিলা করা কংগ্রেসের পক্ষে সম্ভব ছিল না।
চতুর্থ কারণ সাম্প্রদায়িকতা। কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের বলা ‘নীচ’ শব্দটিকে হাতিয়ার করে প্রচারের শেষ পর্বে মোদি যেভাবে সাম্প্রদায়িকতা ও পাকিস্তানকে মিলিয়ে দিলেন, তার জবাব দেওয়ার ভাষা কংগ্রেসের ছিল না। এই প্রচার অনগ্রসর ও দলিত ভোটে দঁাও মারতেও বিজেপিকে সাহায্য করে। কিন্তু এসব সত্ত্বেও ভোটের ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, শেষ বিচারে সাংগঠনিক শক্তিই মূল পার্থক্যটি ঘটিয়ে দিয়েছে। না হলে ২৬টির মতো আসন বিজেপি মাত্র ২ হাজারের ব্যবধানে জিততে পারত না।
হিমাচল প্রদেশ হারিয়ে কংগ্রেসের হাতে থাকল মাত্র চারটি রাজ্য—কর্ণাটক, পাঞ্জাব, মেঘালয় ও মিজোরাম। মেঘালয়, মিজোরাম ও কর্ণাটকে আসছে বছর ভোট। মোদি জানিয়েছেন, তিনটি রাজ্যই কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেবেন। বছরের মাঝামাঝি ভোট রয়েছে বিজেপি শাসিত রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়েও। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে গত ১৫ বছর বিজেপি শাসনক্ষমতায়। প্রতিটি রাজ্যেই লড়াই দ্বিমুখী। বিজেপির সঙ্গে কংগ্রেসের। আগামী বছর এই রাজ্য বিধানসভাগুলোর ভোটে বিজেপিকে টক্কর দেওয়ার মতো শক্তি ও মনোবল গুজরাট থেকে কংগ্রেস কিন্তু আদায় করে নিল। কংগ্রেসের কাছে গুজরাটের ভোটের ফলের তাৎপর্য এটাই।
ভোটে জেতার পর থেকেই কংগ্রেসের জাতিবাদী সমীকরণের বিরুদ্ধে জোরালো স্বর তুলেছে বিজেপি। মোদি নিজেই বলেছেন, ‘আমরা উন্নয়নকে তুলে ধরে ভোটে যাচ্ছি, অথচ কংগ্রেস আঁকড়ে ধরেছে জাতপাতকে। কংগ্রেস দেশকে উনিশ শতকে টেনে নিয়ে যেতে চাইছে।’ এ কথা স্পষ্ট বুঝিয়ে দেয়, পুরোনো ভোট ব্যাংক ফিরে পেতে কংগ্রেসের এই প্রচেষ্টার মধ্যে বিজেপি অশনির সংকেত পাচ্ছে। দলিত, অনগ্রসর ও কৃষকের যেকোনো জোট বিজেপির কাছে মারাত্মক। এই সমীকরণ রোখার একমাত্র উপায় সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িকতা। উন্নয়ন সেখানে ভোটের ইস্যু হতে পারে না। গুজরাটেও ওই রাজনীতির আশ্রয় নিতে বিজেপি তাই বাধ্য হয়েছে।
আগামী বছরের ছয় রাজ্যের ভোটের ফলের ওপর বহুলাংশে নির্ভর করবে ২০১৯ সালের সাধারণ নির্বাচনের ভাগ্য। উত্তর, মধ্য ও পূর্ব ভারতে বিজেপি ২০১৪ সালে যে ফল করেছিল, তা বাড়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই। উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খন্ড বাদ দিলে হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটকে লড়াই সরাসরি বিজেপির সঙ্গে কংগ্রেসের। গুজরাটের ফল বিজেপিকে চাপে যেমন রাখবে, তেমনি কংগ্রেসকে জোগাবে বাড়তি প্রেরণা। রাহুল গান্ধীর কংগ্রেস যদি এই রাজ্যগুলোতেও গুজরাটের মতো সামাজিক সমীকরণ গড়ে তুলতে পারে, বিজেপি তাহলে প্রমাদ গুনতে বাধ্য। ২০১৪ সালের ফল সে ক্ষেত্রে ২০১৯ সালে বিজেপির কাছে মরীচিকা হয়ে উঠতে পারে।
গুজরাটের ভোটে সেই অর্থে জয় ও পরাজয় কারও ঘটেনি। তবে এই রাজ্যের ফল নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী—দুজনকেই নতুন করে ভাবাতে বাধ্য করবে।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।