
কিছুকাল যাবৎ দেশে কিছু হত্যাকাণ্ড ঘটে চলেছে। এসব হত্যার শিকার বিদেশি নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ধর্মীয় সংখ্যালঘু, লেখক, প্রকাশক, ব্লগার এমনকি মুসলমান সম্প্রদায়ের শিয়া ও সুফি ঘরানাসহ ভিন্নমতাবলম্বী মানুষ। এমনকি একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীও বাদ যাননি। এসব ঘটনার পরপরই সাধারণত আইএস কিংবা কোনো মুসলিম জঙ্গি সংগঠন দায় স্বীকার করে তাদের ওয়েবসাইটে। অবশ্য ব্যতিক্রমও লক্ষ করা যায়।
আর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিদেশি জঙ্গি সংগঠন আইএসের বাংলাদেশে উপস্থিতির বিষয়টি স্বীকার করছে না। তবে তাদের মতে, জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিম নামক জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে। জনগণকে আতঙ্কগ্রস্ত করে দেশে স্থিতিশীলতা ও ভাবমূর্তি বিপন্ন করতে এক বা একাধিক ব্যক্তি বা সংস্থা এসব ঘটনা ঘটাতে পারে, এমনটাই ধারণা করা হয়। মতপার্থক্য আছে, তারা কারা আর কার স্বার্থে এসব হত্যা—এ বিষয়টি নিয়ে।
২০০৪-০৫ সালের দিকে জেএমবি নামধারী একটি জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠে অনুরূপ তৎপরতা শুরু করেছিল। তখন সে সংগঠনটির নেতৃত্ব ও শীর্ষ ক্যাডারদের আইনের আওতায় এনে দণ্ডিত করা হয়। স্থবির হয়ে যায় সংগঠনটির তৎপরতা অন্তত তখনকার মতো। এদের কেউ কেউ কিংবা তাদের অনুসারী অন্য কেউ এ ধরনের কয়েকটি তৎপরতায় সংশ্লিষ্ট বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে। তবে যারাই এগুলো করুক তাদের উদ্দেশ্য দেশের আইনশৃঙ্খলা-ব্যবস্থা বিপন্ন করা। পাশাপাশি শান্তিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মাঝে অনৈক্যের বীজ বপন করা। এ দেশে কর্মরত বা আসতে চাওয়া বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়ানোসহ বিভিন্নভাবে দেশের ক্ষতিসাধন। ভিন্নমতাবলম্বী ব্যক্তিদের হামলার লক্ষ্যবস্তু করে তারা পরমতসহিষ্ণুতার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে। এই সবকিছু মিলে ঘটনাগুলো আমাদের বিশ্বসমাজেও একটি বিব্রতকর অবস্থায় নিয়ে এসেছে। ঘটনা ঘটার পরপরই দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার প্রক্রিয়ায় বিলম্বে ক্ষুব্ধ তাদের স্বজনেরা। হতাশ দেশের সচেতন মহল। প্রতিবাদীও আছেন অনেকে।
দুঃখের সঙ্গে লক্ষণীয়, এ রকম কোনো ঘটনা ঘটলে এটাকে শুধু অপরাধ হিসেবে দেখা হয় না। যথাযথ তদন্ত কিংবা সুস্পষ্ট প্রমাণাদি ব্যতিরেকে রাজনৈতিকভাবে বিবেচনায় চলে যায়। এখন যেসব ঘটনা ঘটছে তার জন্য সরকারি দল দায়ী করছে বিএনপি-জামায়াতকে। আবার বিএনপি এর দায় চাপাচ্ছে সরাসরি সরকারি দলের ওপর। কারও কাছে সুস্পষ্ট এরূপ তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহায়তা করা উচিত। আর না থাকলে প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য নির্ভর করতে হবে তাদের ওপরই। এ ধরনের বক্তব্য তাদের বিভ্রান্ত আর তদন্তকাজকে ব্যাহত করতে পারে।
পাশাপাশি ইদানীং একটি সংগঠনের নেতাদের কিছু পার্শ্ব মন্তব্যও আমাদের নজরে এসেছে। এ ধরনের মন্তব্যকে অবহেলা করার সুযোগ নেই। ঘটনার শিকার নাটোরের সুনীল গোমেজের বাড়ি পরিদর্শনকালে সেই সংগঠনের নেতা দাবি করেন, ‘সরকার যদি নাগরিকদের নিরাপত্তাদানে ব্যর্থ হয়, তাহলে জনগণকে নিজ নিজ নিরাপত্তা বিধানের সুযোগ দিন।’ তিনি আরও বলেছেন, ‘সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করা হবে।’ এ বক্তব্যটি পাওয়া যায় ১১ জুনের দৈনিক বণিক বার্তা পত্রিকা থেকে। সাদামাটা দৃষ্টিতে এ বক্তব্যের শুরুটা দোষনীয় কিছু নয়। তবে দেখার থাকে সরকার নাগরিকদের নিরাপত্তাদানে ব্যর্থ বলা যাবে কি না?
১৬ কোটি লোকের এ দেশটিতে আমরা একেবারেই সুখে-শান্তিতে আছি, এমনটা নয়। তবে আইনশৃঙ্খলার মান একই আর্থসামাজিক কাঠামোর দেশগুলোর চেয়ে খুব নিচুতে নয়। নিচুতে নয় প্রতিবেশী দেশগুলো থেকেও। এমনকি প্রযুক্তি আর বিত্তের মহাসমাহারে সমৃদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে। আমাদের দেশে গত ১৭ মাসে জঙ্গি মামলার শিকার হয়ে ৪৯ জন খুন হয়েছেন বলে প্রথম আলোর এক সংবাদে জানা যায়। সংখ্যার বিচারে না হলেও প্রকৃতির বিচারে ঘটনাগুলো অশুভ ইঙ্গিতবাহী এবং দ্রুত প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই সিরিজের সূচনা ব্লগার রাজীবকে হত্যা থেকে। তখনই প্রয়োজন ছিল দ্রুত ব্যবস্থা নেওয়ার। এসব বিষয় মোকাবিলায় অল্প দেরিতেও অনেক ক্ষতি হয়ে যায়। তাই প্রয়োজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুশৃঙ্খল আগ্রাসী প্রচেষ্টা।
নিজ নিজ নিরাপত্তা বিধানের সুযোগ দেওয়ার যে দাবি করা হয়েছে তাকে স্বাভাবিক দৃষ্টিতে দোষনীয় বলা যাবে না। আইনের আওতায় এ ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণের অধিকার রয়েছে প্রত্যেক ব্যক্তির। লাইসেন্স নিয়ে আগ্নেয়াস্ত্র সংগ্রহ ও বহনের অধিকার আছে আইন মান্যকারী সবার। বেসরকারি নিরাপত্তা সংস্থা থেকেও লোকবল ভাড়ায় নেওয়া যায়। এমনকি সুনির্দিষ্ট ব্যয় বহন করে অস্ত্রধারী আনসার মোতায়েনের সুযোগ নিতে পারে কোনো প্রতিষ্ঠান।
যিনি এ দাবি করেছেন, তিনি আইনের জগতের লোক। এসব তিনি ভালোভাবেই জানেন। তবু ওই স্থানে এ ধরনের দাবি উপস্থাপনটা একটু বেসুরো ঠেকছে অনেকের কাছে। আর সোজা আঙুলে ঘি না উঠলে প্রয়োজনে আঙুল বাঁকা করা হবে বলে তিনি কী বোঝাতে চান, তা অস্পষ্ট। আমরা বিবেচনা করতে চাই এ বক্তব্যগুলো তিনি গভীর ক্ষোভ আর হতাশা থেকেই দিয়েছেন। এসব ঘটনায় আমরা সবাই তাঁর মতোই শোকার্ত। তা সত্ত্বেও এ ধরনের বক্তব্যের ভাব ও ভাষার সঙ্গে আমরা সহমত পোষণ করতে পারি না। আমাদের রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাগরিক জীবনে স্বাভাবিক নিরাপত্তা বিধানে অসফল, এমন ভাবনা ও বক্তব্য আমাদের নেই। তা করা হলে হবে বিভ্রান্তিকর। ভাটা পড়ার আশঙ্কা থাকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবলেও।
এই হত্যাকাণ্ডগুলো প্রায় একই কায়দায় ঘটছে। আর হত্যাকারীরা ক্রমেই হয়ে উঠছে বেপরোয়া। সরকার সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়ে গ্রেপ্তার শুরুর দিনেই পাবনায় একটি হিন্দু আশ্রমের সেবায়েতকে হত্যা করা হয়েছে। এসব রহস্য উদ্ঘাটন আর প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর—এমন দাবিও করা যাবে না। তবে তাদের দিয়েই কাজটি করাতে হবে। ভিন্ন দেশ এর সমাধান করে দেবে—এরূপ প্রত্যাশা অসংগত। এ ধরনের কোনো মন্তব্যকেও বিভ্রান্তিকর বলা চলে। এর জন্য দলমত-নির্বিশেষে সবার নিরঙ্কুশ সহযোগিতা আবশ্যক। একে অপরকে দোষারোপের মাধ্যমে এর সমাধান হবে না। আর এসব বিষয়ে বক্তব্যদানে অনেক বেশি সাবধানি হওয়া প্রয়োজন সবার। বলা চলে সমস্যাটি বহুমাত্রিকতা লাভ করেছে। এটা কারও মতে সাম্প্রদায়িকতা আবার কেউবা আখ্যায়িত করছেন পরমত–অসহিষ্ণুতা বলে।
এ বিষয়ে আমরা একটা ক্রান্তিকাল পাড়ি দিচ্ছি—এমনটা বললে অযৌক্তিক হবে না। আর সমস্যাটি স্থায়ী রূপও লাভ করবে না। তবে শুধু সদিচ্ছা পোষণ করলে চলবে না। অন্যদিকে জঙ্গি দমনের জন্য সাঁড়াশি অভিযানে হাজার হাজার লোককে গ্রেপ্তার করলে কী ফল মিলবে তা-ও দুর্বোধ্য। কোনো যুক্তিসংগত সন্দেহ ব্যতিরেকে কোনো ব্যক্তিকেই যেন আটক না করা হয়, এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার সচেতন থাকা আবশ্যক। মনে রাখতে হবে কেউ কোনো দুর্ভোগের শিকার হলে সেটাকে ফিরিয়ে নেওয়া যায় না।
আজকের যে ভূখণ্ডটি আমাদের গর্বের বাংলাদেশ, তা ১৯৭০-এ ছিল পূর্ব পাকিস্তান। সীমান্তের অপর পারে পশ্চিমবঙ্গে তখন চলছিল শ্রেণিসংগ্রামের নামে গলা কাটার ধুম। এমনকি বাঙালির নবজাগৃতির প্রাণপুরুষ বিদ্যাসাগরের মূর্তির মুণ্ডুপাত। তখন তৎকালীন সেই পূর্ব পাকিস্তানে প্রকাশিত হয়েছিল শিক্ষক ও গবেষক গোলাম মুরশিদের সম্পাদনায় বিদ্যাসাগর; সার্ধশত-বর্ষ স্মারক গ্রন্থ। তখনকার পূর্ব বাংলায় ধর্মনিরপেক্ষতা আর গণতান্ত্রিক অধিকার নিয়ে যে আন্দোলন চলছিল তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয়েছে মুক্ত স্বাধীন বাংলাদেশ। সে বাংলাদেশকে তার মূল চেতনা থেকে দূরে ঠেলে দেওয়া এত সহজ নয়। পশ্চিমবঙ্গ সে বিভ্রান্তি সময় নিয়ে হলেও দৃঢ়তার সঙ্গে দূর করেছে। আমাদেরও এর হাত থেকে রক্ষা পেতে অনেক বেশি তৎপর হতে হবে। আর অন্য সবাইকে হতে হবে কঠোর সংযমী।
রাষ্ট্র ও সমাজ
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।