গুম বা নিখোঁজ ও গুলশানের হামলাকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে হামলাকারী (বাঁ থেকে) নিবরাস ইসলাম, রোহান ইবনে ইমতিয়াজ, খায়রুল, মীর সামেহ মোবাশ্বের ও শফিকুল। এঁরা হামলার বেশ কিছুদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন।
গুলশানে হামলাকারী (বাঁ থেকে) নিবরাস ইসলাম, রোহান ইবনে ইমতিয়াজ, খায়রুল, মীর সামেহ মোবাশ্বের ও শফিকুল। এঁরা হামলার বেশ কিছুদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন।

গুলশানে যাঁরা হামলা করেছেন তাঁরা যে ঘটনার বেশ আগে থেকেই নিখোঁজ ছিলেন, তা এখন আমরা জানতে পারছি। আরও জানতে পারছি, এই ছেলেগুলো নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানা-পুলিশকে জানানো, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাহায্য চাওয়া, এমনকি অনেকে সরকারের নানা মহলে ছেলেকে ফিরে পেতে ধরনাও দিয়েছেন। চরম হতাশার বিষয় হচ্ছে, কারও কাছেই এসব পাত্তা পায়নি।
গুলশানে চড়া মূল্য দেওয়ার পর র‍্যাবের মহাপরিচালকের তরফে কোনো পরিবারের সন্তান নিখোঁজ হলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ আমরা শুনতে পেলাম। সামনে কেউ নিখোঁজ হলে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে হয়তো বিষয়টি গুরুত্ব পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাঁরা এরই মধ্যে নিখোঁজ হয়ে আছেন, বা গুম হয়ে গেছেন, তাঁদের ব্যাপারে কী বিহিত হবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তাঁদের খুঁজে বের করতে তৎপর হবে? আর এরা কি সবাই আইএসের আদর্শে বাড়ি ছেড়েছেন বা জঙ্গি হয়ে গেছেন? নাকি গুম বা নিখোঁজ হওয়ার আরও অনেক কারণও রয়েছে। নিখোঁজ বা গুম হয়ে আছেন এমন অনেক পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই নিখোঁজ লোকজনের ব্যাপারে কী হবে?
আসলে বাংলাদেশে ‘নিখোঁজ’ ও ‘গুম’-এর মতো বিষয়গুলো দীর্ঘদিন ধরেই তালগোল পাকিয়ে গেছে। কে কী কারণে নিখোঁজ বা গুম হয়ে যাচ্ছেন, তার কোনো সুরাহা যেমন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারছে না; তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেই এসবের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমন একটি গোলমেলে পরিস্থিতির কারণেই যে গুলশান হামলায় জড়িত লোকজনের নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাত্তা পায়নি, সেটা পরিষ্কার। গুলশান হামলার ঘটনা বাংলাদেশকে এক ভিন্ন পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে। নতুন হুমকি পাওয়া যাচ্ছে। তিন তরুণের ভিডিও এখন সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই নতুন তিন তরুণের মুখে স্পষ্ট বাংলায় গুলশান হামলার প্রশংসাসহ আরও হামলার হুমকি আমরা শুনতে পেলাম। এ অবস্থায় সবকিছুই আমাদের ভিন্নভাবে ও নতুন করে ভাবতে হবে। ‘নিখোঁজ’ বা ‘গুম’—এসব নিয়ে ধোঁয়াশা কাটাতে না পারলে জঙ্গিবাদের চ্যালেঞ্জ মোকাবিলা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে।
গুলশানের হামলায় নিহত হামলাকারী রোহান ইমতিয়াজের বাবা ইমতিয়াজ আহমেদ বাবুল বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর পরিবারের মতো বেশ কিছু উচ্চবিত্ত পরিবারের সন্তান নিখোঁজ রয়েছেন। তিনি এসব জেনেছেন নিজের নিখোঁজ সন্তানের খোঁজ নিতে গিয়ে। একজন নিখোঁজ সন্তানের বাবা খোঁজখবর নিতে গিয়ে যদি এসব তথ্য পেয়ে থাকেন, তবে আমাদের গোয়েন্দাদের তা অজানা থাকার কথা নয়। নানা গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক গুম-নিখোঁজের ভিড়ে তাঁদের কাছে হয়তো ২০-২৫ বছর বয়সী দৃশ্যত অরাজনৈতিক উচ্চবিত্ত পরিবারের এসব সন্তানের নিখোঁজের বিষয়গুলো গুরুত্ব পায়নি।
নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ডয়েচে ভেলের কাছে বলেছেন, ‘গ্রাম ও শহর থেকে কত যুবক নিখোঁজ রয়েছে, তা আমরা জানি না৷ তবে পুলিশের কাছে অন্তত পঞ্চাশটির মতো অভিযোগ আছে৷’ তিনি বলেছেন, ‘এর বাইরেও অনেক পরিবার নানা ভয়ে পুলিশের কাছে যায়নি, ফলে প্রকৃত হিসাবটি আমরা জানি না।’
সামনে সম্ভাব্য যেকোনো বিপদ ঠেকাতে ‘নিখোঁজদের’ খুঁজে বের করা এখন সবচেয়ে জরুরি হয়ে পড়েছে। যে তিন নতুন মুখের দেখা আমরা পেলাম ভিডিও ভাষ্যে, তারা নিশ্চিতভাবেই পরিবারের কাছে ‘নিখোঁজ’ হিসেবেই বিবেচিত হচ্ছেন। ‘গুম’ ও ‘নিখোঁজ’-এর বিভ্রান্তি দূর করা তাই জরুরি, জরুরি সব ‘নিখোঁজ’-এর খোঁজ বের করা। বিভ্রান্তি ও তালগোল পাকানো পরিস্থিতিতে জঙ্গিবাদের বিপদ মোকাবিলা সত্যিই কঠিন কাজ।