গুলশানের হামলায় কি টনক নড়েছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলা বাহুল্য, হ্যারিসনের এ উপসম্পাদকীয় প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ সরকার এবং দেশে ও বিদেশে বেশ কিছু বাংলাদেশি ব্যক্তি বিক্ষুব্ধ হন। সরকারের কাছে এসব সংবাদ অতিরঞ্জিত, ভিত্তিহীন ও অভিসন্ধিমূলক এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার এটি একটি অপচেষ্টা। বাংলাদেশে কোনো বিদেশি জঙ্গির বা তাদের অনুসারীদের উপস্থিতি নেই। তবে এটাও বলা হয় যে সরকার সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

তারপর অনেক বছর গড়িয়ে গেছে, তিনবার সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের মন বা মানসিকতার পরিবর্তন হয়নি। সাউথ এশিয়া টেররিজম পোর্টালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত ২৩টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে ছিলেন লেখক, প্রকাশক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিদেশি নাগরিক। এ বছর গুলশানের ভয়াবহতার আগে ঘটেছে বেশ কয়েকটি হত্যাকাণ্ড, যার মধ্যে চারজন ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের। যদিও অনেক হত্যাকাণ্ডের জন্য আইএস (ইসলামিক স্টেট) গোষ্ঠী দাবি করেছে যে এগুলো তাদের অনুসারীরা করেছে, সরকারিভাবে এ দাবি প্রত্যাখ্যান করে প্রায়ই বলা হয়েছে যে এসব বিরোধীপক্ষ অনুপ্রাণিত সন্ত্রাসীদের কাজ। 

গভীর পরিতাপের বিষয় যে গুলশানের ভয়াবহ এবং নির্মম ঘটনার আগ পর্যন্ত আমাদের সরকারের চেতনাবোধ অপরিবর্তিত ছিল। এমনকি এ ঘটনার পরপরও কিছু সরকারি নেতা দেশে বিদেশি কোনো জঙ্গি দলের উপস্থিতি তো দূরের কথা, এ ঘটনা আবারও বিরোধী দল অনুপ্রাণিত বলে জনগণকে ভ্রান্ত পথে চালিত করার চেষ্টা করেন। হয়তো এখনো আমরা এই ধোঁয়াশায় থাকতাম যদি না সন্ত্রাসীদের পরিচয় বেরিয়ে আসত। যদি না দেখতে পেতামআমাদের শিক্ষিত তরুণদের সিরিয়া গমন এবং সেখান থেকে আপাতদৃষ্টিতে আইএসের পক্ষ থেকে বাংলাদেশে আরও ধর্মযুদ্ধের আহ্বান জানানোর ভিডিও। 

বাংলাদেশে জঙ্গির আবির্ভাব এক বছর  বা দুই বছরে হয়নি। এটি শুধু ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক বৃদ্ধি বা ধর্মের  বিকৃত ব্যাখ্যার জন্যও হয়নি। প্রকৃত কারণ বহুবিদ, যা আমরা তলিয়ে দেখিনি দলগত রাজনীতির কারণে। ঢাকার অভিজাত এলাকার কয়েকজন তরুণ, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, যারা অসাম্প্রদায়িক পরিবেশে মানুষ হয়েছে বলে আমরা ধারণা করতে পারি, তারা কেন রাতারাতি ধর্মের নামে এ উন্মাদনা করতে গেল? কেন আজ আমরা শুনতে পাচ্ছি শত শত তরুণ ঘরছাড়া? কিসের তাড়নায় বা কার আহ্বানে সাড়া দিয়ে তারা আত্মাহুতি দিচ্ছে?

এগুলো হয়তো তাত্ত্বিক প্রশ্ন, তবে বাংলাদেশের পরিস্থিতিতে এবং বর্তমান বিশ্বে মুসলমানদের সমস্যার জন্য এগুলো অস্তিত্ববাদী প্রশ্ন। ২০ বছর আগে বাংলাদেশে যাকে আমরা হয়তো গৃহজাত চরমপন্থী আন্দোলন বলতাম, আজ বিশ্বায়নের যুগে আর তা বলার সুযোগ নেই।

আগের চরমপন্থী বা উগ্রবাদীদের উৎস আমরা মাদ্রাসা বা এ ধরনের প্রতিষ্ঠান মনে করতাম। কিন্তু আজকের চরমপন্থীরা আসছে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক স্তর থেকে। এদের যে আদর্শ উদ্বুদ্ধ করছে তা একটি দেশে বা এক এলাকায় সীমাবদ্ধ নয়। এদের নেতা বা নেতারাও এক জায়গায় নেই। আইএসের বর্তমান তথাকথিত নেতা এবং এই গোষ্ঠীর ভৌগোলিক কেন্দ্র সিরিয়ায় হলেও এর কর্মকাণ্ড বিশ্বব্যাপী। এর যদি পরিবর্তনও হয় এই গোষ্ঠীর আদর্শ এবং অনুসারীরা সহজে তাদের পথ থেকে বা তাদের প্রচার অভিযান এবং সম্প্রসারণের কাজ থেকে বিরত থাকবে না।

বাংলাদেশে জঙ্গিবাদ এবং মৌলবাদী চরমপন্থীদের সম্প্রসারণ দেশের অস্তিত্বের ওপর একটি ভয়ংকর হুমকি। এ হুমকিকে গৃহজাত চরমপন্থী আন্দোলন মনে করে শুধু কিছু চিহ্নিত দল বা ব্যক্তির পেছনে ছুটলে হবে মারাত্মক ভুল। আর এটাকে ঠেকাতে শুধু ঢাকা শহরের ওপর নজরদারি করলেই হবে না। আমরা আজ যে হুমকির মুখোমুখি, যে ভ্রমযুক্ত আদর্শ দেশের তরুণদের বিভ্রান্ত করছে, তা ব্যাহত করতে সারা দেশের জনসাধারণের সাহায্য দরকার। এই সাহায্য তখনই পাওয়া যাবে, যখন সরকার এ হুমকিকে শুধু সরকারি সমস্যা হিসেবে না মনে করে জাতীয় সমস্যা হিসেবে গণ্য করবে এবং সব দলের সহযোগিতা চাইবে।

একটি আদর্শ বা আন্দোলনের যতই আকর্ষণ বা প্রভাব বিস্তারের ক্ষমতা থাকুক না কেন, এর বিস্তার শুধু ভীতি সঞ্চার আর নির্বিচার হত্যার মাধ্যমে হতে পারে না। বাংলাদেশে এবং বহির্বিশ্বে যে ধর্মের নামে উগ্রবাদী জঙ্গিযুদ্ধ চলছে বা আরও কিছুদিন চলতে পারে, তা একদিন অবশ্যই শেষ হবে। কারণ, যে আদর্শ মানুষকে উদ্বুদ্ধ করতে ভীতি আর সন্ত্রাসের আশ্রয় নেয়, তা কখনো সফল হয় না। তবে এ বিকৃত আদর্শ এবং আন্দোলনের বিনাশ ত্বরান্বিত করতে সরকারের চাই সবার সহযোগিতা এবং পারস্পরিক দোষারোপ বন্ধ করা। অন্যথায় শুধু সরকারই ক্ষতিগ্রস্ত হবে না, সঙ্গে সঙ্গে সারা দেশও। 

জিয়াউদ্দিন চৌধুরী: রাজনৈতিক বিশ্লেষক।