গৃহকর্মী নির্যাতন কি থামবে না?
মেয়েটির নাম হাসিনা। বয়স মাত্র ১১ বছর। যে বয়সে মেয়েরা স্কুলে যায়, সহপাঠীদের সঙ্গে খেলাধুলায় মেতে ওঠে, সে বয়সে তাকে লোকের বাড়িতে কাজ করতে পাঠানো হয়। টানাটানির সংসারে একটু সচ্ছলতার আশায় হাসিনার মা সালমা বেগম চার মাস আগে তাকে ময়মনসিংহের ধোবাউড়া থেকে নিয়ে এসে ঢাকার একটি বাড়িতে কাজে দেন। এই চার মাসে মেয়ের কোনো ধরনের খবর পাননি সালমা বেগম। চার মাস পর তার খোঁজ পেলেন, কিন্তু সংজ্ঞাহীন অবস্থায়। শরীরে আঘাতের চিহ্ন। গত শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ (শনিবার) প্রথম আলোর রাজধানী পাতায় হাসিনার এই করুণ খবরটি ছাপা হয়। শিরোনাম ছিল ‘বাঁচানো গেল না মেয়েটিকে’। খবরে বলা হয়, মোহাম্মদপুরের শেরশাহ সুরি সড়কে ব্যবসায়ী শরীফুল ইসলামের বাসায় হাসিনার মা সালমা বেগম আগে কাজ করতেন। শরীফুল ও তাঁর স্ত্রী লিজার অনুরোধে ওই বাসায় কাজের জন্য মেয়ে হাসিনাকে এনে দেন। এরপর সালমা নিজে গ্রামে ফিরে যান। কথা ছিল, হাসিনা টুকটাক কাজ করবে, বাড়ির শিশুদের সঙ্গে খেলবে আর প্রতি মাসে এক হাজার টাকা করে বেতন পাবে। কিন্তু গত চার মাসে সালমা বেগম আর শরীফুলের সঙ্গে যোগাযোগই করতে পারেননি। হঠাৎ একদিন শরীফুল ফোন করে হাসিনাকে জানান, টাইফয়েড ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মেয়ে হাসপাতালে ভর্তি আছে। হাসিনা ছুটে এসে দেখেন মেয়ের এই অবস্থা। অবশেষে মেয়ের লাশ নিয়ে বাড়ি ফিরতে হলো তাঁকে।
কী ঘটেছিল এই চার মাসে হাসিনার সঙ্গে তা এখনই জানা সম্ভব হচ্ছে না। কারণ, সে এখন মৃত। গৃহকর্তা শরীফুলের বাসায় পুলিশ অভিযান চালিয়েছিল। কিন্তু স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি আগেই পালিয়েছেন। কাজেই কে বলবে আসলে কী ঘটেছিল হাসিনার সঙ্গে? তবে আলামতে মনে হচ্ছে, তার ওপর হয়তো নির্মম নির্যাতন চালানো হয়েছে। আর এ কারণেই তার মৃত্যু হয়েছে।
গৃহকর্মীর ওপর নির্যাতন চালানো এ দেশে নতুন কিছু নয়। বাড়িতে কাজের লোক আছে আর তাকে বকাঝকা করা হয় না বা মারধর করা হয় না এমন ঘটনা খুব বিরল। একটি কাপ ভাঙার অপরাধে রংপুরের রহিমার পিঠে গরম ইস্তিরির ছেঁকা দেন গৃহকর্ত্রী। কাচের প্লেট ভাঙার অপরাধে পাবনার সাঁথিয়া উপজেলার ১০ বছর বয়সী রোমেলাকে বেদম নির্যাতন করেন পুলিশের এক এসআইয়ের স্ত্রী। রোমেলার সারা শরীরে গরম খুন্তির ছেঁকা দেওয়া হয়। এ রকম হাজারো উদাহরণ দেওয়া যাবে। দিনের পর দিন এভাবে নির্যাতনের শিকার হয়ে অনেক গৃহকর্মীর মৃত্যুও ঘটেছে।
সম্প্রতি বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ’ (বিলস) একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা গেছে গেছে, গত পাঁচ বছরে সারা দেশে অন্তত ১৮২ জন নির্যাতিত গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৪৩ জন। ২০১৫ সালে নির্যাতনের শিকার হয়েছে ৭৮ জন গৃহকর্মী। তাদের মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩৯ জন। ২০১৪ সালে নির্যাতনের শিকার হয় ৫৫ জন। তাদের মধ্যে মারা যায় ২৭ জন ও আহত হয় ২৮ জন। ২০১৩ সালে নির্যাতনের শিকার ৫৬ জন গৃহকর্মীর মধ্যে মারা যায় ৩২ জন ও আহত হয় ২৪ জন। ২০১২ সালে নির্যাতিত ৭৮ গৃহকর্মীর মধ্যে ৪৬ জন মারা যায় ও ৩২ জন আহত হয়। ২০১১ সালে নির্যাতনের শিকার হয় ৫৮ জন। তাদের মধ্যে মারা যায় ৩৮ জন ও আহত হয় ২০ জন।
গত বছরের ২১ ডিসেম্বর গৃহকর্মী বিশেষ করে গৃহপরিচারিকাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে গৃহকর্মকে ‘শ্রম’ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’-এর খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। এই নীতিমালায় গৃহপরিচারিকাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের সুরক্ষা, কল্যাণ, অবকাশ, বিনোদন, ছুটিসহ তাদের সুষ্ঠু ও মর্যাদাসম্পন্ন কাজের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিধান রাখা হয়েছে। এ ছাড়া শারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষেত্রে ফৌজদারি দণ্ডবিধি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনসহ বিদ্যমান আইনে শাস্তির সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে।
এমন একটি নীতিমালা করার জন্য সরকার অবশ্যই প্রশংসার দাবিদার। তবে সরকারকে এখন গৃহকর্মী সুরক্ষা নীতিমালার বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া সুশীল সমাজকেও গৃহকর্মী নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তা না হলে গৃহকর্মীরা এভাবে নির্যাতনের শিকার হতেই থাকবে। এদের মৃত্যুহার বাড়তেই থাকবে।
রোকেয়া রহমান: সাংবাদিক