গৃহযুদ্ধ বিপদ বয়ে আনতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনেট র‍্যামবার্গ
বেনেট র‍্যামবার্গ

তুরস্কের সাম্প্রতিক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের কারণে দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। সরকার একধরনের মানসিক বৈকল্যে ভুগছে। চলছে ব্যাপক ধরপাকড়। সাংবাদিকেরাও রেহাই পাচ্ছেন না। কিন্তু সৌভাগ্যের ব্যাপার হলো, তুরস্কের ইনসারলিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক অস্ত্র রয়েছে, সেগুলো বিদ্রোহীদের হাতে পড়েনি। যদিও এই ঘাঁটি থেকেই অভ্যুত্থানের সময় বিদ্রোহীরা বিমান উড়িয়েছিল। কিন্তু এর পরের বার কী হবে?
তবে পৃথিবীর নয়টি পারমাণবিক শক্তি দাবি করে, এতে তেমন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাদের যুক্তি হচ্ছে, ভৌতিক সুরক্ষার সঙ্গে ইলেকট্রনিক সুরক্ষা থাকায় এসব অস্ত্র নিরাপদ থাকবে। এমনকি এসব যে দেশে রয়েছে, সে দেশে যদি সহিংসতাও শুরু হয়। কিন্তু সানদিয়া ন্যাশনাল ল্যাবরেটরিসের সাবেক জ্যেষ্ঠ প্রকৌশলী রবার্ট পিউরিফয় এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। সম্প্রতি তিনি লস অ্যাঞ্জেলেস টাইমকে বলেছেন, ‘এই সুরক্ষা–ব্যবস্থার কারণে সন্ত্রাসীদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে একটু দেরি হতে পারে এই যা, যে ব্যবস্থা একসময় তিনি নিজেই বানিয়েছিলেন।’
তাঁর বক্তব্যের কারণে অনিরাপদ অঞ্চলে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। যেমন পাকিস্তানে জিহাদি সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে দেশটি এমনিতেই জেরবার, অথচ তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বিশ্বে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। এমনকি দেশটির যে সামরিক স্থাপনায় পারমাণবিক অস্ত্র রয়েছে, সেখানে ইতিমধ্যে হামলাও হয়েছে। তারা সম্প্রতি চলমান ‘যুদ্ধক্ষেত্রের জন্য বহনযোগ্য পারমাণবিক অস্ত্র’ বানিয়েছে, যেগুলো চুরি করা সহজ। এতে ভীতি আরও বেড়েছে।
উত্তর কোরিয়ার সরকার কখন কী করে বসে, তার নিশ্চয়তা নেই। ফলে তাদের পারমাণবিক অস্ত্রও উদ্বেগের কারণ। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন সেনাবাহিনীকে ভয় পান; ইতিমধ্যে তিনি বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দিয়েছেন। এতে অনেকেই তাঁর বিরোধী হয়ে উঠেছেন। তাঁদের মধ্যে কেউ যেকোনো দিন গৃহবিবাদ শুরু করে দিতে পারেন। এর সঙ্গে যদি পারমাণবিক অস্ত্র যোগ হয়, তাহলে ব্যাপারটা খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে। পারমাণবিক অস্ত্রধর অন্য দেশগুলোকে স্থিতিশীল মনে হলেও চীন ও রাশিয়ার মতো কর্তৃত্বপরায়ণ দেশগুলো অভ্যন্তরীণ ঝুঁকির মুখে পড়তে পারে, যদি তাদের রাজনৈতিক একতা বিনষ্ট হয়।
তবে এসব গোলযোগে নিরাপত্তা বিঘ্নিত হয়নি, এমন নজিরও আছে। ১৯৬১ সালে ফ্রান্স অধিকৃত আলজেরিয়ায় জেনারেলরা বিদ্রোহ করে সাহারা মরুভূমিতে পরীক্ষামূলক পারমাণবিক যন্ত্রকে ঝুঁকির মুখে ফেলে দিলেও শেষমেশ বিপজ্জনক কিছু ঘটেনি। ওদিকে চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় রেভল্যুশনারি গার্ড বেশ কার্যকরভাবেই পারমাণবিক অস্ত্রের সুরক্ষা দিতে পেরেছিল। আবার মিখাইল গর্বাচভের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা এবং সোভিয়েত ইউনিয়নের পতনের সময়ও দেশটি পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ হারায়নি।
কিন্তু এই পরিপ্রেক্ষিতে যদি কেউ ভাবে, পারমাণবিক অস্ত্র নিরাপদ থাকবে, তাহলে ব্যাপারটা একটু বেশি হয়ে যাবে, বিশেষ করে পাকিস্তান ও উত্তর কোরিয়ার মতো অস্থিতিশীল রাষ্ট্রে। কথা হচ্ছে, পারমাণবিক অস্ত্র যদি বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠী এবং মরিয়া ও ব্যর্থ সরকারের হাতে থাকে, তাহলেও দুর্ঘটনার ঝুঁকি থাকে। আর সেসব ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই হুমকি মোকাবিলার তেমন সুযোগ থাকে না। আরেকটি বিকল্প হচ্ছে, হামলা ও দখলদারি। তবে এতে পারমাণবিক ক্ষেত্র চিহ্নিত করার চ্যালেঞ্জ থাকে না। নাৎসিদের পরাজয়ের কারণে মিত্রশক্তি জার্মানির পারমাণবিক কার্যক্রম খুঁজে ধ্বংস করে ফেলতে সক্ষম হয়।
তৃতীয় বিকল্পটি হচ্ছে, পারমাণবিক কর্মসূচির রাশ টেনে ধরা। প্রথমত, পারমাণবিক অস্ত্র এক দেশ থেকে অন্য দেশে নেওয়ার পথ নিয়ন্ত্রণ করতে হবে, সংশ্লিষ্ট দেশের কাছের ও দূরের নিরাপত্তা বাড়াতে হবে। যদিও প্রলিফারেশন সিকিউরিটি ইনিশিয়েটিভে পারমাণবিক অস্ত্রের অবৈধ চালান নিষিদ্ধ করা হয়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রতিবেদনে জানা যায়, পারমাণবিক উপাদান এখনো চোরাচালান হচ্ছে। মনিটরিং বাড়ানো হলে চোরাচালান কিছুটা কমতে পারে, কিন্তু তা বন্ধ হবে না।
এর রাশ টেনে ধরতে হলে পরমাণু অস্ত্রের জিম্মাদারদের বোঝাতে হবে, যাতে তারা জীবনবাজি রেখে হলেও নিশ্চিত করে, সন্ত্রাসী বা বিদ্রোহীদের হাতে পরমাণু অস্ত্র না পড়ে। এর জন্য ওই জিম্মাদার দেশের প্রতিবেশীদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সজাগ রাখতে হবে। কথা হচ্ছে, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া এই ব্যবস্থা আধুনিকীকরণ করলেও কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাই নিখুঁত নয়।
সংকটের সময় যখন বাস্তবতা দ্রুত বদলে যায়, তখন পারমাণবিক অস্ত্রের হুমকি মোকাবিলা করা সহজ কাজ নয়। যদিও এসব দেশের সরকারের গোপনীয় আকস্মিক পরিকল্পনা রয়েছে, মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে তার রেকর্ড কিন্তু একপাক্ষিকভাবে ভালো নয়, মিশ্র। আর সাধারণভাবে যদি কেউ ভাবে, সবকিছু পরিকল্পনামাফিক চলবে বা পারমাণবিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল–ব্যবস্থা ঠিকঠাক কাজ করবে, তাহলে ব্যাপারটা জুয়া খেলার মতো হবে।
সময় এসেছে, এখন নতুন চিন্তা করতে হবে, যার নেতৃত্বে থাকবে যুক্তরাষ্ট্র। কারণ, পরমাণু অস্ত্রের বিস্তার রোধে তারাই এখন পর্যন্ত নেতৃত্বের আসনে। তার সঙ্গে চিন্তক প্রতিষ্ঠান, অনুসন্ধানী সাংবাদিক ও পণ্ডিতদের পরামর্শ নেওয়া যেতে পারে। কথা হচ্ছে, আমরা তো এ রকম সুচিন্তিত পরিকল্পনা না করে নিজেদের এমন ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারি না।
তুরস্কের শিক্ষা হচ্ছে, ইনসারলিকের পারমাণবিক বোমাগুলো নিরাপদ নয়, অন্যান্য অঞ্চলের কথা আর না-ই বা বললাম। বরং জগতের সবচেয়ে বিপজ্জনক অস্ত্রসম্ভার চোখের পলকেই আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। এ জন্য আমাদের সবারই হুঁশ ফেরা উচিত।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
বেনেট র‍্যামবার্গ: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব পলিটিকো-মিলিটারি অ্যাফেয়ার্সের নীতি বিশ্লেষক।