
নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্দেশ্যে অনুসন্ধান কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। ছয় সদস্যের এ কমিটির ‘আহ্বায়ক’ আপিল বিভাগের একজন মাননীয় বিচারপতি। অন্য পাঁচ সদস্যের মধ্যে আছেন হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং দুজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাঁদের একজন সহ-উপাচার্য। তাঁরা সবাই মিলে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবেন এবং প্রস্তাবিত নামের মধ্য থেকে রাষ্ট্রপতি কাকে নিয়োগ করা হবে, সে সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই কমিটির কার্যমেয়াদ ১০ কর্মদিবস; এ সময়ের মধ্যেই তাঁদের বাছাই শেষ করে রাষ্ট্রপতির কাছে নাম পাঠাতে হবে।
এই অধমের আইনি দৃষ্টিতে মনে হচ্ছে, ব্যাপারটা গোঁজামিলের ব্যবস্থা হয়ে গেছে। সব ব্যাপারে আমরা এত গোঁজামিল দিচ্ছি যে অনেক সময় মনে হয় গোঁজামিলটাই এখন স্বাভাবিক। বছর দশেক পেছনে ফিরে যাই। তারও ১০ বছর আগে নির্বাচন নির্ভেজাল করতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয় সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিটা ছিল মূলত আওয়ামী লীগের। এর পক্ষে ১৯৯৪-৯৬ সালে দেশব্যাপী প্রচণ্ড আন্দোলন গড়ে তোলে আওয়ামী লীগ। আর তখনকার (১৯৯৬) বিএনপি সরকার বাধ্য হয় সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়কব্যবস্থা চালু করতে। প্রয়াত প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯৬ সালের জুন মাসে সফল নির্বাচনে আওয়ামী জোট ক্ষমতায় আসে।
১০ বছর না পেরোতেই ২০০৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ গদিতে বসে গেলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। সে সময়ে তিনি ছিলেন বিএনপি সরকারের রাষ্ট্রপতি। দলীয় রাষ্ট্রপতি নিজেই নিজেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা (কার্যত প্রধানমন্ত্রী) হিসেবে নিয়োগ দিলেন। গোঁজামিল আর কাকে বলে! রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা যখন একই দলীয় ব্যক্তি তখন সেটা যাই হোক না কেন নিশ্চয়ই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল না। যে উদ্দেশ্যে সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল, তার সঙ্গে এটা ছিল সম্পূর্ণ সাংঘর্ষিক। গোঁজামিল ব্যবস্থার ভীষণ প্রয়াস। গোঁজামিলের খেসারত বিএনপি দিচ্ছে এন্তার, প্রায় এক যুগ ধরে।
২.
সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে বলা আছে: ‘...উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী সাপেক্ষে, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দান করিবেন...।’
বেশি পেছনে যাব না। ১০-২০ বছরের প্রায় প্রতিটি বছর মহান সংসদ গড়ে ৫০টি করে হাজার খানেক আইন প্রণয়ন করেছে (সংশোধনী আইনসহ)। কিন্তু নির্বাচন কমিশন নিয়োগ-সংক্রান্ত আইনটি প্রণয়ন করার সময় ও সুযোগ সংসদের হয়ে ওঠেনি। এবার অন্তত মাস তিনেক ধরে এই আইনটি প্রণয়ন করার ব্যাপারে আলাপ-আলোচনা, দাবি-বিশ্লেষণ হচ্ছে। কুম্ভকর্ণের ঘুম ভাঙে নাই, যদিও সরকারদলীয় নেতাদের কেউ কেউ প্রায় মাস দুয়েক আগে বলেছিলেন, এই আইনটির খসড়া তৈরি হচ্ছে।
এই অধম বেশ কিছুদিন ধরে চেঁচাচ্ছে: মিয়ানমার, ভুটান, নেপাল, শ্রীলঙ্কাসহ আমাদের প্রতিবেশী দেশগুলোতে এই আইন আছে। এটা জটিল কোনো আইন নয়, এতে থাকবে কুল্লে তিনটা বিষয়: অনুসন্ধান কমিটি, কমিশনারদের ন্যূনতম যোগ্যতা, আর বাছাই প্রক্রিয়া। অন্যান্য দেশের আইনের সাহায্য নিয়ে চাইলে তিন দিনেই এই আইনের খসড়া দাঁড় করানো যায়। উলুবনে মুক্তা...আর নাই বা বললাম।
আমরা আমাদের গোঁজামিলের ঐতিহ্য ধরে রাখতে চাই হয়তো। তাই নো আইন, অনলি অনুসন্ধান কমিটি। অনুসন্ধান কমিটির নাম ঘোষণা করতে গিয়ে আইনের ক, খ, গ, ঘ-এর ব্যাপারে খেয়াল রাখা হয়নি। আশপাশের দেশগুলোর আইনে নির্বাচন কমিশন নিয়োগের জন্য অনুসন্ধান কমিটি গঠন করার কথা বলা আছে। বলা আছে প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দলের নেতা—এ পর্যায়ের হোমরাচোমরা ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন নিয়োগের অনুসন্ধান কমিটি গঠিত হবে। বলা বাহুল্য দেশভেদে পার্থক্য আছে। সব দেশের অনুসন্ধান কমিটিতে প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতি নেই।
৩.
তবে সাধারণ রীতি হচ্ছে, অনুসন্ধান কমিটির সদস্যরা পদের দিক থেকে নির্বাচন কমিশনের সদস্যদের চেয়ে উঁচু পদের অধিকারী হয়ে থাকেন। ব্যাপারটা সহজ ও প্রাঞ্জল। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিয়োগদানের কমিটিতে প্রভাষক থাকতে পারবেন না। কারণ, অধ্যাপকের পদ প্রভাষকের পদের চেয়ে উচ্চতর। প্রভাষক পদে প্রার্থীর নাম সুপারিশ (সিন্ডিকেটের কাছে) করার জন্য বাছাই কমিটিতে অধ্যাপক বা সহযোগী অধ্যাপক থাকবেন, বা থাকতে পারেন। উল্টোটি হতে পারে না।
২০০৮ সালের ১৬ মার্চ সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ-সংক্রান্ত ‘সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ, ২০০৮’ শিরোনামে তৎকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করে। বলা বাহুল্য ওই অধ্যাদেশে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটির কথা বলা ছিল। মোট নয়জন সদস্য। প্রধান বিচারপতি এই বাছাই কমিটির প্রধান। নয়জনের মধ্যে ছিলেন দুজন সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আর আইনসচিব। বন্ধু আইনজীবী মো. ইদ্রিসুর রহমান পিটিশনার হয়ে মামলা করলেন। আমি তাঁর আইনজীবী হিসেবে আদালতে নিবেদন করে তুলে ধরলাম যে, নয়জন সদস্যের মধ্যে ওপরে উল্লিখিত চারজন বিচারপতির চেয়ে নিচের পদমর্যাদার। অতএব তাঁরা বিচারপতি বাছাই কমিটিতে থাকতে পারেন না। আরও কিছু আবেদন–নিবেদন ছিল। তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চের রায়ে অধ্যাদেশের এসব অংশ অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি পুরো অধ্যাদেশটা বাতিল ঘোষণা করেছিলেন। অন্য দুই বিচারপতি আংশিক বাতিল অর্থাৎ অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।
মোদ্দা কথা, নিচের পদের লোক দিয়ে তাঁদের ওপরের পদের জন্য প্রার্থী যাচাই-বাছাই করা যাবে না।
৪.
গোঁজামিলের দেশে সবই সম্ভব। স্বাধীনতার সাড়ে চার দশক পেরিয়ে গেছে। সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপটা কীভাবে আমরা নেব, সেটারই সুরাহা এখনতক আমরা করতে পারছি না। বাপের সম্পত্তি ছেলে নিজের খেয়ালখুশিমতো খরচ করতে পারে, দুই হাতে টাকা ওড়াতে পারে, ভীষণ কিপটেমি করে এক টাকা খরচ না-ও করতে পারে। সবই তার ইচ্ছা। কিন্তু দেশটা পরিচালনা করতে হবে আইন অনুযায়ী, আইন মেনে। দেশের যেকোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে আগে আইন করতে হবে। অতঃপর কাজ করতে হবে প্রণীত আইন অনুযায়ী।
আগে যাঁরা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তাঁরা সেটা অনুধাবন করতেন অনেক বেশি।
যত দূর মনে পড়ে, ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত প্রবাসী সরকারের ১১ সদস্যের মধ্যে ৫ জন ছিলেন আইনজীবী। ১৯৭২ সালের ১২ জানুয়ারি গঠিত বঙ্গবন্ধুর ২৬ সদস্যের প্রথম মন্ত্রিসভায় আইনজীবী ছিলেন ৮ জন। পরে জিয়াউর রহমানের সরকারের ৩০ বা ততোধিক উপদেষ্টা/মন্ত্রীদের মধ্যে তিন-চারজনের বেশি আইনের লোক ছিলেন না। স্পষ্টত আইন তখন ছিল গৌণ।
এখন মুখ্য গোঁজামিল।
ড. শাহদীন মালিক: অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট।