
বাণিজ্য মেলায় একটি বড় পণ্য কিনলে যেমন একটি ছোট পণ্য ফ্রি বা মাগনা পাওয়া যায়, তেমনি বিরোধী দলের টানা অবরোধের মধ্যে দু-চার দিন ফ্রি হরতাল পাওয়া গেল।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের গতকাল ছিল ১৮তম দিন। এই ১৮ দিনে দেশের বিভিন্ন স্থানে খণ্ডিতভাবে অনেকগুলো হরতাল পালিত হয়েছে। কোথাও ১২ ঘণ্টা, কোথাও ২৪ ও ৪৮ ঘণ্টা। মানুষ যাতে কোনোভাবেই ঘর থেকে বের হতে না পারে, অর্থনীতির চাকা যাতে সচল না থাকে, সে জন্যই এই আগ্রাসী কর্মসূচি। অন্যদিকে সরকারও বিএনপির নেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করতে মহা উৎসাহে ৪ ও ৫ জানুয়ারি অবরোধ পালন করে। সেই হিসেবে অবরোধের ২০ দিন পেরিয়ে গেল।
বিএনপির নেত্রী দাবি করেছেন, তাঁদের কর্মসূচি ‘সম্পূর্ণ শান্তিপূর্ণ’। কিন্তু তাঁদের এই ‘শান্তিপূর্ণ’ অবরোধ-হরতালে যাঁরা আগুনে পুড়ে মারা যাচ্ছেন, নেতা-নেত্রীরা সেই মৃত্যুকেও কি শান্তিপূর্ণ মৃত্যু বলে সন্তোষ প্রকাশ করবেন? অন্যদিকে সরকার যে ক্রসফায়ারে মানুষ মারছে, তা-ও নাকি দেশ ও সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশে এখন ‘সংখ্যার’ রাজনীতি চলছে। বিরোধী দলের গাড়ি পোড়ানো এবং সরকারের গ্রেপ্তার অভিযান চলছে সমানে। দুই পক্ষের জেদাজেদি যত বাড়বে, পরিস্থিতি তত টালমাটাল হবে, ফায়ার (আগুন দেওয়া) ও ক্রসফায়ারের (বন্দুকযুদ্ধ) প্রতিযোগিতা চলবে।
বাংলাদেশে রাজনীতি এখন এতটাই নৃশংস ও নির্মম হয়ে উঠেছে যে মানুষ মারতে বিরোধী দলের কর্মসূচি থাকার প্রয়োজন হয় না। কর্মসূচি থাকলে বাসে, ট্রাকে, অটোতে, ইজিবাইকে পেট্রলবোমা ছুড়ে মানুষ মারা যেন স্বাভাবিক ঘটনা। আন্দোলনের নামে যা কিছু করার অধিকার তাদের আছে।
বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী প্রতিদিনই এক অজ্ঞাত স্থান থেকে দেশবাসীকে জানান দিচ্ছেন যে যত দিন দাবি পূরণ না হবে, তত দিন ‘শান্তিপূর্ণ’ কর্মসূচি চলবে। তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচি কী? মহাসড়ক, রেলপথ ও নৌপথ অবরোধ। শহরের ভেতরে যান চলাচলে কোনো বাধা নেই। তাহলে ঢাকা শহরে কেন বোমা মেরে মানুষের শরীর ঝলসে দেওয়া হচ্ছে? কেন দুধের শিশু থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধও জিঘাংসার শিকার হচ্ছেন? বিএনপি নেত্রী বললেন, এসব বোমাবাজি ও আগুন নিয়ে খেলা সরকারি লোকেরাই করছেন। তাহলে লালবাগে ছাত্রদল নেতা মাহবুবুর রহমান বাপ্পী কেন বোমা বানাতে গিয়ে নিহত হলেন? কেন মহাখালীতে বোমা বানানোর বিপুল সরঞ্জামসহ শিবির কর্মীরা ধরা পড়লেন? খালেদা জিয়া কি বলবেন তাঁরাও সরকারি লোক?
সব অপকর্মের দায় অন্যের ওপর চাপানো রাজনীতিকদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। এই যে অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, সেসব নিয়ে বিরোধী দলের কোনো উদ্বেগ নেই। আবার বোমাবাজদের ধরার নামে বিরোধী দলের নেতা-কর্মীদের পাইকারি গ্রেপ্তার কিংবা ক্রসফায়ারে দেওয়া হচ্ছে, তা নিয়েও সরকার নির্বিকার। বিএনপির নেতারা বলছেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে বোমাবাজি করত। আওয়ামী লীগ করত বলেই কি এখন সেটি জায়েজ হয়ে যায়? আওয়ামী লীগ নেতারা বলছেন, রাষ্ট্রীয় বাহিনীর সহায়তায় বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলা করেছে। তখন বিএনপি পুলিশ-র্যা বকে অন্যায় কাজে ব্যবহার করত বলে এখনো করতে হবে! এটা কেমন যুক্তির কথা?
এভাবে মানুষ মারা ও মানুষ ধরার রাজনীতি চলতে পারে না। দুই দলের নেতারাই হাসপাতালে গিয়ে বোমাবাজদের বিরুদ্ধে বুলন্দ আওয়াজ তুলেছেন। বলেছেন, এরা দুর্বৃত্ত, এদের কোনো দল নেই। দলই যদি না থাকবে তাহলে দলের কর্মসূচিকে কেন্দ্র করে তারা সারা দেশে ভয়ংকর পরিস্থিতি তৈরি করল কীভাবে? এই দুর্বৃত্তদের কেন সরকার ধরে জনসমক্ষে আনছে না? কেনই বা বিরোধী দল তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে না?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিরোশিমা ও নাগাসাকির বেঁচে যাওয়া মানুষ এই বলে আক্ষেপ করেছিলেন যে যারা মরে গেছেন, তাঁরাই বেঁচে গেছেন। এখনো সম্ভবত সেই কথা বলার সময় আসেনি। তবে নেতা-নেত্রীরা দেশটাকে সেদিকেই নিয়ে যাচ্ছেন। না হলে অগ্নিদগ্ধ মানুষের রোদনে বাতাস ভারী হলেও কেন তাঁদের বোধোদয় হচ্ছে না? কেন অগ্নিদগ্ধ মানুষগুলোর কান্না ও আহাজারি রাজনীতিকদের কানে পৌঁছাচ্ছে না?
দলের কর্মী হোক কিংবা ভাড়াটে দুর্বৃত্ত—সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো দলেই এ ধরনের দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া চলবে না। কেবল দলীয় স্বার্থের কথা না ভেবে দেশটার কথা ভাবুন। মানুষের কথা ভাবুন। যাঁরা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন, যাঁদের হাত-পা ঝলসে গেছে ও অগ্নিদগ্ধ মুখের চেহারা বিকট আকার নিয়েছে, তাঁদের কথা একবার ভাবুন। দিনদুপুরে কিংবা রাতে মানুষ জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য রাস্তায় বের হলেই ভয়াবহ নৃশংসতার শিকার হচ্ছে। আত্মঘাতী ও প্রাণঘাতী রাজনীতি আমাদের দেশকে কোথায় নিয়ে যাচ্ছে?
গত বৃহস্পতিবারের প্রথম আলোয় পাঁচ অগ্নিদগ্ধ মানুষের যে সচিত্র খবর ছাপা হয়েছে, তা পড়লে বা দেখলে যেকোনো মানুষের চোখে পানি ধরে রাখা কঠিন। হাত ও পায়ে কিংবা শরীরের অন্য কোনো অঙ্গে ব্যান্ডেজ বাঁধা চেহারাগুলো দেখা যায় না। তাঁদের বিহ্বল চোখ দেখলে আতঙ্কিত হতে হয়। তাঁদের কষ্টের কথা, তাঁদের বেদনার কথা কি আমাদের রাজনীতিকদের স্পর্শ করে না?
বোমার ঘায়ে আহত গৃহবধূ শামসুন্নাহার, বিশ্ববিদ্যালয়ছাত্র তানজীমুল হক, অটোরিকশাচালক সিদ্দিকুর রহমান, রাজমিস্ত্রি সাদ্দাম হোসেন, ট্রাকচালক বকুল দেবনাথ—এ রকম কতজনের কান্না আমরা শুনছি প্রতিদিন? কতজনের বিকৃত ও বীভৎস চেহারা দেখছি? এসব মানুষ রাজনীতি করেন না। বেঁচে থাকার জন্য নিয়ত সংগ্রাম করেন। আর রাজনীতি করলেই কি তাঁকে অপঘাতে মরতে হবে? বোমা বানাতে গিয়ে বাপ্পীরা মারা যান। কিন্তু এই বাপ্পীদের যাঁরা বানান, তাঁদের কেন বিচার হয় না? যে রাজনীতি বাপ্পীদের লালন করে, সেই রাজনীতি কেন নেতা–নেত্রীরা প্রত্যাখ্যান করেন না?
এই বাংলাদেশে গত ১৮ দিনে আরও কত বকুল, আরও কত শামসুন্নাহার কিংবা তানজীমুলের জীবন ছারখার হয়ে গেছে, তার ইয়ত্তা নেই। যে রাজনীতি মানুষকে জিম্মি করে, তার শেষসম্বলটুকু কেড়ে নেয়, সেই রাজনীতির অবসান হোক। যে গণতন্ত্র মানুষকে ক্রসফায়ারে দেয়, সে গণতন্ত্র কোনোভাবেই কাম্য হতে পারে না। আমাদের রাজনীতিকেরা ইতিহাস থেকে যে শিক্ষা নেন না, সেটাই একমাত্র শিক্ষা। দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করে আওয়ামী লীগ ক্ষমতায় এসে একই পদ্ধতিতে দেশ চালাচ্ছে। আর বিএনপি-জামায়াত বোমাবাজিকেই তাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার করছে।
২০১৩ সালের ২৮ নভেম্বর শাহবাগে বাসে বোমা হামলায় আহত গীতা সেনের কথা অনেকের মনে থাকার কথা। হাসপাতালে চিকিৎসাধীন গীতা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে বলেছিলেন, ‘আমরা হাসিনা-খালেদা বুঝি না, আমরা শান্তি চাই।’ সেই গীতা সেন এখনো পুরো সুস্থ হননি। গত এক বছরে কেউ তাঁর খোঁজ নেয়নি। না সরকার, না রাজনৈতিক দল। এমনকি মানবাধিকার সংগঠনগুলোও তাঁর খোঁজ নেয়নি। এই হলো আমাদের রাজনীতি। এই হলো আমাদের মানবতাবোধ।
প্রতিদিনই সরকারের মন্ত্রীরা, নেতারা শান্তির কথা বলেন। দু-চার দিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দেন। বিরোধী দলের নেতা-নেত্রীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন। কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
বিরোধী দল সরকারের ওপর এবং সরকারি দল বিরোধী দলের ওপর দায় চাপিয়ে আত্মরক্ষা করতে চায়। কিন্তু যে মানুষগুলো হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন, যাঁরা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন, তাঁদের স্বজনদের কথা কেউ শুনছেন না। কীভাবে তাঁদের সংসার চলবে।
যাঁরা ক্ষমতায় আছেন, এবং যাঁরা ক্ষমতায় যেতে চান, তাঁদের সবার কাছে একটি বিনীত আরজ, আপনারা গণতন্ত্র দিতে না পারুন, আপনারা একটি সুষ্ঠু নির্বাচন করতে না পারুন কিংবা আলোচনায় বসে সমস্যার সমাধান করতে না পারুন, দয়া করে এই ধ্বংসাত্মক রাজনীতি বন্ধ করুন।
এই কলামটি যখন শেষ করছি, তখনই প্রথম আলো অনলাইনে আরও একটি শিশুর মৃত্যুর খবর এল। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত একটায় মারা গেছে। ১১-১২ বছরের এই শিশুটিকে আগের দিন রাত ১০টায় বার্ন ইউনিটে ভর্তি করে সাভার গণস্বাস্থ্য নগর হাসপাতাল কর্তৃপক্ষ।
শিশুটির নাম জাকির। তবে পিতার নাম জানা যায়নি। অর্থাৎ শিশুটি নিজের নাম ছাড়া কিছু বলতে পারেনি। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন তার কথা বলার শক্তি ছিল না। সে চিকিৎসকদের ইশারায় জানায়, একটি বাসের ভেতরে সে অগ্নিদগ্ধ হয়েছিল। হতভাগ্য এই শিশুটির বাবা-মায়ের পরিচয় হয়তো জানা যাবে না। জানা গেলেও কোনো লাভ নেই। সে আজ সব পরিচয়ের ঊর্ধ্বে। বাবা-মা আর কখনোই তাঁদের সন্তানকে ফিরে পাবেন না।
এ রকম একজন নয়, দুজন নয়, বহু জাকির, বহু শুভ, বহু মনোয়ারা আমাদের তথাকথিত গণতন্ত্রের বলি হয়েছে, হচ্ছে। অসংখ্য নারী-পুরুষ-শিশু আগুনে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে।
তাই নেতা-নেত্রীদের কাছে শেষ মিনতি জানাই, ৩০ লাখ মানুষের আত্মত্যাগে অর্জিত বাংলাদেশকে ওই অনাথ শিশুটির মতো আগুনে পুড়ে মারবেন না। গোটা বাংলাদেশকে বার্ন ইউনিট বানাবেন না।
অনেক হয়েছে। এবার ক্ষান্ত দিন। নিজেদের জেদ পরিহার করুন।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]