গ্যাঁড়াকলে পড়েছে টোরিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার লন্ডনে নর্থ ক্যান্সিংটনে একটি ২৭তলা দালানের ১২৫ ফ্ল্যাটে সাংঘাতিক আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ৩০। দুই থেকে সাতাশ তলা পর্যন্ত সবই এখন দাউ দাউ করে জ্বলছে। আর কত যে মানুষ পুড়ে অঙ্গার হচ্ছে জানি না। টিভিতে দেখে এত অস্থির লাগছে যে ক্ল্যাসিক্যাল মিউজিক ছেড়ে শীতল হতে চেষ্টা করছি। এ কি হচ্ছে ইংল্যান্ডে? হত্যা, জঙ্গি জিহাদিদের বোমাবাজি, ইউরোপীয় ইউনিয়নের ধাতানি, আগুন এবং সর্বোপরি রাজনীতিতেও যেন লেগেছে সেই দাবানল!

যা ভাবা যায়নি সেই ফল এসেছে অপ্রত্যাশিত এই নির্বাচনে। শুরুতে যে নেতা শক্তিশালী ছিলেন, তিনি এখন দুর্বল হয়ে পড়েছেন। এমনই দুর্বল যে সরকার গঠন করতে প্রধানমন্ত্রী নিজ দলের হুমকি-ধমকি কোনোমতে কাটিয়ে এখন আরও কট্টরদের কোলেই মাথা পেতেছেন। আর টোরি ও উত্তর আয়ারল্যান্ডে তাদের কোয়ালিশন শরিক ১৯৯০-এর দশকের বোমাবাজ দল হিসাবে খ্যাত শিন ফেইন। এরাই ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট, যাদের সঙ্গে আঁতাত করেছেন থেরেসা মে বা তাঁর টোরি দল। তবে তাঁর দল নিয়ে নিজে এগিয়ে যাননি বলেই তিনি এত সমালোচিত হচ্ছিলেন। এমনকি যুক্তরাজ্যে আবার একটা সাধারণ নির্বাচনও হতে পারে—এমন কথাও রটে গিয়েছিল।
নির্বাচনের পরদিন প্রধানমন্ত্রী থেরেসা মেকে দেখে মনে হচ্ছিল যেন এক মৃত মানুষ হেঁটে যাচ্ছে—এমনই মন্তব্য ছিল এখানের রাজনীতিক ভাষ্যকারদের। যেন জানেন না তাঁর পেছনে কে আছেন না আছেন। কে বাড়াবে বন্ধুত্বের হাত। কোন মূল্যে প্রধান বিরোধী দল নেতা করবিনকে এই পার্লামেন্টে প্রবেশ থেকে ঠেকাবেন। ইতিমধ্যেই তাঁর প্রতি অনাস্থার কথা, তাঁর পদত্যাগের কথা এত প্রকাশ্যে বলা হচ্ছে যে তাঁর ভয় পাওয়ারই কথা। তবু আমার মনে হচ্ছিল, স্বভাবে ব্রিটিশ রাজনীতির লৌহমানবী মার্গারেট থ্যাচারের উত্তরসূরি এভাবে ভেঙে পড়তে পারেন না। ভেবেছি, তিনি তো বাকসর্বস্ব সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নন; যা ভালো বোঝেন তা থেকে কেউ তাঁকে নড়াতে পারে না। তিনি ভেবেছেন, থ্যাচারের তৈরি ইউরোপীয় ইউনিয়নের একক বাজার থেকে বেরিয়ে আসবেনই। আসবেন কড়া দর-কষাকষি করে। কিন্তু কাহিল হয়ে পড়লেন নির্বাচনের ফলাফলে।
কিন্তু আজ দেখলাম একটু ভালো। একটু গা ঝাড়া দিয়ে উঠেছেন। আজ ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির সঙ্গে সমঝোতা করতে বসেছেন। তবে বোধ করি গতকালই তাঁর জীবনে সবচেয়ে কঠিন দিন ছিল। নিজ দলের মুরব্বিদের কাছে সবার সঙ্গে পরামর্শ না করে কিছু কাজ করেছেন বলে ক্ষমা চাইলেন। তাঁদের কাছে সাহায্য চাইলেন। পুরোনো ব্রেক্সিটিয়ার, যাঁদের তাড়িয়ে ছিলেন, তাঁদের মন্ত্রিসভায় ডেকে নিলেন। ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিসের কাছ থেকে মতামত নিলেন, মাইকেল গোভকে পরিবেশমন্ত্রী বানালেন, ফার্স্ট সেক্রেটারি ডেমিয়ান গ্রিনকে মুখপাত্র করে মহারানির বাণী যে একটু পিছিয়ে হবে, তা গণমাধ্যমকে জানালেন। সব শেষে বললেন, ‘আমিই আমাদের দলের এ জঘন্য অবস্থার জন্য দায়ী। তাই আমিই এ গর্ত থেকে আমাদের তুলে আনব। যেভাবেই হোক করবিনকে ১০ ডাউনিং স্ট্রিটে ঢুকতে দেব না।’
যখন দেশজুড়ে শুধু তাঁকেই কাটাছেঁড়া চলছে, তখন করবিন দফায় দফায় বলেই যাচ্ছেন, তিনি সরকার গঠনে একদম প্রস্তুত। ঘটনা এমনই যে তা কীভাবে কাদের সঙ্গে নিয়ে—এসব নিয়েও কিন্তু সংবাদমাধ্যম তলিয়ে দেখছে না। তারা খবরটা প্রচার করে বারবার দেখাচ্ছে, কী করে প্রধান বিরোধী দলীয় নেতা গলায় টকটকে লাল টাই আর কালো কোটে লাল করনেশন লাগিয়ে তাঁর ছায়া মন্ত্রিসভা বানিয়ে হা-হা করছেন।
এবার আসি ‘ব্রেক্সিট’-এর কথায়। এর সোজাসাপটা অর্থ হলো যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে। দেশের ৫২ শতাংশ মানুষ এর পক্ষে ভোট দিয়েই হায় হায় করে না না করেছে। আবার গণভোট চেয়েছে। তখনকার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, যিনি এই গণভোট করেছিলেন, তাঁর ওপর ক্ষিপ্ত হয়েছে। নতমুখে ডেভিড পদত্যাগ করলে এই সাহসী নারী এসে হাল ধরেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমিই নিজেদের চিহ্ন পরিষ্কার করে ব্রেক্সিট করার যোগ্যতা রাখি। আমি ইইউর কথামতো নয়, আমাদের কথামতো টাকাপয়সার লেনদেন করব।
যে তরুণ প্রজন্ম এবার থেরেসা মের বিপক্ষে গিয়ে প্রায় তিন মিলিয়ন ভোট দিয়েছে, তাতে সবার চেয়ে বেশি ভোট পেলেও সরকার গঠনের সংখ্যা তারা পূরণ করতে পারেননি। আগামীর তরুণেরা চায় না তাঁদের জন্য ইউরোপের দরজা বন্ধ হয়ে যাক। এ দেশের বৃদ্ধরা জাতে রক্ষণশীল হলেও থেরেসা যখনই তাঁদের পেনশন ও সুবিধাদিতে হাত দেবেন বলেছেন, তখন তাদের অনেকে আজন্ম টোরি সমর্থন থেকে সরে গেছেন।
এখন কথা হচ্ছে শক্ত ব্রেক্সিট নয়, নরম ব্রেক্সিটের। টোরি একচেটিয়া না জেতায় ব্রাসেলসও ধারণা পেয়েছে যে যুক্তরাজ্য সেভাবে সম্পর্ক চ্যুত আসলে হতে চায় না। এমনকি আর্টিকেল ৫০-এ আছে—চাইলে ব্রিটেন আবার ফিরেও আসতে পারে। কিন্তু সময় যে বয়ে যাচ্ছে। ইইউ ভাবছে, বিশ্বজুড়ে যে পরিবর্তন আসছে, তাতে তারা যেভাবে চুক্তিটি খাঁড়া করেছিল, তা-ও হয়তো আবার নিয়ে বসতে হতে পারে। এসব তো সোজা কথা নয়। কিন্তু থেরেসাই বা কী করবেন এখন। নির্বাচনে তিনি এমন রায় পেয়েছেন যে ডেমোক্রেটিক ইউনিয়নিস্টদের কাছ থেকে ব্রেক্সিট নিয়ে তাদের দাবিদাওয়া শুনে, শিন ফেইনকে না খেপিয়ে, নিজের দলকে রাজি করিয়ে—এসব কিছুর ভিত্তিতে মহারানির বাণীর বিষয়বস্তু নির্ধারণ করে তবে না তাদের মুখোমুখি হবেন!
হায়রে টোরি! সত্যিই পড়েছে গ্যাঁড়াকলে। তাই বলে জেরেমি মুখে যতই বলুন না কেন, তবু ওঠ ছুঁড়ি তোর বিয়ে বললে তিনিও ফেঁসে যাবেন বলে আমার ধারণা। তবে যতক্ষণ এসব গাঁইগুঁই চলছে, তিনি লেবার পার্টির ঘর গোছানোর সময় পাচ্ছেন। ফিরে আসছেন তার ঘরছাড়া সাথিরা।