গ্যাসের দাম বাড়িয়ে লাভ হবে না
অল্প কিছুদিনের ব্যবধানে আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানিগুলো। সাধারণ মানুষসহ ঢাকা চেম্বার্সও এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে, দাম বাড়ানো হলে জীবনযাত্রাসহ ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। এর আগে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অনেক কমে যাওয়ার পরও সরকার ডিজেলের দাম কমাল তিন টাকা, আর অকেটেনের দাম কমালো ১০ টাকা। অর্থাৎ যে জ্বালানির দাম কমালে আমজনতা বেশি উপকৃত হতো, সরকারে সে জ্বালানির দাম হ্রাস করল কম।
সিপিডিসহ অর্থনীতিবিদেরা অনেক দিন ধরেই জ্বালানি তেলের দাম কমানোর দাবি করে আসছিলেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতেই দাম কমানোর নামে প্রহসন করা হলো। এখন আবার শুরু হয়েছে গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড়। এ কারণে মানুষের মনে সন্দেহ সৃষ্টি হওয়া স্বাভাবিক, সরকার আসলে কার স্বার্থে এসব করছে! দেশে বেসরকারি খাতের বিদেশি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। তার সঙ্গে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণও কমেছে। বিনিয়োগ কমে যাওয়ার পেছনে রাজনৈতিক গোলযোগের সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, জমিসহ অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবও অন্যতম কারণ। এই পরিপ্রেক্ষিতে যখন সরকারের অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও ব্যবসার খরচ কমানোর চেষ্টা করা উচিত, সেখানে তারা উল্টো গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
কথা হচ্ছে, সরকার ২০১৬-১৭ অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার যে বিশাল বাজেট পেশ করেছে, তার জন্য তাকে বিপুল অঙ্কের রাজস্ব সংগ্রহ করতে হবে। যাদের আয় বেশি, তাদের কাছ থেকেই সিংহভাগ রাজস্ব আদায় করার কথা। কিন্তু আমাদের দেশে ব্যাপারটা উল্টো হয়। এখানে সংগৃহীত রাজস্বে প্রত্যক্ষ করের পরিমাণ হচ্ছে ৩০ শতাংশ, আর পরোক্ষ করের পরিমাণ ৭০ শতাংশ। সরকার সেটা করতে না পেরে নানাভাবে আমজনতার ঘারে রাজস্বের বোঝাটা চাপিয়ে দিচ্ছে। গ্যাসের দাম বাড়ানোও তার আয় বাড়ানোর আরেকটি উপায়। আর তার সঙ্গে দুর্নীতি তো আছেই। অন্যদিকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির তথ্যমতে, বাংলাদেশ থেকে ২০১৩ সালে ৯৬৬ কোটি ৬০ লাখ ডলার পাচার হয়েছে, টাকার অঙ্কে যা ৭৬ হাজার ৩৬১ কোটি ৪০ লাখ টাকা। পাচার হওয়া এই অর্থ আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৭৯ শতাংশ বেশি। এরপর কিছুদিন আগে আবার খবর এল, ২০১৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ১০ শতাংশ বেড়েছে। এসব ব্যাপারে সরকারের যেন কিছু করণীয় নেই। তারা শুধু আমজনতার ঘাড়ে সওয়ার হতে পারে।
আবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণা করা হয়েছে, যার জন্য তাকে এখন থেকে বছরে ২৩ হাজার ৮২৮ কোটি ৫৭ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে। এবার বাজেটের এমন বিশালাকৃতির জন্য এটাও অন্যতম কারণ। ফলে সরকার হন্যে হয়ে চারদিকে টাকার খোঁজ করছে। এ ছাড়া গত কয়েক বছরে সরকার বিভিন্ন ধরনের লাইসেন্সের ফি ও নবায়ন ফি বাড়িয়েছে।
অর্থনীতিবিদেরা বলেছিলেন, জ্বালানির দাম কমানো হলে দেশের অর্থনীতির চাকা সচল হবে। সেটা হলে সরকারের রাজস্ব আয়ও স্বাভাবিকভাবে বাড়ত। তার জন্য দরকার ছিল কিছু উদ্যোগের, সরকারের প্রচেষ্টার। কিন্তু সরকার সেটা না করে সহজ পথে হাঁটা শুরু করেছে। সরাসরি গ্যাসের দাম বাড়িয়ে সেখান থেকে আর কত টাকা পাওয়া সম্ভব? তার চেয়ে তেলের দাম কমিয়ে সরকার অনেক বেশি রাজস্ব আদায় করতে পারত।