গ্রিন সিটি ক্লিন সিটি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার পাওয়ার কিছু নেই। চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছ থেকে গাড়ি নিই না, পেট্রল নিই না। লক্ষাধিক টাকা বাঁচাই।’ বলছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তাঁর দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে ২৪ জুলাই প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে মেয়র নাছিরের অনেক কথাই ছিল গতানুগতিক, শুধু দুটি কথা ছাড়া। তঁার প্রথম কথাটির কথা প্রথমেই বললাম, তিনি করপোরেশনের গাড়ি বা তেল নেন না। আর দ্বিতীয়টি হলো, দায়িত্ব পালনে গাফিলতির জন্য তিনি একজন দলীয় পরিচয়ধারী ডাক্তারকে চাকরিচ্যুত করেছেন। যদিও তাঁর ওপর প্রচণ্ড চাপ ছিল। তিনি উপেক্ষা করেছেন। কারণ, জনগণের চিকিৎসাকাজে কোনো ফাঁকিজুকি মানবেন না। মেয়র হিসেবে দায়িত্ব পালনে তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকবেন সব সময়।
আমাদের দেশে মেয়র-চেয়ারম্যান-মেম্বারদের প্রথম ও প্রধান পরিচয় তাঁর দল। এই পরিচয়েই তাঁরা নির্বাচনে জয়ী হন। প্রতিদান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দলীয় স্বার্থে কাজ করতে হয়। তাঁরা কি দলীয় কোনো ব্যক্তির জন্য করেন, নাকি দলের স্বার্থে করেন, নাকি দলের কথা বলে নিজের পকেট ভারী করেন, সেটাই প্রশ্ন। দলের নামে লুটপাটই চলে বেশি। তবে মেয়র নাছির যদি সেখানে নতুন রেকর্ড দেখাতে চান, তাঁকে আরও অনেক পরীক্ষা দিতে হবে।
সবচেয়ে বড় কথা, তাঁকে চট্টগ্রাম মহানগরের সামনে বড় কয়েকটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দেখাতে হবে তিনি সত্যিই দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে এবং দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে চলতে পারেন।
চট্টগ্রাম মহানগরের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে একে সত্যিকার অর্থে এই অতি আবশ্যকীয় নগরের সব বৈশিষ্ট্য রক্ষা করে এগিয়ে যাওয়া। অপার সম্ভাবনাময় একটি মেগাসিটি হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলা। চট্টগ্রাম সারা পৃথিবীতে বিখ্যাত কয়েকটি বৈশিষ্ট্যের কারণে। সাহিত্যিক ও সাংবাদিক আবুল মোমেন তাঁর আলোচনায় বলেন, চট্টগ্রামে আছে পাহাড়, নদী, সমুদ্রসহ অন্তত পাঁচটি অনন্য বৈশিষ্ট্য। এটি ১৩০০ বছরের একাদিক্রমিক (কনটিনিউয়াস) নগর। এটিই তার একটি অনন্য বৈশিষ্ট্য। বিশ্বের খুব কম নগরেরই এসব বৈশিষ্ট্য আছে। এই সব বৈশিষ্ট্য রক্ষা করে চট্টগ্রামকে গড়ে তুলতে পারলে সেটা হবে একজন মেয়রের সবচেয়ে বড় সাফল্য।
চট্টগ্রামকে একটি গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্ব দিয়েছেন চিকিৎসক শাহাদাত হোসেন। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। কথাটার মধ্যে একটা চমক আছে। চট্টগ্রামে এখন লোকসংখ্যা ৫০-৬০ লাখ বলে দাবি করা হয়। যদিও এ নিয়ে মতভিন্নতা আছে। অনেকের মতে, হয়তো সংখ্যাটা ৩০-৪০ লাখ হবে। কিন্তু সেটা বড় কথা নয়, কথা হলো জনসংখ্যা তো দিন দিন বাড়ছেই। এত মানুষের ভার সামলাবে কে?
এ জন্য চট্টগ্রাম মহানগরকে একটি পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে হবে। মূল শহরে মানুষের ভিড় বাড়তে দেওয়া যাবে না। তার পরিবর্তে গড়ে তুলতে হবে ছোট ছোট উপশহর। যোগাযোগ ও যাতায়াতের সুব্যবস্থা থাকবে। সেই সব উপশহর থেকে মানুষজন সকালে কাজে এসে আবার সন্ধ্যায় ফিরে যাবেন যাঁর যাঁর বাসায়, উপশহরগুলোতে। চট্টগ্রামের জনসংখ্যা দিনে হবে এক থেকে দেড় কোটি, আর সন্ধ্যার পর মাত্র ৫০ লাখ! বিশ্বের বড় নগরগুলো এখন এভাবেই চলে। আমাদের পাশের দেশ ভারতের বড় শহরগুলোও এভাবেই চলছে।
মেয়র নাছির চট্টগ্রাম থেকে বিলবোর্ড উচ্ছেদ করেছেন। অনেক বাধা এসেছে। হোমরাচোমরাদের চোখরাঙানি উপেক্ষা করে তিনি কাজটি করে ফেলেছেন। কিন্তু বর্জ্য সরানোর উদ্যোগে তিনি পুরোপুরি সফল হতে পারেননি। এবার আটঘাট বেঁধে নেমেছেন। নাগরিকদের অনুরোধ করা হবে যেন সন্ধ্যার পর রাস্তার নির্ধারিত স্থানে বর্জ্য ফেলেন, আর সিটি করপোরেশন সারা রাতে সেই বর্জ্য সরিয়ে নেবে। সারা দিন নগর থাকবে ঝকঝকে, তকতকে। যদি সেটা সম্ভব হয়, তাহলে চট্টগ্রাম হবে সত্যিই সুন্দর নগর।
পাহাড় রক্ষা করতে হবে। মেয়র নাছির তাঁর ইশতেহারে এ বিষয়ে অনেক পরিকল্পনার কথা বলেছিলেন। কিন্তু সব কথার এক কথা হলো, পাহাড় কাটা বন্ধ করা। কেউ কোনো অজুহাতে পাহাড় কাটতে পারবেন না। আর তার সঙ্গে যদি সবুজ গাছপালায় ভরে দেওয়া যায় নগর, তাহলে তো কথাই নেই। এমন সুন্দর নগর বাংলাদেশে কমই পাওয়া যাবে।
আরেকটি চ্যালেঞ্জ হলো নগরের তরুণদের জন্য সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি। আজকাল কিছু তরুণ ভিড়ছেন মাদকের দিকে। কোনো তরুণ চলে যাচ্ছেন জঙ্গিবাদের দিকে। তঁাদের জন্য বিকল্প উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি করতে হবে। এবং সেটা সম্ভব। কারণ, অনাদিকাল থেকে চট্টগ্রাম সাংস্কৃতিক দিক থেকে অনেক উন্নত। এখানে মাদক বা উগ্র চিন্তার স্থান নেই। এদিকে নগর পরিচালনায় বিচক্ষণতার পরিচয় দিতে হবে।
এ জন্য শিশু-কিশোর-তরুণদের জন্য সৃষ্টি করতে হবে বিনোদনকেন্দ্র। যদি নগরের সব পাড়ায় ছোট ছোট পার্ক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা যায়, তাহলে সেটা হবে এক উজ্জ্বল দৃষ্টান্ত। কারণ, আমরা সাধারণত মেগা প্রকল্পের দিকে ছুটি। সেটা হোক। কিন্তু পাশাপাশি প্রতি এলাকায় ছোট ছোট বিনোদনকেন্দ্র গড়ে তোলা হোক। গোলটেবিল বৈঠকে এ কথাটাও এসেছে।
আমরা চাই চট্টগ্রাম একটি আদর্শ মহানগর হিসেবে গড়ে উঠুক। এই স্বপ্ন সত্য হবে কি না, তা অনেকাংশে নির্ভর করে নেতৃত্বের ওপর। শুধু মেয়র নন, সরকারের ওপরও এই দায়িত্বের অনেকখানি নির্ভর করে।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
[email protected]