গ্রেপ্তার অভিযান ও সুপ্রিম কোর্টের নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারকৃতদের প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হচ্ছে
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারকৃতদের প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হচ্ছে

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীর মর্মস্পর্শী হত্যাকাণ্ডের পটভূমিতে সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযান সাধারণভাবে অনেককে আশ্বস্ত করলেও একই সঙ্গে তা উদ্বেগেরও কারণ হয়েছে। বিশেষ করে গ্রেপ্তার করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশনা কোথায় কতটা প্রতিপালন করা হয়, কোথাও লঙ্ঘন বা বিচ্যুতি ঘটে কি না, সে বিষয়ে একটা স্বাভাবিক দ্বিধাদ্বন্দ্ব বা প্রশ্ন ওঠা স্বাভাবিক।
৮৫ ‘জঙ্গি’ গ্রেপ্তার করতে গিয়ে মাত্র দুদিনে ৫ হাজার ৩২৪ জন গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় মানবাধিকার কমিশন ‘ক্ষমতার অপব্যবহারের’ আশঙ্কা ব্যক্ত করেছে। পরিহাস এই যে এতগুলো ‘সন্দেহভাজন’ লোক এত দিন লুকিয়ে বা পুলিশের চোখের সামনে চলাচল করছিল, তারা বিশেষ নির্দেশ পাওয়ামাত্র ধরা পড়লেন বা ঘাগু পুলিশের দল তাদের খপ করে ধরে ফেলল।

সাতক্ষীরায় একটু খোঁজ নিয়ে জানতে পারি, যে ৩৫ জনকে প্রথম গ্রেপ্তার করা হয়েছে তাদের ধরতে ৫৪ ধারা লাগেনি। কারণ তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা ছিল। অবশ্য আমরা এভাবে আশ্বস্ত হতে চাইব যে আদালতের রায় মান্য করা মানে পুলিশ আর কাউকে গ্রেপ্তারে ৫৪ ধারা দেখায় না, সেটা নয়।

‘সন্দেহজনক’ ব্যক্তি গ্রেপ্তার হবেন, তাঁকে বিচারের দোরগোড়ায় নেওয়া হবে। কিন্তু সেটা করতে গিয়ে আদালতের রায়ের প্রতিফলন থাকতে হবে। ৫৪ ধারার ব্যবহার হ্রাস পেতেই পারে। তার মানে সন্দেহভাজনদের আর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হবে না বা কম দেখানো হবে। তবে ৫৪ ধারা প্রয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের বাধানিষেধের ফলে এবারের ঈদপূর্ব ‘গ্রেপ্তার–বাণিজ্যে’ মন্দা না–ও দেখা যেতে পারে, কারণ পুলিশের তো আর ধারার অভাব নেই!

ঢাকার একটি থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে শুক্রবার কথা হলো। তিনি বললেন, সুপ্রিম কোর্টের রায়ের পরে গ্রেপ্তার ও আসামিদের আদালতে প্রেরণ বা রিমান্ড বিষয়ে ওপর থেকে তাঁরা কোনো নির্দেশনা পাননি। তবে ঢাকার বর্তমান পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি ‘কথিত গ্রেপ্তার–বাণিজ্য’ বন্ধে প্রতিটি থানায় ৫৪ ধারা ও ‘পাঁচ আনি’ আইনে সন্দেহজনক গ্রেপ্তারকে নিরুৎসাহিত করে চিঠি দিয়েছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন সম্মেলনে ৫৪ ধারার অপব্যবহার সম্পর্কে সতর্ক করে দেন।

এটা কিছুটা প্রমাণ করে যে নিবর্তনমূলক আইনের অপব্যবহার সম্পর্কে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সচেতন এবং এটা বন্ধ করতে তাঁদের অন্তত কেউ কেউ কখনো কখনো আন্তরিকতার পরিচয় দেন। তবে এখন আমরা সুপারিশ রাখব যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সুপ্রিম কোর্টের রায়ের আলোকে একটা অন্তর্বর্তী নির্দেশনা জারি করে, তাহলে অপব্যবহারের কুফল আরও হ্রাস পেতে পারে।

গ্রেপ্তার কমানোর দিকে জোর বা সেটা মূল ইস্যু নয়, এখন মনে হয়, আসল জোরটা দিতে হবে গ্রেপ্তার ও তার পরের প্রক্রিয়া নিয়ে। পুলিশ যদি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এবং সেটা না করতে পারলে যদি জবাবদিহি আদায় করা যায়, তাহলেই অহেতুক ও হয়রানিমূলক গ্রেপ্তারের সংখ্যা কার্যকরভাবে হ্রাস পেতে পারে।

আমরা গণমাধ্যমকর্মীরা এখন পর্যন্ত এটাই বলতে অভ্যস্ত যে সরকারকে ‘কঠোর ব্যবস্থা’ নিতে হবে। আর সরকার নিজেই
যেখানে অভ্যাসের কারণে বলতে অভ্যস্ত যে তারা কতিপয় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি নিয়েছে। অথচ আইনের শাসনের যে ধারণা তাতে সাধারণ অপরাধ, ছোটখাটো অপরাধ ও গুরুতর অপরাধভেদে ভিন্ন ভিন্ন আচরণ প্রদর্শনে পুলিশকে কোনো সুযোগ দেওয়া হয়নি।

আইনের চোখে সমতার নীতি অনেক ক্ষেত্রে নির্বাসিত। সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের একটি মন্তব্য তাৎপর্যপূর্ণ বিবেচনা করার কারণ রয়েছে। তিনি বলেছেন, ‘বাংলাদেশে সন্ত্রাসবাদের যে ইস্যু সেটা অনেক বেশি শাসনসংক্রান্ত।’ আসল শাসনটা মানে সুশাসন ও আইনের শাসনে বেশি ঘাটতি পড়লে যেকোনো সমাজে সন্ত্রাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বেই।

এখন অন্তত কিছু ক্ষেত্রে অবস্থা দাঁড়িয়েছে অভিযোগের ধরনটাই বড়, সেটা সত্যি কি না সেটা পরের কথা। ফলে তা পুলিশ বা কোনো আইন প্রয়োগকারী সংস্থার যেকোনো ‘কঠোর’ ব্যবস্থাকে একটা তাৎক্ষণিক গ্রহণযোগ্যতা দিচ্ছে। জঙ্গি অভিযোগ তুললেই হলো, আর রক্ষে নেই, এখানে জিরো টলারেন্স! কোনো কোনো সন্ত্রাসমূলক ঘটনার পরে বিশেষ করে যেসব অপরাধ গণমাধ্যমে বড় শিরোনাম হয়, তখনই সরকারের তরফে রুটিন মাফিক ‘কঠোর ব্যবস্থা গ্রহণের’ সপক্ষে একটা বক্তব্য দেওয়া হয়, আর সেটা কার্যকরও হচ্ছে। সেটা তো হবেই কিন্তু তা আইন মেনে হচ্ছে কি? ‘ডিউ প্রসেস’ বা যথা প্রক্রিয়া অনেক ক্ষেত্রে নির্বাসিত।

 কঠোর ব্যবস্থা বা সন্ত্রাসীদের রেহাই না দেওয়া-সংক্রান্ত যে ঘোষণাগুলো নিরন্তর দেওয়া হচ্ছে, তার বাস্তব প্রতিক্রিয়া কী ঘটে সেটা মূল্যায়নের সময় এসেছে। এতে কি প্রকৃত অপরাধীরা ভীত হয়ে অপরাধ কমিয়ে দেয়, নাকি আইন প্রয়োগকারী সংস্থার যে শক্তি সেটার ব্যবহারকে আরও শাণিত বা ভোঁতা করে। আবার কথা হলো যদি দাবি করি চোখের দেখায় ‘শাণিত’ তো বলতেই হবে, কিন্তু সেটা আইন মেনে হয় কি না। গ্রেপ্তার বা অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সংবিধান যে আচরণ করতে বলছে, সেটা তো হচ্ছে না। তাই অনেক কিছুই অসাংবিধানিকভাবে ঘটছে।

সংবিধানে খুনি বা যেকোনো অপরাধীর যে মানবাধিকার স্বীকৃত আছে, সেটা কিন্তু এটা জেনেই সংবিধানে লেখা হয়েছে যে অপরাধীরা অন্যের মানবাধিকার লঙ্ঘন করে। কিন্তু তাই বলে তাদের শাস্তি দেওয়ার কোনো প্রক্রিয়ায় রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না। প্রশ্ন হচ্ছে সংবিধান যা নিষিদ্ধ করেছে সেটা বাস্তবে নিয়মিতভাবে বা অভ্যাসগতভাবে চলছে কি না। পাশ্চাত্যের একটি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়ান এমন একজন গবেষক ও শিক্ষাবিদ এক ঘরোয়া আলোচনায় এই প্রশ্ন তুললেন। বললেন, পত্রিকা খুললেই চোখে পড়ে ‘কঠোর ব্যবস্থা নিন।’ সাংবাদিক হিসেবে বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে। কখনো সরকার ও মিডিয়ার সুর ও লয় একই।

আরও কঠোর কিংবা কঠোর থেকে কঠোরতর মানে কি আরও বেশি গণতন্ত্র ও মানবাধিকারের উন্নয়ন? অবশ্য আমরা বিশ্বাস করতে চাই যে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে এমন কেউ কেউ আছেন, যাঁরা সত্যিই সন্ত্রাসবাদ দমনে কঠোরতার ব্যবস্থার মানে এটাও বোঝেন যে, এটা অবশ্যই আইনানুগ প্রক্রিয়ায় হওয়াই বাঞ্ছনীয়। সুপ্রিম কোর্টের রায়ের অনেক আগেই সন্দেহভাজনদের আটক–সংক্রান্ত ধারাগুলোর প্রয়োগ বন্ধ করতে ঢাকার পুলিশ কমিশনারের চিঠি সম্ভবত তারই প্রমাণ বহন করে।

সচেতন কেউ নিশ্চয় অপরাধ দমনে কোনো শৈথিল্য দেখানোর পক্ষে নন, কিন্তু এটা ভাবার বিষয় যে সন্দেহভাজন বা প্রকৃত অপরাধীদের জীবনে আমরা যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি না বা খুব অক্ষম থাকি, সেটা রাষ্ট্রের শক্তি না দুর্বলতা? এই সমাজ যদি বিচারবহির্ভূত অপরাধ দমন প্রক্রিয়াকে অনিবার্য বা তাদের নিয়তি হিসেবে গণ্য করেই ফেলে, তাহলে সেটা ভালো না মন্দ? আর এরপরও যদি অপরাধ বা সন্ত্রাসবাদ বা জঙ্গি দমন না হয়, তাহলে এরপর রাষ্ট্র কী করবে? প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে অতি চেনা পাল্টাপাল্টি দোষারোপ আবার শুরু হয়েছে।

একজন সংবাদকর্মী তাঁর এলাকার বিষয়ে তথ্য দিতে গিয়ে আমাকে এমনভাবে একটি বিবরণ দিলেন যে ক্রসফায়ারে নিহত হওয়াই তাঁর ভাগ্য ছিল। লোকটার পরিচয় কী, আমাকে এভাবে বললেন, চরমপন্থী ছিল। খারাপ লোক ছিল। বললাম, তাহলে সমাজে খারাপ লোকেরা বাঁচবে না, আমরা কেবল ভালোরা বাঁচব। ওই নিহত ব্যক্তি তথাকথিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। বহুদিন আগে একজন জ্যেষ্ঠ সম্পাদক আমাকে বলেছিলেন, যেকোনো উপলক্ষে আসুক না কেন, ক্রসফায়ারে এই কমিউনিস্ট নামধারীরা মরবেই। সরকারনির্বিশেষে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিদের তালিকা করুক, সংখ্যায় তারা গরিষ্ঠ হবে! এর ভিত্তি জানি না, তবে কিছুদিন বিরতি দিয়ে ‘বন্দুকযুদ্ধ’ অব্যাহত গতিতে চলছে।

গত কয়েক দিনে বিভিন্ন স্থানে যাঁরা ক্রসফায়ারে নিহত হয়েছেন, তাঁদের জবানবন্দি কি শুনতে পারব? অপারেশন ক্লিন হার্টের সময় শুনতাম, আদালত দিয়ে পারা যায় না, পিছলে বেরিয়ে যায়। তাই ক্লিনার মেশিন এনেছে বিএনপি! বিএনপির ক্ষমতাচু্যতির এক দশক পূর্তি হতে চলেছে। এখনো যদি সেই বিচারবহির্ভূত ধারার এতটুকু কোনো পরিবর্তন না হয়, যদি ক্লিন করা বাকি থেকে যায়, যদি পুলিশ অফিসারের স্ত্রীকে এভাবে রাস্তায় রক্তে ভিজে ঢলে পড়তে হয়, তাহলে আমরা কী উন্নতি করলাম?

পুলিশ সদর দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে এসব বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করা। এর উত্তর দেওয়া। যদিও এটা ধরে নেওয়া সমীচীন যে পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ইতিমধ্যে বাছবিচারহীন গ্রেপ্তারে সুপ্রিম কোর্টের বাধানিষেধের কথা জেনে গেছেন, তদুপরি আমরা মনে করি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলাপ-আলোচনা করে দেশব্যাপী যে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে, সেখানে যত লোককে গ্রেপ্তার, জেলে পাঠানো বা রিমান্ড নেওয়া হবে, তঁাদের ভাগ্যে যেন আদালতের নির্দেশনা মেনে চলতেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়।

আপনি ভারতীয় পুলিশসহ তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে এমন অনেক সার্কুলার ও নির্দেশনা দেখতে পাবেন, যেখানে সরকারের আদেশ নয়, সুপ্রিম কোর্টের রায় বা তাদের গাইডলাইন ‘কঠোরভাবে’ মেনে চলার নির্দেশ আছে। এ রকম কঠোরতা আমরাও দেখতে চাই।

মিজানুর রহমান খান: সাংবাদিক৷