গ্রেপ্তারি পরোয়ানা ও একটি পরিবারের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা ঘনিয়ে আসছে। বাসার মূল ফটকে কেউ নক করছে। বাড়ির ছোট ছেলে আরমান (ছদ্মনাম) বের হলেন। আগন্তুক দুজন নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দিলেন। পরে জানালেন, একটি এনজিওর করা চেক জালিয়াতির মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আরমান যেন আকাশ থেকে পড়লেন! তিনি কখনো কোনো এনজিওতে কাজ করেননি; ঋণও নেননি কোনো এনজিও থেকে। সঙ্গে সঙ্গে ডাকলেন বাবাকে। বাবা ওই পুলিশ সদস্যদের অনেক বলেকয়ে বোঝাতে সক্ষম হলেন, কোথাও কোনো একটা ভুল হচ্ছে। তিনি ১০ দিনের সময় নিলেন ওই ‘ভুলটা’ বের করার। আর ওই পুলিশ সদস্যরা আরমানকে বাসায় না থাকার ‘পরামর্শ’ দিয়ে চলে গেলেন।


বাস্তব ঘটনার বর্ণনা এটি। পুলিশ সদস্যরা যে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এসেছিলেন, তাতে আরমানের (৩৪) নাম, বাবার নাম-গ্রামসহ পুরো ঠিকানা মিলে যায়। পাঁচ দিনের চেষ্টায় অবশ্য ‘ভুলটা’ বের করতে সক্ষম হন আরমানের বাবা। ঘনিষ্ঠ একজনের পরামর্শে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নিজ গ্রামের ভোটার তালিকা বের করে তিনি দেখতে পান, তাঁদের গ্রামেই আরমান নামে আরেকজন আছেন। যাঁর বাবার নাম এক হলেও মায়ের নাম ভিন্ন। পরে আদালতের এক কৌঁসুলির (পিপি) সহায়তা নিয়ে আদালতের নথি থেকে তিনি বের করলেন, মামলার মূল আসামি তাঁর ছেলে নন, আরেক আরমান। সেই আরমান ইতিমধ্যে জামিনও পেয়েছেন। বিষয়টি থানায় জানালে পুলিশের ভুল ভাঙে।

সব মিলে যেটা স্পষ্ট হলো, গ্রেপ্তারি পরোয়ানায় বাবার নামের পাশাপাশি মায়ের নাম থাকলে আরমান ও তাঁর পরিবারকে এই হয়রানি হতে হতো না। নানা ক্ষেত্রে এখন বাবার নামের পাশাপাশি মায়ের নাম উল্লেখ করা হচ্ছে। এমনকি কেউ চাইলে শুধু মায়ের নামেই পরিচিত হতে পারবে। ২০০৯ সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেওয়া হাইকোর্টের রায়ে নাগরিকদের এই স্বাধীনতা দেওয়া হয়েছে। হাইকোর্টের এই রায়েরও আগে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০০০ সালের আগস্টে পরিপত্র জারি করে বাবার নামের পাশে মায়ের নাম লেখা বাধ্যতামূলক করেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিভিন্ন বক্তৃতায় সন্তানের পরিচয়ের জন্য বাবার পাশাপাশি মায়ের নাম বাধ্যতামূলকভাবে উল্লেখ করার বিষয়টি স্মরণ করিয়ে দেন।

নানা ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের নাম লেখা হলেও এখনো গ্রেপ্তারি পরোয়ানায় আসামির মায়ের নাম উল্লেখ করা হয় না। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু বললেন, গ্রেপ্তারি পরোয়ানায় বাবার নামের পাশাপাশি মায়ের নামও লেখা উচিত। বিশেষ করে পুলিশ যদি অভিযোগপত্রে আসামির মায়ের নাম উল্লে­­খ করে দেয় তাহলে ভালো হয়। এটা হলে নামের মিল থাকার কারণে নির্দোষ মানুষের হয়রানির শিকার হওয়ার আশঙ্কা থাকবে না।

কিন্তু পুলিশের কারণে কয়েক দিন ধরে উল্লিখিত নির্দোষ আরমান ও তাঁর পরিবার যে মানসিক চাপে কাটাল; যে হয়রান হলো, তার মূল্য কে দেবে? আর পুলিশ কি তার যথাযথ দায়িত্ব পালন করল? আসামি আরমানকে খুঁজে বের করার দায়িত্ব তো পুলিশের। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্যই তো আরমানদের করের টাকায় প্রতি মাসে পুলিশের বেতন হয়। তাহলে কেন নির্দোষ আরমানদের হয়রানির শিকার হতে হবে?

তাই সময় এসেছে গ্রেপ্তারি পরোয়ানাসহ সংশ্লিষ্ট সব কাগজপত্রে আসামির মায়ের নাম বাধ্যতামূলকভাবে উল্লেখ করার। আর আসামি খুঁজে বের করা বা গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে। তাহলে আরমানের মতো আর কোনো নির্দোষ ব্যক্তি বা পরিবারের এমন হয়রানির শিকার হওয়া থেকে রেহাই পাবে।

মাহফুজার রহমান: সাংবাদিক
[email protected]