
ফ্রান্সের রাজধানীতে ঘটে যাওয়া বর্বর হত্যাকাণ্ডে বিশ্বের তাবৎ বিবেকবান মানুষের মতো বাংলাদেশের জনগণও যে শোকাহত আর মর্মাহত হবেন, তাতে কোনো সন্দেহ নেই। একটি পত্রিকা, সে আপনার-আমার যত অপছন্দেরই হোক না কেন, সেটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য ভয়ংকর সব আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে এর দপ্তরে হানা দিয়ে হত্যাকাণ্ড চালানো যেকোনো মাপকাঠিতেই গ্রহণযোগ্য বিবেচিত হতে পারে না। ফলে বিশ্ববিবেক সংগত কারণেই ঘটনার প্রতিক্রিয়ায় জাগ্রত হতে কালক্ষেপণ করেনি, যার ফলে আমরা দেখছি শুধু ফ্রান্সেই নয়, এমনকি সহস্র মাইল দূরের অনেক শহরেও মানুষকে পথে নেমে এসে ফরাসি ভাষার ঘোষণা ‘জে সুই শার্লি’ উচ্চারণ করে যেতে, আক্ষরিক অর্থে যেটা হচ্ছে আমি শার্লি।
বিশ্বের বিভিন্ন দেশে জনগণের এতটা স্বতঃস্ফূর্ত সহমর্মিতা প্রকাশকে অন্যভাবে আমরা ধরে নিতে পারি যে এ রকম উচ্চারণের মধ্য দিয়ে যে বার্তা তাঁরা সবাই পৌঁছে দিতে চাইছেন তা হলো, এখন থেকে আমরা সবাই শার্লি এবদোর ভূমিকায় অবতীর্ণ হচ্ছি। অর্থাৎ সাপ্তাহিক সেই পত্রিকা ঠাট্টা-তামাশার আড়ালে ফরাসি সমাজে বিভক্তির রেখা টেনে দেওয়া এবং সার্বিকভাবে মানুষের ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে খোঁচা দেওয়ার যে খেলা খেলে গেছে, আমিও এখন থেকে যোগ দিচ্ছি সেই খেলায়। ঠিক একই সুরের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়াও প্রকাশিত হয়েছে প্রথম আলোয়, ঘটনার পেছনের যে গভীরতা, তার তালাশ না করে বরং বিশ্বের বিভিন্ন শহরের মিছিলকারীদের মতোই স্লোগানে গলা মেলানো বক্তব্যের প্রতিফলন যেখানে ছিল অনেক বেশি।
শার্লি এবদোর বিতর্কিত ভূমিকায় যাওয়ার আগে যে বিষয়টি শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার তা হলো, পত্রিকা অফিসে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে সম্পাদক ও সাংবাদিকদের হত্যা করা অবশ্যই এ রকম এক জঘন্যতম অপরাধ, যার পক্ষে সাফাই গাওয়ার কোনো রকম সুযোগ একেবারেই নেই। তবে মৌলবাদী অবস্থান থেকে কোনো একটি পক্ষের চালানো সন্ত্রাসবাদী হামলা এবং গুরুত্বপূর্ণ কিছু সামাজিক প্রশ্নে একটি সংবাদপত্রের গ্রহণ করা মৌলবাদী অবস্থানের তুলনামূলক বাছবিচার মনে হয় যে বিষয়টির ওপর কিছুটা হলেও আলোকপাত করতে পারে তা হলো, বিশেষ একটি পত্রিকার প্রতি বিশেষ কোনো গোষ্ঠীর ঘৃণার প্রচণ্ডতা কেন এতটা উগ্র আকার নিয়েছে যে নিজের জীবন বিপন্ন করে হলেও সেখানে হামলা চালাতে পিছপা হয়নি কিছু তরুণ। আমরা এ রকমও ধরে নিতে পারি যে হামলাকারীদের এটা অজানা ছিল না যে তাদের কর্মের ফলাফল শুধু অন্যের মৃত্যু নয়, সেই সঙ্গে নিজেদের মৃত্যুকেও ডেকে আনবে। সে রকম অবগত থেকেই পত্রিকা অফিসে তাদের হামলা চালানো। ফলে ঘৃণার এতটা গভীর উৎসের অনুসন্ধান করার আগে নিজেকে শার্লি এবদো ঘোষণা করে বসা মনে হয় একই স্খলনের পথে যাত্রার পুনরাবৃত্তি শোনাতে পারে, যে পথে যাত্রা করে বড় মাত্রার বিভাজনের রেখা সমাজে টেনে দিয়েছিল খুব বেশি জনপ্রিয়তা না পাওয়া একটি সাপ্তাহিক পত্রিকা।
শার্লি এবদোর আবির্ভাব ঘটেছিল বিতর্কিত একটি রাজনৈতিক কার্টুনের সূত্র ধরে ১৯৭০ সালে। চার্লস দ্য’গলের মৃত্যুকে নিয়ে একটি কার্টুন ছেপে বিপাকে পড়েছিল সেই সময়ের জনপ্রিয় একটি কৌতুক সাপ্তাহিক হারা-কিরি। সেই বিতর্কের জের ধরে হারা-কিরি বন্ধ হয়ে গেলে পত্রিকার সঙ্গে যুক্ত সাংবাদিক-কার্টুনিস্টরা যুক্তরাষ্ট্রের চার্লি ব্রাউন ধরনের কার্টুনের চিন্তা মাথায় রেখে চালু করেছিলেন শার্লি (চার্লির ফরাসি উচ্চারণ) এবদো। সাপ্তাহিক পত্রিকার সংক্ষিপ্ত উচ্চারণ এবদো চার্লি ব্রাউনের প্রথম অংশের সঙ্গে যুক্ত করে নিয়ে পত্রিকার নামকরণ।
কার্টুন হচ্ছে শুরু থেকেই সাপ্তাহিক সেই পত্রিকার অন্যতম প্রধান আকর্ষণ এবং রাজনৈতিক বিষয়াবলির কার্টুনের জন্য পরিচিত হয়ে উঠলেও এর পাঠক কাটতি কখনোই সে রকম বেশি ছিল না। সাম্প্রতিক সময়ে ক্ষয়িষ্ণু সেই পাঠকের সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় মাত্র ৩০ হাজারে। ফলে বিশাল আকারের কোনো সংবাদমাধ্যমের সেটাকে গিলে ফেলার মতো অবস্থাও বলা যায় এ কারণে ছিল না যে সীমিত গ্রাহকসংখ্যার এতটা গৌণ একটি সংবাদপত্রের মালিকানা কিনে নেওয়ার মতো আগ্রহ তেমন কেউ দেখায়নি। আর তাই অনেকটা যেন নিশ্চিন্তেই শার্লি এবদোর সাংবাদিক আর কার্টুনিস্টরা মনোযোগ দিতে পেরেছিলেন তাঁদের পছন্দের বিষয়াবলির দিকে, যে পছন্দ-তালিকার সর্বাগ্রে ছিল ধর্মের বিষয়টি। নিজেদের প্রচণ্ড রকমের ধর্মনিরপেক্ষ দাবি করা পত্রিকা-কর্মীদের ধর্মীয় অবস্থান অনেকটা যেন ছিল মৌলবাদী চরিত্রেরই সম্পূর্ণ উল্টো এক দিক, যেটাকে অন্যভাবে ধর্মবিদ্বেষীও সহজেই আখ্যায়িত করা যেতে পারে। খ্রিষ্টধর্মের ক্যাথলিক মতাদর্শের নানা রকম গোঁড়ামির তীব্র সমালোচনা ছিল সূচনার দিনগুলোতে পত্রিকার অনুসরণ করে যাওয়া অন্যতম মূলধারা। মাত্রাতিরিক্ত সমালোচনা করা থেকে মামলার মুখোমুখি হওয়ার মতো অবস্থাও পত্রিকার জন্য একসময় হয়ে দাঁড়িয়েছিল নিয়মিত ঘটনা।
পূর্ব-পশ্চিমে বিভক্ত বিবদমান দুই বিশ্বের মধ্যে চলা দীর্ঘকালের স্নায়ুযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর পশ্চিমের শত্রুর শূন্যের স্থানটি তাদের একসময়ের ঘনিষ্ঠ মিত্র ইসলাম দখল করে বসার পর থেকে ফ্রান্সসহ ইউরোপের বেশ কিছু দেশের হঠাৎ করেই যেন এ রকম বোধোদয় ঘটে যে তাদের ঘরের প্রাঙ্গণে সযত্নে রোপণ করা ইসলাম নামের বিষবৃক্ষটি ইতিমধ্যে ডালপালা বিস্তার করে বেড়ে উঠেছে। সেই একই বোধোদয় থেকে কৌতুক সাময়িকী শার্লি এবদোও রুপার্ট কিপলিংয়ের ভাষায় সাদা মানুষের দায়িত্বের বোঝাটি গভীরভাবে অনুধাবন করতে শুরু করে এবং পত্রিকার কার্টুনের মূল নজরও ক্রমশ অন্য ধর্ম থেকে ইসলামের দিকে সরে আসে।
ডেনমার্কের একটি পত্রিকায় ২০০৬ সালে ইসলামের মহানবী (সা.)কে নিয়ে প্রকাশিত কার্টুন এবং পরবর্তী ঘটনাবলি যেন ছিল ইউরোপের সেই বোধোদয় আর এর সঙ্গে সম্পর্কিত পরিবর্তিত চেতনারই একটি মাইলফলক, ইসলাম ধর্মকে লক্ষ্য করে উদ্দেশ্যমূলকভাবে চালানো উসকানির নগ্ন প্রকাশ আমরা যেখানে দেখতে পাই। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে এটাও হচ্ছে পরমত, পরের ধর্মের প্রতি দেখানো অসহিষ্ণু আচরণেরই অন্য এক বহিঃপ্রকাশ। পরবর্তী সময়ে এগিয়ে আসতে দেখা যায় ডেনমার্কের কার্টুনিস্ট, নরওয়ের উগ্র জাতীয়তাবাদী হত্যাকারী এবং ইউরোপীয় সমাজের আরও কিছু অংশকে। শার্লি এবদোকে সেই একই পথের অনুসারী আখ্যায়িত করা মাত্রাতিরিক্ত শোনাবে না। বছরের পর বছর ধরে ইসলাম ধর্ম, ইসলামের মহানবী (সা.) এবং ধর্মীয় আচরণ নিয়ে অশ্লীলতাপূর্ণ কার্টুন ছেপে ফ্রান্সের সংখ্যালঘু মুসলমানের মনে আঘাত দিয়ে যাওয়া একটি পত্রিকাকে আর যা-ই হোক, পরমতসহিষ্ণু আখ্যায়িত করা হবে সত্যের অপলাপমাত্র।
সেই সঙ্গে পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা চালানোর অন্য যে কারণের সন্ধান ইতিমধ্যে আরেক দল বিশ্লেষক করতে শুরু করেছেন, তা হলো মধ্যপ্রাচ্যের ইসলামি রাষ্ট্রসমূহের বেলায় ফ্রান্সের গ্রহণ করা বিতর্কিত সরকারি নীতি। আমরা জানি, লিবিয়ার বর্তমান অরাজকতা আর চরম বিশৃঙ্খলার পেছনে যে দেশটি সবচেয়ে বেশি অবদান রেখেছে, তা হচ্ছে পশ্চিমা সভ্যতার ঝান্ডা তুলে রাখা দেশ ফ্রান্স। সিরিয়ায়ও সেই একই খেলায় লিপ্ত ফাঁসোয়া ওলাঁদের সমাজতন্ত্রী ফ্রান্স। এসব কিছুর পাল্টা প্রতিক্রিয়া এখন সন্ত্রাসবাদের ঘরের ভেতরে এসে পড়ার মতো সমস্যার মুখোমুখি ফ্রান্সকে দাঁড় করিয়ে দিচ্ছে। বিদেশে সন্ত্রাসবাদী হবে আমার মিত্র আর আমার নিজের দেশে সে আমার শত্রু, সেটা তো হতে পারে না। ফলে শার্লি এবদোর ঘটনা ফরাসি সমাজের দিকে আরও একটু ঘনিষ্ঠভাবে নজর দেওয়ার সুযোগ মনে হয় আমাদের জন্য করে দিচ্ছে। আর সে রকম ঘনিষ্ঠ নজরের সূত্র ধরেই আমাদের পক্ষে বলা সম্ভব, পত্রিকা অফিসে সন্ত্রাসবাদী হামলার নিন্দা সর্বোচ্চ উচ্চারণে আমি করে যাব, তবে এর অর্থ এটা নয় যে নিজেকে আমি শার্লি এবদো আখ্যায়িত করব।
টোকিও, ১০ জানুয়ারি ২০১৫
মনজুরুল হক: শিক্ষক ও সাংবাদিক৷