এই মুহূর্তে সাভারের রানা প্লাজাই ঘটনা। সেখানে লাশের সারি, আটকা পড়া আহত ব্যক্তিদের বাঁচার আকুতি-আর্তনাদ, আর সন্ধানপ্রার্থী আপনজনদের ফরিয়াদ—১৩ দিন ধরে শুধু দেশের মানুষকে নয়, বাইরের নানা দেশের মানুষকে যন্ত্রণাবিদ্ধ করেছে টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে। চোখের সামনে তাঁরা যা ঘটতে দেখেছেন, নিজেদের চেতনায় তাৎক্ষণিকভাবে সেটিই মুখ্য হয়ে উঠেছে। এটি তো মানবসৃষ্ট ঘটনা। ওখানে অদৃষ্টের কোনো হাত নেই, বরং হাত রয়েছে স্পষ্ট দৃশ্যমান কিছু মানুষের সীমাহীন লোভ আর চরম দুর্নীতির। সবাই দেখেছেন, ভবনের মালিক ও পোশাক কারখানাগুলোর মালিক নিজেদের স্বার্থের কাছে এতগুলো মানুষের জীবনকে কীভাবে তুচ্ছ জ্ঞান করেছেন। আর এক স্তরে দেখছেন কীভাবে রাজনৈতিক মদদপুষ্ট একজন বেপরোয়া তরুণ শুরু থেকে শেষ পর্যন্ত বিল্ডিং কোডসহ সব রকম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেতে পেরেছেন। এসব অবশ্য ছবির তলার ছবির মতো গোপন ছিল না, সবাই মোটামুটি জানত, কিন্তু ভয়ে এ নিয়ে কথা বলত না; আর এর যে এই পরিণতি হবে, তা-ও তো কেউ ভাবেনি। তবে সবকিছুর গোড়ার যে জিনিস, ছবির সবচেয়ে তলার যে পেনসিল স্কেচ, সেটিও মানুষের কাছে যে একেবারে অবোধ্য তা নয়, যদিও এখনো তা আলোচিত হচ্ছে কম। ওই স্কেচ থেকে যেমন চূড়ান্ত ছবির সৃষ্টি, তেমনি রানা প্লাজার মর্মস্পর্শী ঘটনা, একদা সমুন্নত বর্তমানে ভূলুণ্ঠিত ওই প্লাজা, আর তার পরাক্রমশালী মালিক—এসবেরই মূল উৎপত্তি এক জায়গাতেই—তা হলো, দেশে সুশাসন ও সুরাজনীতির মর্মান্তিক অভাব। মুহূর্তের মধ্যে এই বিশাল ভবনটি ধসে পড়ে পেছনের যত কাহিনি উন্মোচন করেছে, তার মধ্যে এটাই সবচেয়ে সুদূরপ্রসারী ভয়াবহ কাহিনি। কারণ, বাংলাদেশে শুধু সাভারই একমাত্র জায়গা নয়, রানা প্লাজাই দুর্নীতির একমাত্র সাক্ষী নয়, সোহেল রানাই সে রকম দুর্নীতির একমাত্র নায়ক নন; বরং দেশের অসংখ্য শহরে-গ্রামে-জেলা-উপজেলায় অসংখ্য রানা প্লাজা আর অসংখ্য সোহেল রানা সৃষ্টি হয়ে চলেছে এখনই, এ মুহূর্তেও। অধিকাংশ সময় ভবনধসের মতো বিস্ফোরণে তাদের প্রকাশ ঘটে না। সুশাসনের অভাব দেশের মানুষকে বরং অধিকাংশ সময় নীরবে তিলে তিলে ক্ষতবিক্ষত করে, যা শুধু ভুক্তভোগীরা টের পায়—পত্রিকার বড় হেডলাইন হয় না। কিন্তু তা অবক্ষয় ঘটিয়ে চলে অবধারিতভাবে বিস্ফোরণ না হওয়া পর্যন্ত। এ যেন সারা শরীরের এক যাতনাময় প্রদাহ, যা মানুষ নীরবে সয়ে যায়। কিন্তু প্রদাহ মাত্রা ছাড়ালে তা বিষফোড়ার মতো প্রকটভাবে প্রকাশ পায় একেক সময়, শরীরের কখনো এখানে কখনো ওখানে। অপরাজনীতি ও অপশাসনের প্রদাহ আজ এক জায়গায় ভবনধসের এবং হাজারো হতাহতের মধ্যে প্রকাশ পেয়েছে, কাল অন্যত্র অন্যভাবে প্রকাশ পাবে। ওই অপরাজনীতি যাঁরা সৃষ্টি করেন, তাঁরা যতই ক্ষমতাবান হোন না কেন, এই বিষফোড়াকে রোধ করতে পারেন না। অতীতে যাঁরা সৃষ্টি করেছেন, তাঁরা পারেননি; এখন যাঁরা করছেন, তাঁরাও পারছেন না। একটি ভবনধসের বিচ্ছিন্ন দুর্ঘটনার পেছনে এভাবে অপরাজনীতির হাত আবিষ্কার করাটি কি খুবই কল্পনাবিলাস হয়ে যাচ্ছে? যদি তাই হবে, তা হলে কী কারণে মাত্র কয়েক বছরে রানার মতো মানুষ দৃশ্যমান কোনো উৎস ছাড়া কয়েকটি সুউচ্চ অট্টালিকার মালিক হয়ে পড়েন; কী কারণে যাঁর জমি দখল করে তিনি তাঁর প্লাজা নির্মাণ করেছেন, সেই রবীন্দ্র বাবু শুধু অসহায় কান্নায় গুমরে মরেন; কী কারণে কার ভয়ে পৌর পিতারা বিল্ডিং কোড ভুলে যান, পৌর প্রকৌশলীরা প্রকৌশল জ্ঞান ভুলে যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উল্টা প্রকৌশল জ্ঞান ফলাতে যান, পুলিশ কর্মকর্তারা বিপজ্জনক ভবন পাহারা দিতে ভুলে যান; আর কী কারণেই বা গার্মেন্টসের মালিক তাঁর কথাতেই কারখানা খোলা রাখেন নিজের এত জন শ্রমিক-কর্মচারীর সম্ভাব্য বিপদ জেনেও? সোহেল রানাদের সৃষ্টি করতে এবং বেপরোয়া করে গড়ে তুলতে শিখর থেকে পাতাল পর্যন্ত বিস্তৃত অপরাজনীতির গভীর শিকড় প্রয়োজন হয়। সুশাসনের অভাবের অন্য কিছু কারণও থাকতে পারে। তবে সেসব কারণের কোনোটিই অপরাজনীতির মতো এত গুরুত্বপূর্ণ নয়। অপরাজনীতি দুর্নীতির যে সংস্কৃতি তৈরি করে, তাতে শাসনের মূলমন্ত্র হয়ে দাঁড়ায় দুষ্টের পালন ও শিষ্টের দমন। রানা তাঁর বিপুল সম্পত্তির পেছনে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন, আদৌ কিছু করেছেন কি না, তা জানি না, তবে তাঁর অন্য বিনিয়োগগুলো সবার চোখের সামনেই ঘটেছে। সংবাদমাধ্যমের তথ্য হলো, তাঁকে স্থানীয় সাংসদের সব কাজের কাজি হতে হয়েছে, দলের সব শোডাউনের আয়োজন করতে হয়েছে, শত শত মারমুখী তরুণের জোগানদারি হয়েছে, হরতালবিরোধী মিছিলের আয়োজন করতে হয়েছে—এমনকি নিজের ভবনের করুণ দশা জানার দিনটিতেও। তাঁর ও নেতাদের ছবিসংবলিত সাভারের আকাশঢাকা আধুনিক ব্যানারগুলো সগর্বে এসবের ঘোষণা দিয়ে এসেছে। এখন টেলিভিশন ফাইল ফুটেজের কল্যাণে আমরা দেখেছি তরুণবোঝাই অনেক খোলা গাড়ি ও মোটরসাইকেলের সমারোহে কী প্রবল পরাক্রমে তিনি এসবের নেতৃত্ব দিয়েছেন সবার মনে ত্রাস জাগিয়ে তোলে। রাজনীতির এই খেলা এমনই করুণ যে সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিকেও ঘটনা যা-ই ঘটুক না কেন, অতি সরল একটি ‘রাজনৈতিক বক্তব্য’ দিয়ে তা নিজের পক্ষে আনতে হয়। সে কারণেই মিডিয়ার কল্যাণে এমন বক্তব্য আমরা শুনি যে রানা প্লাজার ওই দুর্ভাগারা সেদিন কাজ করতে নয়, তাঁদের ফেলে যাওয়া জিনিসপত্র আনতে সেখানে ঢুকেছিলেন; কিংবা কমিটির তালিকার কোথাও রানার নাম নেই; কিংবা এখন মানুষকে বাঁচানোর কাজ করাটাই কর্তব্য, কাউকে ধরার বা শাস্তি দেওয়ার কথা বলার নয় ইত্যাদি। আর তদন্তকারী সব সংস্থার যিনি রাজনৈতিক বড়কর্তা, তাঁর মুখে শুনতে হয় পুরকৌশলের সেই অভিনব শিক্ষা—হরতালকারীদের পিলার ঝাঁকুনিতেই ভবনটি পড়ে যেতে পারে। এগুলোকে কেউ কথার কথা মনে করলে ভুল করবেন। অনেকটা কন্ডিশন্ড রিফ্লেক্সের মতো এ ধরনের কথাগুলোর মাধ্যমে অবধারিতভাবে আজকের রাজনীতির আসল গোমরটি বেরিয়ে আসে। মিডিয়ায় প্রত্যক্ষ করেছি, ১৩ দিন ধরে প্রধানত প্রশিক্ষণহীন সাধারণ উদ্ধারকর্মীরা শুধু হাতুড়ি, শাবল, হ্যাকসের ওপর ভরসা করে জীবন বাজি রেখে আহত ব্যক্তিদের উদ্ধার করেছেন। খুবই কষ্টে ধীরে ধীরে এটি করতে গিয়ে তাঁরা বারবার ভালো যন্ত্রপাতির অভাবের জন্য হা-হুতাশ করেছেন। এটিও মানুষকে খুব ভাবিয়েছে। ওয়াকিবহাল বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ঠিক এমন পরিস্থিতিতে এমনি কাজের জন্য আধুনিক দক্ষ ছোট যন্ত্র রয়েছে, যার চাহিদাপত্র অনেক আগেই দেওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছে ধ্বংসস্তূপে দুর্গম জায়গায় লুক্কায়িত জীবন্ত মানুষের উপস্থিতি দূর থেকে বুঝতে পারার জন্য ছোট্ট লোকেটর যন্ত্রও। আমাদের শাসকদের অগ্রাধিকারে এসব যদি না-ও থাকে, তা হলে আশপাশের যেকোনো দেশ থেকে তা কয়েক ঘণ্টার মধ্যে আনানো যেত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাত্র আধ ঘণ্টা ভ্রমণের পথ কলকাতাতেই রয়েছে শুধু সর্বাধুনিক পর্যাপ্ত যন্ত্রপাতিই নয়, বরং সদা প্রস্তুত বিশ্বমানের একটি উদ্ধারকারী দল—ঠিক এ রকম কাজের জন্যই। ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকা জানিয়েছে, বিদেশি সহায়তার নানা প্রস্তাব এসেছিল, বাংলাদেশ সরকার রাজি হয়নি। অপেক্ষাকৃত অনেক ধনী দেশেও এর চেয়ে কম দুর্যোগের ক্ষেত্রেও সঙ্গে সঙ্গে সব দেশের কাছে মানুষের প্রাণ বাঁচানোর জন্য সহায়তা প্রার্থনা করা হয়। এতগুলো বিপন্ন জীবন সামনে রেখে আমরা নিজেরা তো সাহায্য চাইলাম না, বরং সাহায্য যারা করতে চেয়েছে, তাও প্রত্যাখ্যান করলাম, এটি কেমন করে সম্ভব হলো? শুধু হাতুড়ি-করাত আর অদক্ষ সাধারণ উদ্ধারকারীর সাহসিকতার ওপর নির্ভর করে যে রকম ধীরগতিতে উদ্ধারকাজ চলেছে, তাতে কি অনেকের জন্য দেরি হয়ে যায়নি? গরিব শ্রমিকের জীবনের মূল্য আমাদের কাছে কম বলেই কি এটি ঘটতে দিলাম, নাকি নিজেদের দুরবস্থা বিদেশিদের কাছে উন্মুক্ত হয়ে যাবে বলে? উন্মুক্ত হতে কিছু বাকি আছে কি?এখন অবশ্য সবাই বুঝতে পারছেন যে সাধারণ মানুষকে যত সাধারণ মনে করা হয়, তাঁরা তা নন। তাঁরা সবই বোঝেন। যদিও বেশির ভাগ সময় সবকিছু হজম করে যান। তবে এই হজমেরও সীমা আছে। এই যে উপলব্ধি সাভার ট্র্যাজেডি থেকে হলো, তাও কি পরক্ষণই ভুলে যাওয়ার জন্য? অতীতে তো তেমনটিই হয়েছে। মাত্রার কিছু হেরফের হলেও অতীতের সরকারগুলোর সময়ও রাজনৈতিক সংস্কৃতিতে খুব ভিন্নতর কিছু হয়েছে, তাও তো নয়। অপরাজনীতির বোঝা আমাদের বহন করতে হয়েছে বহু বছর ধরে, তার মূল্যও দিতে হয়েছে অনেক। কিন্তু কখনো তার প্রতিকার হয়নি। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে সবার। সামনে যাঁরা দেশ চালাবেন, সাভার ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে তাঁরা এই সংস্কৃতির অবসানের উদ্যোগ নিলে ভালো করবেন—নিজেদের জন্যও, দেশের জন্যও। সেটি হলে বিল্ডিং কোড, আইনের শাসন, শ্রমিকের জীবন—সবই তখন আপন নিয়মেই রক্ষিত হবে। ড. মুহাম্মদ ইব্রাহীম: অধ্যাপক, বিজ্ঞান লেখক।