ঘনিয়ে আসছে ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের যুদ্ধপ্রস্তুতি
পাকিস্তানের যুদ্ধপ্রস্তুতি

দক্ষিণ এশিয়া আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আবারও ভুল কারণে। না, সংবাদটা দুই অঙ্কের ঘরের প্রবৃদ্ধির হার, চিত্তাকর্ষক সামাজিক সূচক বা প্রযুক্তিগত উদ্ভাবনের উৎকর্ষের জন্য নয়। এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাছাউনিতে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের দামামা বেজে ওঠার কারণে। ওদিকে জম্মু ও কাশ্মীরের মানুষেরা কয়েক মাস ধরে অধিকারের দাবিতে বিক্ষোভ-বিদ্রোহ করে যাচ্ছে, পরিণামে তারা ভারতীয় নিরাপত্তা বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হচ্ছে।
কথা হচ্ছে, কাশ্মীরে বিদ্রোহের ধরন ও মাত্রার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন নয় যে, এর সামরিক সমাধান নেই। জম্মু ও কাশ্মীরের মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানানোর মাধ্যমে একটি রাজনৈতিক সমাধান বের করতে হবে। কিন্তু উরি হামলাটা দুর্ভাগ্যজনক এ কারণে যে, এর ফলে কাশ্মীরের মানুষের আন্দোলনের ব্যাপারটা চাপা পড়ে গেল, আর ভারত ও পাকিস্তান যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এল। সন্ত্রাসবাদ শুধু নিরীহ মানুষকে হত্যাই করে না, তা দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাধিয়ে বিপুল মানুষের প্রাণহানির আশঙ্কা সৃষ্টি করে। এ সত্য প্রমাণ করার মতো তথ্য-প্রমাণ আছে যে আল-কায়েদা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগানোর জন্য অন্তর্ঘাতমূলক কাজ করেছে।
ওদিকে লস্কর-ই-তাইয়েবা (এলইটি) ও জইশ-ই মোহাম্মদ (জেইএম) ভারত-পাকিস্তান শান্তি আলোচনা বিঘ্নিত করার জন্য বিশেষ দক্ষতা অর্জন করেছে। আগেও তারা এ কাজ করেছে। যখনই দুই দেশের শীর্ষনেতাদের মধ্যে শান্তি আলোচনা শুরু হতে গেছে, তখনই তারা ভারতে সন্ত্রাসী হামলা চালিয়েছে। তবে তিক্ত সত্যটি হচ্ছে, পাকিস্তান সরকার তালেবান, এলইটি ও জেইএম প্রভৃতি সংগঠনের নিজস্ব যোদ্ধাবাহিনী ভেঙে দিতে পারেনি। এই একটি কারণেই মূলত পাকিস্তান আন্তর্জাতিক পরিসরে একঘরে হয়ে যাচ্ছে।
তবে নওয়াজ শরিফের সরকার এই সংকট মোকাবিলায় বেশ পরিপক্বতার পরিচয় দিয়েছে। এ জন্য তাঁকে কৃতিত্ব দেওয়াই উচিত। সামগ্রিকভাবে, পাকিস্তানি গণমাধ্যম যুদ্ধোন্মাদনা না ছড়িয়ে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ভারতের অনেক গণমাধ্যম সম্পর্কে এ কথা বলা যায় না।
এখন পর্যন্ত পূর্বাঞ্চলীয় ফ্রন্টের খবরই বেশি আসছে। কারণ, সেখানে সামরিক তৎপরতা বেশি দেখা যাচ্ছে, যদিও পশ্চিম ফ্রন্ট একেবারে নীরব নয়। আফগান তালেবানরা পাকিস্তানের অভয়ারণ্য ব্যবহার করে আফগান সরকার ও জনগণের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কোয়েটায় যে আফগান তালেবানদের শ্‌ুরা আছে, সেটা তো সবাই জানে। পাকিস্তানের পক্ষে তা অস্বীকার করাও কঠিন, সে আর এখন তেমন অবস্থায় নেই। হাক্কানি নেটওয়ার্ক উত্তর ওয়াজিরিস্তান থেকে নিম্ন কুররম ও হাঙ্গু শহরের কাছে চলে আসার পর আফগান প্রদেশ পাকতিয়া ও পাকতিকার আশপাশে কিছু জেলা দখল করে ‘স্বাধীন অঞ্চল’ ঘোষণা করতে চায়, যেটা পাকিস্তানে তাদের ঘাঁটি থেকে খুব দূরে নয়। আফগানিস্তানের অন্যান্য অংশে তালেবানদের যুদ্ধ চালানোর লক্ষ্য হলো, সেখানকার নিরাপত্তা বাহিনীর শক্তি ছড়িয়ে দেওয়া। আফগান তালেবানদের নজর মূলত দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের দিকে। এটা বেশ পরিষ্কার, আফগান নিরাপত্তা বাহিনী দেশের ভেতরেই তালেবানদের শেষ করে দিতে পারে। কিন্তু পাকিস্তানে যারা ঘাঁটি গেড়ে আছে, তাদের ব্যাপারে তারা কিছু করতে পারবে না।
পাকিস্তান সরকার আফগান শরণার্থীদের জোর করে দেশে পাঠিয়ে দেওয়ার যে নীতি অনুসরণ করছে, দেশটির প্রধান রাজনৈতিক দল, বিশেষ করে পশতু অঞ্চলের রাজনীতিকেরা তার বিরোধিতা করেছেন। এটা যেমন আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন, তেমনি এর ফলে সাধারণ আফগানরা পাকিস্তানবিরোধী হয়ে যাচ্ছে। তালেবানরা ডুরান্ড লাইনের উভয় পাশেই সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আনবারের মসজিদে সম্প্রতি যে আত্মঘাতী হামলায় ৩৬ জন মারা গেল, তাতে এটা একদম পরিষ্কার যে, জর্ব-ই-আজব নামের সামরিক অভিযান ব্যর্থ হয়েছে। কিন্তু যেভাবে তথাকথিত মূলধারার উর্দু গণমাধ্যম ও পাকিস্তান সরকার এই ভয়ংকর ট্র্যাজেডি অগ্রাহ্য করেছে, তাতে এ ধারণাই আরও জোরালো হয়েছে যে, পশতুনরা পাকিস্তানের দ্বিতীয় শ্রেণির নাগরিক। পাখতুনখাওয়ায় হরেদরে টার্গেট খুন হচ্ছে, নিষ্কৃতির পথ পাওয়া যাচ্ছে না।
পাকিস্তানের বর্তমান আফগান নীতিতে সংসদ, ফেডারেল বা প্রাদেশিক সরকারের অনুমোদনের বালাই নেই। অন্য কথায়, সরকারের ভেতরের অগণতান্ত্রিক ক্ষমতাচক্র তা নেওয়ার ভানও করেনি। এটা ঠিক, সিনেটে বেশ কয়েকবার এর ব্যাপক সমালোচনা হয়েছে, কিন্তু যে সরকারের ভেতরের অগণতান্ত্রিক ক্ষমতাচক্র এই নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে, তারা এতে মোটেও বিচলিত নয়। ২০ সেপ্টেম্বর পাকিস্তানের তিনজন সাবেক পররাষ্ট্রসচিব ও একজন সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা সরকারকে খোলা চিঠিতে লিখেছেন, এই ‘বিপজ্জনক পরিস্থিতিতে সাড়া’ দেওয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়ে। তাঁরা নম্র কিন্তু পরিষ্কার ভাষায় সুচিন্তিত প্রস্তাব দিয়েছেন, কীভাবে পাকিস্তানের পূর্ব ও পশ্চিম সীমান্তের সংকট কাটানো যায়। বিশেষ করে, তাঁরা আফগান তালেবানদের সমর্থন দেওয়ার নীতির সমালোচনা করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত, কেউ তাতে কর্ণপাত করছে না। সেই স্নায়ুযুদ্ধের সময় নিরাপত্তা বাহিনীর যে উগ্র মানুষেরা বিপজ্জনক ও রোমাঞ্চকর আফগান নীতি প্রণয়ন করেছিলেন, সেটা এখনো চলছে। আফগানিস্তানে খিলাফত প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে পতনশীল ও পশ্চাৎমুখী সহিংস উপাদান ঢুকিয়ে দেওয়া ছিল এই নীতির মূল্য লক্ষ্য, অনেকটা আজকের আইএসের মতো। আজকের দিনে রাষ্ট্রীয় পর্যায়ে এ রকম নীতির অস্তিত্ব থাকাটাই সভ্য রাষ্ট্রীয় নীতির প্রতি অসম্মান জানানোর শামিল।
নওয়াজ শরিফের সরকার অনেক বিপজ্জনক অতর্কিত আক্রমণ মোকাবিলা করেছে। কিন্তু রাষ্ট্রীয় নীতির নিয়ন্ত্রণ হারিয়ে সে এক ঝড়ের মুখে পড়েছে, যেটা সে সামাল দিতে পারেনি। এমনকি বর্তমান সংকট কিছুটা প্রশমিত হলেও যত দিন এই তথাকথিত সন্ত্রাসী নেটওয়ার্ককে ‘কৌশলগত সম্পদ’ হিসেবে বিবেচনা করা হবে, এই ঝড়ের ঝাপটা পাকিস্তানকে তত দিন সইতে হবে।
পাকিস্তানের ইংরেজি ডেইলি দ্য নেশন-এর অনলাইন সংস্করণ থেকে নেওয়া; অনুবাদ: প্রতীক বর্ধন।
আফ্রাসিয়াব খাটক: আঞ্চলিক বিষয়াদির বিশ্লেষক।