গত বৃহস্পতিবার রাতে দেশের কয়েকজন সুপরিচিত রাজনীতিককে নিয়ে পুলিশ যে নাটকীয়তার জন্ম দিল, তার কোনো তুলনা খুঁজে পাচ্ছি না। কোনো রাজনৈতিক সরকারের সময়ে তো নয়ই, তা সেই দলের জন্ম যদি সেনানিবাসেও হয়ে থাকে। একমাত্র তুলনা পাওয়া যায় সামরিক শাসনামলে। তা-ও সেবার ওই রাজনীতিবিদের বৈঠকখানা ঘেরাও করেছিল সেনাবাহিনী। আর বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা আ স ম আবদুর রবের বৈঠকখানায় রাজনীতিকদের চা-চক্র অথবা বৈঠকে হানা দিয়েছে পুলিশ। কার নির্দেশে, কী উদ্দেশ্য সাধনের লক্ষ্য নিয়ে পুলিশ এমন কাজটি করতে পারল, তার কোনো ব্যাখ্যা মিলছে না।
সামরিক শাসনামলে যে রাজনীতিকের বৈঠকখানায় হানা দেওয়া হয়েছিল, তিনি ছিলেন তখনকার আওয়ামী লীগের নেতা, বর্তমানে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। গত বৃহস্পতিবারের সভায়ও ড. কামাল হোসেনের হাজির থাকার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি বলে জানিয়েছেন চা-চক্রের আয়োজক আ স ম আবদুর রব। ড. কামাল সুস্থ থাকলে হয়তো তাঁর জন্য ওই রাত হতো সামরিক শাসনের স্মৃতিজাগানিয়া ধরনের কিছু। ড. কামালের বাসার ঘটনাটি ছিল ১৯৮৩-এর ১৪ ফেব্রুয়ারি। ছাত্রদের এরশাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিবর্ষণে কয়েকজন ছাত্র হত্যার পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতারা ড. কামাল হোসেনের বাসায় বৈঠকে মিলিত হলে সেখান থেকে রাজনীতিকদের চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই বৈঠকে ছিলেন। তাঁকে এবং তাঁর সঙ্গে মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে চোখ না বেঁধেই নেওয়া হয়েছিল মিন্টো রোডের সাবেক স্পিকারের জন্য নির্ধারিত বাসভবনটিতে, যেখানে সেনাবাহিনী একটি অস্থায়ী শিবির গেড়েছিল।
বৃহস্পতিবার রাতে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। তবে রাজনীতিকদের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। অনুমতি ছাড়া কোনো রাজনৈতিক সভা করা যাবে না বলে দেশের কয়েকজন পরিচিত রাজনীতিকের স্বাধীনতায় অযাচিত এবং বেআইনি হস্তক্ষেপ করেছে। যাঁদের ব্যক্তিস্বাধীনতা এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ্ন করা হয়েছে, তাঁদের মধ্যে দেশের একজন সাবেক রাষ্ট্রপতি আছেন। যাঁর বাড়িতে পুলিশ আইনগত কর্তৃত্ব ছাড়াই ঢুকেছে, তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তিদের অগ্রভাগে ছিলেন এবং একসময় সংসদের বিরোধীদলীয় নেতাও ছিলেন (যদিও সেই সংসদ ছিল স্বৈরশাসক এরশাদের শাসনাধীনে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত), পরে শেখ হাসিনার প্রথম মেয়াদে মন্ত্রীও ছিলেন। এই রাজনীতিকদের রাজনৈতিক চিন্তা ও কর্মের বিষয়ে অনেকেরই ভিন্নমত আছে। কিন্তু তাঁদের অধিকার এবং সম্মানহানি কোনোভাবেই সমর্থন করা যায় না।
ক্ষুব্ধ আ স ম রবের সঙ্গে যখন আমি কথা বলি, তখন তিনি জানালেন যে প্রথমবার পানি খাওয়ার অজুহাতে পুলিশের একজন উপপরিদর্শক তাঁর বাসায় ঢোকেন এবং ঢোকার পরই তাঁর সঙ্গে কথা বলতে চান। তিনি সেখানে সভা করা যাবে না বলে ওপরের নির্দেশের কথা জানান। আ স ম রব তখন তাঁকে জানিয়ে দেন তিনি যেসব অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন, তাঁরা কেউ সেখান থেকে নড়বেন না। ওই পুলিশ কর্মকর্তাকে প্রথম দফায় বিদায় করে দেওয়ার পরও আধঘণ্টার বিরতিতে তিনি দ্বিতীয়বারের মতো ওই বাসায় ঢোকেন এবং সরাসরি বৈঠকখানায় গিয়ে সভা দ্রুত শেষ করতে বলেন। কার নির্দেশে পুলিশ এভাবে তাঁদের আয়োজনে বাধা দিচ্ছে, সে প্রশ্নের কোনো জবাব না পেয়ে জাসদের নেতা আ স ম রব পুলিশকে জানিয়ে দেন, তাঁদের কাউকে গ্রেপ্তার করতে চাইলে পুলিশ তা করতে পারে। কিন্তু তা না হলে পুলিশের কেউ ওই বাড়ির ভেতরে থাকতে পারবেন না।
আ স ম রব বলেছেন যে তাঁর ৬০ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনো এমন পরিস্থিতির মুখে পড়েননি। তিনি বলছেন যে সরকারের এই আচরণের কোনো ব্যাখ্যা তিনি খুঁজে পাচ্ছেন না। একই ধরনের অভিজ্ঞতার কথা বললেন নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি বলছেন, এ ধরনের আচরণে মনে হয় সরকার ভয়ে আছে। কিন্তু কেন এই ভয়, তা বোঝা যাচ্ছে না। জেনারেল এরশাদের সামরিক শাসনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, সে সময়ে সামরিক সরকার আকারে-ইঙ্গিতে বা ইশারায় সামরিক শাসনের সমালোচনা করা যাবে না বলে ঘোষণা করেছিল। কিন্তু পরে যখন রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়, তখনো ঘরোয়া রাজনীতির বিধান দেওয়া হয়েছিল। তাই ঘরের ভেতরে রাজনৈতিক নেতাদের একত্র হওয়ায় বাধা দেওয়ার বিষয়টি বোধগম্য নয়।
জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে উগ্রবাদী ইসলামি জঙ্গিদের একত্র হওয়ার খবরে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযানের কথা আমরা জানি। কিন্তু নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের ঘরোয়া সভায় বা কোনো নেতার বাসায় বৈঠকখানায় পুলিশের হানা দেওয়ার কথা এরশাদ-উত্তর জমানায় শোনা যায়নি।
স্বভাবতই প্রশ্ন উঠছে, সরকার কেন এমন পদক্ষেপ নিল? বহুদিন ধরেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, যাকে ক্ষমতাসীন ব্যক্তিরা তাঁদের আসল প্রতিদ্বন্দ্বী বিবেচনা করেন, সেই বিএনপিকে প্রকাশ্যে সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। এটি চলে আসছে সেই ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের সময় থেকে। দলটির কার্যালয়গুলো একাধিকবার দীর্ঘ সময়ের জন্য পুলিশ বন্ধও করে দিয়েছিল। মাত্র কয়েক মাস আগে একদিন ভোরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়েও নাটকীয় অভিযান চালিয়ে পুলিশ সন্দেহজনক কিছু না পেয়ে লজ্জায় পড়ে গিয়েছিল। সরকার সেই ঘটনায় খুব একটা বিব্রতবোধ করেনি। বরং বিরোধীদের হয়রানিতে উৎসাহিত বোধ করেছে। কেননা, তাদের ধারণা, বিরোধীরা ভয় পেলে দুটো লাভ। প্রথমত, তারা মাঠে খুব একটা নামবে না। দ্বিতীয়ত, বিরোধীদের কিছু করার ক্ষমতা নেই বলে তাদের প্রতি ব্যঙ্গ-বিদ্রূপ করে তাদের মনোবল দুর্বল করে দেওয়া যায়। কিন্তু যেসব দলকে সরকার খুব একটা গুরুত্ব দেয় না, সে রকম কিছু ছোট দলের বড় বড় নেতাকে ভীতি প্রদর্শনের ফায়দা কী? আমরা যে ভয়ের সংস্কৃতির কথা শুনি, জনমনেও সেই ভয় ঢুকিয়ে দেওয়া?
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে নিষ্ফলা অভিযানের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে প্রধানমন্ত্রীর অজান্তেই পুলিশ সেটি করেছে। এবারও সেই একই ধরনের ব্যাখ্যাই প্রত্যাশিত। হয়তো বলা হবে যে অতি-উৎসাহী কোনো পুলিশ কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এমনটি করেছেন। আমরা সে রকম কোনো ব্যাখ্যা শুনতে চাই না। সে রকমটি প্রমাণ করতে হলে ওই সব অতি-উৎসাহী কর্মকর্তাকে ক্ষমতার অপব্যবহার কিংবা যথাযথ কর্তৃত্ববহির্ভূত কাজের জন্য অবিলম্বে বরখাস্ত করা হোক। আর যেসব রাজনীতিককে বিব্রত করা হয়েছে, তাঁদের কাছেও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা উচিত।
গত বৃহস্পতিবারের চা-চক্রের সঙ্গে কোনো ধরনের যোগসূত্র নেই এমন একজন রাজনীতিক কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের কাছে এই ঘটনা সম্পর্কে মতামত জানতে চেয়েছিলাম। তিনি একে পুলিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণ অভিহিত করে বলেছেন, নিবন্ধিত রাজনৈতিক দলের কার্যক্রমে বাধা দেওয়ার বিষয়টিতে নির্বাচন কমিশনের ভূমিকা নেওয়া উচিত। তাঁর মতে, কমিশনের দায়িত্ব শুধু নির্বাচনের সময়ে সীমিত নয়। আর যদি চা-চক্রে বাধা দেওয়া হয়ে থাকে, তাহলে তা হচ্ছে নাগরিকের মৌলিক অধিকার হরণ।
আমরা রাজনৈতিক এবং নাগরিক অধিকারের মধ্যে কোনো পার্থক্যরেখা টানার পক্ষপাতী নই। সব নাগরিকের যেমন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সক্রিয় কিংবা নিষ্ক্রিয় রাজনৈতিক অবস্থান গ্রহণের মৌলিক অধিকার আছে, তেমনি রাজনীতিকদেরও মৌলিক নাগরিক অধিকারগুলো নির্বিঘ্নে ভোগ করার অধিকার আছে। এগুলোর ক্ষেত্রে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা কর্তৃপক্ষ বেআইনি হস্তক্ষেপ করতে পারে না। যাঁরা গণতন্ত্রের কথা বলেন, তাঁরা যদি এসব অধিকার হরণের মতো পদক্ষেপে সায় দেন, তাহলে তাঁদের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।