
চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনকে হত্যার দায়ে সব ঝড় যেন চালক জামিরের ওপর দিয়েই যাচ্ছে। এমনকি তঁাকে দণ্ডিত করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যা ঘটল, তাতেও শ্রমিকেরাই অপরিণামদর্শী ও দয়ামায়াহীন পেশাজীবী হিসেবে কিছুটা হলেও চিহ্নিত হলেন। কিন্তু তঁাদের স্বার্থরক্ষার নামে ধনিকশ্রেণির স্বার্থই রক্ষা করা হলো। যে শ্রেণি শ্রমিককে স্বল্পমূল্যে উদয়াস্ত খাটাতে বাধ্য করে, তাদের প্রতিভূ হিসেবে মন্ত্রিপ্রবর অবশ্য সেরা রসিকতাটাই করলেন। বললেন, ওরা ‘স্বেচ্ছায় অবসরে’ গেছে। আসলে মালিকেরাই অবসরে যান, শ্রমিকেরা কখনো নয়!
প্রায় প্রতিদিনই যঁাদের বিভিন্ন মেয়াদে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে, তঁারা গাড়িচালক। কেউ আমরা উদ্বিগ্ন নই যে ইদানীং ভ্রাম্যমাণ আদালত বসলেই চালকেরা জেলে যান। অথচ সংবিধানমতে এই আদালত, আদালত নয়। একটা কারসাজি। এটা চালকদের মানবাধিকার লঙ্ঘনের যন্ত্রবিশেষ। ২ মার্চ ১৪ জন, গত ২৩ ফেব্রুয়ারি ১৫ জন এবং ১৯ ফেব্রুয়ারি ৯ জন চালক লাইসেন্স-সংক্রান্ত অনিয়মের দায়ে দণ্ডিত হয়েছেন। এভাবে দণ্ডিত হওয়া চালকের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অথচ অবৈধ লাইসেন্সধারী বা লাইসেন্সবিহীন ব্যক্তিদের হাতে যঁারা গাড়ি ছেড়ে দেন, তঁাদের কেউ জবাবদিহির আওতায় আসছেন না।
রাষ্ট্র বনাম চালক জামির হোসেনের মামলার ৫৫ পৃষ্ঠার রায়ের কোথাও মালিকপক্ষের কোনো ফৌজদারি দায়ের কথা বলা নেই। এমনকি মালিকের নামটি পর্যন্ত রায়ে মুদ্রিত হয়নি। অথচ দুর্ঘটনাকবলিত গাড়িটির যেসব ত্রুটি চিহ্নিত করে চালককে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাতে দুর্ঘটনা সংঘটন ছাড়া আর সব কটি অপরাধের ফৌজদারি দায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মালিকপক্ষের ওপর বর্তায়। চালক জামির দরিদ্রশ্রেণির মানুষ। তিনি মালিকশ্রেণির কেউ নন বলেই শুনানি শুরুর ১৭ মাসের মধ্যে বিচার পাওয়া সম্ভব হয়েছে বলে প্রতীয়মান হয়। তঁার যদি অনেক টাকাপয়সা থাকত, তাহলে তিনি বিভিন্ন স্তরে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হতেন। তঁার একটা মূল উদ্দেশ্য থাকত বিচারপ্রক্রিয়াকে যথাসম্ভব বিলম্বিত করা। আমরা নিশ্চিত, এই মামলায় পুলিশ মালিককে না জড়িয়ে এর দ্রুত বিচারের গতিকে বেগবান করেছে। আমরা ভদ্রলোকেরা সন্তুষ্ট যে, এই রাষ্ট্র তার শ্রেষ্ঠ¤ মেধাবী সন্তানদের হত্যার বিচার করেই তবে ছাড়ে! কিন্তু বাস্তবতা হচ্ছে, দেশের ধনী, অবস্থাপন্ন বা শীর্ষস্থানীয় ব্যক্তিরা যেভাবে ‘আইনি লড়াই’ চালানোর সামর্থ্য রাখেন, তা দরিদ্র মানুষ কল্পনাও করতে পারে না।
বিআরটিএর জন্ম ১৯৮৭ সালে। আমরা ভাবতেও পারিনি, রোববার অপরাহ্ণে সংস্থাটির সচিব (যুগ্ম সচিব) মো. শওকত আলী নিশ্চিত করবেন যে, গাড়ির মালিকেরা কখনো জেল খাটেননি। তঁারা শাস্তি পেয়েছেন। তবে তা জরিমানা দিয়ে। তারেক মাসুদ ও মিশুক মুনীরদের মামলাতেও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ক্ষতিপূরণের একটি মামলা বিচারাধীন। কিন্তু সেটি মালিকপক্ষের সিভিল রঙের প্রতিকার দেবে। তাদের ফৌজদারি দায় নির্দিষ্ট করবে না। ৭ মার্চ ২০১৭–এর শুনানির দিন–তারিখ ধার্য রয়েছে। তবে আমরা মনে করি, বাসমালিকদের দায় এখানে এতটাই গুরুতর যে, এর বিচার উপেক্ষা করা যাবে না। বিশেষ করে আমরা যেখানে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছি, সেখানে শুধু চালকের শাস্তি সেই দাবিকে উজ্জ্বল করে না।
মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীরের ৫৫ পৃষ্ঠার রায় আমাদের এই অভিমত দিতে বাধ্য করছে যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা যদি এই দাবি করতে চাই যে, চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ বা সাংবাদিক ও শহীদ মুনীর চৌধুরীর পুত্র মিশুক মুনীরের অস্বাভাবিক মৃত্যুর ন্যায়বিচার আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলাম, তাহলে তা একজন চালক জামির হোসেনের সাজার মধ্য দিয়ে তা নিষ্পন্ন হতে পারে না। রায়ে চিহ্নিত করা হয়েছে, গাড়ির চালকের লাইসেন্স বৈধ ছিল না। তার মানে এখানে মালিকেরও দায় আছে। একজন বৈধ লাইসেন্সধারী ব্যক্তিকেই চালক নিয়োগ করতে মালিক বাধ্য। শ্রম আইনমতে হয়তো দেখা যাবে দণ্ডিত চালকের নিয়োগপত্র ছিল না। টঙ্গীর টাম্পাকো ফয়েলসের বিস্ফোরণের পর দেখেছি, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে সেবাদানকারী সংস্থা টাম্পাকো। মালিক নিজে পিএইচডি ডিগ্রিধারী। কিন্তু তিনি কোনো শ্রমিককেই নিয়োগপত্র দেননি। এটা সন্দেহ করার কারণ আছে যে সংঘবদ্ধ মালিকপক্ষ শ্রমিকদের খেপিয়ে তুলে তঁাদের দিয়ে অমানবিক ধর্মঘট করিয়েছে। এই ‘স্বেচ্ছা অবসরের’ নামে যে নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে, সে কারণে মিশুক মুনীরদের দুর্ঘটনার রায় যথাযথভাবে জনগণের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি। কারণ, এটা আলোচনায় এলে মালিক গোষ্ঠীর দায়দায়িত্ব সবার মনোযোগের কারণ হতে পারত। এই সত্য চাপা পড়ল যে জামির চুয়াডাঙ্গা থেকে ঢাকায় এসে পরের ট্রিপ নিয়ে ছুটতে ১৫ মিনিটের ‘অবসর’ পাননি।
ঘাতক বাসের ফিটনেস সনদ ছিল না। গতিরোধক বিকল ছিল। মোটর ভেহিকেলস অ্যাক্ট বলেছে, এর দায় মালিকের। সেদিন এক টিভি আলোচনায় সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি অংশ নিয়েছিলেন। তঁাকে বললাম, ফিটনেসের বৈধতার সনদ কে দেখবেন? বললেন, মালিক। তখন প্রশ্ন করা হলো, এখন মালিককে এ জন্য দণ্ডিত করা হলে আপনারা ধর্মঘট করবেন কি না। উত্তরে তিনি ‘ডাবল জিওপার্ডির’ তত্ত্ব স্মরণ করিয়ে দিলেন। ডাবল জিওপার্ডি মানে এক অপরাধে এক ব্যক্তির দুবার বিচার হবে না। কিন্তু অভিযুক্ত মালিকের ‘অ্যাবেটর’ হিসেবে বিচারে বাধা নেই।
খোঁজখবর নিয়ে যা বুঝলাম তা হলো, মালিকপক্ষকে দোষী সাব্যস্ত করে এজাহার দায়েরের ঘটনা বাংলাদেশে অতি বিরল। মিশুক মুনীরদের মামলায়ও যথারীতি শুধু চালককেই দায়ী করা হয়েছে। অথচ এটা সন্দেহাতীত যে মালিকপক্ষ অ্যাবেটর হিসেবে তাদের ফৌজদারি দায় নিতে হবে। যেহেতু এই মামলাটি একটি মাইলফলক রায় এবং যেহেতু এই মামলার রায়কে কেন্দ্র করে পরিবহনমালিকেরা সুকৌশলে দরিদ্র মেহনতি মানুষের ভাবমূর্তি কলঙ্কিত করেছেন, তাই আমরা বিশ্বাস করি, এই মামলাসূত্রেই পরিবহনমালিকদের এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের দায়দায়িত্ব নিরূপণ করা অপরিহার্য। কোনো দুর্ঘটনা ঘটলেই চালকদের ভিলেন হিসেবে চিহ্নিত করার সংস্কৃতি বদলাতে হবে।
কথা বলেছি চুয়াডাঙ্গা ডিলাক্সের ও ঝিনুক পরিবহনের দুই মালিকের সঙ্গে। তঁাদের কথোপকথন ইঙ্গিত দিচ্ছে যে, গাড়ির মালিকানার দায়িত্ব নিতে মালিকপক্ষের পলায়নপরতা খুবই স্পষ্ট। এই দুজন পরস্পরের কঁাধে দোষ চাপালেন ঠিকই কিন্তু একমত এটা বলায় যে মালিকপক্ষের কোনো দোষ নেই।
২৩ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ নয় দিনের ব্যবধানে আমি দুই ভদ্রলোকের সঙ্গে কথা বলেছি। চুয়াডাঙ্গা ডিলাক্সের মালিক মুজিবুল হক খোকন জানালেন, গাড়ির মালিক তিনি ছিলেন না। তবে জামির তঁাদের কোম্পানির চালক। ঘাতক বাসটির মালিক জাহাঙ্গীর কবির তুহিন। তুহিন ঝিনাইদহের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই গাড়ি কিনেছিলেন। খোকন দাবি করেছিলেন, দুর্ঘটনার তিন মাস পর গাড়িটি মেরামত করে আবার রাস্তায় চলছে। তবে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের নয়, ঝিনাইদহের ঝিনুক পরিবহনের ব্যানারে।
৪ মার্চ টেলিফোনেই ঝিনুক পরিবহনের মালিক জাহাঙ্গীর কবির তুহিন বলেছেন, এই তথ্য মিথ্যা। তঁার দাবি, মুজিবুল হক খোকনের সঙ্গে তঁার দীর্ঘদিনের বন্ধুত্ব। ঢাকা মেট্রো-ব-৪২৮৮ (দুর্ঘটনাকবলিত) এবং ৪২৮৯ নম্বরের দুটি গাড়ি একত্রে কেনা হয় প্রায় সোয়া কোটি টাকায়। তিনি ব্যাংক গ্যারান্টার ছিলেন। তঁার দাবি, সে কারণে দুর্ঘটনাকবলিত গাড়িটির ব্লু বুকে তঁার নাম রয়েছে। কিন্তু বাস্তবে কখনোই তিনি গাড়ির মালিক ছিলেন না। গাড়িটি শুরু থেকে এ পর্যন্ত চুয়াডাঙ্গা ডিলাক্সের ব্যানারেই চলেছে। ঝিনুক পরিবহনের ব্যানারে বর্তমানে এই গাড়ি চলছে, এটা মিথ্যা। ওই গাড়ি যে তঁার বন্ধুর, তার প্রমাণ হিসেবে তিনি একটি বিষয় পরীক্ষা করতে বলেছেন, সেটা হলো ঝিনাইদহ ইউসিবিএল শাখা থেকে প্রায় ৬৫ লাখ টাকার ঋণ মঞ্জুর হয়। কিন্তু চুয়াডাঙ্গার ইউসিবিএল শাখা থেকে এর ডাউন পেমেন্ট বাবদ প্রায় ৩৫ লাখ টাকা চুয়াডাঙ্গা ডিলাক্সের নামে জমা করা হয় এবং ওই শাখা থেকেই কিস্তির টাকা অনলাইনে চুয়াডাঙ্গা শাখা থেকে ঝিনাইদহে স্থানান্তর করা হয়েছে।
পরিশেষে বলতে চাই, একটি নতুন গাড়ির গতিরোধক কীভাবে ‘টেম্পারড’ করা হলো, সেটা অধস্তন আদালতের রায়ে পরিষ্কার নয়। আমরা আপিল পর্বে অধিকতর কার্যকর ও পূর্ণাঙ্গ আইনি লড়াই দেখার আশা করি।
মিজানুর রহমান খান: সাংবাদিক৷
[email protected]