ঘুম জাগানিয়া পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলো আমার আলো ওগো আলো ভুবন-ভরাআলো নয়ন-ধোওয়া আমার, আলো হূদয়-হরা /পুবের আকাশে যখন অন্ধকার, পশ্চিম গগনে তখন ধীরে ধীরে রক্তিম আলো ছড়িয়ে উদয় হয় দীপ্তিমান সূর্য। তার আলো ঘরে ঘরে ঘুম ভাঙানিয়া গান শুনিয়ে বলে জেগে ওঠো, তোমার সামনে সবার আগে প্রথম আলো। কথাটি ভেসে এল ইথারে, সুদূর যুক্তরাষ্ট্রের আটলান্টিক সাগরের সুনীল ঢেউয়ের শহর ফ্লোরিডার বুকারাটন থেকে উচ্ছ্বসিত কণ্ঠে আবেগ ব্যক্ত করল কন্যা সামিরা। মাগো, প্রথম আলো পড়ছি আর তাদের চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি অনুষ্ঠানে আমি শরিক হচ্ছি, মনে মনে কাগজের কালো অক্ষরে অক্ষরে, ইন্টারনেটের অনলাইনে আমার হাতের মুঠোয় এবং তোমাদের সবার আগে।মেয়ের আনন্দে আনন্দিত মায়ের উচ্ছ্বাস তারই মতো। ‘সত্যি মা, আমি কৃতজ্ঞ সম্পাদক মতিউর রহমানের কাছে, যিনি অগণিত প্রবাসী বাংলাভাষীর জীবনে এই দুর্লভ আনন্দ এনে দিয়েছেন। প্রতিদিন দোয়া করি, তাঁর এবং প্রথম আলো পরিবারের সবার জন্য, যেন তাঁদের এই নিঃস্বার্থ সেবা হাজার বছর লক্ষ বছর কোটি বছর অযুত-নিযুত সীমা ছাড়িয়ে যায়।’ মনে হয়, আমাদের মতো প্রাণভরা খুশির প্রার্থনার কারণেই মতি ভাইয়ের বয়স বেড়েও বাড়ল না। তিনি এখনো ঋজু গুবাক বৃক্ষের মতো সরল ছিপছিপে সতেজ।প্রতি ভোরে সূর্যের আলো ছড়িয়ে পড়ার মুহূর্তে হূদয়ের আলো জ্বালায় যে প্রদীপটি, তারই নাম প্রথম আলো, আমার প্রিয় পত্রিকা, প্রথম পৃষ্ঠার সংবাদ শিরোনাম থেকে শেষ পৃষ্ঠার প্রকাশক, মুদ্রণালয়ের নামটি পর্যন্ত পড়ি ভালো লাগার মন নিয়ে। সম্পাদকের মতো ভদ্র বিনয়ী নম্র সুস্মিত ব্যক্তি কমই পাওয়া যায়। কথা বলেন নম্র সুরে, প্রচণ্ড তাঁর কর্মদক্ষতা। গেটে বসা পিয়ন থেকে প্রতিটি বিভাগের কর্মচারী-কর্মকর্তা গুণমুগ্ধ। প্রথম আলো যেন একটি একান্নবর্তী পরিবার।প্রতিটি অনুষ্ঠানে যাই এবং আন্তরিক আয়োজনে তৃপ্ত হই। ‘দশ বছর পূর্তি’ অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বাড়ি থেকে যেতে দেড় ঘণ্টা লাগে, যানজটে ঘুমিয়ে পড়ি কখনো, তবু যেতে যে হবেই। আলোকিত পুষ্পিত চত্বর পেরিয়ে ঢুকলাম, গেটের দুই পাশে সাদা শাড়ি, কালো পাঞ্জাবি পরা সুদর্শন তরুণ-তরুণীরা ঢোকার মুখে অভ্যর্থনা জানিয়ে ছোট একটি টর্চ হাতে ধরিয়ে দিলেন। টর্চ দেওয়ার কারণ বুঝে উঠতে পারলাম না। কর্তা বললেন, হঠাৎ করে লোডশেডিং হলে টর্চ জ্বালিয়ে বেরিয়ে আসতে পারবে। সম্পাদকের বুদ্ধির তারিফ করলাম। এই না হলে এত বড় প্রতিষ্ঠানটির চালক। কিন্তু ঘটনা যে অন্য রকম। অনুষ্ঠানের শুরুতে স্বভাবসুলভ সজ্জন ব্যক্তি লতিফুর রহমান সাবলীল বক্তব্য দিলেন, তারপর অনুজপ্রতিম মাহ্ফুজ আনাম (মেয়ের বিয়ে দিয়েও বয়স বাড়ে না দেখি) হাসিমুখে চমৎকার বক্তব্য দিলেন, সম্পাদক সাহেব প্রাঞ্জল ভাষায় পত্রিকার ইতিহাস তুলে ধরলেন। তাঁদের পাঠকসংখ্যা ইতিহাস সৃষ্টি করেছে, দেশ থেকে দেশান্তর তাঁর উড়ে চলা। এরপর কী? ভাবতে না-ভাবতেই মঞ্চ থেকে ঘোষণা এল, ‘আপনারা সবাই দয়া করে নিজ নিজ টর্চ জ্বালুন।’ ততক্ষণে মিলনায়তনের সব বাতি নিভিয়ে দেওয়া হয়েছে, হাজার বাতি জ্বলে উঠল মোমবাতির শিখার মতো। জ্বালিয়ে দাও, দিলাম।ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো,আমি চাই প্রথম আলো।নেপথ্যে থাকা অনুপ্রেরণার ঝরনাধারা মালেকা বেগম, বন্ধু মমতাজের ছোট বোন হিসেবে আমারও অনুজা। মিষ্টি চেহারা, মিষ্টি স্বভাব নিয়ে নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসে। এটাই তো ভালো মানুষের লক্ষণ। কাছে পেলাম শাহনাজ রহমানকে, স্নেহভরে ডেকে নিলেন কাছে, হাতে তুলে দিলেন ঠান্ডা পানির গ্লাস, তৃষ্ণার ক্লান্তি কেমন করে যেন বুঝে নিয়েছেন তিনি। কুশল বিনিময় করলেন রোকেয়া আফজাল, যাঁর গাছের মিষ্টি লিচু প্রতিবেশী হিসেবে আসে আমার ঘরে।‘বদলে যাও, বদলে দাও’ স্লোগানটি যেদিন প্রথম শুনি, যেন প্রাণের ভেতর দিয়ে মরমে পশিলগো আকুল করিল মনপ্রাণ। অনেকক্ষণ ভাবলাম, চৈতন্যের গোড়ায় নাড়া দিল, প্রথমে তো বদলাতে হবে নিজেকে, তাহলেই বদলানো যাবে পরিপার্শ্বকে। আমরা নিজেরা কতটুকু করলাম, তার হিসাব না কষে ব্যস্ত হয়ে পড়ি অন্যজনের সমালোচনায়। ফলবান বৃক্ষ হয়ে ভূমিকে স্পর্শ করার মানসিকতা নেই আমাদের, তাই নিজের ঢাক নিজেই পেটাতে ভালোবাসি। ব্যতিক্রম পাই প্রথম আলোয়, এর প্রতিটি পাতায়, প্রতিটি ম্যাগাজিনে বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে কিছু বার্তা আসে ভালো মানুষ হওয়ার। নিজেরাও যুক্ত হই তাঁর সঙ্গে, অ্যাসিডদগ্ধ নারীদের সাহায্যে ‘ইনার হুইল ক্লাব’-এর চেয়ারপারসন হিসেবে মনে করেছি সব কটি ক্লাব নিয়ে যোগ দেব তাঁদের সঙ্গে। যার যতটুকু সাধ্য দিয়েছি, পাশে গিয়েছি দুঃখী বোনদের, সাহস দিয়ে, ভালোবাসা দিয়ে, বেঁচে থাকার স্বপ্নকে ফিরিয়ে আনতে। আমাদের ‘ইনার হুইল’-এর ডিস্ট্রিক্ট কনফারেন্সে ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পাওয়া সম্পাদককে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা দেওয়া হলো, রম্য রচনার ঢঙে তাঁর বক্তব্য স্মরণ করায় হুরুমামু মুজতবা আলীকে, নিরস বিষয়কেও সরস করে তুলতে জানতেন তিনি।একটু একটু করে বদলে যাওয়ার পাঠ নিচ্ছি, পথ চলতে রাস্তায় পড়ে থাকা ঢিলটি সরিয়ে দিই, কলার খোসা, চিপসের ঠোঙা হাতে করে নিয়ে ডাস্টবিনে ফেলি, বাদামের খোসা ব্যাগের ভেতরে জমিয়ে রাখি, পানির অপচয় হতে দিই না, রাস্তার টোকাইদের জন্য পথকলি পাঠশালা খোলার চেষ্টা করি, অক্ষরজ্ঞানহীন গৃহকর্মীকে অলস দুপুরে বর্ণমালার পাঠ দিতে চাই, আমি তুমি আমরা সবাই বদলে যাওয়ার মিছিলে অংশ নিয়ে নিজেরা হতে চাই ধন্য।আসমা আব্বাসীশিক্ষাবিদ-সাহিত্যিক[email protected]