
হ্যাংলা-পাতলা ছোটখাটো মানুষ শাজাহান। থুতনির দিকে সরু হয়ে আসা মুখমণ্ডলে উঁচু চোয়াল দুটোই চোখে লাগে সবকিছুর আগে। চোখের দৃষ্টি এমন, যেন বিপদে পড়েছে, এক্ষুনি কেঁদে ফেলবে।
কিন্তু সে অবকাশ তার নেই। রাত দেড়টায় ঢাকার কারওয়ান বাজারে কারও কাঁদারও সময় থাকে না। ট্রাক, লরি, রিকশাভ্যান, হরেক রকমের কৃষিপণ্যের স্তূপ, শশব্যস্ত দেহাতি মানুষের ছোটাছুটি, গলাফাটানো হাঁকডাক, খিস্তিখেউড় আর মাঝেমধ্যে পিলে-চমকানো বিকট শব্দে বেজে ওঠা ট্রাকের ভেঁপু—সব মিলিয়ে এক বিপুল বিশৃঙ্খল কর্মযজ্ঞ। সারা দেশ থেকে বিশাল বিশাল ট্রাক-লরি বোঝাই হয়ে আসে শাকসবজি, ফলমূলসহ জমি, পুকুর ও খামারে যা কিছু উৎপন্ন হয়, তার সবই। রাত ১০টার পর থেকে শুরু হয় সেগুলোর ট্রাক-লরিগুলোর আসা। তারপর রাতভর চলে মাল খালাস, বহন ও বেচাকেনা।
কর্মচাঞ্চল্যে ঘর্মাক্ত এই কারওয়ান বাজারে, সড়কের এক পাশে শাজাহানের ছোট্ট দোকান। চা, সিগারেট, পান, পাউরুটি, টোস্ট বিস্কুট, কেক, পেটিস, কলা—দুটি মাত্র হাতে এত কিছু সরবরাহ করতে করতে হাঁপিয়ে ওঠে সে। ঘামে ভিজে সপসপ করছে তার পরনের ময়লা জামা, ঘাম গড়িয়ে পড়ছে চিবুক বেয়ে, মাথার ওপরে জ্বলন্ত বিজলিবাতির আলোয় চকচক করছে তার ঘামে ভেজা কপাল।
এ রকম একজন ব্যস্ত মানুষের সঙ্গে গল্প শুরু করতে যাওয়া উচিত হবে কি না, আমি ভাবি। শাজাহান এক খদ্দেরের জন্য পান বানাতে বানাতে আমার দিকে চেয়ে জিজ্ঞেস করে, ‘কী দিব, স্যার?’ আমি সুযোগ পেয়ে বলি, ‘গল্প করতে চাই আপনার সঙ্গে।’
‘গল্প?’ শাজাহান হাসে। আমি তাকে সাংবাদিক পরিচয় দিয়ে বলি যে তার কিছু গল্প আমি ইতিমধ্যে জানি। জানি যে সে ইমনের বাবা। শাজাহান হেসে মাথা নেড়ে বলে, সে ইমনের মুখে আমার কথা শুনেছে।
ইমনের সঙ্গে আমার দেখা ও গল্প হয়েছে দুদিন আগেই। ওর বয়স ১৩। বাবার এই দোকান সারা দিন সে-ই চালায়। সন্ধ্যাবেলা বাবা এসে দোকানে বসলে ইমন বাসায় চলে যায়। বাবা সারা রাত দোকান চালিয়ে সকাল আটটা-নটার দিকে যখন বাসায় ফিরে যায়, তখন ইমন এসে বসে।
‘ইমনকে স্কুলে দেননি কেন?’
‘দিছিলাম স্যার, কিন্তু হে লেখাপড়া করে না। খালি গুলি খেলে। কত পিটাইছি। মাস্টারগো কাছে গিয়া কইছি, আমার পোলাডারে মানুষ কইর্যা দেন। মাস্টাররা কয়, আমাগো বাপেরও ক্ষমতা নাই তোমার পোলারে মানুষ করে। ওর লেখাপড়া হইত না।’
‘ছেলেমেয়ে কজন?’
‘চারটা পোলা।’
‘চারটাই? মেয়ে নাই?’
‘আহা আহা! স্যার, কইয়েন না!’ প্রায় আর্তনাদ করে ওঠে শাজাহান, ‘পরথম বাচ্চাডাই ছিল মাইয়া। বাঁইচা থাকলে আইজ মাইয়ার বিয়া দেওন লাগত। ১৮ বচ্ছর হইত বয়েস। আহারে...!’
আমি জানতে চাই, মেয়েটা মারা গেছে কীভাবে। ‘টাইফড জ্বরে। বুজবারই পারি নাই, স্যার! মাত্র ৯ মাস হইছিল।’ কেটলি থেকে ছোট্ট কাপে চা ঢালতে ঢালতে মুখে চুঁ চুঁ শব্দ তুলে আফসোস করে শাজাহান। বলে, ‘ও স্যার, মাইয়াডা হইছিল, আর আমার জীবনটা ঝলমলা হইয়া উঠছিল। যেইখানে হাত দিছি, সফল হইছি। মাইয়া মরল আর আমার দুর্দিন আরম্ভ হইল।’
‘আর মেয়ে হয়নি?’
‘না স্যার, আর হয় নাই। আমি মাইয়া চাই, আর খালি পোলা হয়। আল্লায় খালি পোলা দেয়। এইভাবে চারটা পোলা হইল। তারপরে ইস্টপ দিছি। আল্লায় আর আমারে মাইয়া দিব না।’
শাজাহানের বয়স ৩৯। বাড়ি চাঁদপুর। ১১ বছর বয়সে বড় মামার সঙ্গে ঢাকায় এসেছে; মামারও চায়ের দোকান ছিল। তারপর একদিন তারও একটা দোকান হয়েছিল, এই কারওয়ান বাজারেই। কিন্তু কী কারণে সেটা রাখতে পারেনি, তা সে আমাকে বলে না। বলে যে ঢাকা ছেড়ে চলে গিয়েছিল; তারপর বিক্রমপুরে বিয়ে করেছে, সেখানেই নানা রকমের কাজ করেছে প্রায় ১০ বছর: ‘রিকশা চালাইছি, কামলা খাটছি, মাটি কাটছি, কত কিছু যে করছি, হিসাব নাই। তারপর অসুখে পড়লাম। মাথা ঘুরায়, সারা গা বিষ করে, শরীলে কোনো বল পাই না। চার মাস কিছুই করতে পারি নাই।’
মাস দুয়েক হলো সে আবার এসে কারওয়ান বাজারে দোকান খুলেছে। মাসে আয় কত হয়—এ প্রশ্নের উত্তরে সে হতাশভাবে ঠোঁট ওল্টায়। বলে ১৩-১৪ হাজার টাকা। বেজার কণ্ঠে বলে, কারওয়ান বাজারে ব্যবসার খরচ মেলা। প্রতিদিন অন্তত তিনটা পক্ষকে মোট ১০০ টাকা দিতে হয়। তা ছাড়া প্রতি সপ্তাহে আরও ১০০ টাকা। কোথায় কোথায় টাকা দিতে হয়, জানতে চাইলে সে বলে, ‘সেসব আপনারে কইলে স্যার, এইখানে আমি থাকবার পারুম না।’
বউ আর দুই ছেলেকে নিয়ে থাকে বেগুনবাড়ি, বাসাভাড়া বাবদ খরচ চার হাজার। সাত ও ছয় বছরের দুটি ছেলেকে পাঠিয়ে দিয়েছে চাঁদপুরে দাদা-দাদির কাছে। সেখানে তারা স্কুলে পড়ে। শাজাহান তাদের জন্য মাসে তিন হাজার টাকা পাঠায়।
এই সময় কঞ্চির মতো লম্বা ও চিকন এক নারীর উদয় ঘটে। দুই হাতে তার কিছু সবজি। শাজাহানের দোকানের পেছনে রাখা লম্বা বেঞ্চের পাশে এক বস্তার ভেতরে সেগুলো ঢুকিয়ে রেখেই চোখের পলকে আবার ছুটে যায় বাজারের দিকে। শাজাহান আমাকে বলে, ‘ওইডা আমার বউ।’
‘এখানে কী করে?’
‘তরকারি টোকায়।’
‘সারা রাত?’
‘হ, স্যার।’
‘তারপর? কী করে সেসব তরকারি?’
‘বিক্রি করে।’
শাজাহান ও তার বউ সারা রাত এই কারওয়ান বাজারে জীবিকার সন্ধান করে। আর ওদের বড় ছেলে ইমন বাসায় গিয়ে ঘুমায় সবচেয়ে ছোট ভাইটিকে বুকে নিয়ে, যার বয়স চার বছর।
আমি শাহাজানের বউয়ের সঙ্গে কথা বলার অপেক্ষায় বসে থাকি। কিন্তু সে আর আসে না। রাত দুটো বেজে যায়। আমি শাজাহানকে জিজ্ঞেস করি তার বউ আবার কখন আসবে। শাজাহান বলে, ‘তার কি ঠিক আছে? কিছু পাইলে রাখতে আইব। না পাইলে বিচড়াইতে থাকব।’
আমি শাজাহানকে জিজ্ঞেস করি, ‘আপনারা ঘুমান কখন?’
সে বলে, ‘স্যার, আমাগো ঘুমাইবার টাইম নাই। বাসায় যাইতে যাইতে ১০টা-১১টা বাইজ্যা যায়। আইজকা বাসায় গেছি দুপুর ১২টায়। প্রায় দুইডা মাস হইল শান্তিমতন ঘুমাইতে পারি না। দোয়া কইরেন স্যার, পোলাগুলান বড় হওয়ার আগে য্যান মইরা না যাই।’
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।