ঘুরে দাঁড়ানোর তিন বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ধসের ট্র্যাজেডি সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল
রানা প্লাজা ধসের ট্র্যাজেডি সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল

তিন বছর আগে ২৪ এপ্রিল পেটের ধান্দায় ছিলাম কক্সবাজারে। সরকারি-বেসরকারি কর্মকর্তাদের আর মিডিয়ার কর্মীদের নিয়ে দুর্যোগ-ভূমিকম্প বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা চলছিল সেখানে। সর্বসাম্প্রতিক উদাহরণ মানুষের পছন্দ; দিলে গেঁথে যায়। তাই এক-দুই দিনের বাসি কাগজ থেকে ‘মসলা’ নিয়ে প্রশিক্ষণের বিড়িতে (ধূমপান-সম্পর্কিত সংবিধিবদ্ধ সতর্কীকরণ প্রযোজ্য) ঢুকিয়ে দেন জবরদস্ত প্রশিক্ষকেরা। আমি তাঁদের অনুসরণ ও অনুকরণ করি। আগের দিনের কাগজে ছোট ‘তিন ইঞ্চির’ খবর ছিল সাভারের সেই ইমারতের বড় বড় ফাটলের খবর—কারখানার ছুটি ঘোষণার খবর, প্রশাসনের চটজলদি ব্যবস্থা নেওয়ার খবর, দুর্যোগ প্রস্তুতির প্রেক্ষাপট এবং নীতিনির্ধারকদের ত্বরিত ব্যবস্থা একটা উদাহরণ হিসেবে প্রশিক্ষণের বক্তৃতায় তার বর্ণনা দেওয়া হলো অগ্রগতির হাততালিসহ।
চায়ের বিরতির সময় একজন অংশগ্রহণকারী রুমে গেলেন অনুমতি নিয়ে, বিরতি শেষে ফিরলেন না, ফিরলেন প্রায় মিনিট কুড়ি পরে। তখন একটা গ্রুপওয়ার্ক চলছে, আমি তা তদারক করছি। বিলম্বে ফেরত প্রশিক্ষণার্থী আমার কানে কানে বললেন বিল্ডিংটা ধসে পড়েছে। টিভি স্ক্রিনে ব্রেকিং নিউজ দেখাচ্ছে। ভাবি, দেরি করার একটা অজুহাত দেখাচ্ছে; হয়তো একটা দেয়াল বা জানালা খুলে পড়েছে। কানে কানে আবার ফিসফিস করে ভেতরে লোকজন ছিল। টনকটা আদতে শরীরের কোন জায়গায়, তা জানা না থাকলেও ভেতরে কিছু একটা নড়ে উঠল। একটা ঝাঁকুনি খেলাম, সর্বনাশের একটা গন্ধ যেন বাতাসে ছড়িয়ে গেল। এর পরের কথা সবার জানা।
যাঁদের খঁুজে পাওয়া যায়নি, যাঁরা বাঁচার শেষ চেষ্টা করেও শেষ পর্যন্ত চলে গেছেন, তাঁদের কথা কয়েক খণ্ড বিষাদসিন্ধুতে শেষ হওয়ার নয়। তবে যাঁরা হাত-পা, সাহস, রোজগার, পরিবার হারিয়ে এখনো বেঁচে আছেন, তাঁরা যেন এক একটি বাংলাদেশ। সুকান্ত কি এঁদের কথা ভেবেই বলেছিলেন ‘মাথা নোওয়াবার নয়’। তাঁদের এই ‘এক পায়ে’ ছুটে চলা, পছন্দের জীবিকা খঁুজে নেওয়া, সাহস সঞ্চয় করার শক্তির কোনো তুলনা নেই।
এটা ঠিক সবাই সব সাহায্য পায়নি, কেউ কেউ বৈরী পরিস্থিতির সঙ্গে কুলিয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে পড়েছেন। কিন্তু অনেকেই উঠে দাঁড়িয়েছেন, দাঁড়াচ্ছেন। অনেকেই সাহায্যের দিকে হাপিত্যেশ তাকিয়ে বসে থাকেননি। যেটুকু পেয়েছেন সেটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পৃথিবীর ইতিহাসে এমন সাংঘাতিক শিল্প দুর্ঘটনার নজির বিরল (আর যেন কখনো না হয়)। এমন ধ্বংসস্তূপ থেকে ফিরে জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা কম কথা নয়।
দুর্ঘটনার (অনেকে শিল্প-গণহত্যাও বলেন) ভয়াবহতা সারা দুনিয়াকে নাড়া দিয়েছে। পোশাকের প্রধান প্রধান ক্রেতারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দেশের সব শ্রেণি-পেশার মানুষও প্রথম দিন থেকে হাত বাড়িয়ে ছিলেন। এখনো মনে পড়ে মানিকগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ীর কথা, যে প্রতিদিন তরমুজ খাওয়াতেন ক্লান্ত উদ্ধারকর্মী আর স্বজনদের খুঁজতে আসা পিপাসার্ত মানুষকে। নিজ উদ্যোগে ব্যবসার কথা না ভেবে গাঁটের কড়ি খরচ করে এ রকম সেবা শুধু বাংলাদেশেই সম্ভব। সরকারের কাছে করপোরেটরা হাত খুলে টাকা জমা দিয়েছেন। তারপরও বলতে হবে ঘুরে দাঁড়ানোর জন্য টাকাটাই সব নয়, অর্থ একটা মাত্র উপাদান। ভেঙে পড়া দালানের রাবিশ থেকে উঠে দাঁড়ানোর জন্য অন্য শক্তি চাই। সেই শক্তির নিদর্শন রেখে চলেছেন বেঁচে যাওয়া নারী-পুরুষ। সংসার ভাঙার উদাহরণ যেমন আছে সংসার বাঁধার আর তাকে নিয়ে এগিয়ে যাওয়ার উদাহরণ তার থেকে অনেক বেশি।
ক্ষতিপূরণের পয়সায় দোকান চালাচ্ছেন হাবিবা, (এখানে অন্য নাম দেওয়া হলো)। দোকানে তাঁর চলছিল না, তাই এক পায়েই চালাচ্ছেন সেলাইয়ের মেশিন দোকানের একপাশে। সেলাইয়ের কাজ তাঁর জানা ছিল। দোকানে বেশি লাভ না সেলাইয়ে বেশি? হাবিবা অর্থনীতি পড়েননি কিন্তু বোঝেন সেলাইয়ের কাজ পার্বণভিত্তিক। জানান এখন আর ঈদ, পূজা একমাত্র পার্বণ নয়। বৈশাখ, ভাষা দিবস, ভালোবাসা দিবস, স্বাধীনতা আর বিজয় দিবসে মানুষ ছেলেমেয়েদের জন্য পোশাক বানায়, পোশাক কেনে। কেনা পোশাক ফিটিং করতে আসে অনেকে, মন্দ যায় না সারা বছর। আমাদের অর্থনীতি যাতে সচল থাকে, তার জন্য তিনি অবদান রেখে যাচ্ছেন।
ধ্বংসস্তূপ থেকে দুদিন পরে রেখাকে (অন্য নাম দেওয়া হলো) উদ্ধার করা হয়। ছোট ভাইয়ের কলেজে পড়ার খরচ মেটাতে রেখা ও শিখা দুই বোন কাজ নিয়েছিল চকচকে ইমারত রানা প্লাজার ছয়তলায়। আট মাস না যেতেই ধসে পড়ে পুরো ইমারত। অনেকগুলো অস্ত্রোপচার আর লম্বা সময় ধরে ফিজিওথেরাপির পর রেখা এখন নিজে নিজেই হাঁটতে পারে। তবে তার একটা হাত কেটে বাদ দিতে হয়েছে। নকল হাতে তার অনেক অসুবিধা, তারপরও সে আবার স্কুলে ফিরে গেছে। এখন ক্লাস নাইনে পড়ছে। ক্ষতিপূরণের টাকা ব্যাংকে রেখে তার লাভের ওপর ভর করে সে স্কুলকে বেছে নিয়েছে। পড়াশোনাটা সে শেষ করতে চায়। কতখানি মনের জোর থাকলে সেটা সম্ভব?
দৃশ্যত কোনো অঙ্গহানি ঘটেনি মায়ার (ভিন্ন নাম)। সাততলা থেকে তিনি কীভাবে তিনতলার সিঁড়িতে এসেছিলেন, তা মনে করতে পারেন না। তিনতলার সিঁড়িতে তাঁকে একটা দেয়ালের পাশে পাওয়া যায়। চার ঘণ্টা পর উদ্ধার হওয়া মায়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। হাত-পা ভাঙা লোকজনেরই তখন ছিল প্রথম অগ্রাধিকার। হাজার হাজার সহকর্মীর পায়ের নিচে প্রায় ভর্তা হওয়া মায়ার বেঁচে যাওয়াটাই ছিল আশ্চর্যের। লাশের কাদায় খুঁজে পাওয়া জীবন্ত মায়াকে সেদিন সবাই ভাগ্যবতীই ভেবেছিল। কিন্তু প্রাণভয়ে ছুটে আসা মানুষের পায়ের চাপে থেঁতলে যাওয়া বাঁ পা, তলপেট আর মেরুদণ্ড দিনকে দিন বিকল হতে থাকে। ক্রমেই আরও রোগবালাই এসে ভিড় করে তাঁর দুর্বল শরীরে। কিন্তু ক্ষতিপূরণের মাপকাঠিতে তাঁকে নিচে ফেলে দেওয়া হয়। তিনি যেন আবার চাপা পড়ে যান এবার ফাইলের তলায়।
ক্ষতিপূরণের পথের দিকে না তাকিয়ে দুই মেয়ে আর এক ছেলের (স্বামী আগেই দেশান্তরি) হাত ধরে মায়াও ঘুরে দাঁড়িয়েছেন। পুরোনো এক সেলাইয়ের মেশিনের ওপর ভর করে তিনি এখন তৈরি পোশাকের ফেরিওয়ালা। ছেলে কলেজে ঢুকেছে। খরচ বাড়ছেই। মায়া এবার হয়তো এককালীন একটা থোক টাকা পাবেন তাঁর তৈরি পোশাকের ব্যবসাটাকে এগিয়ে নেওয়ার জন্য। চিকিৎসা আর ছোট ব্যবসা পরিচালনার প্রশিক্ষণ তিনি পেয়েছেন। মায়া নিশ্চয় আরও এগিয়ে যাবেন, কিন্তু ক্ষতিপূরণ কি হবে?
হাইকোর্টের নির্দেশে একটা কমিটি হয়েছিল। তারা সারা দুনিয়ার কাগজপত্রে আইএলওর নীতিমালা তন্ন তন্ন করে ঘেঁটে একটা সুপারিশ তৈরি করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ অনেক পরিশ্রম করে শিল্পক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিপূরণের জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করেছিলেন।
ওটা কি আকাশেই হারিয়ে যাবে? ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাঁদের পরিবারের একটা বড় অংশ ক্ষতিপূরণের টাকা মেয়াদি আমানতে গচ্ছিত রেখেছেন সরকারের হাওলায়। সব মেয়াদি আমানতে লভ্যাংশের হার ক্রমেই কমানো হচ্ছে। মধ্য আয়ের দেশে নাকি মেয়াদি আমানতে লভ্যাংশের হার কমাতে হয়। এই লভ্যাংশ কমানোর নিষ্পেষণ থেকে সাভার বা রানা প্লাজা ট্র্যাজেডির মানুষ আর তঁাদের পরিবারগুলোকে অব্যাহতি দিলে আমাদের কত টাকা ‘রাবিশ’ হবে? বাঁধা আয়ের এই মানুষগুলো কোথায় যাবে?
গওহার নঈম ওয়ারা: উন্নয়নকর্মী এবং শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।