ঘুষ ছাড়াই পুলিশে চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার একটি বাংলা দৈনিকে খবর এসেছে, পুলিশ বিভাগে সম্প্রতি ১০ হাজার কনস্টেবল নিয়োগে এবার ‘স্বচ্ছতার নজির স্থাপিত হয়েছে’। কনস্টেবল নিয়োগের জন্য প্রকাশিত হয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তি। সরকারি নিয়ম অনুযায়ী, ১০০ টাকার ব্যাংক ড্রাফট নিয়ে আবেদনপত্রসহ চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট পুলিশ লাইনে হাজির হতে হয়। সেখানেই শারীরিক উপযুক্ততার পরীক্ষা শেষে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার পর সত্যিকারের যোগ্য প্রার্থীরা মনোনীত হয়ে যান। নিকট অতীতের ধারাবাহিকতায় এর জন্য তদবির ধরতে হয়নি। টাকা দেওয়ার জন্য বিক্রি করতে হয়নি জমিজিরাত। সুযোগ ছিল না নিয়োগ-বাণিজ্য নামে প্রায় সব বিভাগেই কুখ্যাতি পাওয়া ব্যবস্থার। সেই দৈনিকটিতে পরিবেশিত তথ্যানুসারে কিছু জেলা ছাড়া অনেক স্থানেই এভাবে চাকরি পেতে সফল হয়েছেন প্রার্থীরা। অবশ্য বিজ্ঞপ্তি জারির পরপরই রাজনৈতিক বাতাবরণ আর পুলিশের কিছু লোকের সহযোগিতায় তাঁরা তৎপর হয়েছিলেন বরাবরের মতো এবারও বাণিজ্য করতে।

আমরা নিকট অতীতে কনস্টেবল পদে নিয়োগে ৫ থেকে ১০ লাখ টাকা লেনদেনের কাহিনিও শুনেছি। জানা যায়, কয়েকটি জেলায় রাজনৈতিক নেতাদের সুপারিশ পুরো উপেক্ষা করা যায়নি। তবে সেসব স্থানেও যাঁরা লিখিত পরীক্ষায় পাস করেছিলেন, তাঁরাই পেয়েছেন সুপারিশে চাকরি পাওয়ার সুযোগ। ধারণা করা হয়, সুপারিশও বরাবরের মতোই নির্জলা ছিল না। কয়েকটি স্থানের বিষয় যদি বাদও দেওয়া হয়, তবু বলতে হবে আলোচিত সাফল্য উল্লেখযোগ্য। এটা চাকরিতে নিয়োগের ক্ষেত্রে হাল আমলে যে অবস্থা চলছে, তাতে মৌলিক পরিবর্তনের একটি বার্তা দিল। এই ইতিবাচক বার্তার জন্য পুলিশের মহাপরিদর্শক ও তাঁর সহকর্মীরা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। উল্লেখ্য, বেসামরিক চাকরির ক্ষেত্রে সরকারি কর্ম কমিশন ছাড়া এভাবে খুব কম নিয়োগই হচ্ছে। পিয়ন, ঝাড়ুদারের চাকরির জন্যও কয়েক লাখ টাকা লেনদেনের কথা প্রায়ই জানা যায়।

আলোচিত নিয়োগ পর্বে পুলিশ সদর দপ্তর থেকে জেলায় জেলায় একটি করে পর্যবেক্ষক দল পাঠানো হয়েছিল। এ প্রসঙ্গে বলতে হয়, কনস্টেবল পদে নিয়োগকর্তা জেলার পুলিশ সুপার (এসপি)। তাঁরা তাঁদের আওতা ধরে রাখতে পারছিলেন না। কেউ বা গা ভাসিয়েছিলেন পরিস্থিতির সঙ্গে। এমনটা আলোচিত হয়েছিল এ বছরের পুলিশ সপ্তাহে। এসপিরা চাইছিলেন পুলিশ সদর দপ্তরের হস্তক্ষেপ। ব্যবস্থাটিকে আমরা একটি সার্জিক্যাল অপারেশন বলতে পারি। সংকটকালে এমনটা প্রয়োজন হতে পারে। তবে কার্যক্রমটিকে স্থায়ী রূপ দিতে প্রাতিষ্ঠানিক কাঠামোকে সক্ষম করার বিষয় বিবেচনায় নিতে হবে। এসপিদের আইনানুগ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। এটা শুধু পুলিশ বিভাগের জন্য প্রযোজ্য নয়। এমন অক্ষমতার কথা আমরা জানতে পারি এ ধরনের আরও অনেক প্রতিষ্ঠান থেকে। এগুলো সুচারুভাবে চললে দেশের প্রশাসনিক কাঠামো মজবুত হবে। অধিকতর সুষ্ঠু ও সুচারুভাবে বাস্তবায়িত হবে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম। নিয়োগ বিষয়টি যেকোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখানে যোগ্য লোককে বঞ্চিত করে তদবির, সুপারিশ বা টাকাপয়সার বিনিময়ে কাউকে নিয়োগ দেওয়া হলে তার চাকরিজীবনের সূচনাই হয় কালিমালিপ্ত।

আমাদের সমাজে পুলিশ প্রসঙ্গে একটি কথা চালু রয়েছে। কথাটা হলো পুলিশ চাইলে সবই পারে। এর মাঝে দুটি অন্তর্নিহিত ধারণা রয়েছে। একদিকে হলো পুলিশের সক্ষমতা সম্পর্কে সমাজের ব্যাপক অংশের আস্থা, অন্যদিকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আন্তরিকতা সম্পর্কে সংশয়। পুলিশের সক্ষমতা বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখি এবং জানতে পারি। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মানিব্যাগ পকেটমার নিয়ে গেছে কিংবা কারও ল্যাপটপ হয়ে গেছে ছিনতাই, এমন ক্ষেত্রে দু-এক ঘণ্টার মধ্যে উদ্ধার এবং ক্ষেত্রবিশেষে আসামি গ্রেপ্তারের কথাও আমরা খবরের কাগজে দেখি। চাঞ্চল্যকর খুনের মামলার রহস্য উদ্ঘাটনেও কিছু ক্ষেত্রে তারা সফল। আবার সাগর-রুনি জোড়া খুনের মামলার কিনারা হয় না বছরের পর বছর। নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত রিপোর্টও আলোর মুখ দেখছে না। আমরা জানি ও বুঝি, পুলিশের অনেক সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা জনবল, প্রশিক্ষণ, যানবাহনসহ অনেক কিছুর। তবে সবচেয়ে বড় সীমাবদ্ধতা প্রভাবশালী মহলের চাপ। এই চাপমুক্ত হওয়া সহজ নয়, এটা অনেকেই বোঝেন। আর এ ধরনের চাপে রয়েছে গোটা প্রশাসনিক ব্যবস্থা। এটা সমূলে উৎপাটন আমাদের প্রশাসনিক ও রাজনৈতিক অবস্থায় সহজসাধ্য নয়। সময়সাপেক্ষও বটে। তবে দৃঢ় প্রত্যয়ী হলে বেশ কিছুটা যে করা যায়, তা পুলিশ সদর দপ্তর দেখাল। এখানেও তো চাপ দেওয়ার জন্য অনেকে তৈরি হয়েছিলেন। লেনদেন চলছিল টাকাপয়সার। পরিবর্তিত ব্যবস্থায় তাঁরা খুশি হয়েছেন এমন তো নয়।

পুলিশ সম্পর্কে আমাদের সমাজে একটি মিশ্র অনুভূতি রয়েছে। পুলিশ ছাড়া আমরা সামান্য সময়ও পার করার কথা বিবেচনা করতে পারি না। সেই পুলিশ নিকটস্থ থানা, টহল পুলিশ বা ট্রাফিক যা-ই হোক না কেন, আমাদের কাছে অতি প্রয়োজনীয়। মূলত দুষ্টের দমন আর শিষ্টের পালনই তাদের ধর্ম হওয়ার কথা। বিপদগ্রস্ত ব্যক্তিকে পুলিশের শরণাপন্ন হতে হয়। কিন্তু তারা কি সেই সেবা দিতে পারছে? এ নিয়ে অনেক বিতর্ক হতে পারে। তবে এখানেও প্রায় ক্ষেত্রে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, এমনটা অস্বীকার করা যাবে না। সৎ ও নিবেদিত পুলিশ সদস্য অনেক আছেন। তবে তাঁরাও বন্দী হয়ে আছেন একটি পদ্ধতির মধ্যে। প্রভাবশালী মহল যেভাবে চালাতে চায়, অনেক ক্ষেত্রে সেভাবেই চলছে পুলিশ। বলা চলে, এখানে চলছে উভয় পক্ষের মাঝে একটি অঘোষিত সমঝোতা। বিষয়টি যে শুধু পুলিশের ক্ষেত্রে, তা-ও নয়।

এমনটা চলছে এ দেশের বেসামরিক প্রশাসনের প্রায় সব ক্ষেত্রে। তবে পুলিশ যেহেতু অনেক ক্ষেত্রে আইন প্রয়োগের জন্য দায়িত্বপ্রাপ্ত, তাদের কথাটা একটু বেশি বেশি আসে। ক্ষমতার বলয়ে অবস্থান করছে বলেও তারা খবর হয় প্রায়ই। একটি বিষয় এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক, পুলিশ বিভাগের নিম্নপদস্থ ব্যক্তিরা আগেও কিছু ঘুষ-দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে জানা যায়। অপরাধী কিছু ব্যক্তিকে একটু ছাড় দিয়ে তাঁরা সুবিধাদি নিতেন-এমনটাই চলছিল কমবেশি। তবে হালে সেই পুলিশেরই একটি অংশ নিজেরাই অপরাধ জগতের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। হতে পারে সংখ্যায় তারা খুব কম। স্বর্ণ, মাদক চোরাচালান ও ছিনতাইয়ের মতো বিপজ্জনক ক্ষেত্রে তাদের বিচরণ আমাদের বিচলিত করে। ধরাও পড়ছে। তবে বিভাগীয় শাস্তি বা ফৌজদারি অপরাধে কার কী হলো এটা কিন্তু জানা যায় না। সমাজের অতিপ্রয়োজনীয় এই প্রতিষ্ঠানের ভাবমূর্তির সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট। একরূপ তীক্ষ্ণ নজরদারির মাধ্যমে এবার কনস্টেবল পদে নিয়োগে দীর্ঘদিনের দুর্নামে ভাটা পড়ল। আমাদের প্রত্যাশা থাকবে, ঠিক তেমনি পুলিশ সদস্যদের অপরাধের প্রতিও সদর দপ্তরের থাকবে জিরো টলারেন্স নীতি। লঘু পাপে গুরুদণ্ড হোক এটা কেউ চায় না। সরকারি দায়িত্ব পালনে ভুলভ্রান্তি ঘটলেও বিভাগীয় শাস্তিই যথেষ্ট। তবে এসপি বাবুল আক্তারের পদত্যাগ, তাঁর স্ত্রীর মৃত্যুরহস্য অনুদ্ঘাটিত থাকা এবং বাবুল আক্তারকে নিয়ে বিভিন্নমুখী আলোচনা পুলিশ বাহিনীর ভাবমূর্তির প্রতিকূলে যাচ্ছে।

পুলিশের কনস্টেবল পদে নিয়োগ-বাণিজ্যের মুখে ছাই দিয়ে তারা বেশ কিছুটা সফল হয়েছে। তবে এর প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া না গেলে বারবার সার্জিক্যাল অপারেশন প্রকৃত সুফল দেবে না। সে চেষ্টাও চলুক। তবে সাফল্য যেটুকু এসেছে, তা-ও নিয়োগ-বাণিজ্যের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের জন্য লাল সংকেত বটে। আমরা চাই এই দৃষ্টান্ত অনুসরণ করে অন্য প্রতিষ্ঠানও অগ্রসর হতে থাক। চলমান পরিস্থিতিতেই আমাদের কাজ করতে হবে। হতবুদ্ধি হয়ে থাকলে চলবে না। পরিস্থিতি পরিবর্তনের জন্য এ ধরনের বিভিন্ন উদ্যোগ একপর্যায়ে স্থায়ী সুফল দিতে শুরু করবে।

আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব
[email protected]