টাঙ্গাইলের আইনজীবী হোসনে আরা বললেন, প্রথম আলো সমাজের দর্পণ। এই পত্রিকার কাছে প্রত্যাশা অনেক বেশি। তাই তাঁদের আশা, কোনো অন্যায় হলে শুধু একবার খবর ছাপিয়েই প্রথম আলো চুপ করে থাকবে না। সেই অন্যায়ের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো, তা বারবার ছাপাবে। তিনি বললেন, টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে বাসে পরিবহনশ্রমিকেরা যে নিষ্পাপ তরুণীকে ধর্ষণ ও নির্যাতন করে মেরে ফেলল, তার বিচার ও শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই খবরের পেছনে যেন প্রথম আলো লেগে থাকে।
বরিশালে মহিলা পরিষদ নেত্রী বেশ দৃঢ়তার সঙ্গে বললেন, ‘প্রথম আলো আমাদের “বাতিঘর”। সত্য ও বস্তুনিষ্ঠ খবর তো
চাই-ই, তার সঙ্গে আরও চাই কী করতে হবে তার নির্দেশনা।’
শুধু বরিশালেই নয়, টাঙ্গাইল, পাবনা, কুমিল্লায়ও ঘুরেফিরে এ কথা এসেছে জোরেশোরেই। ফরিদপুরেও একই কথা বলেছেন প্রথম আলোর পাঠক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা নারী নির্যাতন বন্ধ ও জেন্ডারবৈষম্য দূর করার ওপর জোর দেন। বিশেষভাবে গ্রামে প্রান্তিক নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় বলে তাঁরা অভিমত দেন।
প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আমরা বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে গিয়েছি। পাঠক ও নাগরিক সমাজের প্রতিনিধি, তরুণসমাজ ও নারীনেত্রীদের কাছে জানতে চেয়েছি প্রথম আলোর কাছে তাঁদের প্রত্যাশার কথা। ভুলত্রুটির কথা জানতে চেয়েছি। আমরা বলেছি, আপনারা মন খুলে কথা বলুন। আমরা জানতে চাই কোথায় আমাদের শক্তি আর কোথায় দুর্বলতা। তাঁরাও নির্দ্বিধায় বলেছেন তাঁদের কথা।
আমরা বলেছি প্রথম আলোর সাহসী ১৯ বছরের কথা। সাহসের কথাটা আসছে বাঙালির সাহসের সূত্র ধরেই। বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ মার্চের সেই অগ্নিঝরা ভাষণ, যা আজ বিশ্বদরবারে স্থান করে নিয়েছে, তারপর একাত্তরের স্বাধীনতার সংগ্রাম। সেই সাহসই আমাদের প্রেরণার উৎস।
কিন্তু সাহস করে কী কথা আমরা বলছি, যা আমাদের সংবাদমাধ্যমে প্রথম সারিতে নিয়ে গিয়েছে? এটা কি শুধু রাজনীতিতে ক্ষমতাসীনদের ত্রুটি-দুর্বলতা বা সরকারি দলের বিভিন্ন স্তরে অন্তর্দ্বন্দ্বের কথা? ওসব তো আছেই। আরও আছে ঘুষ-দুর্নীতি, মাদক ব্যবসায়ীদের কথা, ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে খবর। যেখানে সামাজিক অনাচার, অন্যায়-অবিচার, বৈষম্য, সেখানেই প্রথম আলো।
গত প্রায় ১০ দিনে পাঁচটি বিভাগীয় ও জেলা শহরে সুধী মহল ও প্রথম আলোর পাঠকদের সঙ্গে মতবিনিময় করেছি। অন্তত আড়াই হাজার পাঠকের সঙ্গে দেখা ও কথা হয়েছে। তাঁরা প্রায় সবাই একবাক্যে বলেছেন, প্রথম আলো যেন সমাজে ঘুষ-দুর্নীতি, নারী ও শিশু নির্যাতন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখে। বৈষম্য দূর করতে প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টের জীবনগাথা যেন তুলে ধরে।
দেশের মানুষ শুধু বস্তুনিষ্ঠ খবরই চায় না, সেই সঙ্গে চায় সমাজে সব ধরনের অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। একটি ‘প্রতিবাদী প্রেস’ হিসেবে গড়ে উঠুক প্রথম আলো। এই কথাটা বলেছেন টাঙ্গাইলের একজন শ্রমিকনেতা তানভির হাসান। প্রথম আলোর কাছে এগুলোই মানুষের প্রত্যাশা।
ফরিদপুরের পৌর কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী বিশেষভাবে বললেন, খবরের পেছনের খবরও চাই। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও বীর মুক্তিযোদ্ধা, ফরিদপুরের সর্বজন শ্রদ্ধেয় ক্যাপ্টেন নূর মোহাম্মদ অকপটে স্বীকার করলেন প্রথম আলো মুক্তিযুদ্ধের বীরগাথা ফিচার আকারে লেখে, মুক্তিযুদ্ধের চিন্তাচেতনা ধারণ ও লালন করে।
সম্প্রতি দেশে নারী হত্যা, ধর্ষণ, নৃশংস নির্যাতন সাংঘাতিকভাবে বেড়ে গেছে। পরিবারের ভেতর চলছে নারীর প্রতি বৈষম্য ও নিগ্রহ। এই পরিস্থিতি তাঁদের প্রতিবাদমুখর করে তুলেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন বললেন, সাংবাদিক আর পুলিশের মধ্যে কোনো বৈরী সম্পর্ক নেই। যে যার অবস্থান থেকে সততার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করলে একে অপরের পরিপূরক হতে পারে। এ কথাটা তিনি জোর দিয়ে বলতে পেরেছেন এ জন্যই যে তিনি নিজে সব সময় পত্রপত্রিকায় প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ আস্থায় নিয়ে কাজ করেন। দেখা গেছে কোনো পত্রিকায় যদি চাঁদাবাজি বা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে খবর বের হয়, তিনি সেই সব অন্যায়, অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। এখানে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে একটি সেতুবন্ধ গড়ে উঠেছে।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল বলেন, তিনি বাল্যবিবাহ রোধ ও মাদক ব্যবসা বন্ধ করে একটি শিশুবান্ধব নগরী গড়ে তুলবেন। এ রকম উৎসাহব্যঞ্জক উদ্যোগ যদি সব বড় শহরে নেওয়া হয়, তাহলে সত্যিই একটা বড় বিপ্লব ঘটে যাবে।
প্রথম আলো যে সাহসের কথা বলে, তা এককথায় স্বীকার করে নিয়েছেন টাঙ্গাইলের সুধী মহল। কারণ, তাঁরা দেখেছেন ফারুক হত্যার পর অভিযুক্ত ব্যক্তিদের অন্যায়-অবিচার ও খুনখারাবির বিরুদ্ধে যখন কেউ মুখ খোলার সাহস পায়নি, তখন প্রথম আলোই প্রথম সব সত্য দেশবাসীর সামনে তুলে ধরেছে। ফলে আজ ওই সব হত্যা, অত্যাচার, চাঁদাবাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হয়েছে। মানুষ সাহসী হয়ে সামনে এগিয়ে এসেছে।
পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো বাল্যবিবাহ রোধে তাঁর নিজের ব্যক্তিগত উদ্যোগ ও তাঁদের প্রশাসনের দৃঢ় পদক্ষেপের কথা উল্লেখ করে বললেন, প্রথম আলো যে এই ইস্যুটি সব সময় সামনে রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি বললেন, তাঁর এ ধরনের উদ্যোগের খবরগুলো প্রথম আলো যেন সাফল্যের খবর হিসেবে আরও অবিচলভাবে তুলে ধরে।
কুমিল্লায় প্রায় সব আলোচকই দাবি করলেন, কুমিল্লা বিভাগের নাম যেন ‘কুমিল্লা বিভাগ’ই হয়। দলমত-নির্বিশেষে এটা সবারই দাবি। যেটা নতুন, তা হলো তাঁরা আশা করেন, কুমিল্লাবাসীর প্রাণের এই দাবিটি যেন প্রথম আলো গুরুত্ব দিয়ে প্রকাশ করে। অবশ্য এই দাবির কথা আমরা আগে থেকেই তুলে ধরছি। নীতিনির্ধারকদের দৃষ্টি আকৃষ্ট হবে নিশ্চয়ই।
কুমিল্লা জেলার নির্বাচিত চেয়ারম্যান আবু তাহের বললেন, ‘কুমিল্লা এগোলে বাংলাদেশ এগোবে!’ কথাটা অবশ্য সব জেলার ক্ষেত্রেই কমবেশি খাটে। শুধু কুমিল্লার ক্ষেত্রে নয়। সেই সঙ্গে এসেছে নওয়াব ফয়জুন্নেসার অসামান্য অবদানের যথাযথ মূল্যায়নের কথা। প্রথম আলো বেশ কয়েকবার তাঁর শিক্ষানুরাগের কথা, নারীর ক্ষমতায়নে তাঁর অবদানের কথা লিখেছে। এ কথাগুলো বারবার লিখতে হবে। প্রথম আলো অবশ্যই এ ব্যাপারে সচেতন থাকবে।
প্রথম আলো মানুষের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।