ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অতীত যেন বেশ দ্রুতই তাঁকে ধরে ফেলছে। এবার অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার ক্রয়ের ব্যাপারে তাঁর নাম উঠে এল। কংগ্রেস সরকার একটু আরাম-আয়েশে চলাফেরা করার জন্য এই হেলিকপ্টার কিনেছিল, যখন তিনি অর্থমন্ত্রী ছিলেন।
এই ক্রয়ে তাঁর ভূমিকার কথা উঠে এল ইতালির মিলানের একটি আদালতে, সিবিআইয়ের তদন্তে নয়, যদিও এই সংস্থাটি তিন বছর ধরে এর তদন্ত করছিল। দৃশ্যত, ভারতের সিবিআই স্বাধীন সংস্থা নয়, তারা কেন্দ্রীয় সরকারের একটি বিভাগ। কিন্তু মানুষ আশা করে, এই সংস্থাটি সব প্রতিবন্ধকতা সত্ত্বেও সত্য প্রকাশ করবে।
সংস্থাটি যদি সরাসরি সংসদের অধীনে কাজ করত, তাহলে এই হেলিকপ্টার চুক্তির ব্যাপারটা গণপরিসরে চলে আসত। আর কোনো সরকারই যে এই সংস্থাটিকে স্বাধীনতা দেয়নি তাতে বোঝা যায়, শাসকেরা এর ওপর নিয়ন্ত্রণ শিথিল করতে চায় না।
সে কারণে এটা বিস্ময়ের ব্যাপার নয় যে ভারতীয় জনগণ দুর্নীতি ও ঘুষ লেনদেন সম্পর্কে তখনই জানতে পারে, যখন সে খবর বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়। অতীতে এ রকম অনেক ঘটনাই আলোর মুখ তখনই দেখেছে, যখন কোনো বিদেশি সংস্থা তার খবর দিয়েছে।
আর সিবিআই বা অন্য কোনো সংস্থা কেন তখনকার অগাস্টা ওয়েস্টল্যান্ডের ভারতীয় অঞ্চলের বিক্রয়প্রধান পিটার হুলেটকে লেখা জেমস ক্রিশ্চিয়ান মিশেলের একটি চিঠি প্রকাশ করছে না? এই চিঠিতে তিনি লিখেছিলেন:
‘যেহেতু এই ভিআইপি হেলিকপ্টার ক্রয়ের পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছেন সিনোরা গান্ধী, সেহেতু তিনি আর এমএই-৮-এ চলাচল করবেন না...ব্রিটিশ হাইকমিশনারের লক্ষ্যবস্তু হচ্ছেন এই সিনোরা গান্ধী ও তাঁর ঘনিষ্ঠ সহচরেরা...মনমোহন সিং হচ্ছেন প্রধানমন্ত্রী, আহমেদ প্যাটেল...প্রণব মুখার্জি ছিলেন তখন অর্থমন্ত্রী..., যিনি ভারতের বর্তমান রাষ্ট্রপতি। আর অস্কার ফার্নান্দেজ ও একজন স্থানীয় রাজনীতিক।’
সিবিআই এসব কিছু জানত না, এটা বিশ্বাস করা কঠিন। সংস্থাটির নীরবতা লোকের দৃষ্টি কেড়েছে। হেলিকপ্টার চুক্তির যে বিষয়টিতে আপনি সবচেয়ে আঘাত পাবেন তা হলো, প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন একটি হেলিকপ্টার চেয়েছিল, যা একটি নির্দিষ্ট উচ্চতায় উঠতে পারে। একটি ফরাসি হেলিকপ্টার সে চাহিদা পূরণ করেছিল, সেটা তখন বাজারে পাওয়াও যাচ্ছিল। কিন্তু এই অগাস্টা হেলিকপ্টারের সে উচ্চতায় ওঠার সক্ষমতা না থাকলেও তাকেই অগ্রাধিকার দেওয়া হয়। সরকার এর জন্য হেলিকপ্টারের প্রয়োজনীয় উচ্চতার সীমা কমিয়ে এনেছিল।
>প্রবীণ কংগ্রেস নেতা কমলনাথ এ ঘটনার পুরোটা জানেন, কিন্তু দলের প্রতি আনুগত্যের কারণে তিনি তা প্রকাশ করবেন না
রাজনৈতিক ও আমলাতান্ত্রিক পর্যায়ের যে মানুষেরা দায়িত্বশীল, তাঁদের নাম প্রকাশ করা উচিত। অতীতে খুব কম সময়েই দেখা গেছে যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এই রীতিটা দেশের জন্য ভালো নয়। কারণ, তাঁদের নাম প্রকাশ করা হয় না, আর তাঁরা লজ্জিতও হন না।
সোনিয়া গান্ধী এই চুক্তিতে নিজের ভূমিকার কথা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল প্রকাশ্যে সোনিয়া গান্ধীকে রক্ষা করার চেষ্টা করেছেন। এ ব্যাপারটা চোখে পড়ার মতোই। কারণ, সাধারণত দলীয় মুখপাত্র সাধারণত কংগ্রেস প্রধানের দৃষ্টিভঙ্গিই প্রকাশ করেন। কারণ, ক্রিশ্চিয়ান মিশেল তাঁর নামও মুখে এনেছেন।
অগাস্টা ওয়েস্টল্যান্ডের হেলিকপ্টার চুক্তির প্রসঙ্গে আসি। মিলানের আদালত ঘুষ গ্রহণকারীদের শাস্তি দিয়েছেন, কিন্তু যাঁরা ঘুষ দিয়েছেন, তাঁদের ব্যাপারে কিছু করতে পারেননি। আর এখানেই ভারতীয় কুশীলবেরা সক্রিয় হয়েছেন। এখন তো বিজেপি ভারত শাসন করছে, ফলে সিবিআই এখন সংগৃহীত সব তথ্যই জনসমক্ষে প্রকাশ করতে পারে, কংগ্রেসের আমলে যেটা তারা করতে পারেনি। অন্তত এখন নামগুলো বেরিয়ে আসা উচিত।
কংগ্রেসের সদস্যরা গোলমাল শুরু করলে লোকসভা ঠিকঠাক কাজ করতে পারেনি। এতে বোঝা যায়, ঘটনায় সত্যের উপাদান আছে। এটা আমাকে বোফোর্স অস্ত্র চুক্তির কথা মনে করিয়ে দিচ্ছে, যার সঙ্গে সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জড়িত ছিলেন। এমনকি কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারাও এর ভেতরের খবর জানতেন না। কারণ, রাজীব গান্ধী পৃথক ব্যাংক হিসাব খুলেছিলেন, যার কারণে ইতালির সংশ্লিষ্ট মানুষেরা লাভবান হয়েছিলেন।
প্রবীণ কংগ্রেস নেতা কমলনাথ এ ঘটনার পুরোটা জানেন, কিন্তু দলের প্রতি আনুগত্যের কারণে তিনি তা প্রকাশ করবেন না। এই ঘটনার সঙ্গে আরও এক ব্যক্তি জড়িত ছিলেন, যাঁর নাম হচ্ছে অটাভিও কোয়াট্রোচ্চি। কিন্তু যখন প্রমাণিত হয় যে তিনি এ চুক্তিতে স্রেফ একজন মধ্যস্থতাকারী ছিলেন, তখন তাঁকে দেশত্যাগ করতে দেওয়া হয়। আর তখন তো কংগ্রেস ক্ষমতায় ছিল, ফলে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেছেন, এ চুক্তিতে যে ঘুষের লেনদেন হয়েছে, তাতে সন্দেহ নেই। সিবিআইয়ের উচিত, এই সূত্র ধরে তদন্ত আবারও শুরু করা। তিনি আরও বলেছিলেন, ‘...আমরা অগাস্টা ওয়স্টেল্যান্ড ও তার মূল কোম্পানি ফিনমেকানিসাসহ সব সাবসিডিয়ারি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার কাজ শুরু করেছিলাম। আমরা ব্যাংক গ্যারান্টি নগদায়নের কাজও শুরু করেছিলাম, যে প্রক্রিয়ায় আমরা ২ হাজার ৬৮ কোটি টাকা উদ্ধার করি। আমরা অগাস্টার তিনটি হেলিকপ্টার বাজেয়াপ্ত করেছিলাম।’ কিন্তু সেই অ্যান্টনির কথায় আমরা জানতে পারি, মোদি সরকার ক্ষমতায় আসার পর এই কোম্পানির সঙ্গে যোগাযোগ শুরু করেছে, তাকে মেক ইট ইন্ডিয়া কর্মসূচিতে অংশগ্রহণ ও নিলামে দর প্রস্তাব দেওয়ার সুযোগ দিয়েছে সরকার।
জওহরলাল নেহরুর শাসনামলের দিকে ফিরে তাকালে মনে পড়ে, জগজ্জীবন রাম সন্দেহভাজন মানুষ ছিলেন। বস্তুত, রামের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকলেও তাঁর সততা সব সময়ই প্রশ্নবিদ্ধ হয়েছে। ১৯৯০ সালের জৈন হাওয়ালা মামলায় এল কে আদভানিসহ বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিকের নাম বেরিয়ে আসে। জৈন ভাইদের দিনপঞ্জিতে আরও কয়েকজন সুবিধাভোগীর নাম পাওয়া গেছে। কিন্তু কংগ্রেস বা বিজেপির কোনো নেতারই শাস্তি হয়নি।
পরিস্থিতি এখন বদলে গেছে। কারণ, এখন গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন খুবই শক্তিশালী হয়ে উঠেছে। এটা কল্পনা করা কঠিন যে হেলিকপ্টার চুক্তি নিয়ে এত হইচই হওয়ার পরও এটি বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে যাবে, কারও বিচার হবে না।
রাজনৈতিক দল একে অপরের প্রতি কাদা-ছোড়াছুড়ি করতে পারে, কিন্তু অসৎ চুক্তির কারণে যে ক্ষোভ সৃষ্টি হয় তা অগ্রাহ্য করতে পারে না। সে কারণে কংগ্রেস এখন যত উচ্চ স্বরেই এই অভিযোগ প্রত্যাখ্যান করুক না কেন, এই হেলিকপ্টার চুক্তির ঘুষ প্রদান ও গ্রহণকারীর শাস্তি অনিবার্য। উন্নতি হিসেবে এটা তো ভালোই।
অনুবাদ: প্রতীক বর্ধন
কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।